আজ ১৪ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৪২টি উপজেলায় ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১৪ লাখ ৬০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই কার্যক্রমটি রাতকানা এবং অন্যান্য রোগ প্রতিরোধে সহায়ক হিসেবে দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজিত হচ্ছে।
বরিশাল সিটি করপোরেশনসহ জেলা ও উপজেলা স্বাস্থ্য দপ্তরগুলো এই ক্যাপসুল খাওয়ানোর জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শুক্রবার, জুম্মার নামাজের খুতবার আগে প্রায় প্রতিটি মসজিদের খতিবরা বিষয়টি মুসুল্লীদের অবহিত করেছেন।
বিভাগীয় কমিশনার ও নগর প্রশাসক রায়হান কাওসার এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেছেন, “শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন এ একটি অত্যাবশ্যকীয় স্বাস্থ্য উপকরন। তবে মানবদেহে কখনো ভিটামিন এ তৈরি হয় না, তাই ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তায় প্রতিবছর দুবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে।”
বরিশাল সিটি করপোরেশন এলাকায় ৬ থেকে ৯ মাস বয়সী সাড়ে ৮ হাজার এবং ১০ থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৫শ শিশুকে নগরীর ২০০টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া ৪২টি উপজেলায় ৫ মাস থেকে ৯ মাস বয়সী ১ লাখ ৪৩ হাজার শিশুকে এবং ১০ থেকে ৫৯ মাস বয়সী ১১ লাখ ১৮ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রায় ১৮ হাজার স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক ৯ হাজার কেন্দ্রে এসব ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করবেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা খাওয়ানো হবে।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম













