বরিশালে বাবুগঞ্জের আখের গুড়ের চাহিদা বাড়ছে রমজানে

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আখের গুড়ের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে, বিশেষত রমজান মাসে। স্থানীয় আখচাষিরা বছরের পর বছর ধরে ভেজালমুক্ত গুড় উৎপাদন করে আসছেন, যা স্থানীয় বাজারে বেশ জনপ্রিয়। বিশেষ করে রমজান মাসে এই গুড়ের চাহিদা অনেক বেশি থাকে, যা চাষিদের জন্য একটি বড় সুযোগ হয়ে দাঁড়ায়।
স্থানীয় কৃষকরা জানান, তাদের আখের গুড়ের সম্পূর্ণ প্রক্রিয়া ভেজালমুক্ত। চাষিরা ক্ষেত থেকেই আখ সংগ্রহ করে এবং তা মাড়াই করে রস সংগ্রহ করেন। এরপর মাটির চুলায় ৪০-৪৫ মিনিট ধরে জ্বাল দিয়ে তৈরি করা হয় এই গুড়। এই প্রাকৃতিক পদ্ধতির কারণে গুড়ের স্বাদ এবং গুণমান থাকে অতুলনীয়।
এ সম্পর্কে চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালি গ্রামের আব্দুল হাকিম বলেন, “আমি ৫০ বছর ধরে ভেজালমুক্ত আখের গুড় তৈরি করছি। রমজান মাসে এ গুড়ের চাহিদা অনেক বেড়ে যায়। গত বছর প্রায় তিন লাখ টাকার গুড় বিক্রি করেছি, আর এবার প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকার মধ্যে।”
আখচাষি সুলতান খা জানান, তাদের তৈরি গুড়ের প্রতি ক্রেতাদের আস্থা রয়েছে কারণ এটি সম্পূর্ণ ভেজালমুক্ত। তিনি আরও বলেন, “এই গুড় খাওয়ানো আমাদের জন্য গর্বের ব্যাপার, লাভের চেয়ে প্রাপ্তি অনেক বড়।”
এদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুরাদুল হাসান বলেন, “আমরা আখচাষিদের আধুনিক পদ্ধতি ব্যবহারের জন্য সহায়তা প্রদান করছি। কিছু চাষিকে ডিজেল ইঞ্জিনের মাড়াই মেশিনও দেওয়া হয়েছে, যার ফলে তারা বাণিজ্যিকভাবে সফল হয়েছেন। আশা করছি, আগামী বছর এই অঞ্চলে আখ উৎপাদনে একটি বিপ্লব ঘটবে।”
মো: তুহিন হোসেন
চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








