৬ মাসে এই সরকারের অর্জন অভূতপূর্ব: প্রেস সচিব

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ৬ মাসে এই সরকারের অর্জন অভূতপূর্ব। স্টক মার্কেটে প্রতিটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করছে। গত ৬ মাসে কোম্পানিগুলো কেমন পারফর্ম করেছে দেখেন, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে।

বুধবার (২৯ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে সিপিডি’র প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, আমরা রফতানির তথ্য ম্যানুপুলেট করি না। গত চার মাসে রফতানি গড়ে ১৫ শতাংশের ওপরে বেড়েছে। আগে এমন কখন হয়েছে, আমি তো অর্থনীতি বিষয়ে সাংবাদিকতা করেছি। চট্টগ্রামে বন্দরের কার্যক্রম দেখেন সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০০০ সালের পরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের রেকর্ড ভেঙেছে এ বছর। বিশ্বের চারটি বড় কোম্পানি যারা বন্দর হ্যান্ডেলিং করে, তারা একসঙ্গে জানিয়েছে যে, চট্টগ্রাম পোর্ট, মাতারবাড়ি, লালদিয়া টার্মিনাল তারা ম্যানেজ করতে চায়। তারা চায় কারণ তাদের কাছে পরিসংখ্যান আছে। তারা তো দেখছে যে, বাংলাদেশের রফতানি বৃদ্ধি পাচ্ছে।

কারখানা বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে প্রতি বছর ফ্যাক্টরি বন্ধ হয়, প্রতিবছর কিছু জন্ম হয়। কিছু কিছু বড় হয়। ফলে অসমর্থ্য কিছু কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এটা অর্থনীতির একটি চক্র। আমরা দেখছি যে, আমাদের যথেষ্ট ভালো রফতানি বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করছি, আরও কিছু পদক্ষেপ যদি আমরা নিতে পারি, চট্টগ্রাম বন্দের সক্ষমতা যদি ফেরে— আপনি নিশ্চিত থাকেন এফডিআই প্রচুর আসবে। আগের সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল করে জমি দখল করে বসে আছে, কোনও বিনিয়োগকারী আসে না। কোরিয়ান ইপিজেডের ঝামেলা ২০ বছর ধরে জিইয়ে রেখেছে, তাহলে বিদেশিদের কাছে কী বার্তা যায়।

১৪০ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে ভুল তথ্য আছে জানিয়ে তিনি বলেন, আমি মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে প্রতিবেদন পুরোটা পড়েছি। ১৪০ জন সাংবাদিকের বিরুদ্ধে কিন্তু কোন কর্তৃপক্ষ মামলা দেয়নি। রিপোর্টে বলা হয়েছে, ‘অথরিটিস’ , কিন্তু আমার মনে হয়— হিউম্যান রাইটস ওয়াচের এখানে জানার ভুল আছে। এটা অথরিটিস না , যারা ভিক্টিম তাদের পরিবার মামলাগুলো করেছে। বাংলাদেশের সরকার করেনি, পুলিশ করেনি। সাংবাদিকের বিরুদ্ধে মামলা আমরা করিনি।

এখন একজন ভিক্টিমের ফ্যামিলি যার ছেলে মারা গেছে, যার ভাই মারা গেছে, উনি যদি এসে কারও বিরুদ্ধে মামলা করেন, সেখানে আমরা তো এটার জন্য দায়ী না। সেক্ষেত্রে আমার কী করার আছে। সেই জায়গায় মনে হয়— ওনাদের ভুল আছে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করবো, বলবো যে, প্রতিবেদন সংশোধন করতে হবে। কারণ মামলা তো আমরা করিনি। একজন ভিক্টিমের পরিবার মামলা করলে আমরা তো তাদের বলতে পারি না যে, মামলা না করতে। কেউ যাতে হয়রানির শিকার না হয় এবং এই মামলাগুলো থেকে যাতে দ্রুত রেহাই পাওয়া যায়, সেজন্য তথ্য মন্ত্রণালয়ের ৮ সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে। ওনারা খুব দ্রুত এই মামলাগুলো দেখবেন।

তিনি আরও বলেন, এই জায়গায় আমরা স্বচ্ছতার মধ্যে আছি। এখন পর্যন্ত কিন্তু ৪ জন সাংবাদিক গ্রেফতার হয়েছে, আর কেউ হয়নি। আমরা চাচ্ছি যে, এই মামলাগুলোর মাধ্যমে কেউ যেন হয়রানির শিকার না হয়।




বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে গেছে

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং আরও ২টি বসতঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি ঘটে গতকাল (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বগা ফেরিঘাট সংলগ্ন এলাকায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে তাহার কাজী, সবুজ কাজী, রেজাউল কাজী, দুলাল কাজী, সোহেল কাজী, জসিম খান, রফিক খান ও ফজলুল খান রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, অগ্নিকাণ্ডটি প্রথমে আতহার কাজীর বসতঘর থেকে শুরু হয়। দ্রুতই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং ঘরের লোকজন কিছু বুঝে ওঠার আগেই আগুনের তীব্রতা বেড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে, আগুনের তীব্রতা এতটাই ছিল যে একে একে ৬টি বসতঘর পুড়ে যায়, পাশাপাশি ২টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বাউফল ফায়ার সার্ভিস স্টেশনের মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও দীর্ঘ সময় কেউ কল রিসিভ করেননি। এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আসে।

বাউফল ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. সাব্বির আহম্মেদ জানান, এটি একটি চুলার আগুন থেকে শুরু হয়েছিল এবং নদীতীরবর্তী এলাকায় হওয়ায় পানি সরবরাহ ভালো থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও বলেন, “ভুক্তভোগীরা প্রথমে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেছিল, তবে সংযোগে বিলম্ব হয়েছে। তবে ঘটনাস্থলে পৌঁছাতে আমাদের কোনো বিলম্ব হয়নি। নদীপথে ফেরি করে আমরা ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়েছি।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দশমিনা উপজেলায় মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ৩ আসামি গ্রেপ্তার

পটুয়াখালীর দশমিনা উপজেলার আউলিয়াপুর গ্রামে পূজা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কৃষ্ণভক্তের দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং পরে থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পলাশ হাওলাদার (৩৫), বিপ্লব হাওলাদার (৩৫) ও বাবুল হাওলাদার (৪০)। এই তিনজনের বিরুদ্ধে ১৪ জানুয়ারি রাত থেকে ১৫ জানুয়ারি সকালে পূজা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, সংঘর্ষে প্রায় ২৪ জন আহত হন, এর মধ্যে কয়েকজন গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গুরুতর আহত এক কৃষ্ণভক্ত দেবাংশু হাওলাদার ২১ জানুয়ারি ঢাকার মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় কৃষ্ণভক্ত ভবরঞ্জন হাওলাদার বাদী হয়ে ২৭ জনকে আসামি করে মামলা করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শুরু করে এবং মঙ্গলবার (২৮ জানুয়ারি) তিন আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলিম জানান, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আদালতে পাঠানো হবে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গলাচিপায় মাদ্রাসা সুপারের দুর্নীতির অভিযোগে পুনঃতদন্ত, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের ছোট কাজল হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সাময়িক বরখাস্ত সুপার আবু জাফর মো. ছালেহ-এর বিরুদ্ধে দুর্নীতি, জাল-জালিয়াতি, অর্থ আত্মসাৎ, নিয়োগ-বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগের পুনঃতদন্ত সম্পন্ন হয়েছে। তবে এ তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

তদন্ত কমিটি ও কার্যক্রম

প্রথম তদন্ত যথাযথভাবে না হওয়ার অভিযোগ তুলে পুনঃতদন্তের আবেদন করা হলে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বাক্ষরিত তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরজু আক্তার, এবং সদস্য হিসেবে ছিলেন গলাচিপা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবুল হোসেন ও ছোট কাজল হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. শাহিন হোসেন।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। তদন্ত কর্মকর্তারা অভিযোগকারী, স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীদের বক্তব্য গ্রহণ করেন এবং বিভিন্ন প্রমাণ সংগ্রহ করেন। তবে তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ অভিযুক্ত সুপারের কোনো বক্তব্য নেওয়া হয়নি এবং তার পক্ষে কোনো ডকুমেন্ট যাচাই করা হয়নি। এতে তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অভিযোগকারী ও স্থানীয়রা।

সুপারের বিরুদ্ধে অভিযোগসমূহ

স্থানীয়রা জানান, আবু জাফর মো. ছালেহ দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত। তার বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে—

✔ জাল-জালিয়াতি ও ভুয়া সনদ ব্যবহার করে নিয়োগ বাণিজ্য: মোসাঃ মনিরা বেগম নামে একজনকে অবৈধভাবে নিয়োগ দিয়ে অর্থ আত্মসাৎ।
✔ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অর্থ আত্মসাৎ।
✔ মাদ্রাসার আয়-ব্যয়ের স্বচ্ছতা না থাকা ও ভুয়া যাতায়াত বিল তৈরি করে অর্থ লোপাট।
✔ ভুয়া শিক্ষক দিয়ে ক্লাস করানো ও নিজে ক্লাস ফাঁকি দেওয়া।
✔ ম্যানেজিং কমিটিতে অনিয়ম, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া, ইনডেক্স জালিয়াতি ও রেজুলেশনে ওভাররাইটিং।
✔ দীর্ঘদিন ধরে সরকারি বেতন-ভাতা উত্তোলন করেও অনুপস্থিত থাকা।

স্থানীয়দের প্রতিক্রিয়া

অভিভাবক মাইনুল ইসলাম, আবুল কালাম ও মোশাররফ হোসেন বলেন,
“আমাদের বক্তব্য নেওয়া হয়েছে, কিন্তু সুপারের কাছে কোনো জবাবদিহিতা চাওয়া হয়নি। তাহলে এটা কেমন তদন্ত? আমরা চাই, নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হোক এবং অনিয়মের বিচার হোক।”

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও অভিযোগকারী মো. সাব্বির বলেন,
“আমরা অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ দিয়েছি। কিন্তু অভিযুক্তের কোনো বক্তব্য নেওয়া হয়নি। এতে মনে হচ্ছে, তদন্ত একতরফা হয়েছে। আমরা চাই, প্রকৃত সত্য উঠে আসুক এবং দোষী ব্যক্তির শাস্তি নিশ্চিত করা হোক।”

তদন্ত কমিটির বক্তব্য

তদন্ত কমিটির আহ্বায়ক কৃষিবিদ আরজু আক্তার বলেন,
“আমরা অভিযোগের বিস্তারিত শুনেছি এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছি। তদন্তের স্বার্থে প্রয়োজনে অভিযুক্ত সুপারের সঙ্গে আবারও যোগাযোগ করা হবে। যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করা হয়েছে এবং স্বচ্ছতা বজায় রাখা হবে।”

এদিকে, অভিযুক্ত সুপার আবু জাফর মো. ছালেহ অসুস্থতার কারণ দেখিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

এখন দেখার বিষয়, তদন্ত প্রতিবেদন কীভাবে প্রকাশিত হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা গ্রহণ করে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালী আদালত চত্বরে আসামিদের ওপর হামলা, আহত ২

পটুয়াখালী জেলা জজ আদালত চত্বরে হাজিরা দিতে এসে হামলার শিকার হয়েছেন মামলার আসামিরা। বাদীপক্ষের লোকজন তাদের ওপর চড়াও হয়ে ইট ও লাঠিসোঁটা দিয়ে মারধর করে। এতে দুইজন গুরুতর আহত হন। বুধবার (স্থানীয় সময় দুপুর ১২টা) জেলা আইনজীবী সমিতির প্রধান ফটকের সামনে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন মো. সোহাগ মিয়া ও মো. জামাল। এদের মধ্যে গুরুতর আহত সোহাগ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মরহুম মাহবুবুর রহমান তালুকদারের ভাতিজা এবং কলাপাড়া নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়ার ছোট ভাই।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলায় অংশ নেওয়া সবাই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। হামলাকারীরা ঘটনাস্থলে থাকা লোকজনের মোবাইল ফোন চেক করে এবং ভয়ভীতি দেখিয়ে ছবি ও ভিডিও মুছে ফেলতে বাধ্য করে।

আহত সোহাগ মিয়ার বড় ভাই মো. আল-আমিন জানান, ২০১২ সালে ছাত্রদল নেতা মো. জিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আদালতে হাজিরা দিতে এসেছিলেন। এ সময় বাদীপক্ষ ও তাদের সমর্থকরা তাদের ওপর চড়াও হয় এবং ইট ও লাঠি দিয়ে হামলা চালায়। হামলায় সোহাগ মিয়ার হাঁটু থেতলে দেওয়া হয় এবং জামালসহ আরও কয়েকজনকে বেধড়ক মারধর করা হয়।

নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া বলেন,
“আদালত চত্বরে এমন ন্যক্কারজনক হামলা দুঃখজনক। আহতদের চিকিৎসা পর্যন্ত নিতে দেওয়া হয়নি। হামলার পর তাদের চোখ বেঁধে বসাকবাজার এলাকায় নিয়ে যাওয়া হয় এবং পরে ছেড়ে দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এরকম ঘটনা আরও ঘটতে পারে।”

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরওয়ার কালাম বলেন,
“আদালত চত্বরে এমন হামলা খুবই নিন্দনীয় ও দুঃখজনক। আদালত এলাকায় মানুষের নিরাপত্তা থাকা উচিত।”

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানান,
“আমরা হামলার খবর পেয়েই পুলিশ পাঠিয়েছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। আহতরা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে শুনেছি।”

এই ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কলাপাড়ায় নারী উদ্যোক্তাদের মাঝে সৌরচালিত ইনকিউবেটর ও সেলাই মেশিন বিতরণ

পটুয়াখালীর কলাপাড়ায় নারী উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সৌর বিদ্যুৎ চালিত ইনকিউবেটর, সেচ পাম্প ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (স্থানীয় সময় বেলা ১১টা) কলাপাড়া উপজেলা চত্বরে অলাভজনক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা প্রান্তজনের উদ্যোগে এই উপকরণ বিতরণ করা হয়। একশনএইড বাংলাদেশের সহযোগিতায় “ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা প্রকল্প ফেইজ-২” এর আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন কলাপাড়া লেডিস ক্লাবের সভাপতি সুমাইয়া ফাহিমুন এমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার, ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ টিনু মৃধা, চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মাস্টার, পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ হুমায়ূন কবির, সদস্য সচিব এস এম মোশারফ হোসেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল হক, প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই প্রকল্পের আওতায় ১৯ জন নারী উদ্যোক্তাকে সৌরচালিত উপকরণ প্রদান করা হয়। এর মধ্যে ছিল—

১টি সৌরচালিত ইনকিউবেটর (৪০০ ডিম ধারণক্ষমতা বিশিষ্ট)

২টি সৌরচালিত সেচ পাম্প

৬টি সোলার সেলাই মেশিন

সাতজন ভূমিহীন নারী উদ্যোক্তা ইনকিউবেটর পরিচালনা করবেন, প্রতিটি পাম্প তিনজন করে নারী উদ্যোক্তা পরিচালনা করবেন। মেশিনগুলো সৌর বিদ্যুৎ ব্যবহার করায় অতিরিক্ত বিদ্যুৎ ব্যয় ছাড়াই সেগুলো চালানো সম্ভব হবে। দিনের বেলায় সরাসরি সৌরশক্তিতে এবং রাতের বেলায় ৬ ঘণ্টা ব্যাটারির মাধ্যমে চালানো যাবে।

প্রান্তজন দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক ও সমঅধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সংস্থাটি দরিদ্র ও প্রান্তিক জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই জীবিকার নিশ্চয়তার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে একশনএইড বাংলাদেশের সহায়তায় কলাপাড়ার টিয়াখালী, ধানখালী, চম্পাপুর ও লালুয়া ইউনিয়নে “ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা ফেইজ-২” প্রকল্প বাস্তবায়ন করছে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে শাপলা পাতা মাছ বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

পটুয়াখালী শহরে বিপন্ন প্রজাতির শাপলা পাতা মাছ বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত ব্যবসায়ী আবদুল জব্বার (৩৫) এর কাছ থেকে ৫৪ কেজি শাপলা পাতা মাছ জব্দ করা হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে পৌর শহরের চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি জানার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মশিয়ুর রহমান। তিনি বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর আওতায় শাপলা পাতা মাছ ধরা এবং বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। এই আইন অনুযায়ী মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

স্থানীয় প্রাণী কল্যাণ সংগঠন ‘এনিমেল লাভার অব পটুয়াখালীর’ সদস্য আসাদুল্লাহ হাসান মুছা জানান, চৌরাস্তা এলাকায় দীর্ঘদিন ধরে শাপলা পাতা মাছ কেটে ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছিল। তাদের অভিযোগ, এই ব্যবসায়ীকে বন্ধ করার চেষ্টা করলে তিনি ক্ষিপ্ত হয়ে যান। এরপর জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাত্তলাদারের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।

এসময় পটুয়াখালী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি, এনিমেল লাভার অব পটুয়াখালীর সদস্যরা এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্য যে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী শাপলা পাতা মাছ ধরা নিষিদ্ধ, কারণ এটি সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে ছিনতাইয়ে গণপিটুনি, ছাত্রদল পরিচয়ে বাঁচলেন ছাত্রলীগকর্মী

পটুয়াখালী শহরের লেকপাড় এলাকায় ছিনতাই করতে গিয়ে এক যুবক গণপিটুনির শিকার হন। তবে তিনি নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে পরিস্থিতি সামাল দেন এবং পালিয়ে যান।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় শহরের লেকপাড় সড়ক দিয়ে কলেজ শিক্ষার্থী রেদোয়ান রহমান সুরবীন বাসায় ফিরছিলেন। তিনি চাচার কাছ থেকে টাকা নিয়ে ফিরছিলেন, তখনই এক যুবক তার পথ আটকায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ছিনতাইকারী তার গলায় চাইনিজ কুড়াল ঠেকিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। ছাত্রের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং ওই যুবককে ধরে ফেলেন।

জনতা তাকে গণপিটুনি দিতে গেলে তিনি নিজেকে ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দেন। এতে উপস্থিত লোকজন বিভ্রান্ত হয়ে গেলে সুযোগ বুঝে তিনি পালিয়ে যান।

স্থানীয়রা জানান, ছিনতাইয়ের অভিযোগ ওঠা যুবকের নাম তরিকুল ইসলাম রাহাত। তিনি সবুজবাগ এলাকার বাসিন্দা মজিদ প্যাদার নাতি এবং তার বাবার নাম মামুন প্যাদা।

এলাকাবাসীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তবে তদন্তের আগে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

কলেজ শিক্ষার্থীর বাবা মোস্তাফিজুর রহমান সুজন পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি ছিনতাই হওয়া মোবাইল ফোন ও ৯ হাজার টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “আমরা ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বরিশালে বাস শ্রমিকদের ধর্মঘটের ডাক

