অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ (শনিবার) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান তিনি এ পুরস্কার তুলে দেন।

পুরস্কার পাওয়া নারীরা হলেন— অর্থনীতিতে অবদানে শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অবদানে হালিমা বেগম, সফল জননী নারী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মো. মুহিন (মোহনা), বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।




বরিশালের বাজারে তরমুজের সরবরাহ বেড়েছে, চাহিদাও তুঙ্গে

রমজান মাসের ইফতারে তরমুজের চাহিদা বাড়ায় বরিশালের বাজারগুলোতে বেড়েছে এর সরবরাহ। গরমের প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে তরমুজ কেনার ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে বাজারে।

গত এক সপ্তাহ ধরে বরিশালের বাজারে প্রতিদিন নতুন তরমুজ আসছে। শুক্রবার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, তরমুজ বিক্রেতাদের হাঁকডাক বেড়েছে, ক্রেতাদের ভিড়ও তুলনামূলক বেশি। কেউ দরদাম করে কিনছেন, আবার কেউ দাম বেশি মনে করে ফিরে যাচ্ছেন।

বরিশালের বাজারে বর্তমানে ছোট থেকে মাঝারি আকারের তরমুজ বিক্রি হচ্ছে ৩০০ টাকা থেকে ১০০০ টাকার মধ্যে। পাঁচ কেজি ওজনের একটি মাঝারি তরমুজের দাম প্রায় ৪০০ টাকা। বিক্রেতারা আশা করছেন, সরবরাহ আরও বাড়লে দাম কিছুটা কমতে পারে।

সাধারণত তরমুজের মৌসুম এপ্রিল-মে মাসে হলেও ফেব্রুয়ারির শেষ ও মার্চের শুরু থেকেই বাজারে আগাম তরমুজ আসতে শুরু করেছে। বর্তমানে বাজারে থাকা তরমুজের বেশিরভাগই আকারে ছোট থেকে মাঝারি, যার ওজন তিন থেকে পাঁচ কেজির মধ্যে।

ব্যবসায়ীরা বলছেন, তরমুজের ভালো ফলন ও লাভজনক দামের কারণে কৃষকদের আগ্রহও বাড়ছে চাষে। চাহিদা বেশি থাকায় আগামী দিনে বাজার আরও সরগরম হওয়ার সম্ভাবনা রয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পটুয়াখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে পটুয়াখালীতে। শুক্রবার (৭ মার্চ) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ৬টি গ্রুপ থেকে বিজয়ী ৩০ জন শিক্ষার্থীর হাতে ল্যাপটপ, ট্যাব, নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট রুহুল আমিন, পটুয়াখালী সরকারি জুবলী স্কুলের শিক্ষক শাহ আলম, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আবুল বাশার, ডিজাইন আইডিয়াস অ্যান্ড টেকনোলজি লিমিটেডের এমডি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান এবং ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা সেক্রেটারি সাইদুর রহমান খান পাবেল।

এর আগে, গত ২১ ফেব্রুয়ারি বিকালে জেলা পরিষদ শিশু পার্কে চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৬টি ক্যাটাগরিতে ১৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম ৫ জন করে মোট ৩০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়া, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




শহীদ মিলনের পরিবারের পাশে দুমকী উপজেলা প্রশাসন

পটুয়াখালীর দুমকীতে শহীদ মিলন হাওলাদারের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রমজান উপলক্ষে তাদের জন্য ইফতার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা পৌঁছে দিয়েছেন দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।

শুক্রবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিনি দুমকী উপজেলার আংগারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামে শহীদ মিলনের বাড়িতে যান। এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্র প্রতিনিধি মো. সাজ্জাদুল ইসলাম (দুর্জয়) ও মো. আমিনুল ইসলাম।

শহীদ মিলনের বাবা মো. হোসেন হাওলাদার ও মায়ের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন ইউএনও। তিনি আশ্বস্ত করেন যে, উপজেলা প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে। জেলা প্রশাসকের নির্দেশনায় রমজান উপলক্ষে শহীদ পরিবারের জন্য ইফতার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, “শহীদ পরিবারের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। আজ ছাত্র প্রতিনিধিদের নিয়ে শহীদ মিলনের বাড়িতে গিয়েছিলাম এবং তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেছি। তাদের সব ধরনের সহায়তা করা হবে।”

এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) জেলা প্রশাসনের পক্ষ থেকেও শহীদ পরিবারকে নগদ অর্থ ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাউফলে নিষেধাজ্ঞার এক সপ্তাহ পার, এখনো খাদ্য সহায়তা পায়নি জেলেরা

পটুয়াখালীর বাউফল উপজেলায় ইলিশ রক্ষায় দুই মাসের (১ মার্চ – ৩০ এপ্রিল) নিষেধাজ্ঞা শুরু হয়েছে। তবে এক সপ্তাহ পার হলেও জেলেরা এখনো সরকারী খাদ্য সহায়তা পাননি। ফলে বিকল্প আয়ের সুযোগ না থাকায় অনেকেই চরম বিপাকে পড়েছেন।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ইলিশের উৎপাদন বাড়াতে তেঁতুলিয়া নদীর চররুস্তুম থেকে চরভেদুরিয়া পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। উপজেলায় মোট নিবন্ধিত জেলে ৬ হাজার ৫২১ জন, যারা এই সময়ে চার কিস্তিতে প্রতি পরিবার ৪০ কেজি করে মোট ১৬০ কেজি চাল সহায়তা পাওয়ার কথা।

কিন্তু এক সপ্তাহ পার হলেও কোনো জেলে এখনো চাল সহায়তা পাননি।

চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর অডেল গ্রামের জেলে রুহুল আমিন বলেন, “নদীতে এমনিতেই মাছ কম, যা পাওয়া যেত তা দিয়ে ধার-দেনা করে সংসার চালাতাম। আশা করেছিলাম সরকারি সহায়তা পেলে অন্তত রমজান মাসটা ভালোভাবে কাটবে। কিন্তু না মাছ পেলাম, না পেলাম চাল। এখন ধার-দেনা আরও বাড়ছে।”

কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের চাষি দলিল উদ্দিন মোল্লা বলেন, “বেশিরভাগ জেলে কিস্তির বোঝায় জর্জরিত। এই নিষেধাজ্ঞার সময় যদি কিস্তি আদায় বন্ধ থাকত, তাহলে আমাদের চাপ কিছুটা কমত। প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নিলে আমরা উপকৃত হব।”

বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, “জেলেদের খাদ্য সহায়তা দ্রুত সময়ের মধ্যে বিতরণ করা হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মির্জাগঞ্জে পুলিশের অভিযানে যুবলীগ ও শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে উপজেলা যুবলীগ ও শ্রমিক লীগ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা, মোটরসাইকেলসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৮টার দিকে সুবিদখালী দারুস সুন্নাত মাদ্রাসার সামনে থেকে উপজেলা যুবলীগের সভাপতি লোটাস শিকদারকে (৪৮) গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভয়াং বাজারে চাঁদাবাজি ও মারামারি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত লোটাস উপজেলার দেউলী গ্রামের রমজান আলীর ছেলে।

অল্প সময়ের ব্যবধানে মির্জাগঞ্জ ব্রিজের ওপর থেকে উপজেলা শ্রমিক লীগ সভাপতি নিজাম হাওলাদার (৪৯) ও তার সহযোগী রুবেলকে (৪০) ৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।

আটক নিজাম পূর্ব সুবিদখালী গ্রামের মৃত মুনসুর আলী হাওলাদারের ছেলে এবং রুবেল পশ্চিম সুবিদখালী গ্রামের সামসু হাওলাদারের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, রুবেলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা রয়েছে।

একই রাতে মজিদবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ মজিদবাড়িয়া গ্রামের করিম মৃধার ছেলে মিরাজ মৃধাকে (২৫) ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি আন্তঃজেলা মাদক চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

উপজেলা সদরস্থ দেউলী সুবিদখালী ইউনিয়নের ডোকলাখালী গ্রামের কাঞ্চু কবিরাজের ছেলে নুরুল হককে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



দুমকিতে অবৈধ ইটভাটা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা

পটুয়াখালীর দুমকি উপজেলায় ‘ফেমাস ব্রিকস’ নামে একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আখতার নিলয়। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আবাসিক ও আবাদি জমির পাশে গড়ে ওঠা অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেয়। তবে এ সময় ইটভাটা মালিকপক্ষ তাদের ওপর হামলা চালায় এবং উচ্ছেদ কাজে বাধা দেয়।

মালিকপক্ষের অভিযোগ, “কোনো ধরনের নোটিশ না দিয়েই প্রশাসন আমাদের ইটভাটা ভাঙতে শুরু করে। আমরা বাধা দিলে আমাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তোলা হয়।”

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আখতার নিলয় জানান, “এই ইটভাটাটি দীর্ঘদিন ধরে কোনো বৈধ কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। আমরা নিয়ম মেনেই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।”

তিনি আরও বলেন, “হামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যথাযথ তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

দুমকির এই ‘ফেমাস ব্রিকস’ ইটভাটাসহ বেশ কয়েকটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলছে। পরিবেশ দূষণ ও কৃষিজমির ক্ষতি রোধে এ ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




মাত্র ১৫ দিনে বয়স্কদের জন্য কুরআন শিক্ষা কার্যক্রম শুরু কলাপাড়ায়

পটুয়াখালীর কলাপাড়ায় বয়স্ক পেশাজীবীদের জন্য মাত্র ১৫ দিনে সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার জোহর নামাজের পর কলাপাড়া এতিমখানা জামে মসজিদে এ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ কাউসার হোসাইন, যিনি ‘মাত্র ১৫ দিনে কুরআন শিক্ষা’ পদ্ধতির উদ্ভাবক ও ই-শিক্ষালয়ের পরিচালক। রমজান মাসের পবিত্রতাকে সামনে রেখে এই প্রশিক্ষণ কোর্সে ১১০ জন বয়স্ক পেশাজীবী শিক্ষার্থী অংশ নিয়েছেন।

এই কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, ছাত্র এবং শ্রমজীবী মানুষ। তারা সবাই আন্তরিকভাবে কুরআন শেখার আগ্রহ প্রকাশ করেছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন।

শিক্ষার্থী জয় আকন বলেন, “আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাসে এমন একটি প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রশিক্ষক অত্যন্ত আন্তরিকভাবে শেখাচ্ছেন, যা আমাদের জন্য অনেক উপকারে আসবে।”

এই উদ্যোগের মাধ্যমে মাওলানা কাউসার হোসাইন এর আগে একটি ব্যাচকে সফলভাবে প্রশিক্ষণ দিয়েছেন। যারা আগের ব্যাচে অংশ নিয়েছিলেন, তারা এখন অনায়াসে কুরআন পড়তে পারছেন। এবারের ব্যাচেও একই লক্ষ্য নিয়ে প্রশিক্ষণ চলছে।

সহযোগী প্রশিক্ষক মাসুম খান বলেন, “রমজান মাসে এমন একটি মহতী উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। এটি শুধু কুরআন শেখার সুযোগ নয়, বরং ইসলামের জ্ঞান অর্জনেরও এক বিশেষ পথ।”

এ কোর্সের বিশেষত্ব হলো মাত্র ১৫ দিনে কুরআন শিক্ষা সম্পন্ন করা সম্ভব। সহজ ও কার্যকর এই পদ্ধতির মাধ্যমে বয়স্ক ব্যক্তিরাও দ্রুত আরবি শেখার সুযোগ পাচ্ছেন। যারা ছোটবেলায় কুরআন পড়তে শেখেননি বা ভুলে গেছেন, তাদের জন্য এটি অত্যন্ত সহায়ক।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

.




স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি

চন্দ্রদ্বীপ ডেস্ক : জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৮ বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

যাদের নাম জানা গেছে তারা হলেন— মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী (মরণোত্তর), বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), লেখক ও ইতিহাসবিদ বদরুদ্দীন উমর, কবি আল মাহমুদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর), পপ সম্রাট আজম খান (মরণোত্তর) ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর)।




কলাপাড়ায় দুর্নীতির অভিযোগে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আদালত বর্জন অব্যাহত

পটুয়াখালীর কলাপাড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল থেকে কোনো আইনজীবী আদালতে উপস্থিত হননি, যার ফলে বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

জেলা আইনজীবী সমিতির সদস্য ও উপজেলার জ্যেষ্ঠ আইনজীবী হাফিজুর রহমান চুন্নু বিষয়টি নিশ্চিত করে জানান, বিচার বিভাগে দুর্নীতি বন্ধ ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে এ কর্মসূচি চলছে। এর আগে বুধবার সকালে চৌকি আদালত আইনজীবী ভবনে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আদালত বর্জনের ফলে সাধারণ বিচারপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। যাদের মামলার শুনানির তারিখ নির্ধারিত ছিল, তারা ফিরে যেতে বাধ্য হচ্ছেন। অনেকে দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের আশায় অপেক্ষা করছিলেন, কিন্তু বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় হতাশ হয়ে পড়েছেন।

আইনজীবীরা জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়কে দ্রুত অপসারণ না করা হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। তাদের দাবি, বিচার বিভাগে দুর্নীতির কোনো স্থান নেই, তাই বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আইনজীবীদের দাবি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে বলে ধারণা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম