রাঙ্গাবালীতে অপারেশন ডেভিল হান্ট, আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালীতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ কর্মী আসাদুজ্জামান রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নতুন ব্রিজ সংলগ্ন বাজার থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান রাশেদ রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাংগুনি গ্রামের আব্দুল বারেক চৌকিদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, লুটপাট ও দখলবাজি সংক্রান্ত একটি মামলায় রাশেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাঙ্গাবালী থানায় দায়ের করা একটি মামলায় ১৬৯ জনকে আসামি করা হয়েছিল, যেখানে রাশেদ অজ্ঞাতনামা আসামি ছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে কারণ দর্শানোর নোটিশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

১৩ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এ নোটিশটি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রেরণ করেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে থাকার পরও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এ বিষয়ে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত জবাব দিতে বলা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ভোলার গ্যাস ঘিরে নতুন আশা সরকারের

ভোলায় রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রম গত কয়েক বছরে তিনটি কূপ খনন করেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ভোলায় উত্তোলিত গ্যাস সিএনজির বদলে এলএনজিতে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। তবে বর্তমানে ভোলার সঙ্গে সরাসরি কোনো পাইপলাইন না থাকায় এই গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হচ্ছে না। ফলে, ভোলার চাহিদা মেটানোর পর অতিরিক্ত গ্যাস সঞ্চিত থাকলেও তা কোনো কাজে আসছে না।

জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, “আমরা ভোলা থেকে সিএনজির বদলে এলএনজি করে গ্যাস আনার পরিকল্পনা করছি। এই গ্যাস আশুগঞ্জ দিয়ে জাতীয় গ্রিডে দেওয়া হবে।”

জ্বালানি খাতের একাধিক সূত্র জানায়, সাবেক সরকারের সময়েও ভোলা থেকে এলএনজি আনার বিষয়টি আলোচনা হয়েছিল, কিন্তু সে সময় তা লাভজনক মনে করা হয়নি। বরং সিএনজির মাধ্যমে সীমিত পরিসরে গ্যাস আনার অনুমতি দেওয়া হয়েছিল, যা নিয়ে এখন প্রশ্ন উঠেছে।

ভোলায় গ্যাজপ্রম তিনটি কূপ খনন করায় এখানকার গ্যাসের মজুত যথেষ্ট। বাপেক্সের তথ্য অনুযায়ী, ভোলায় ৫ দশমিক ১০৯ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে, যার বাজার মূল্য প্রায় সাড়ে ৬ লাখ কোটি টাকা। বিশেষজ্ঞরা মনে করেন, এই গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের জন্য একটি বিস্তারিত সমীক্ষার প্রয়োজন। কারণ, বড় আকারের এলএনজি জাহাজের পরিবর্তে ছোট আকারের জাহাজ আনতে হবে এবং ভোলায় এলএনজিতে রূপান্তরের জন্য একটি প্ল্যান্ট স্থাপন করতে হবে। এছাড়া, আশুগঞ্জেও এলএনজিকে রিগ্যাসিফিকেশনের জন্য পৃথক ইউনিট স্থাপন করতে হবে।

এদিকে, সিলেট অঞ্চলের গ্যাস মজুত দ্রুত ফুরিয়ে যাচ্ছে এবং সাগরে নতুন তেল-গ্যাস উত্তোলনের কোনো আশাও আপাতত নেই। কারণ, সর্বশেষ বিডিং রাউন্ডে কোনো দেশই অংশ নেয়নি, যা পরবর্তীতে কোম্পানিকে কাজ দেওয়ার জন্য অন্তত দুই বছরের বেশি সময় লাগতে পারে।

বর্তমানে, দেশে প্রতিদিন ২৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়, যার মধ্যে ৭৫০ থেকে ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করা হয়। বাকিটা দেশের খনি থেকে সরবরাহ করা হয়।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পটুয়াখালীতে সরকারি কম্বল ও ক্রীড়াসামগ্রী আত্মসাতের অভিযোগে মামলা

পটুয়াখালীতে সরকারি কম্বল ও ক্রীড়াসামগ্রী আত্মসাতের অভিযোগে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন ও তার দুই ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত কবির খান বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলার অন্য দুই আসামি হলেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজ হোসেন তালুকদার ও পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহিন হোসেন তালুকদার। উল্লেখ্য, হেলেন পটুয়াখালী জেলা মহিলা লীগের সভাপতি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা সরকারি ২,২০০ কম্বল ও ক্রীড়াসামগ্রী বিতরণ না করে নিজেদের বাসায় মজুত রাখেন।

বিষয়টি জানার পর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চন্দন কর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অভিযুক্তদের বাসায় যান, তবে সেখানে কম্বল ও ক্রীড়াসামগ্রী পাওয়া যায়নি। পরে খবর আসে, পৌরসভার ডাম্পিং জোনসংলগ্ন ছাইচ্চার খালের পাশে কিছু সামগ্রী ফেলে রাখা হয়েছে।

পুলিশ ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে সেখানে অভিযান চালিয়ে ২৫টি কম্বল, তিন জোড়া ক্রিকেট প্যাড ও দুটি হেলমেট জব্দ করা হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ বলেন, “বিশেষ ক্ষমতা আইনে মামলা গ্রহণ করা হয়েছে। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পুনর্বহাল সম্ভব নয়: হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করা সম্ভব নয়।” তিনি এই মন্তব্যটি বুধবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উদ্দেশ্যে করেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “যতই আবেগতাড়িত হই না কেন, কোন সরকারই বিচার প্রক্রিয়া নিশ্চিত হওয়া ব্যতীত চাকরিতে পুনর্বহাল করতে পারে না।” তিনি এও বলেন, “বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত পুনঃবহাল সম্ভব নয়, এটি বাস্তবতা।”

হাসনাত আব্দুল্লাহ আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “৯ আগস্ট থেকে আমরা আপনাদের সাথে আছি, এবং আপনাদের সাথেই থাকব।” তিনি আরও বলেন, “সরকার যখন প্রথম গঠিত হয়, আমরা প্রথমেই বলেছি, এটি বিডিআর বিদ্রোহ নয়, এটি গণতন্ত্রকে সুপরিকল্পিত হত্যাকাণ্ড।”

এছাড়া তিনি উল্লেখ করেন, ইতিমধ্যে বেশ কিছু বিডিআর সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, “আপনার জন্য যে কমিশন গঠিত হয়েছে, সেই কমিশনের একটি ধারা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি।” তিনি সরকারের বিচার কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের সুবিচার ও সঠিক বিচার প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়ে।

আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলেন, “আপনারা অন্তত ১৫ দিন পর পর প্রতিবিধি দেবেন, এবং আইন মন্ত্রণালয়ের সাথে বসে আলোচনা করবেন।” তিনি আরও জানান, “এই সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয়ের পরামর্শে ৩ সপ্তাহের মধ্যে আলোচনার ব্যবস্থা করা হবে।”

তবে আন্দোলনরত বিডিআর সদস্যরা হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাখ্যান করেছেন এবং তাদের জন্য গঠিত কমিশন সংস্কার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




জুলাই-আগস্টে নিহতের সংখ্যা ১৪০০, আশঙ্কা জাতিসংঘের

জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে গত বছরের জুলাই ও আগস্টে ১৪০০ এরও বেশি মানুষ নিহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন আজ (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১,৪০০ এর বেশি মানুষের হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে অধিকাংশই বাংলাদেশ নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২-১৩ শতাংশ শিশু ছিল। এছাড়া, বাংলাদেশ পুলিশের ৪৪ জন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানানো হয়।

জাতিসংঘের প্রতিবেদনে আরো বলা হয়, গত বছরের ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের সময় সাবেক সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোর দ্বারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের সহিংসভাবে দমন করার জন্য সরকারি নির্দেশনার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, যা তদন্তের দাবি রাখে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল।”

তিনি আরও বলেন, “যতটুকু প্রমাণ আমরা সংগ্রহ করেছি তা রাষ্ট্রীয় সহিংসতার এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরে, যা মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে গুরুতর রূপ হতে পারে।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালের সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম আটক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে রাজধানী ঢাকা থেকে আটক করা হয়েছে। সিএমপির বর্তমান কমিশনার হাসিব আজিজ আজ বুধবার তার আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সাইফুল ইসলাম ২০২৪ সালের ৪ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামের বিরুদ্ধে চট্টগ্রামের চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি গুলির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একজন নিহত হন। এই মামলায় সাইফুল ইসলাম এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন এবং তাকে চট্টগ্রামে আনা হচ্ছে।

২০১৪ সালে সিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি এমআরটি পুলিশের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি বরিশাল ও বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবেও কাজ করেছেন এবং ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




নুরুজ্জামান কাফির ঘরে আগুন, দায়ীদের গ্রেপ্তারের আল্টিমেটাম

পটুয়াখালীর কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি দাবি করেছেন, এটি পরিকল্পিত এবং প্রতিশোধমূলক হামলা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে পোড়া ঘরের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তোলেন। বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কাফি।

তিনি বলেন, “স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার জন্যই আমাকে টার্গেট করা হয়েছে। ধানমন্ডি ৩২ পোড়ানোর প্রতিশোধ নিতেই আমার ঘর প্রথমে পোড়ানো হলো।”

কাফি আরও জানান, “আমার বাবা ও ভাই দু’বার কেঁদেছেন— একবার জুলাই আন্দোলনের সময়, যখন আমি আত্মগোপনে ছিলাম, আর দ্বিতীয়বার আজ, যখন আমাদের বাড়ি আগুনে পুড়লো। বাবার সন্তান হিসেবে আজ আমি লজ্জিত!”

তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “সাত দিনের মধ্যে আমার ঘর পুনর্নির্মাণ ও দোষীদের গ্রেপ্তার করা না হলে আমি একাই এই পোড়া বাড়ির সামনে দাঁড়াবো। বিপ্লবী ছাত্রজনতা আমার সঙ্গে আছে। প্রয়োজন হলে আমি বিপ্লবী সরকারের ডাক দেবো।”

কাফির দাবি, “দেশের ৬০ শতাংশ মানুষ ইতোমধ্যে সরকারের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। আমরা কখনো সুবিধা চাইনি, উপদেষ্টা হতে চাইনি। শুধু দেশের মানুষের নিরাপত্তা চেয়েছি, নিজের নিরাপত্তা চেয়েছি। অথচ আজ আমার নিজের ঘরই নেই!”

তিনি আরও অভিযোগ করেন, “এই আগুন হাসিনা দেননি, তবে এখানকার স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ এর সঙ্গে জড়িত। দেশে এখনও ৭০ শতাংশ আওয়ামী লীগ এক্টিভ আছে, এই ফ্যাসিস্টদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে।”

সংবাদ সম্মেলনে কাফির বাবা এবিএম হাবিবুর রহমান ও বড় ভাই নুরুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। স্থানীয়দের অনেকেই মনে করছেন, এই অগ্নিকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে, যা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকাশ্যে আসতে পারে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ ছাত্রদল-ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

পটুয়াখালীতে এক স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল ও ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে শহরের বনানী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী ইব্রাহিম খলিলউল্লাহ (১৫) পটুয়াখালী ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। তিনি শহরের সবুজবাগ এলাকার ৬ নম্বর লেনের মুজিবর মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইব্রাহিম রাতে একটি ফ্লেক্সিলোডের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একদল যুবক তাকে পেছন থেকে এসে টেনে-হিঁচড়ে অটোরিকশায় তুলে নিয়ে যায়। স্থানীয়রা জানান, অপহরণকারীরা ইব্রাহিমকে তুলে নেওয়ার সময় “জন্মদিনের” কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করে। পরে বনানী এলাকায় নিয়ে গিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখা হয়।

পথচারীরা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ছাত্রদল নেতা মো. মাহাফুজুর রহমানকে খবর দেন। তিনি দ্রুত ইব্রাহিমকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।

আহত ইব্রাহিম জানান, ছাত্রদল কর্মী মনির, তার ভাই ছাত্রলীগ কর্মী হীরা এবং তাদের সহযোগী সাব্বিরসহ কয়েকজন মিলে তাকে কুপিয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহাফুজুর রহমান বলেন, “আমি ইব্রাহিমকে খুব খারাপ অবস্থায় পেয়ে হাসপাতালে নিয়ে যাই। তার ওপর হামলার কারণ সম্পর্কে নিশ্চিত নই।”

অন্যদিকে, জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদের অনুসারী হিসেবে অভিযুক্তদের পরিচিতি পাওয়া গেলেও তিনি বলেন, “ঘটনাটি পূর্বশত্রুতার জেরে ঘটেছে। যারা এতে জড়িত, তারা ছাত্রদলের কেউ না।”

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “আমরা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। তবে এখনও ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা আমাদের আইনগত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে, তারা আমাদের ধোঁকা দিয়েছে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইসলামী আন্দোলনকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেছেন। তিনি সতর্ক করে বলেন, ইসলামী আন্দোলনকে ছোট করে দেখা যাবে না। দেশের শত্রুতা বা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের মুহূর্তে, ইসলামী আন্দোলন যখন রাজপথে আওয়াজ তোলে, তখন অপরাধীদের ভিত কাঁপিয়ে ওঠে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলনের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, “৫৩ বছর যারা এই দেশ পরিচালনা করেছে, তারা আমাদের বারবার ধোঁকা দিয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য তারা আমাদের ব্যবহার করেছে, কিন্তু ক্ষমতায় বসে ইসলামী দলগুলোর কথা ভুলে গেছে। আমরা চাই, ইসলামকে আর কেউ ধ্বংস করতে না পারে। ইসলামী আন্দোলন কখনোই কারও হাতের খেলনা হয়নি, ভবিষ্যতেও হবে না।”

তিনি আরও বলেন, “দেশে ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার এবং তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি, নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ সাত দফা দাবি বাস্তবায়ন করতে হবে।”

এছাড়া, গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) মোসাদ্দেক হোসেন বাচ্চু হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের পটুয়াখালী জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মুহাম্মদ রুহুল আমিন, সাবেক উপজেলা সভাপতি আমির হোসেন মোল্লা, উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবদুল হান্নান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি এম এ ইউসুফ আলী, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মদ সালাউদ্দিন আরিয়ান প্রমুখ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম