‘অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে সাহস যোগায় অমর একুশে’

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, “একুশ মানে মাথা নত না করা। একুশ আমাদের সাহসী হতে অনুপ্রাণিত করে। সব অন্যায়-অবিচার আর বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে সাহস যোগায় অমর একুশে। একুশের অবিনাশী চেতনা শক্তি যুগিয়েছিল আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে।”

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এই কথা বলেন। জাতীয় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরে তিনি ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এছাড়া তিনি জানান, “বাহান্ন’র রাষ্ট্রভাষা আন্দোলনের পর ৩৫ বছরে কেউই সর্বস্তরে বাংলাভাষা প্রচলনের উদ্যোগ নেয়নি। কিন্তু আমাদের প্রিয় নেতা প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৭ সালের ৮ মার্চ আইন করে সর্বস্তরে বাংলাভাষা প্রচলনের উদ্যোগ নেন।”

গোলাম মোহাম্মদ কাদের বলেন, “মাতৃভাষার মর্যাদা ও স্বীকৃতির জন্য জীবন দেয়ার অহংকারের ইতিহাস শুধুই আমাদের। তাই বাহান্নর ভাষা আন্দোলনে আত্মত্যাগের স্মৃতি বিজড়িত অমর একুশে আজ ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা নিউজিল্যান্ডের

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে নিউজিল্যান্ড। পাকিস্তানে বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টের আগমনে পুরো দেশটি উৎসবের আমেজে ছিল, কিন্তু সেই উৎসবে জল ঢেলে চমকপ্রদ জয়ে শুরু হলো কিউইদের অভিযান। পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে নিজেদের প্রতিপক্ষকে চমকে দেয় মিশেল স্যান্টনারের দল।

নিউজিল্যান্ড ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করে। এর জবাবে পাকিস্তান ৪৭.২ ওভারে অল আউট হয়ে ২৬০ রান করতে পারে।

পাকিস্তানের ব্যাটিংয়ে শুরু থেকেই ছিল বিপর্যয়। সৌদ শাকিল, বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের মতো গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানরা তেমন কিছু করতে পারেননি। চোটে পড়া ফখর জামানও ব্যাট হাতে কিছু করতে পারেননি। ৯০ বলে ৬৪ রান করা বাবর আজম ফিরে যাওয়ার পর পাকিস্তানের পরাজয় নিশ্চিত হয়ে যায়।

নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে উইল ইয়াং ১১৩ বলে ১০৭ রান এবং টম লাথাম ১১৮ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের পক্ষে নাসিম শাহ ও হারিস রউফ দুটি করে উইকেট নিয়েছিলেন, কিন্তু তারা দলকে জয় এনে দিতে পারলেন না।

শেষ পর্যন্ত ৩২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান কিউইদের বিপক্ষে হার মেনে নেয়।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ক্যাম্পাসে পেশিশক্তি নির্ভর ছাত্র রাজনীতির অবসান প্রয়োজন: নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে পেশিশক্তি নির্ভর ছাত্র রাজনীতির অবসান হওয়া প্রয়োজন। বুধবার, রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট (পিআইবি) চত্বরে তারুণ্যের উৎসবের সমাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ছাত্রদের দেশের কল্যাণে ইতিবাচক রাজনীতি করতে হবে এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্ম আগামী দুই দশক ধরে বাংলাদেশকে প্রভাবিত করবে এবং যারা তরুণদের আকাঙ্ক্ষা ধারণ করবে, তারা রাজনৈতিক ক্ষেত্রে সফল হবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোতে পেশিশক্তির আধিপত্য দূর করে শিক্ষার্থীদের কল্যাণকর রাজনীতির সুযোগ সৃষ্টি করতে হবে। কারণ, তারা একদিন দেশের নেতৃত্বে আসবে।”

তিনি ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার হরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচার দাবি করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী এবং অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম 




কুয়াকাটায় জেলের জালে বিশাল টোনা মাছ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশাল টোনা মাছ ধরা পড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এত বড় টোনা মাছ আগে কখনো এই অঞ্চলে ধরা পড়েনি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাছটি মহিপুরের ফয়সাল ফিস আড়তে নিয়ে আসা হলে নিলামে ১৪ হাজার ৮০০ টাকায় কিনে নেন কুয়াকাটা মাছ বাজারের খুচরা পাইকারি প্রতিষ্ঠান ফিস ভ্যালির পরিচালক মতিউর রহমান। এত বড় মাছ দেখতে সেখানে ভিড় জমান উৎসুক জনতা।

জেলে ছত্তার মাঝি জানান, গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বিশাল আকৃতির এই টোনা মাছটি ধরা পড়ে। তিনি বলেন, “আমি ২৫ বছর ধরে মাছ ধরছি, কিন্তু এত বড় টোনা মাছ আগে কখনো পাইনি। সাধারণত ৫-৭ কেজি ওজনের টোনা মাছ আমরা পাই, কিন্তু এবার যা ধরেছি, তা সত্যিই অবাক করার মতো।”

ফিস ভ্যালির পরিচালক মতিউর রহমান বলেন, “আমরা এত বড় টোনা মাছ আগে কেবল অনলাইনে দেখেছি, বাস্তবে কখনো দেখিনি। মহিপুর-আলিপুর ও কুয়াকাটায় কোটি কোটি টাকার মাছ কেনাবেচা হয়, কিন্তু এমন বড় টোনা মাছ এই প্রথম ধরা পড়ল। ৮০০ টাকা কেজি দরে মাছটি কিনেছি, আশা করছি ভালো দামে বিক্রি করতে পারব।”

মাছ ব্যবসায়ী আলমগীর খান বলেন, “এটি এই অঞ্চলের জন্য রেকর্ড। এত বড় টোনা মাছ আগে আমরা পাইনি। সাধারণত সর্বোচ্চ ৭-৮ কেজি ওজনের টোনা মাছ পাওয়া যেত, কিন্তু এই মাছটি ব্যতিক্রম।”

কুয়াকাটার সামুদ্রিক ফিস ফ্রাই মার্কেটের ব্যবসায়ী আল-মামুন জানান, কুয়াকাটায় পর্যটকদের মধ্যে সামুদ্রিক ফিস ফ্রাই ও বারবিকিউয়ের চাহিদা সবচেয়ে বেশি। তিনি বলেন, “টোনা মাছ খুব জনপ্রিয়, কিন্তু এত বড় টোনা মাছ আমরা আগে দেখিনি। এটি ফ্রাই মার্কেটে নিয়ে পর্যটকদের কাছে বিক্রির পরিকল্পনা করছি।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “কুয়াকাটার সমুদ্রে এত বড় টোনা মাছ পাওয়া মৎস্যজীবীদের জন্য ইতিবাচক দিক। এটি স্থানীয় মৎস্য ব্যবসার সম্ভাবনা আরও উজ্জ্বল করবে। সাধারণত এ ধরনের বড় মাছ গভীর সমুদ্রে থাকে, তবে হয়তো দলছুট হয়ে উপকূলে চলে এসেছিল, তাই জেলেদের জালে ধরা পড়েছে।”

 

মো: আল-আমিন ,  স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




লেবুখালীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকি থানার পুলিশ বিশেষ অভিযানে লেবুখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানকে (২৬) আটক করেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় অপারেশন ডেভিল হান্টের আওতায় লেবুখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মো. আরিফুর রহমান উপজেলার লেবুখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কার্তিক পাশা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. হারুন মোল্লা।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, উপজেলা বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আজ (বৃহস্পতিবার) তাকে আদালতে সোপর্দ করা হবে।

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কলাপাড়ায় হেতালবাড়িয়া খালের পানিপ্রবাহে বাধা, দুর্ভোগে কৃষকরা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের হেতালবাড়িয়া খাল দখল ও দূষণের কারণে অস্তিত্ব হারাতে বসেছে। পলি জমে খালটি ভরাট হয়ে যাওয়ায় স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, ফলে হাজারো কৃষকের জমি অনাবাদি থেকে যাচ্ছে। দ্রুত খালটি খনন করে পানিপ্রবাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

হেতালবাড়িয়া খালটি আরপাঙ্গাশিয়া নদীর শাখা থেকে উৎপন্ন হয়েছে। দুই যুগ আগেও এই খালে পণ্যবাহী ট্রলার ও ছোট-বড় নৌকা চলাচল করত। শীতকালে কৃষকরা এই খালের পানি ব্যবহার করে ফসল উৎপাদন করতেন। কিন্তু বর্তমানে দখল ও পলিজমার কারণে খালটি সংকুচিত হয়ে গেছে। রজপাড়া হেতালবাড়িয়া স্লুইসগেটের সামনেও পলি জমে মাটির স্তূপ সৃষ্টি হয়েছে, যার ফলে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীরা জানান, দখলদাররা খালের বিভিন্ন স্থানে ছোট ছোট স্থাপনা তৈরি করেছেন। ফলে পানি প্রবাহ কমে যাওয়ায় প্রায় দুই কিলোমিটার দীর্ঘ খালটির অর্ধেক এখন মৃতপ্রায়। শুধু হেতালবাড়িয়া নয়, এই খালের সঙ্গে সংযুক্ত জীন খাল, মৌশার খাল ও স্বনির্ভর খালসহ অন্তত পাঁচটি শাখা খালও প্রায় শুকিয়ে গেছে। শীত মৌসুমে মিঠা পানির অভাবে রজপাড়া ও পশ্চিম বাদুরতলী গ্রামের কৃষকরা তাদের জমি চাষ করতে পারছেন না।

কৃষকরা জানান, বৃষ্টি হলে পানি নামতে না পারায় জমিগুলো ডুবে যায়, ফলে ধানের বীজ নষ্ট হয়ে যায়। বর্ষায় অধিকাংশ জমিতে দীর্ঘদিন পানি জমে থাকায় চাষাবাদ করা সম্ভব হয় না। ফলে অনেক জমি বছরের পর বছর অনাবাদি পড়ে থাকে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক জানান, ‘হেতালবাড়িয়া খালের সমস্যা উপজেলা পরিষদের সভায় উপস্থাপন করা হবে। দখলকৃত অংশ উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা এবং খাল খননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গলাচিপায় চাচার বিরুদ্ধে ভাতিজির ধর্ষণ চেষ্টার অভিযোগ

পটুয়াখালীর গলাচিপায় চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রিয়া মনি (২০) গলাচিপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রিয়া মনি এক শিশু সন্তানের জননী। এ ঘটনা জানাজানি হলে তার স্বামী এখন স্ত্রী হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। গত (৩০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটলেও সম্প্রীতি বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

অভিযোগ সুত্রে জানাগেছে, গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের গাববুনিয়া গ্রামের বাবার বাড়িতে চাচা মো. নাসির মোল্লা (৪৫) ও প্রতিবেশী যতীন্দ্র শীল (৫০) ভুক্তভোগী রিয়া মনিকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এ সময় রিয়া মনি বাধা দিলে অভিযুক্তরা তার হাত, পা, মুখ চেপে ধরে এবং পরিধেয় জামা কাপড় ছিড়ে ফেলে। তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা করেন এবং শরীরের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করে। এসময় শিশু সন্তানের চিৎকার শুনে স্বজনরা ছুটে এলে অভিযুক্তরা ঘরের দরজা ভেঙে পালিয়ে যান।

এই বিষয়ে ভুক্তভোগী বলেন, অভিযুক্ত নাসির মোল্লা দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি তার পরিবারকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার দিন ঘরের খাটে শিশু সন্তানকে দুগ্ধ পান করার সময় ঘরে কেউ না থাকার সুযোগে নাসির মোল্লা ও যতীন্দ্র শীল দরজা দিয়ে ঘরে প্রবেশ করে,জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। ঘটনার পরে অভিযুক্ত নাসির মোল্লা ও তার সহযোগীরা বিষয়টি ধামাচাপা দিতে মামলা না করার জন্য ভুক্তভোগীর পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। এছাড়া স্থানীয়ভাবে সালিশ মিমাংসা করার কথা বলে বিষয়টি এতদিন ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। বর্তমানে সালিশ মিমাংসা না করে কালক্ষেপণ করছে।

দাদি পিয়ারা বেগম বলেন, আমরা নাসির ও যতীন্দ্র শীলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই ঘটনার পর নাতনির সংসারে অশান্তির ঝড় উঠেছে। সমাজে মুখ দেখাতে পারছি না।

অভিযুক্ত নাসির মোল্লা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাকে ফাঁসানো হয়েছে। তবে এ ঘটনায় স্থানীয়ভাবে সালিস বসার কথা স্বীকার করেন তিনি। কিন্তু বিষয়টি সমাধান হয়নি। অপর অভিযুক্ত যতীন্দ্র শীলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, ঘটনার পর তিনি অন্যত্র চলে গেছেন।

ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন, স্থানীয়ভাবে সালিস হওয়ার কথা ছিল, কিন্তু নাসির মোল্লা প্রথমে মানলেও পরে সালিসে উপস্থিত হয়নি।

অভিযোগের পর সোমবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই আলতাফ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে সত্যতা পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীতে গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের ক্ষতিপূরণ, গণহত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা গণঅধিকার পরিষদ।

আজ (মঙ্গলবার) দুপুর ১২টায় পটুয়াখালীর নতুন বাজারে গণঅধিকার পরিষদের জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সৈয়দ নিটন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মিজানুর রহমান।

বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া, স্বৈরাচারী শাসকদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, ক্ষমতাসীন দলের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং অবিলম্বে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বাউফলে জামায়াত আমিরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি

পটুয়াখালীর বাউফলে উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহম্মদ ইসহাক মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) করা ওই জিডিতে মাওলানা মুহম্মদ ইসহাক উল্লেখ করেন, মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের জাহিদ খানের ছেলে সোহাগ খান একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে।

জিডিতে আরও বলা হয়, সোহাগ খানের পরিবারে জমি ও ভবন নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে। তার বাবা, ভাই ও চাচা ইসমাইল খান দুই চাচা হেমায়েত খান ও শফিকুল ইসলামের নির্মাণাধীন ভবন দখল করতে চেয়েছিল। এ নিয়ে থানায় অভিযোগ হলে ওসি উভয় পক্ষকে ডেকে মীমাংসার চেষ্টা করেন। তবে ইউনুস খান গং সালিস মানেনি এবং ভবনের মালামাল—পানির মোটর, বৈদ্যুতিক তার, ৩৬ ব্যাগ সিমেন্ট, প্লেনশিটসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শফিক খান থানায় মামলা করেন এবং পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে।

এতে ক্ষুব্ধ হয়ে সোহাগ খান ১৭ ফেব্রুয়ারি কয়েকটি ফেসবুক আইডি থেকে বিভ্রান্তিকর পোস্ট দেয়। পোস্টে দাবি করা হয়, উপজেলা জামায়াতের আমির তার কর্মীদের দিয়ে নির্মাণাধীন ভবনের মালামাল নিয়ে গেছেন। অন্য একটি পোস্টে বলা হয়, জামায়াত আমির ইসহাক মাওলানার নির্দেশেই শফিক খানের সুবাদে তার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করে কোর্টে চালান দেওয়া হয়েছে।

এ বিষয়ে মাওলানা মুহম্মদ ইসহাকের ছেলে, বাংলাদেশ হাইকোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, “আমার বাবার সঙ্গে এসব ঘটনার কোনো সম্পর্ক নেই। তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতে সোহাগ খান বিদেশ থেকে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। আমরা দ্রুত সংশ্লিষ্ট দেশের অ্যাম্বাসিতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব।”

এ বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অপপ্রচারের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বরিশালের উজিরপুরের জয়শ্রী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতি

বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী বাজারে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত এই বাজারে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ব্যাপক রূপ নেয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গৌরনদী স্টেশনের ফায়ার সার্ভিস অফিসার মো. বিপুল হোসেন জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করি। আমাদের সঙ্গে উজিরপুরসহ আরো কয়েকটি ইউনিট কাজ করছে। তবে, আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।”

স্থানীয়দের মতে, বাজারের দোকানপাট ও ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করছেন। এই ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং হতাশা বিরাজ করছে, অনেকে তাদের জীবনজীবিকার সবকিছু হারানোর শঙ্কায় রয়েছেন।

বাজার কমিটির সভাপতি মো. জাকির হোসেন বলেন, “এই বাজারটি আমাদের জীবিকার প্রধান উৎস। আগুনে দোকানপাট পুড়ে যাওয়ায় অনেকেই সর্বস্ব হারিয়েছেন। সরকার থেকে দ্রুত সহায়তা কামনা করছি।”

বরিশাল উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছি। ফায়ার সার্ভিস এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি, তবে তদন্ত চলছে।”