পটুয়াখালীর কলাপাড়ায় জমি দখল ও মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেপুর গ্রামে জমি দখল ও হয়রানিমূলক মিথ্যা মামলার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবার ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় নাসির ফকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবুল কাসেম সরদার, মোসা: সাবিনা, সালমা, কাওছার ফকির। বক্তারা বলেন, “ভূমিদস্যু নুরজাহান বেগম আমাদের রেকর্ডিং জমি দখল করে সেখানে ঘর নির্মাণ করেছে এবং একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। আমরা গ্রামবাসী তাকে তার নির্যাতনের হাত থেকে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। যদি আমাদের দাবি না মানা হয়, তবে আমরা আরও কঠোর কর্মসূচি দেবো।”

এই মানববন্ধনের মাধ্যমে গ্রামবাসীরা নুরজাহান বেগমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন এবং তার অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হন।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দুমকিতে চাঁদা না দেয়ায় ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখমের অভিযোগ

পটুয়াখালীর দুমকিতে ড্রেজার ব্যবসায়ীর প্রতি ঘনফুট বালুর জন্য এক টাকা চাঁদা না দেয়ায় দুই ড্রেজার শ্রমিককে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্ত্তিকপাশা বুদ্ধিজীবীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁদাবাজির অভিযোগ

স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা নেছার মাহমুদ এর নেতৃত্বে একটি চক্র ৫ আগস্টের পর থেকে লেবুখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় জমি দখল এবং চাঁদাবাজিতে বেপরোয়া হয়ে উঠে। সোমবার সকালে, লেবুখালী ইউনিয়নের কার্ত্তিকপাশা বুদ্ধিজীবী মোড় এলাকায় ইদ্রিস শিকদারের জমিতে ড্রেজার দিয়ে বালু ফেলতে গেলে ছাত্রদল নেতা নেছার উদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা নেছার উদ্দিন ও যুবদল নেতা মহসিনসহ সংঘবদ্ধ একটি চক্র প্রতি ঘনফুটে ১ টাকা করে চাঁদা দাবি করে।

পিটিয়ে আহত ও পাইপলাইন ভাঙচুর

দাবিকৃত চাঁদা না দেয়ায় মো: কবির হোসেন (৩৫) ও মো: আবুল হোসেন (৩০) নামের দুই ড্রেজার শ্রমিককে পিটিয়ে গুরুতর জখম করে চক্রটি। এসময় ড্রেজারের পাইপলাইনও ভেঙে ও উপড়ে ফেলা হয়। আহতদের ডাকচিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা নেছার উদ্দিন বলেন, “চাঁদা চাওয়ার অভিযোগ সত্য নয়, আমরা রাস্তার ওপর দিয়ে পাইপলাইন বসাতে বাধা দিয়েছি। বালু ব্যবসায়ীরা রাস্তার ওপর উঁচু করে পাইপলাইন দেয়ায় মোটরসাইকেলসহ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং প্রায়শই দুর্ঘটনা ঘটে।”

পুলিশের অবস্থান

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, “বিষয়টি শুনেছি এবং সঙ্গে সঙ্গে একজন এসআইকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন

বিদ্যার আলোয় আলোকিত হওয়ার প্রত্যাশায় পটুয়াখালীতে আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। শিক্ষার্থীদের অংশগ্রহণে মন্দির ও বিদ্যালয়গুলোতে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই জেলার বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে পূজা উপলক্ষে ভিড় জমায় সনাতন ধর্মাবলম্বীরা। বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয় রঙিন আলপনায়, আর ভক্তিমূলক সংগীতে মুখরিত হয় চারপাশ।

পূজা চলাকালীন সময়ে শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপ। দেবীর চরণে অর্পণ করা হয় পুষ্পাঞ্জলি, বই-খাতা ও বাদ্যযন্ত্র। পরে আয়োজিত হয় শিশুদের হাতে খড়ি, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ।

এছাড়া, সনাতন ধর্মাবলম্বীরা নিজেদের বাসাবাড়িতেও বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতী মায়ের পূজা উদযাপন করেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সড়ক সংস্কার বন্ধ, পটুয়াখালীতে বিক্ষোভ

পটুয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টাউন জৈনকাঠি এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার কাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ভোগান্তির প্রতিবাদে সোমবার (৩ ফেব্রুয়ারি) বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভকারীরা সড়কে গাছের গুড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এতে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পটুয়াখালী সদর থানার একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দীর্ঘদিন ধরে সংস্কার কাজ বন্ধ

স্থানীয়রা জানান, প্রায় এক বছর ধরে সড়ক সংস্কারের কাজ বন্ধ রয়েছে। রাস্তার ওপর ফেলে রাখা নিম্নমানের ইটের গুড়া আশপাশের বাড়িঘরে প্রবেশ করে খাবার ও পোশাক নষ্ট করছে। এছাড়া ধুলাবালির কারণে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন।

২০২৩-২৪ অর্থবছরে এলজিইডি এই সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করে। কাজটি পিরোজপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড’ পায়, যার মালিক আওয়ামী লীগ নেতা মহারাজ মিরাজ। পরে স্থানীয় ঠিকাদার মো. বশির সিকদার তাদের কাছ থেকে কিছু অংশ কিনে কাজ শুরু করেন।

কিন্তু গণ-অভ্যুত্থানের পর মহারাজ মিরাজের ব্যাংক হিসাব জব্দ করায় আর্থিক সংকটে পড়ে প্রকল্পটি থমকে যায়। চেক ইস্যু করা হলেও নগদায়ন সম্ভব হয়নি। ফলে স্থানীয় ঠিকাদারও বিনিয়োগ করতে পারছেন না।

ঠিকাদার ও প্রশাসনের বক্তব্য

স্থানীয় ঠিকাদার মো. বশির সিকদার বলেন, ‘আমি এক কোটি টাকার বেশি বিনিয়োগ করেছি, কিন্তু পাওনা টাকা পাব কিনা নিশ্চিত নই। নতুন করে আর বিনিয়োগ করবো কীভাবে? আমাদের প্রতিষ্ঠান ছোট, ইচ্ছা থাকলেও এর বেশি কিছু করা সম্ভব না।’

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. হোসেন আলী মীর বলেন, ‘মিরাজের ব্যাংক হিসাব জব্দ হওয়ায় জটিলতা তৈরি হয়েছে। আমরা চেক ইস্যু করেছি, কিন্তু তারা টাকা উত্তোলন করতে পারছেন না। এ কারণেই কাজ বন্ধ রয়েছে।’

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অবরোধ সরিয়ে দেওয়া হয়েছে।’

স্থানীয়দের হুঁশিয়ারি

তবে স্থানীয়রা এই দেরি মানতে নারাজ। তারা জানান, দ্রুত সংস্কার কাজ শুরু না হলে আরও বড় আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




চিটাগংকে উড়িয়ে সবার আগে ফাইনালে বরিশাল

চিটাগং কিংসকে হারিয়ে প্রথম দল হিসেবে বিপিএল ২০২৫-এর ফাইনালে পৌঁছেছে ফরচুন বরিশাল। সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ারে তামিম ইকবালের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে এক-sided জয় লাভ করে তারা।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে চিটাগং কিংস সংগ্রহ করে ১৪৯ রান। দলের একমাত্র আস্থার প্রতীক ছিলেন শামীম হোসেন পাটোয়ারী, যিনি ৪৭ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তবে, পুরো ইনিংসে একাধিক বোলিং দাপটের মাঝে বিশেষ করে মোহাম্মদ আলী এবং কাইল মায়ার্স চিটাগংয়ের ব্যাটিংকে বিপর্যস্ত করে ফেলেন।

ফরচুন বরিশালের লক্ষ্য ছিল ১৫০ রানের, যা তারা সহজেই ১৬ বল বাকি থাকতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে অর্জন করে ফাইনালে পৌঁছে যায়। তামিম ইকবাল এবং তাওহীদ হৃদয়ের উদ্বোধনী জুটির ৫৫ রানের পার্টনারশিপে তারা শুরুর দিকে ভালো অবস্থানে পৌঁছায়। তবে তামিম ২৬ বলে ২৯ রান করে আউট হয়ে যান, যখন তিনি খালেদ আহমেদের বলে খাওয়াজা নাফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

চিটাগংয়ের ইনিংস শুরু থেকেই বেশ সমস্যায় পড়েছিল। প্রথম ৫ ওভার ৩ বলে তারা হারায় ৪ উইকেট। কাইল মায়ার্সের বোলিং তোপে পাকিস্তানি ব্যাটসম্যান খাওজানাফ এবং গ্রাহাম ক্লার্ক আউট হন। এরপর, মোহাম্মদ আলী বোল্ড করে দেন অধিনায়ক মোহাম্মদ মিথুনকে, আর হায়দার আলীও ইবাদত হোসেনের বলেই দ্রুত আউট হয়ে যান।

এখন পরিস্থিতি সামাল দেন পারভেজ হোসেন ইমন এবং শামীম হোসেন পাটোয়ারী। পঞ্চম উইকেটে তারা ৪৮ বল খেলে ৭৭ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তবে ইমন ৩৬ বলে ৩৬ রান করে বিদায় নেন রিশাদ হোসেনের বল থেকে। তার বিদায়ের পর একাই লড়াই করেন শামীম, যার মারকুটে ব্যাটিং দলকে ১৪০ এর গণ্ডি পার করায়। দলীয় ১৪৪ রানে শামীম ৪ ছক্কা এবং ৯ চারে ৭৯ রান করে মোহাম্মদ আলীর বলে আউট হন।

ফরচুন বরিশালের বোলিং আক্রমণে মোহাম্মদ আলী ছিলেন সবচেয়ে কার্যকর। তিনি একাই ৫ উইকেট নেন, তার মধ্যে ৪টি উইকেট তিনি ১৯তম ওভারে তুলে নেন। এছাড়া, কাইল মায়ার্স ২টি, আর এক করে উইকেট নেন ইবাদত হোসেন ও রিশাদ হোসেন।

ফাইনালে পৌঁছানোর জন্য বরিশাল এবার অপেক্ষা করছে পরবর্তী কোয়ালিফায়ারের জয়ী দলের।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আ.লীগের লিফলেট বিতরণ করলে গ্রেফতার: শফিকুল আলম

প্রধান উপদেষ্টা শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের গ্রেফতার করা হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ।

প্রেস সচিব শফিকুল আলম জানান, “আমাদের কঠোর বার্তা, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, আওয়ামী লীগের লিফলেটগুলোতে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা অত্যন্ত আপত্তিকর এবং এসব লিফলেট বিতরণকারীদের গ্রেফতার করা হবে।

এছাড়া, তিনি ৫ আগস্টের পর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দেওয়া তথ্যগুলো মিথ্যা এবং অপপ্রচারমূলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ঐক্য পরিষদ জানায় যে, ৫ আগস্টের পর ২৩ জন নিহত হয়েছেন, তবে এটি সম্পূর্ণ মিথ্যা তথ্য। পুলিশ তদন্তে এসব ঘটনায় কোনো সত্যতা পায়নি।

শফিকুল আলম আরও বলেন, “যে ২২টি ঘটনার তদন্ত করা হয়েছে, তার মধ্যে একটিতেও সাম্প্রদায়িক সহিংসতা পাওয়া যায়নি।” তিনি জানান, তদন্তে জানা গেছে, এসব ঘটনায় বেশিরভাগের সঙ্গে চুরি, পারিবারিক কলহ, ব্যক্তিগত বিরোধ, কিংবা সাধারণ অপরাধ যেমন ধর্ষণ, মদ্যপানে মৃত্যু বা দুর্ঘটনা সম্পর্কিত।

তিনি বলেন, কিছু ঘটনার মধ্যে ব্যবসায়িক শত্রুতা, জমি নিয়ে বিরোধ, স্থানীয় সংঘর্ষ, এবং আত্মহত্যার ঘটনাও রয়েছে। তবে, এই সমস্ত ঘটনা সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না।

এছাড়া, শফিকুল আলম আরো উল্লেখ করেন যে, ২৩টি ঘটনার মধ্যে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে, এবং তাদের মধ্যে ১৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, এই ধরনের ঘটনা এবং সহিংসতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং এসব বিভ্রান্তিকর তথ্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




তিতুমীরের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়া উচিৎ: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেললাইন ছেড়ে ক্যাম্পাসে ফিরে গিয়ে কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করা উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেয়ার দাবিতে আন্দোলনকারীদের উচিত তাদের দাবিগুলো সরাসরি ক্যাম্পাসে কর্তৃপক্ষের কাছে পেশ করা, রেললাইনে অবস্থান করে নয়।”

তিনি আরও বলেন, “এই আন্দোলনে জনগণের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং সরকারেরও চাপ বেড়েছে। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে এবং ক্রমান্বয়ে আরও ভালো হবে।”

এসময়, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, “তিতুমীর কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয় করার দাবির যৌক্তিকতা পর্যালোচনা করা হচ্ছে, তবে এই দাবির যৌক্তিকতা স্পষ্ট না হওয়ায় আন্দোলনকারীদের বিষয়টি বুঝতে হবে। সাধারণ শিক্ষার্থীরা চায় তাদের পড়াশোনা অব্যাহত থাকুক।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ইজতেমা ময়দানে আরও এক মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় ময়দানে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ জন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬:৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান।

মৃত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৪৮), তিনি নরসিংদী জেলার মাধবদী উপজেলার রংপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম ইমাম উদ্দিন।

এছাড়া, বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৫ জন মুসল্লির মৃত্যু হয়েছে বলে জানিয়ে ছিলেন ইজতেমার আয়োজক কমিটির মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বিদেশে নির্যাতিত প্রবাসীদের পুনর্বাসনের আহ্বান জামায়াতের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কারা নির্যাতিত হয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, “জুলাই ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীরা আন্দোলনে অংশ নেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি ও মতামত প্রকাশ করে প্রবাসীদের ঐক্যবদ্ধ করার কাজ করেন। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীরা ব্যাপক মিছিল ও কর্মসূচি পালন করে এবং এক পর্যায়ে সরকারকে চাপ দিতে রেমিট্যান্স বন্ধের কর্মসূচি নেয়।”

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “এ কর্মসূচি চলাকালীন বহু প্রবাসীকে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে সাজা দেওয়া হয়। বিশেষত সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশে আওয়ামী লীগের দোসররা আন্দোলনকারীদের তালিকা করে তাদের বিভিন্নভাবে হয়রানি করে, যার ফলে অনেক প্রবাসী গ্রেফতার হয়ে সাজা পান।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের উদ্যোগে বেশ কয়েকশত প্রবাসী মুক্ত হয়ে দেশে ফিরে আসেন। তবে, এই প্রবাসীরা অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বিদেশে যেতে চাওয়া প্রবাসীদের সহায়তা, দেশে চাকরির সুযোগ তৈরি, ব্যবসা করতে ইচ্ছুকদের জন্য আর্থিক সহায়তা এবং বয়স্কদের সরকারি ভাতার আওতায় আনার মাধ্যমে পুনর্বাসনের কার্যকর উদ্যোগ নেওয়া হোক।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডারের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ঢাকা সেনানিবাসে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল পল ভ্যালেন্টিনো ফিরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষ পারস্পরিক কুশলাদি বিনিময় করেছেন এবং তারা দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যতে সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডারকে সাক্ষাৎ করার জন্য ধন্যবাদ জানিয়ে তাদের সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্ব দেন।

সাক্ষাৎকালের আগে, মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি একটি গাছের চারা রোপণ করেন।

৫ দিনের সরকারি সফরে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার বাংলাদেশে আসেন। সফরকালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট), কক্সবাজার এরিয়া এবং এফডিএমএন ক্যাম্পসহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। এই সফর বাংলাদেশ-মালাউই সম্পর্কের উন্নয়ন এবং ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম