বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ডে নির্বাচন পরিচালনায় সহায়তা করবে ইইউ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন পরিচালনাকে সমর্থন করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ইইউ বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা প্রদান করবে এবং দেশের গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিতে তাদের সম্পূর্ণ সহযোগিতা থাকবে।

রোববার, ১৬ মার্চ, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন মাইকেল মিলার। বৈঠকে তিনি তার নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, “এটি আমাদের দ্বিতীয় সভা। আলোচনায় আমরা জানতে পারি, বাংলাদেশ নির্বাচন কমিশন কীভাবে আগামী নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে।” তিনি আরও বলেন, “এবার আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনকে তিনটি মূল বার্তা প্রদান করেছি।”

প্রথমত, তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি দৃঢ় অংশীদার হিসেবে থাকবে। বিশেষ করে, গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করবে। দ্বিতীয়ত, ইইউ বাংলাদেশে সহযোগিতা বৃদ্ধি করতে চায়, এবং অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করতে প্রস্তুত রয়েছে। এর মাধ্যমে নির্বাচন কমিশন গত বছর জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

তৃতীয়ত, মাইকেল মিলার জানান, ইইউ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের নির্বাচন পরিচালনায় সম্পূর্ণ সহযোগিতা করবে এবং এজন্য আর্থিক সহায়তা ও অভিজ্ঞতা শেয়ার করবে।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আগামী সোমবার (১৭ মার্চ) ১২৭ জন পুলিশ কর্মকর্তার সাথে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এই বৈঠকে পুলিশ বাহিনীর নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন, যাদের মধ্যে পুলিশের কমিশনার, এসপি, এবং বিভাগীয় কমিশনারও অন্তর্ভুক্ত থাকবেন। বৈঠকে পুলিশের সক্ষমতা বৃদ্ধি, লজিস্টিক সাপোর্ট, পুলিশ শাখার উন্নয়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রমের বিষয়ে আলোচনা হবে।

বৈঠকে উপস্থিত কর্মকর্তারা পুলিশ বাহিনীর বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরবেন এবং ড. মুহাম্মদ ইউনূস প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জামিন আবেদন নামঞ্জুর

দুর্নীতি মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছেন।

রোববার (১৬ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে জামিনের আবেদন করা হয়। তাঁর পক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়ে আবেদন জানালেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

এ মামলায় সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৬৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখল করার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে গত ১৯ ডিসেম্বর মামলা দায়ের করা হয়।

এর আগে গত বছরের ৩ অক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক মামলায় রিমান্ডে নেয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে। গত ২৯ জানুয়ারি আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

বরিশালে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে সুজন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকার জিয়ানগরে এই ঘটনা ঘটে। বিক্ষুব্ধ এলাকাবাসীর পিটুনিতে গুরুতর আহত সুজনকে পুলিশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মামলা সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ দুপুরে সুজন তার প্রতিবেশীর চার বছরের শিশুকন্যাকে নিজ বাসায় ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার শুরু করলে আতঙ্কিত হয়ে সে শিশুটিকে বাসায় পাঠিয়ে দেয়। বাসায় ফিরে শিশুটি তার মায়ের কাছে ঘটনা জানায়। এরপর শিশুর মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
শনিবার ( ১৫ মার্চ) দুপুরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত সুজনকে ধরে ফেলে। উত্তেজিত জনতা তাকে গাছের সঙ্গে বেঁধে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে। পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান,নিহতের পরিবার অভিযোগ দিলে হত্যা মামলা হবে, অন্যথায় অপমৃত্যুর মামলা দায়ের করে লাশের ময়নাতদন্ত করা হবে।



“আমাদের টার্গেট প্রতিটি স্কুল চলবে ওয়ান শিফটে : গণশিক্ষা উপদেষ্টা”

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, “আমাদের লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন করা। তবে অবকাঠামোগত উন্নয়ন নিয়েও আমরা কাজ করবো, তবে প্রধান লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন।” তিনি আরও জানান, ।

আজ রবিবার (১৬ মার্চ) সকালে বরিশাল নগরীর পিটিআই অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বরিশালের স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, “যেসব বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু রয়েছে, তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেগুলোর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।” তিনি উল্লেখ করেন, “আগামী বছর থেকে হয়তো আর ভর্তি নেয়া হবে না, আর যারা আছেন তারা ধীরে ধীরে বের হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “পিটিআইতে যেসব সুযোগ-সুবিধা রয়েছে, তা দিয়েই আমরা শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করতে পারবো। যদিও অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ রয়েছে, তবে নানা কারণে কাঙ্ক্ষিত নির্মাণ কাজ সম্পন্ন হচ্ছে না। এ কারণে উন্নয়নকাজে মনোযোগ দিতে হবে এবং প্রশাসনের সবাইকে অনুরোধ জানাচ্ছি, যখন স্কুল খোলা থাকে তখন যেন শিক্ষকদের অন্য কাজে কম নিয়োগ করা হয়।”

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, বরিশাল প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক নিলুফা ইয়াসমিনসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

দুপুরে বরিশাল মহানগরীতে ৩০০ প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় করেন উপদেষ্টা।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বাজেটে ব্যক্তিগত করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকায় উন্নীত করার সুপারিশ

উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আগামী অর্থবছরের বাজেটে ব্যক্তিগত করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণের সুপারিশ করেছে। বর্তমানে এক ব্যক্তি করদাতার জন্য আয়সীমা সাড়ে তিন লাখ টাকা নির্ধারিত রয়েছে, যা ২০২৫-২৬ অর্থবছরে ৫০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে সিপিডি।

রোববার (১৬ মার্চ) সিপিডি তাদের কার্যালয়ে আগামী বছরের বাজেটের সুপারিশ তুলে ধরে। তারা বলেছে, যদি সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করে, তবে তা বাজারে মূল্যস্ফীতির চাপ আরও বাড়াবে, যা সাধারণ মানুষকে আরও বেশি কষ্টে ফেলবে। তাই, সাধারণ মানুষের জন্য করমুক্ত আয়সীমা বাড়ানোর মাধ্যমে কিছুটা স্বস্তি প্রদান করা যেতে পারে।

বর্তমানে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ৫%, ১০%, ১৫%, ২০%, এবং ২৫% হারে কর নির্ধারিত রয়েছে। প্রথম সাড়ে তিন লাখ টাকার ওপর কোনো কর নেই, এরপর এক লাখ টাকার জন্য ৫%, ৪ লাখ টাকার জন্য ১০%, ৫ লাখ টাকার জন্য ১৫%, ৫ লাখ টাকার জন্য ২০% এবং বাকি অর্থের ওপর ২৫% হারে কর আরোপ করা হয়।

এছাড়া, সিপিডি তাদের প্রতিবেদনে ভ্যাট ফাঁকি কমানোর জন্য ভ্যাটের হার ১৫% থেকে কমিয়ে ১০% করার সুপারিশ করেছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ হবে ৭ কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে পরিচিত হবে।

রোববার (১৬ মার্চ) ইউজিসিতে অনুষ্ঠিত একটি সভায় শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে এবং এই নামের ওপর সম্মত হন।

নতুন বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দুটি মতামত উঠে আসে। ১৭ জন শিক্ষার্থী ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটির পক্ষে মত দেন, তবে অন্য শিক্ষার্থীরা ‘ফেডারেল ইউনিভার্সিটি’ নাম চেয়েছিলেন। তারা উল্লেখ করেন, ঢাকা কলেজের পূর্ব নাম ছিল ঢাকা সেন্ট্রাল কলেজ, তাই ফেডারেল ইউনিভার্সিটি নামটি পছন্দ করেন তারা। তবে ইউজিসি পরবর্তীতে তাদের আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণের জন্য পরামর্শ দেয় এবং অবশেষে সবাই একমত হয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামের পক্ষে মত দেন।

এই সিদ্ধান্তের পর ইউজিসি কর্তৃপক্ষ ১৩ মার্চ সাত কলেজের নামকরণ সংক্রান্ত বিষয়ে ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় সভার আয়োজন করে, যেখানে বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করা হয়।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




“আসামি জেল থেকে পালিয়ে যাওয়ার ঘটনা হতাশার: আবরার ফায়েজ”

আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়েজ বলেছেন, “রায় দ্রুত বাস্তবায়ন হলেই আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারব, যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। আমরা চাই, আবরার ফাহাদের মতো আর কারও এমন পরিণতি না হয়।” তিনি আরও বলেন, “মামলার এক আসামি গত বছরের ৫ আগস্টের পর জেল থেকে পালিয়ে যাওয়ার ঘটনা আমাদের জন্য হতাশার। এ ধরনের ঘটনা আর আমরা চাই না।”

রোববার (১৫ মার্চ) হাইকোর্টের রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবরার ফায়েজ। তিনি বলেন, “হাইকোর্ট থেকে এমন একটি বড় রায় আসবে, এটা আমরা ৫ আগস্টের আগে চিন্তাও করিনি। পরিবর্তিত পরিস্থিতির কারণে এটি সম্ভব হয়েছে। তবে, রায় কার্যকরের জন্য এখনও অনেক পদক্ষেপ বাকি। সেসব যেন দ্রুত কার্যকর করা হয়, সেটাই আমাদের চাওয়া।”

আবরার ফাহাদ হত্যার পর হাইকোর্টের রায় পেতে পাঁচ বছর লেগেছে। আবরার ফাহাদের পরিবারের সদস্যরা এখন রায়ের কার্যকর হওয়ার অপেক্ষায়। তিনি আরও জানান, “এই রায় কার্যকর হলে একটি দৃষ্টান্ত স্থাপিত হবে। আমরা চাই ভবিষ্যতে যেন আর কোনো ঘটনা না ঘটে।”

এর আগে, বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। রায়ে ৫ আসামির যাবজ্জীবন দণ্ডও বহাল রেখেছে আদালত।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে বি রুমি, জহিরুল ইসলাম সুমন, নূর মোহাম্মদ আজমী, সহকারি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ। আসামিপক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মাসুদ হাসান চৌধুরী এবং আজিজুর রহমান দুলু। এছাড়া আদালত কক্ষে আবরার ফাহাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




কলাপাড়ায় ধর্ষণ বিরোধী লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পটুয়াখালীর কলাপাড়ায় সাধারণ ছাত্র জনতার উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে লাঠি মিছিল ও বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হওয়া লাঠি মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে এক আলোচনা সভার মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।

বক্তব্য রাখেন যুবনেতা মাহবুবুর আলম নাঈম, আমরা কলাপাড়াবাসীর সভাপতি মো. নজরুল ইসলাম, সেক্রেটারি নাজমুস সাকিব, সাধারণ শিক্ষার্থী রবিউল ইসলাম অন্তর, মেহেদী হাসান রাতুলসহ অনেকে। তারা বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

বক্তারা আরও বলেন, ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করা, নারী ও শিশুদের নিরাপত্তা জোরদার করা এবং সমাজে সচেতনতা বৃদ্ধির জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমের মাধ্যমে প্রচারণা চালিয়ে জনগণকে আরও সচেতন করতে হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




তেঁতুলিয়া নদীতে তরমুজবোঝাই ট্রলারে ডাকাতি, গণপিটুনিতে নিহত ১

তেঁতুলিয়া নদীতে তরমুজবোঝাই ট্রলারে ডাকাতির চেষ্টাকালে ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে সংঘর্ষে এক জলদস্যু নিহত হয়েছে। শনিবার (১৫ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে বাউফল অংশে এ ঘটনা ঘটে। নিহত জলদস্যুর নাম মো. কবির (৪৫), তিনি ভোলার দক্ষিণ বালিয়া এলাকার বাসিন্দা।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, ডাকাতির সময় ব্যবসায়ী ও কৃষকেরা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ বাধে। জলদস্যুরা ধারালো অস্ত্র দিয়ে ট্রলারের যাত্রীদের কুপিয়ে জখম করে। এ সময় জলদস্যুরা নদীতে ঝাঁপিয়ে পালিয়ে যায়, তবে কবিরকে আটক করা হয়। পরে স্থানীয়রা ধুলিয়া লঞ্চঘাটে ট্রলার পৌঁছালে তাকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ হেফাজতে নেওয়ার পর বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, গলাচিপা থেকে ব্যবসায়ী শহিদুল মাতব্বরসহ আটজন তরমুজ নিয়ে চাঁদপুর যাচ্ছিলেন। তালতলা এলাকায় ট্রলারটি পৌঁছালে জলদস্যুরা আক্রমণ করে। হামলায় ব্যবসায়ী শহিদুল মাতব্বর, ফিরোজ মাতব্বর, বারেক মাতব্বরসহ আটজন আহত হন। তাদের বরিশালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, “তরমুজবোঝাই ট্রলারটি আইনি প্রক্রিয়া শেষে ছেড়ে দেওয়া হবে। জলদস্যুদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম