পুলিশের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার নির্দেশনা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সুবিধা-অসুবিধা, প্রতিবন্ধকতা ও নানা সমস্যা সমাধানে করণীয় বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় পুলিশের কল্যাণে বেশ কিছু দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।
বুধবার (১৯ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই নির্দেশনা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, কর্মসম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করা হবে এবং যারা কম পারফর্ম করেন, তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য পুলিশকে প্রস্তুতি গ্রহণের তাগিদও দেন।
পুলিশের তৃণমূল পর্যায়ের কর্মীদের কল্যাণে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। নির্দেশনাগুলো হলো:
১. ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা।
২. পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনার ভ্যান কেনার উদ্যোগ নেওয়া।
৩. পুলিশের চলমান নির্মাণ প্রকল্পগুলোর যেগুলোর কাজ ৭০% এর নিচে সম্পাদিত হয়েছে, সেগুলোতে অর্থ ছাড় করা।
৪. ভাড়া করা ভবনে অবস্থিত ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা।
৫. পুলিশের এসআই ও এএসআই র্যাংকের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা।
এর আগে, গত সোমবার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই বৈঠকে কর্মকর্তারা নিজেদের সুবিধা, অসুবিধা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








