মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রতিরোধে প্রস্তাব দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন

মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রতিরোধে একটি বাস্তবানুগ আইন প্রণয়ন করার প্রস্তাব দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন।

৫ ফেব্রুয়ারি, কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন। প্রতিবেদনে ২৮ দফা প্রস্তাবের মধ্যে ২৫ নম্বরে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠন সংক্রান্ত প্রস্তাব উল্লেখ রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নে নিবিড় আলোচনা এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। বিশেষ করে, ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারার অনুরূপ একটি বিধান দায়রা আদালত কর্তৃক বিচার সংক্রান্ত অধ্যায়ে সন্নিবেশ করার সুপারিশ করা হয়েছে।

এছাড়াও, মিথ্যা মামলা সন্দেহ হলে, বিশেষতঃ এজাহারে অস্বাভাবিক সংখ্যক অভিযুক্ত ব্যক্তির নাম থাকলে এবং আসামির কোনো সুনির্দিষ্ট ভূমিকা না থাকলে, তাদের গ্রেফতার না করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পুলিশের প্রতি নির্দেশনা প্রদান করা হবে।

প্রস্তাবে আরও বলা হয়, মিথ্যা মামলায় পুলিশ কর্তৃক গ্রেফতার হলে পাবলিক প্রসিকিউটর কিংবা কোর্ট ইন্সপেক্টরের মাধ্যমে জামিনের বিরোধিতা না করার জন্য আইন মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করবে।

এছাড়া, আইনজীবীদের আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে সতর্কীকরণসহ আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনজীবীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করা হয়েছে।

এমনকি, বর্তমানে তদন্তাধীন যেসব মামলা রয়েছে, সেগুলোর দ্রুত সমাপ্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে, যাতে নিরাপরাধ ব্যক্তিরা দ্রুত মুক্তি পেতে পারেন।

প্রতিবেদন অনুযায়ী, এসব কার্যক্রম তদারকির জন্য প্রতি বিভাগে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করা হবে, যাতে কোনো প্রকৃত অপরাধী পুলিশ বা মামলার মাধ্যমে অব্যাহতি না পায়।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পুতুলের সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতির সুবিধা বাতিল

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) এনবিআর এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানায়। পাশাপাশি, ফাউন্ডেশনের অনুদান সম্পর্কিত কর সুবিধাও বাতিল করা হয়েছে।

এদিকে, গত মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) পুতুলের সূচনা ফাউন্ডেশনের নিবন্ধিত ঠিকানায় গিয়ে অফিসের অস্তিত্ব খুঁজে না পাওয়ায় বিষয়টি তদন্ত করতে অভিযানে যায়। এসময় দুদক ফাউন্ডেশনের কর ছাড় এবং আর্থিক অনিয়ম সম্পর্কিত নথি সংগ্রহের জন্য তদন্ত শুরু করে।

সূচনা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছিল, তবে বর্তমানে ফাউন্ডেশনের উপর গঠিত তদন্তের কারণে এর ভবিষ্যত সম্পর্কে নানা প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুতুলের বিরুদ্ধে বিভিন্ন স্থানে মামলা দায়ের হয়েছে, যা রাজনৈতিক উত্তেজনার সঙ্গে সম্পর্কিত।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সাগরে নিখোঁজ জেলে দুলালের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে দুলাল হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুইদিন পর মৎস্যবন্দর মহিপুর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে জেলেদের জালে তার মরদেহ উঠে আসে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে মাছ ধরার সময় দুলাল নিখোঁজ হন।

নিহত দুলাল হাওলাদার ভোলা সদর উপজেলার আলতাফ হোসেন হাওলাদারের ছেলে।

পুলিশ ও জেলেদের বরাতে জানা গেছে, হাবিব খলিফার একটি মাছ ধরার ট্রলারে অন্যান্য জেলেদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন দুলাল। শনিবার রাতে জাল ফেলার সময় তার পা জালের রশিতে আটকে যায় এবং তিনি সাগরে পড়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

দুইদিন পর অপর একটি ট্রলারের জেলেদের জালে তার মরদেহ উঠে আসে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বাউফলে কুলখানিতে না যাওয়ায় জামাইয়ের বাড়িতে হামলা ও ভাঙচুর

পটুয়াখালীর বাউফলে শ্বশুরের কুলখানিতে অংশ না নেওয়ায় জামাইয়ের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বাউফলের দাশপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার জমি চাষের সময় ট্রাক্টর উল্টে পারভেজ মাতব্বরের শ্বশুর মানিক রাঢ়ী মারা যান। রোববার তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

পারভেজের সম্মন্ধি সাকিল রাঢ়ী তাকে দাওয়াত দিলেও তিনি মিলাদে অংশ নেননি। এতে ক্ষুব্ধ হয়ে সাকিলের নেতৃত্বে ১০-১২ জন লোক পারভেজের বাড়িতে হামলা চালায়। তারা দরজা, আসবাবপত্র, থালা-বাটি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে।

পারভেজ মাতব্বর জানান, স্ত্রী মীম আক্তার বাবার বাড়িতে চলে যাওয়ায় তিনি অভিমান করে শ্বশুরের মিলাদ ও খাবার অনুষ্ঠানে যাননি। এ কারণে সাকিল রাঢ়ীর নেতৃত্বে তার বাড়িতে হামলা চালানো হয় এবং তাকে, তার মা ও বোনকে মারধর করা হয়।

অন্যদিকে, সাকিল রাঢ়ী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বোন মীম আক্তার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি গিয়ে মিলাদে দাওয়াত দিতে গেলে পারভেজ তাকে মারধর করে আটকে রাখে। পরে সে নিজেই তার ঘরে ভাঙচুর চালিয়ে আমাদের ওপর দোষ চাপায়। আমরা খবর পেয়ে গিয়ে তাকে উদ্ধার করি।”

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কলাপাড়ায় বসতঘর দখল ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়ায় মনোতোষ হাওলাদারের বাড়িতে হামলা, বসতঘর দখলের চেষ্টা এবং স্ত্রী ও মেয়েকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও ভূক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভূক্তভোগী অর্পনা বিশ্বাস, উজ্জ্বল চন্দ্র শীল, অঞ্জনা মিত্র, সুবল চন্দ্র শীল, রিনা রানী হাওলাদার, শুক্লা বিশ্বাস, নয়ন দাস, খোকন প্রমুখ।

মানববন্ধনে ভূক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তপন ও প্রফুল্ল এলাকার চিহ্নিত ভূমিদস্যু। তারা বিভিন্ন ব্যক্তির নামে একাধিক মামলা দিয়ে টাকার বিনিময়ে আপোষের প্রস্তাব দেয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে দলবল নিয়ে বাড়ি দখলে আসে।

সংবাদ সম্মেলনে মনোতোষ হাওলাদারের স্ত্রী অর্পনা বিশ্বাস বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রফুল্ল মিস্ত্রি ও তপনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার স্বামীকে মারধর করে ঘর থেকে উচ্ছেদ ও জমি দখলের চেষ্টা চালায়। এসময় বাধা দিলে অর্পনা বিশ্বাস ও তার মেয়ে শ্রাবন্তীকে মারধর করে, তাদের কাপড় খুলে শ্লীলতাহানি করে এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা হুমকি দিয়ে পালিয়ে যায়।

অর্পনা বিশ্বাস আরও জানান, ঘটনার পর থেকে তপন ও প্রফুল্ল একাধিক মোটরসাইকেল নিয়ে তাদের বাড়ির সামনে মহড়া দিচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। অকথ্য ভাষায় গালাগাল ও মামলার ভয় দেখানো হচ্ছে। ইতোমধ্যে একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তপন বলেন, প্রফুল্ল তাকে জমি ক্রয়-বিক্রয়ের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন। কিছুদিনের মধ্যে জমির রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। জমি সংক্রান্ত বিষয়ে হাতাহাতি হয়েছে, তবে শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, শুক্রবারের ঘটনার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




নিখোঁজের ৫৪ ঘণ্টা পর পটুয়াখালী ছাত্র অধিকার পরিষদের নেতা রবিউল উদ্ধার

গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল আউয়াল অন্তরকে (৩০) নিখোঁজের ৫৪ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ছয়টার দিকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকার আশরাফাবাদ থেকে তাঁকে উদ্ধার করা হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানিয়েছেন, কেরানীগঞ্জ থানা-পুলিশের সহায়তায় কামরাঙ্গীরচর এলাকায় অন্তরের এক বন্ধুর বাড়ি থেকে তাঁকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অন্তরকে পটুয়াখালীতে নিয়ে যাওয়া হচ্ছে এবং দুপুরের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে অন্তর নিখোঁজ হন। পরে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী সড়কের রজপাড়া মাদ্রাসার কাছে পার্কিং অবস্থায় এবং কিছু দূরে তাঁর হেলমেট উদ্ধার করা হয়।

অন্তরের বাবা মো. সোলায়মান মৃধা বলেন, “আমার ছেলে দীর্ঘদিন ধরে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে আন্দোলন করে আসছিল। হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়, যা আমাদের পরিবারকে আতঙ্কের মধ্যে ফেলে দেয়। তবে এখন তাঁকে পাওয়া যাওয়ায় আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।”

অন্তরের নিখোঁজের ঘটনায় তাঁর বড় ভাই তুষার আল মামুন পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ছয় কর্মকর্তার বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছিলেন।

পুলিশ জানায়, দুপুরের পর পটুয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গলাচিপায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন সড়কে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আশাদুল সিকদার (৮) নামে এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় তার বাবা রাশেদ সিকদার (৩৫) গুরুতর আহত হয়েছেন।

রবিবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আশাদুল চরবিশ্বাস ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর আগস্তী বেড়িবাঁধ এলাকার বাসিন্দা।

জানা গেছে, রাশেদ সিকদার তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে ভোটার তালিকা হালনাগাদে ছবি তুলতে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। পথিমধ্যে বটতলা বাজার সংলগ্ন খলিফা বাড়ির সামনে একটি তিন চাকার অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে তারা ছিটকে পড়ে যান। এতে আশাদুল গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সী বলেন, “পরিবারটি ভোটার তালিকার কাজের জন্য ইউনিয়ন পরিষদে আসছিল। পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।”

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দশমিনায় টমেটো চাষে আলম হাওলাদারের স্বপ্নপূরণ

পটুয়াখালীর দশমিনা উপজেলার হতদরিদ্র কৃষক আলম হাওলাদার টমেটো চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন। নিজের ৪২ শতাংশ জমিতে শীতকালীন হিটলার জাতের টমেটো চাষ করে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি।

উপজেলার দশমিনা ইউনিয়নের কাটাখালী গ্রামে আলম হাওলাদারের টমেটো ক্ষেত সারিবদ্ধভাবে সাজানো। প্রতিটি গাছের মধ্যে দুই ফিট দূরত্ব রাখা হয়েছে, যা ক্ষেতের পরিচ্ছন্নতার পরিচয় বহন করে। মাটি থেকে তিন-চার ফুট উঁচুতে ঝুলছে লাল-সবুজ টমেটো। এ যেন কৃষকের হাতে গড়া এক শিল্পকর্ম।

আলম হাওলাদার জানান, চলতি মৌসুমে তিনি ৪২ শতাংশ জমিতে টমেটো চাষ করেছেন। এতে তার প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। চারা রোপণের ৬০ দিনের মাথায় ফসল বাজারে বিক্রি করতে পারবেন। সবকিছু অনুকূলে থাকলে তিনি আড়াই লাখ টাকা লাভের আশা করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, দশমিনায় ১০ থেকে ১২ হেক্টর জমিতে হিটলার, বর্ণালী, উন্নয়ন, বিজলী-১১ জাতের টমেটো চাষ হচ্ছে। কৃষকদের বিনামূল্যে বীজ, সার, কীটনাশকসহ নানা কৃষি উপকরণ দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ বলেন, “টমেটোর বাজার মূল্য বেশি হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে। আমরা নিয়মিত পরামর্শ দিয়ে তাদের সব ধরনের সহায়তা করছি, যাতে তারা লাভবান হতে পারেন।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দশমিনায় আগাম তরমুজ চাষে কৃষকদের স্বপ্ন

উপকূলীয় জেলা পটুয়াখালীর দশমিনা উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে তরমুজের সমারোহ। আগাম জাতের তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। লাভের আশায় উজ্জীবিত কৃষকেরা ফলন ঘরে তুলতে মুখিয়ে আছেন।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে দশমিনার সাতটি ইউনিয়নে প্রায় ২ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ৫৫০ হেক্টর বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর সাত থেকে আট কোটি টাকার তরমুজ বিক্রির সম্ভাবনা রয়েছে। ফলে কৃষকদের মুখে হাসি ফুটবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

আলীপুরা ইউনিয়নের খলিসা খালী গ্রামের কৃষক মো. তৈয়বুর রহমান জানান, তিনি চার একর জমিতে আগাম জাতের তরমুজ চাষ করেছেন। এখন পর্যন্ত তিন লাখ ২০ হাজার টাকা বিনিয়োগ করেছেন, আর আশা করছেন ৮-৯ লাখ টাকা আয় হবে।

একই গ্রামের আরেক কৃষক মো. জালাল মৃধা জানান, তিন একর জমিতে চাষ করা তরমুজ ইতোমধ্যে বাজারজাতের উপযোগী হয়ে উঠেছে। প্রতিটি তরমুজের ওজন প্রায় ৫ কেজি, যা ভালো দামে বিক্রির সম্ভাবনা রয়েছে।

দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ বলেন, “এবার উপযুক্ত মাটি ও আবহাওয়া পাওয়ায় তরমুজ চাষের পরিমাণ বেড়েছে। চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে এবং ক্ষেত পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে ফলন ভালো হয় ও কৃষকেরা লাভবান হন।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কলাপাড়ায় অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে রাদিয়া ইসলাম প্রিয়া (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাদিয়া ইসলাম প্রিয়া বাদুরতলী এলাকার পলাশ হাওলাদারের মেয়ে। সে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্র জানায়, কোচিং শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশার চাকার সঙ্গে হঠাৎ প্রিয়ার ওড়না পেঁচিয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে শ্বাসরুদ্ধ হয়ে যায়। সঙ্গে থাকা সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম