“আমরা সরকার গঠন করলে দেশে আর ফ্যাসিস্টের জন্ম হবে না”

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, “যদি আমাদের সরকার গঠন করা হয়, তবে বাংলাদেশে আর কখনও ফ্যাসিস্টের জন্ম হবে না।” তিনি সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের আয়োজিত একটি সমাবেশে এ মন্তব্য করেন।
ফারুক তার বক্তব্যে সব রাজনৈতিক শক্তিকে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা একটি ঐক্য গড়ে তুলি, যাতে দেশে কোনোভাবেই ফ্যাসিজম ফিরে না আসে। যদি আমরা সরকার গঠন করতে পারি, তবে দেশের সংবাদপত্রের স্বাধীনতা কখনও বন্ধ হবে না এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে।”
এছাড়া, নতুন দল গঠনের বিষয়েও তিনি মন্তব্য করেন, “আমরা নতুন দলকে স্বাগতম জানাই, তবে নতুন দল করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা জনগণ মেনে নেবে না। জাতীয় সংসদ নির্বাচন প্রথমে দিতে হবে, তারপর নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে কখন স্থানীয় নির্বাচন হবে এবং কী কী সংস্কার করা দরকার।”
ড. ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। যদি না করেন, শেখ হাসিনা আবার দিল্লি থেকে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে, আর এটি একমাত্র নির্বাচিত জনগণের সরকারই রুখে দিতে পারবে।”
ফারুক বলেন, “রোজার আগে দ্রব্যের উপর সিন্ডিকেট যেন না হয়, সেদিকে সরকারকে নজর দিতে হবে।”
প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মো. লিটনের সভাপতিত্বে, সমাবেশে সংগঠনের মহাসচিব আহমেদুর রহমানসহ অনেক নেতা উপস্থিত ছিলেন।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