বরিশাল প্রতিনিধি :: দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার সড়ক অবরোধের পর বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলেও নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। রূপাতলী বাস শ্রমিক ইউনিয়ন আজ (বুধবার) থেকে বরিশাল-কুয়াকাটা এবং বরিশাল-পিরোজপুর রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষার্থী অভিযোগ করেন, বাসের সুপারভাইজার অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি তার সঙ্গে অসদাচরণ করেন। এই ঘটনার প্রতিবাদে বিএম কলেজের শিক্ষার্থীরা রূপাতলী গোল চত্বরে সড়ক অবরোধ শুরু করেন। সেখানে টায়ার জ্বালিয়ে তারা যান চলাচল বন্ধ করে দেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন জানান, শিক্ষার্থী প্রতিনিধি এবং বাস মালিক সমিতির নেতাদের মধ্যে এক বৈঠকে ৮ দফা দাবিতে সমঝোতা হয়। শিক্ষার্থীরা তাদের দাবিগুলোর মধ্যে হাফ ভাড়ার নিয়ম কঠোরভাবে কার্যকরের আশ্বাস পান। এরপর রাত সাড়ে ৯টার দিকে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করা হয়।

অবরোধের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে বাস শ্রমিক ইউনিয়ন তাদের বাস ভাঙচুর এবং শ্রমিকদের ওপর হামলার অভিযোগ তোলে। তারা নিরাপত্তার কথা বিবেচনায় বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-পিরোজপুর রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে।

রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী জানান, শিক্ষার্থীরা কয়েকটি বাস ভাঙচুর করেছে এবং শ্রমিকদের উপর হামলা চালিয়েছে। এসব ঘটনার প্রতিবাদে মালিক-শ্রমিকরা নিজদের জান-মাল রক্ষায় রুটে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, বাস চলাচলের সময় যাত্রীদের সঙ্গে আচরণ এবং নির্ধারিত ভাড়ার বিষয়ে পরিষ্কার নিয়ম চালু করতে হবে। আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধি হাসান রাজু বলেন,আমরা চাই, কোনো বোন আর হেনস্থার শিকার না হোক। আলোচনা ফলপ্রসূ হলেও এর সঠিক বাস্তবায়ন জরুরি।

এদিকে, আন্দোলনের ফলে বরিশাল-ভোলা, বরিশাল-কুয়াকাটা, বরিশাল-বরগুনা এবং বরিশাল-ঝালকাঠি মহাসড়কে যানবাহন চলাচল তিন ঘণ্টা স্থগিত ছিল, যা পরে রাতের মধ্যে পুনরায় চালু হয়। তবে রূপাতলী শ্রমিক ইউনিয়নের ঘোষিত ধর্মঘট নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।




বাউফলে সড়ক দুর্ঘটনায় নিহতের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালী জেলার বাউফলে সড়ক দুর্ঘটনায় নিহত তরিকুল ইসলাম শরীফের মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে অটো ও মটর চালক শ্রমিকরা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বাউফল ঢাকা মহাসড়কের বগা বন্দর সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করেন। ঘণ্টাব্যাপী মহাসড়কটি অবরোধ করার ফলে ঢাকা, বরিশাল এবং পটুয়াখালীগামী শতশত যাত্রী দুর্ভোগে পড়েন।

এ সময় নিহত তরিকুল ইসলামের স্ত্রী রোমানা বেগম, তার দুই শিশু সন্তান তাসপিয়া (৫) ও তামিম শরীফ (৩) কে নিয়ে সরকারের কাছে ন্যায় বিচারের দাবিতে আহাজারি করেন। নিহতের পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রশাসন থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এবং গাড়ির চালক এখনও ধরা-ছোঁয়ার বাহিরে রয়েছে।

এছাড়া, গত ২৩ জানুয়ারি ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন বগা এলাকার রাজনগর স্থানে তরিকুল ইসলামের ওপর বাসের চাকা উঠিয়ে তাকে পিষ্ট করে চলে যায়, যা সাথে সাথেই তাকে ঘটনাস্থলে নিহত করে।

এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, হোন্ডা চালক বেল্লাল কাজী, উপজেলা ছাত্রদল সদস্য কাওসার হোসেন, শ্রমিকদল সদস্য মীর খলিল এবং বগা হাফেজী মাদ্রাসার মুহতামীম আসাদুজ্জামান নূরী।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম