দশমিনায় জমিজমার চাষে তরমুজ ও ক্ষীরার সম্ভাবনার বড় পরিবর্তন

পটুয়াখালীর দশমিনা উপজেলায় চলতি বছর জমিজমার আবাদে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। উপজেলার ৪টি ইউনিয়নের আওতাধীন অর্ধশতাধিক চরাঞ্চলে ক্ষিরা, তরমুজ ও বাঙ্গি গাছ ফুলে ফুলে ভরে গেছে এবং প্রতিটি গাছে ফলন শুরু হয়েছে। গত বছরের তুলনায় এই বছর আবাদ বেড়েছে এবং আশার আলো দেখা যাচ্ছে একটি বাম্পার ফলনের।

তবে এর মাঝে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সার ও ওষুধের দাম বৃদ্ধির কারণে কৃষকদের উদ্বেগ। চরবোরহান, চরঈশান, বাসুদেবপাশা, চরকচ্ছবিয়া, চরওয়াডেল, রায় সাহেবের চর, চরশৌলাসহ বিভিন্ন চরে এখন ক্ষীরার সমারোহ দেখা যাচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৫০ হেক্টরে ক্ষীরা, ৪০ হেক্টরে বাঙ্গি এবং ৩০০ হেক্টরে তরমুজ আবাদ করা হয়েছে। তবে তরমুজের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৫০০ হেক্টরের বেশি হয়ে গেছে। গতবছর আবহাওয়া অনুকূলে না থাকায় তরমুজ চাষিরা লাভের মুখ দেখতে পারেননি। তবে এবার গলাচিপা উপজেলার চরকাজল, ভোলা জেলার চরফ্যাশনসহ পাশের এলাকার চাষিরাও তরমুজ, বাঙ্গি এবং ক্ষীরার চাষ শুরু করেছেন।

উপজেলার তেঁতুলিয়ার চরকচ্ছবিয়ায় ১৫-১৬ বছরের অভিজ্ঞতা নিয়ে তরমুজ চাষ করছেন গলাচিপা উপজেলার চরকাজলের চাষি বাবুল খান। তিনি প্রায় ২৫ একর জমি লীজ নিয়ে ক্ষীরা, শসা, ড্রাগন এবং হীরা জাতের তরমুজ চাষ করেছেন। ক্ষীরার চাষে কৃষকদের জন্য এটি একটি বড় সম্ভাবনা সৃষ্টি করেছে, তবে সার ও কীটনাশকের দাম বৃদ্ধির কারণে কিছুটা চিন্তিত রয়েছেন চাষিরা।

অন্যদিকে, তরমুজের চাষে খরচ বেড়ে যাওয়ায় স্থানীয় কৃষকরা অতিরিক্ত ব্যয় বহন করছেন। ১০০ গ্রামের প্যাকেট বীজের দাম বেড়ে গিয়ে ২ হাজার ৮০০ টাকা হয়েছে এবং সারের দামও ব্যাপকভাবে বেড়েছে। তরমুজ চাষের খরচ এখন প্রায় ৫০-৬০ টাকা প্রতি মাদা এবং ফলন ভালো হলে লাভের সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ জানান, তরমুজের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে এবং মাঠে নিয়মিত কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে চাষিরা বাঙ্গি, ক্ষীরা এবং তরমুজের বাম্পার ফলন পাবেন।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গলাচিপায় জমিজমা বিরোধে ছুরি দিয়ে আঘাত, ভাইকে কুপিয়ে মারাত্মক জখম

পটুয়াখালীর গলাচিপায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে ভাতিজা চাচাকে ছুরি দিয়ে আঘাত এবং ভাইকে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনা ঘটেছে। ঘটনা সূত্রে জানা যায়, জমিজমার বিরোধের কারণে গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর আগস্তি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে বাবুল আকনের পুত্র মোঃ শাওন আকন (২৪), মোঃ ফরহাদ আকন (৩০) ও মৃত সালাম আকনের পুত্র বাবুল আকন (৫৫) একত্রিত হয়ে, মৃত সালাম আকনের পুত্র মাহবুব আকন (৫০) এবং মোঃ রফিক আকনের পুত্র মোঃ আজাদুল (১৮) কে ছুরি ও চাইনিজ কুরাল দিয়ে মারাত্মকভাবে আঘাত করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহায়তায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আরামবাগে বীর মুক্তিযোদ্ধা এস এ জলিল হিরু মিয়ার বাসভবনে এ আয়োজন সম্পন্ন হয়।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এ জলিল হিরু অনুষ্ঠানে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এএসপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাবেক আরআই বীর মুক্তিযোদ্ধা মো. জামাল হোসেন মিয়া, এবং সাবেক এএসপি বীর মুক্তিযোদ্ধা মো. এয়াকুব আলী।

জেলা প্রশাসনের সহায়তায় সদর উপজেলা, মির্জাগঞ্জ উপজেলা, দুমকি উপজেলা এবং বাউফল উপজেলার দেড় শতাধিক বীর মুক্তিযোদ্ধার মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বীর মুক্তিযোদ্ধা এস এ জলিল হিরু।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




নতুন প্রজন্মের হাতে নিরাপদ লাল-সবুজের পতাকা: মিজানুর রহমান আজহারী

পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে শনিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত এক বিশাল ইসলামিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত এই মাহফিলে তিনি নতুন প্রজন্মের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

ড. মিজানুর রহমান বলেন, “নতুন প্রজন্মই আগামীর বাংলাদেশ। দেশের লাল-সবুজের পতাকা এবং প্রতিটি ইঞ্চি মাটি এদের হাতেই নিরাপদ। তবে এ প্রজন্মকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সজাগ ও সচেতন থাকতে হবে।”

তিনি আরও বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যদি থাকতাম, আল্লাহ জানেন, কী অবস্থায় থাকতাম। তবে আল্লাহ আমাদের সঠিক পথে রেখেছেন। যারা রাজাকার তৈরির নাটক রচনা করেছিল, তারাও আজ পালিয়েছে।”

মাহফিলে সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট নাজিমুল আহসান। আয়োজনে প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

ড. আজহারী মাহফিলের আয়োজন সম্পর্কে বলেন, “পটুয়াখালীর মানুষ অসাধারণ। কোনো ধরনের ঝামেলা ছাড়াই এতো সুন্দর প্রোগ্রাম আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। বরিশাল আমার প্রিয় জায়গা হলেও মাসুদ ভাইয়ের অনুরোধে পটুয়াখালীতে মাহফিল করতে পেরে আনন্দিত।”

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা দেখভাল করেন।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




মির্জাগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পটুয়াখালীর মির্জাগঞ্জে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীত উপহার হিসেবে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইকোর আয়োজনে উপজেলার সুবিদখালী কলেজ রোডস্থ শিশু হাসপাতালের হলরুমে এ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারী আবদুল হালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত শিশু স্বাস্থ্য সংস্থা ইকোর নির্বাহী পরিচালক প্রফেসর মেজর (অব.) ডা. আবদুল ওহাব মিনার। এছাড়াও মির্জাগঞ্জ মাজার ওয়াকফ্ এস্টেটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম মল্লিকসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অতিথিরা প্রত্যন্ত অঞ্চলের ১২০ জন হতদরিদ্র ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। তারা বলেন, “এই উদ্যোগ শীতার্ত মানুষদের কষ্ট লাঘবে ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।”

স্থানীয়দের মতে, এই শীতবস্ত্র বিতরণ অসহায় মানুষদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




রাঙ্গাবালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় রেজাউল রাঢ়ী (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী গ্রামের আশ্রয়ন প্রকল্পের একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রেজাউল ওই গ্রামের আব্দুল রহিম রাঢ়ীর ছেলে। স্থানীয়রা জানান, রেজাউল ইলিশ ধরার জেলে ট্রলারে শ্রমিক হিসেবে কাজ করতেন। শনিবার সন্ধ্যায় পরিবারের লোকজন তাকে ঘরের ভেতর গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করেন।

রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) আল হেলাল শিকদার জানান, “মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মাঝে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




রাঙ্গাবালীতে দেড় লাখ মিটার অবৈধ জাল ধ্বংস

মৎস্য সম্পদ রক্ষায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশনের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এ অভিযানের প্রথম দিনে তেতুলিয়া নদী, বুড়াগৌরাঙ্গ নদী, সোনারচর ও বঙ্গোপসাগরের মোহনা থেকে দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে মৎস্য বিভাগকে সহযোগিতা করে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানে জব্দ করা জালের মধ্যে মশারী জাল, চরঘেরা জাল এবং কারেন্ট জাল অন্তর্ভুক্ত ছিল।

উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, “অভিযানে দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এগুলো মৎস্য সম্পদ ধ্বংসে বড় ভূমিকা রাখছিল। জব্দকৃত সব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।”

মৎস্য বিভাগ জানিয়েছে, এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে, যাতে নদী ও সাগরে মৎস্য সম্পদের টেকসইতা নিশ্চিত করা যায়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কলাপাড়ায় মাছের ঘের নিয়ে বিরোধ, বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এর অভিযোগ

কলাপাড়ায় ওয়াকফ এস্টেটের জমিতে করা মাছের ঘের নিয়ে বিরোধ নিষ্পত্তি হলেও সম্প্রতি আওয়ামী লীগের বেল্লাল পাহলান কর্তৃক বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের ঘটনা সামনে এসেছে। এতে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

নীলগঞ্জ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চাপরাশি শনিবার কলাপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বেল্লাল পাহলান যুবদলের ওয়ার্ড সভাপতি সোহাগ মুন্সী ও সাধারণ সম্পাদক বেল্লাল আকনসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের হয়রানি করছেন। এতে ক্ষতির শিকার হচ্ছেন দলীয় নেতাকর্মীরা, এমনকি প্রতিবন্ধী জাকির হাওলাদরকেও গ্রেপ্তার করানোর মতো ঘটনা ঘটেছে।

সংবাদ সম্মেলনে আব্দুর রশিদ চাপরাশি বলেন, “বেল্লাল পাহলান, যিনি একটি হত্যা ও মাদক মামলার আসামি, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের হয়রানি করছে। তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে বেল্লাল পাহলান বিটার ও সাব-বিটারদের সাহায্যে ওয়াকফ এস্টেটের জমি দখল করে রেখেছে এবং এটি জবরদখলে রাখার জন্য এই মিথ্যা মামলা করেছেন।”

ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এবং এই ঘটনার প্রতিবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা কুদ্দুস ফরাজী, মাওলানা হাবিবুর রহমান, সেলিম খান, যুবদল নেতা শামসুল হক, জহিরুল ইসলাম, আবুল কাশেম শেখ, জসিম আকন, শ্রমিক দল নেতা সোহেল আহম্মেদ খোকন, মহিউদ্দিন পাহলোয়ানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এ ব্যাপারে বেল্লাল পাহলান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা এবং বানোয়াট দাবি করেন। তিনি বলেন, “সাত নম্বর ওয়ার্ডের মানুষ যুবদল নামধারী দুইজনের কাছে জিম্মি। তাদের লিজ নেওয়া জমি পুলিশ বাঁধা উপেক্ষা করে চাষ ও রোপন করেছে।”

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি কলাপাড়া থানায় বেল্লাল আকন যুবদলের ওয়ার্ড পর্যায়ের দুই নেতাসহ আট জনের নাম উল্লেখ করে চাঁদাবাজির একটি মামলা দায়ের করেছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




আজহারীর মাহফিলে পটুয়াখালীতে জনসমুদ্র

পটুয়াখালী শহীদ মিনার মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনতে লাখো মানুষের ঢল নেমেছে। শনিবার (২৫ জানুয়ারি) রাত ৮টা ১৪ মিনিটে মঞ্চে উঠে তিনি শ্রোতাদের উদ্দেশ্যে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তার বক্তব্যে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ভরপুর আগ্রহ দেখা যায়।

বিকেলে হেলিকপ্টারে পটুয়াখালীতে অবতরণ করেন আজহারী। তাকে স্বাগত জানাতে আবুল কাশেম স্টেডিয়ামে আয়োজক কমিটি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়। মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

মাহফিল চলাকালে অতিরিক্ত ভিড় ও জায়গার অভাবে অনেকে বক্তব্য শোনা থেকে বঞ্চিত হন। কুয়াকাটা থেকে আসা রফিকুল ইসলাম বলেন, “অনেক কষ্ট করে মাহফিলে এসেছি, কিন্তু ভিড় এতটাই বেশি ছিল যে পুরো বক্তব্য শোনা সম্ভব হয়নি। জায়গা না থাকায় আমাদের ফিরতে হয়েছে।”

আয়োজক কমিটির একজন সদস্য জানান, মানুষের এই বিপুল সাড়া তাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। তবে সবার জন্য বক্তব্য শোনার সুযোগ নিশ্চিত করতে তারা যথাসাধ্য চেষ্টা করছেন।

ভিড়ের কারণে পটুয়াখালী শহরের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানবহনের অভাবে অনেক মানুষকে হেঁটে বাড়ি ফিরতে দেখা গেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দশমিনায় ইয়াবাসহ সহকারী প্রকৌশলী ও দুই সহযোগী গ্রেফতার

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ইয়াবাসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভোলা জেলার সহকারী প্রকৌশলী সাইদুর রহমান (৩৮) এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় দশমিনা উপজেলার বহরমপুরা ইউনিয়নের বগুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার সহকারী প্রকৌশলী সাইদুর রহমান বাউফলের কালাইয়া ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে। তার সহযোগীদের মধ্যে রয়েছেন কালাইয়া ইউনিয়নের আবদুল খালেকের ছেলে মারুফ বিল্লাহ সুমন (৪৫) এবং দশমিনা উপজেলার বগুরা গ্রামের আজাহার গাজীর ছেলে বাচ্চু গাজী (৫০)।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, বাচ্চু গাজী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বাচ্চুর ঘর থেকে ১১৫ পিস ইয়াবা, সহযোগী মারুফ বিল্লাহ সুমনের কাছ থেকে ১০৭ পিস ইয়াবা এবং সহকারী প্রকৌশলী সাইদুর রহমানের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভোলা জেলার নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান এ বিষয়ে বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম