বনশ্রীতে স্বর্ণ ডাকাতি: পটুয়াখালীর ছাত্রলীগ ও শ্রমিকদলের নেতা গ্রেফতার

রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় জড়িত ছয়জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাদের একজন পটুয়াখালীর বাউফলের বাসিন্দা আমিনুল ইসলাম, যিনি স্থানীয় একটি রাজনৈতিক সংগঠনের নেতা। অন্যজন শ্রমিকদলের নেতা সুমন মোল্লা।

শনিবার (৮ মার্চ) গ্রেপ্তারকৃতদের গণমাধ্যমের সামনে হাজির করার পর স্থানীয়ভাবে অনুসন্ধান চালিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গ্রেপ্তার আমিনুল ইসলাম বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের নতুন ইউনিয়ন পরিষদ এলাকার বাসিন্দা ইকবাল মৃধার ছেলে। তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং এর আগেও একাধিক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। অপরদিকে, সুমন মোল্লা একই ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া এলাকার বাসিন্দা শাহজাহান মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। ২০২৩ সালের ৯ নভেম্বর জেলা পুলিশের একটি বিশেষ অভিযানে আমিনুলসহ ডাকাত দলের সাতজনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে তিনি একাধিক ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

পুলিশ ও স্থানীয়দের মতে, আমিনুল ইসলাম রাজনৈতিক সভা-সমাবেশেও সক্রিয় ছিলেন। গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে তোলা ছবি ভাইরাল হয়।

বাউফল উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু বলেন, “আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। তবে তাকে বহিষ্কারের জন্য ইতোমধ্যে ইউনিয়ন শ্রমিকদলকে নির্দেশ দেওয়া হয়েছে।”

বাউফল থানার পরিদর্শক আতিকুল ইসলাম বলেন, “আমিনুল একজন পেশাদার ডাকাত। এর আগেও তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। এবারও স্বর্ণ ডাকাতির ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গৌরনদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশালের গৌরনদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ শিপন গাজী নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শিপন গাজী পিঙ্গলাকাঠী গ্রামের মৃত আনোয়ার গাজীর ছেলে। অভিযানে তার কাছ থেকে ২০৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গৌরনদী থানায় হস্তান্তর করা হয়।

রোববার (৯ মার্চ) সকালে গ্রেফতারকৃত শিপন গাজীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার।


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার

বরিশালে চাঞ্চল্যকর যুবদল নেতা সুরুজ গাজী হত্যা মামলার প্রধান আসামি শাহিন সরদারকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (৮ মার্চ) গভীর রাতে রাজধানীর মাদারটেক কাঁচাবাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাব-৩ ও র‍্যাব-৮-এর যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

রোববার (৯ মার্চ) দুপুরে বরিশাল র‍্যাব-৮-এর কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৮-এর অধিনায়ক নিস্তার আহমেদ। তিনি জানান, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শাহিন সরদারকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে বরিশালের কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত শাহিন সরদার বরিশালের কাউনিয়ার গাউয়াসার এলাকার মৃত দেলোয়ার সরদারের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা।

র‍্যাব জানায়, নিহত সুরুজ গাজী ও আসামি শাহিন একই রাজনৈতিক দলের অনুসারী ছিলেন। তাদের মধ্যে রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধ ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে হত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। রোববার দুপুরে বরিশালের কাউনিয়া হাউজিং এলাকায় আয়োজিত বিক্ষোভে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সেরাজুল হক, সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি আতাউর রহমান এবং বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফাত রানা রুবেলসহ অন্যান্য নেতাকর্মীরা।

গত ২ মার্চ বরিশালে যুবদল নেতা সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই শাহিন গাজী বাদী হয়ে কাউনিয়া থানায় শাহিন সরদারকে প্রধান আসামি করে তার স্ত্রী, দুই সন্তানসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আরও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দুই দফায় অভিযুক্ত শাহীনের বাড়িতে আগুন দেয়। পুলিশ ইতোমধ্যে মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে।


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী নেতা নাহিদকে অব্যাহতি

চন্দ্রদ্বীপ ডেস্ক রংপুরে নির্মাণাধীন একটি পার্কের মালিকের কাছে এক লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ১১ টায় সংগঠনটির মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও সদস্য সচিব রহমত আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছেl

এর আগে গত ১ মার্চ গঙ্গাচড়ার পূর্ব খলেয়া এলাকায় নির্মাণাধীন গ্রিন সিটি ইকো পার্ক কর্তৃপক্ষের কাছে এক লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে নাহিদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

চাঁদা চাওয়ার ওই ভিডিওতে শোনা যায়, পার্ক কর্তৃপক্ষ নাহিদকে বলেন ‘তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে, তাহলে সেটা বন্ধ করে দিই।’ এ সময় নাহিদ বলেন, ‘না আপনি কেন কাজ বন্ধ করবেন। আপনি চালান, আপনি তো ভাই-ব্রাদার আমাদের। আপনি ভাইয়ের সঙ্গে রাতে কথা বলেন সময় নেন, সমস্যা নাই।’

পরে ওই ব্যক্তি বলেন, ‘১ লাখ টাকা দিতে পারব না, ৫ হাজার টাকা দিই। এক লাখ টাকা কই থেকে দেব, একটা তো সিস্টেম আছে।’ পরে নাহিদ বলেন, ‘না না। আমি তাহলে আগাই। আপনি ভাইয়ের সঙ্গে কথা বলেন। আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে, ইউএনও-ডিসিকে সামলাতে হচ্ছে। যদি মনে হয় কিছু কমাবেন, তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। জানেন তো সংগঠন চালাতে হলে কী কী করতে হয়’।

যদিও নাহিদ হাসান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বারবারই অস্বীকার করে আসছিলেন। তিনি বলেন, ‘আমরা জানতে পারি একটি পার্কে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে ৭-৮ জনের একটা টিম সেখানে গিয়ে দেখতে পাই বালু উত্তোলন করে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের কাছে জানতে পারি পার্কের ভেতরে পুকুর খনন করে বালু উত্তোলন করা হচ্ছে। সেখানে একটি রিপোর্ট করি এবং বেশকিছু ভিডিও করে রাখি। সেখানকার একজন মুরুব্বি বেলাল নামে একজনকে ফোন দেয়। বেলাল বিএনপির পরিচয় দিয়ে আমাকে শিমুলবাগ কমিউনিটি সেন্টারে ডাকে। তাদের ১০-১২ জনের একটা টিম আমার কাছে আসে। কথাবার্তার মাঝে আমাদেরকে বিভিন্ন ভাবে অর্থের প্রলোভন দেখায়। আমরা সেটি এড়ানোর চেষ্টা করে দ্রুত সেখান থেকে চলে আসি।’

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি কালবেলাকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে আমাদের সিদ্ধান্ত জানালাম। আমরা অনেক রকম বিষয় পাচ্ছি, কেন্দ্র সিদ্ধান্ত নিচ্ছে। আমরা যেহেতু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহতি তাকে দিয়েছি সেহেতু কেন্দ্র থেকে পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নেবে ‘।




কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্য হবে না : সালাহউদ্দিন

চন্দ্রদ্বীপ ডেস্ক : গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে বলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য রেখেছেন, তা নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘আমাদের কথা পরিষ্কার, এখানে (একসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন) কোনো জাতীয় ঐক্য, এ বিষয়ে হয়ত হবে না, একটি মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি এবং আমাদের অগ্রাধিকার।’

শনিবার (৮ মার্চ) রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।




গলাচিপার দুর্ধর্ষ চোর ইয়াকুব মৃধা গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপার কুখ্যাত চোর ও একাধিক ডাকাতি মামলার আসামি ইয়াকুব মৃধা (৪৪) র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকেল ৫টার দিকে বরগুনার আমতলী বাজার সংলগ্ন পটুয়াখালী-কুয়াকাটা সড়ক থেকে র‍্যাব-৮, সিপিসি-১ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত ইয়াকুব মৃধা পটুয়াখালীর গলাচিপা উপজেলার শৈলাবুনিয়া গ্রামের আব্দুস ছাত্তার মৃধার পুত্র। দীর্ঘদিন ধরে সে ঢাকা, যশোর, ধামরাই ও বগুড়ায় সক্রিয় চুরির গ্যাং পরিচালনা করে আসছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত এই অপরাধীর বিরুদ্ধে অন্তত ১০টিরও বেশি চুরি ও ডাকাতি মামলা রয়েছে।

ইয়াকুব মৃধার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—

  • গুলশান থানা, ঢাকা: মামলা নং- ৬১ (২৬ সেপ্টেম্বর ২০১১), ধারা: ৩৯৫/৩৯৬/৪১২ (ডাকাতি ও সহিংস অপরাধ)।
  • যশোর থানা: মামলা নং- ৭৩ (১৪ সেপ্টেম্বর ২০১৫), ধারা: ৩৯৯/৪০২ (ডাকাতির প্রস্তুতি)।
  • ধামরাই থানা: মামলা নং- ২২ (২০১৬), ধারা: ৩৯৯/৪০২।
  • ডিএমপি কদমতলী থানা: মামলা নং- ১৭, ধারা: ৩৯৯/৪০২।
  • যশোর কোতোয়ালি থানা: চুরির মামলা।

র‍্যাব জানায়, সম্প্রতি বেশ কয়েকটি চুরির ঘটনায় ইয়াকুবের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৪টার দিকে বগুড়ার শেরপুর থানাধীন শেরুয়া বটতলা এলাকায় পিরপাল মাজার মার্কেটে “কিষান অটো” নামে একটি দোকানে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটে। সাত-আটজন মুখোশধারী চোর দোকানের তালা ভেঙে ইজি বাইক, অটোরিকশা, আইপিএস ও সিএনজির মোট ৪১টি ব্যাটারি চুরি করে, যার আনুমানিক মূল্য ৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা।

ভুক্তভোগী মো. মুনজুরুল হাসান বাদী হয়ে শেরপুর থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তের পর ইয়াকুব মৃধার সংশ্লিষ্টতা নিশ্চিত হলে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করে।

র‍্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ইয়াকুব মৃধাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বরিশালে ১৬ রুটে বাস চলাচল শুরু, ধর্মঘট প্রত্যাহার

চেকপোস্টে হামলা ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে বরিশালে বাস-মিনিবাস মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের আশ্বাসের পর শনিবার (৮ মার্চ) সন্ধ্যার পর থেকেই দক্ষিণাঞ্চলের ১৬টি রুটে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে, শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিভাগের ১১টি বাস মালিক সমিতি ও ১১টি শ্রমিক ইউনিয়ন আন্দোলনে নামে। ফলে বিকাল থেকেই দক্ষিণাঞ্চলের ১৬টি রুটে বাস চলাচল বন্ধ ছিল।

রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী জানান, খয়রাবাদ সেতুর ঢালে বাস মালিক সমিতির চেকপোস্ট পরিচালিত হয়। তবে শনিবার সকালে সিএনজি-থ্রি-হুইলার ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান খোকার নেতৃত্বে সেখানে হামলা চালানো হয়। এ সময় শ্রমিক ও যাত্রীদের মারধর করা হয়।

এই ঘটনার বিচার ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বাস-মিনিবাস মালিক সমিতি অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয়।

সিএনজি শ্রমিকদের অভিযোগ, বাস মালিক ও শ্রমিকরা সড়কে তাদের চলাচলে বাধা দিচ্ছে।

সিএনজি চালক আনিসুর রহমান বলেন, “আমরা যাত্রী নিয়ে বরিশাল থেকে রওনা দিলে বাস শ্রমিকরা গাড়ি থামিয়ে আমাদের যাত্রী নামিয়ে দেয়। খয়রাবাদ ব্রিজের ঢালে ও ঝালকাঠি রুটে ষাটপাকিয়া এলাকায় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে।”

আরেক চালক ইব্রাহিম খলিল বলেন, “বাস শ্রমিকরা আমাদের যাত্রী নিতে বাধা দেয়। আমরা প্রতিবাদ করলে আমাদের ওপর হামলা করা হয়।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু বিচারের আশ্বাস ও হামলায় জড়িতদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।

বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ জিয়াউদ্দিন শিকদার জিয়া জানান, প্রশাসনের আশ্বাসে ধর্মঘট তুলে নেওয়া হয়েছে এবং বাস চলাচল স্বাভাবিক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

ফলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় স্বস্তি ফিরেছে এবং যাত্রীরা আবারও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংকের অংশীদার হয়ে কাজ করছে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান।

প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার (৮ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে। এই সফরে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করতে সহযোগিতার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে।

তিনি আরও জানান, ভূমি বরাদ্দ, নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালনায় এসব সহযোগিতা চুক্তি হয়েছে। স্টারলিংক টিম এই কাজের জন্য কিছু নির্দিষ্ট স্থান চিহ্নিত করেছে। এর মধ্যে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠানের নিজস্ব সম্পত্তি এবং কিছুক্ষেত্রে হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে স্টারলিংক।




মহিপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

পটুয়াখালীর মহিপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ জিএম জসিম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার (৭ মার্চ) রাতে মহিপুর সদর ইউনিয়নের ওয়াপদা কলোনীর গরুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিপুর গরুর বাজার এলাকায় নিজ বাসা থেকে জিএম জসিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সবুজ পলিথিনে মোড়ানো ও সাদা কাগজে রাখা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জানা গেছে, জিএম জসিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার (৮ মার্চ) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, চিহ্নিত মাদক কারবারি জিএম জসিমকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বরিশালে সাংবাদিক লাঞ্ছিত, থানায় আটকে রাখার অভিযোগ ওসির বিরুদ্ধে

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ওসি (অপারেশন) গাজী মিজানুর রহমানের বিরুদ্ধে সাংবাদিক রিপন রানাকে মারধর করে থানা গারদে আটকে রাখার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, রিপন রানার মোবাইল, ক্যামেরা ও বুম ছিনিয়ে নিয়ে ডকুমেন্ট মুছে ফেলা হয় এবং রোজাদার থাকা সত্ত্বেও তাকে ইফতারের সুযোগ দেওয়া হয়নি।

শুক্রবার (৭ মার্চ) বিকেল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। রিপন রানা বরিশাল টিভি ও বরিশাল টাইমসের রিপোর্টার।

তিনি জানান, বরিশালের কনটেন্ট ক্রিয়েটর পাবেল মুন্সির সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডার খবর পেয়ে থানায় যান তিনি। সেখানে পাবেলের সঙ্গে কথা বলার সময় এসআই জুবায়ের সাংবাদিকদের কটূক্তি করেন। এর প্রতিবাদ করলে ওসি (অপারেশন) গাজী মিজানুর রহমানও কটূক্তি করেন এবং এরপর পুলিশ কমিশনারকে ফোন করায় রিপনকে মারধর করা হয়।

একপর্যায়ে তাকে থানার গারদে আটকে রেখে আরও মারধর করা হয় এবং তার মোবাইল ও ক্যামেরার তথ্য ডিলিট করা হয়। গারদে বসে ইফতারের জন্য পানি চাইলে ওসি তা দিতেও নিষেধ করেন বলে অভিযোগ করেছেন রিপন।

থানার গারদে থাকা এক কিশোর (অন্তর) বলেন, সাংবাদিক রিপন ভাইকে অহেতুক পুলিশ মারধর করেছে। তার কোনো ভুল আমার চোখে পড়েনি।

রিপন দাবি করেন, পুরো ঘটনাটি থানার সিসিটিভি ক্যামেরায় রেকর্ড রয়েছে এবং সেটি পর্যালোচনা করলেই ঘটনার সত্যতা জানা যাবে।

ওসি (অপারেশন) গাজী মিজান সাংবাদিকদের বলেন, অনুমতি ছাড়া রিপন ভিডিও ধারণ করছিলেন, এর বাইরে কিছু বলবো না। বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসির সঙ্গে যোগাযোগ করলে এসআই উজ্জ্বল জানান, ওসি স্যার নামাজে আছেন।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি, ভুক্তভোগী সাংবাদিককে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক সংগঠনগুলো ঘটনার নিন্দা জানিয়ে পুলিশের ভূমিকার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।