আগামী বাজেট যুক্তিসঙ্গত হবে : অর্থ উপদেষ্টা




দুমকিতে শহীদ কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

পটুয়াখালীর দুমকিতে জুলাই বিপ্লবে নিহত এক শহীদের কলেজপড়ুয়া মেয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ সাকিব মুন্সি (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে। তিনি দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি মামুন মুন্সির ছেলে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে ভুক্তভোগী নিজেই দুমকি থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দাখিলের পর মামলা রেকর্ড করতে পুলিশের দীর্ঘসূত্রিতা দেখা যায়। অভিযোগের পর দীর্ঘ সময় থানায় বসিয়ে রাখার পর রাতে মামলাটি গ্রহণ করা হয়।

ভিকটিমের মা মোসা. রুমা বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাবার কবর জিয়ারত শেষে তিনি নানা বাড়ি ফিরছিলেন। পথে আলগী গ্রামের মুন্সিবাড়ির কাছে পৌঁছালে সাকিব মুন্সী (১৯) ও সোহাগ মুন্সী (২০) তাকে রাস্তা থেকে তুলে নিয়ে পাশের নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। পরে ভুক্তভোগীকে ভয় দেখিয়ে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর মেয়েটি তার এক সহপাঠীকে বিষয়টি জানান। সহপাঠীর মাধ্যমে খবর পেয়ে মা ঢাকা থেকে পটুয়াখালীতে রওনা হন।

ঘটনার পর দুপুরে ভিকটিম থানায় অভিযোগ করলেও সন্ধ্যা পর্যন্ত তাকে থানায় বসিয়ে রাখা হয়। স্থানীয় সাংবাদিকরা পুলিশ সুপারকে বিষয়টি জানানোর পর ওসি মামলা নথিভুক্ত করেন এবং সন্ধ্যার পর মেডিকেল পরীক্ষার জন্য পাঠান।

দুমকি থানার ওসি জাকির হোসেন বলেন, “ভিকটিম দুপুরে থানায় এলেও বিস্তারিত কিছু জানাতে পারেনি। তাই আমরা ঘটনাস্থল পরিদর্শনে যাই। পরে মামলা রুজু করে একজনকে গ্রেফতার করা হয়েছে। এরপর আইনি প্রক্রিয়া শেষে ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়।”

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলাম জানান, “ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন। মামলাটি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।”

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ভোলার গ্যাস পাইপলাইনে প্রথমে আসবে ঢাকায়

দ্বীপজেলা ভোলার গ্যাস এখন রাজধানী ঢাকায় আনা হবে প্রথমে। তারপর অন্য একটি পাইপলাইনের মাধ্যমে খুলনায় পৌঁছানো হবে। এই নতুন পরিকল্পনা অনুসারে, পেট্রোবাংলা ভোলা-বরিশাল-খুলনা পাইপলাইনের প্রাথমিক পরিকল্পনা সংশোধন করেছে। বরিশাল-ঢাকা পাইপলাইন স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শিগগিরই শুরু হবে। এ বিষয়ে জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই পরিকল্পনা ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে।

জ্বালানি ও খনিজসম্পদ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, ঢাকায় গ্যাসের চাহিদা অনেক বেশি, কারণ এখানে শিল্পকারখানাগুলোর সংখ্যা বেশি। সেজন্য ভোলার গ্যাস ঢাকায় আনা অতি জরুরি। ভোলা-বরিশাল পাইপলাইনে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং বরিশাল-ঢাকা পাইপলাইনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

২০২৩ সালে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (জিটিসিএল) ভোলা থেকে বরিশাল পর্যন্ত একটি পাইপলাইন নির্মাণের প্রস্তাব দিয়েছিল। তবে, শুধু বরিশাল পর্যন্ত গ্যাস সংযোগ দিলে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত করা সম্ভব নয় বলে প্রকল্পটির সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়া হয়। বরিশাল থেকে খুলনা পর্যন্ত ১০৯ কিলোমিটার পাইপলাইনের পরিকল্পনা করা হয়, যার ব্যয় ধরা হয়েছিল ৪ হাজার ৫০০ কোটি টাকা। তবে ২০২৯ সালের মধ্যে এটি সম্পন্ন হওয়ার কথা থাকলেও, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জ্বালানি বিভাগ নতুন পরিকল্পনা গ্রহণ করে, যেখানে প্রথমে ভোলার গ্যাস ঢাকায় আনা হবে এবং পরে খুলনায় পৌঁছানো হবে।

এদিকে, ভোলাতে ইতিমধ্যে দুটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এবং এসব ক্ষেত্রে প্রায় ৮ টিসিএফ (ট্রিলিয়ন ঘনফুট) গ্যাস মজুত হওয়ার আশা করা হচ্ছে। গ্যাস উত্তোলন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, এবং ৯টি কূপের মধ্যে ৫টি কূপ থেকে দৈনিক ১৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে, ভোলার এই গ্যাসের চাহিদা না থাকায়, গ্যাস জাতীয় গ্রিডে যোগ করতে আরও সময় লাগবে।

দেশীয় গ্যাস ফিল্ডগুলোর মজুত কমে যাওয়ায়, বর্তমানে গ্যাসের উৎপাদন দিনে ১,৯০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে গেছে, যা এক সময় ২,৮০০ মিলিয়ন ঘনফুট ছিল। বিশেষ করে বিবিয়ানার গ্যাসক্ষেত্রের মজুত শেষ হয়ে আসছে, যা দেশের গ্যাসের অর্ধেক জোগান দেয়।

এ কারণে, সরকার ভোলা থেকে গ্যাস এলএনজি আকারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ২০২৬ সাল থেকে সরবরাহ শুরুর পরিকল্পনা রয়েছে।




যানজটের জালে নাকাল বরিশালবাসী

বরিশাল নগরীর যানজটের সমস্যা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। রুপাতলী, চৌমাথা, বটতলা মসজিদ, সাগরদি, নথুল্লাবাদসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজটের দুর্ভোগে নাকাল নগরবাসী। গত কয়েক বছর ধরে যানজট এই শহরের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষত রমজান মাসে যেখানে আরও বাড়ছে যানজটের তীব্রতা। নতুন বাজার থেকে নথুল্লাবাদ পর্যন্ত এই যানজট এখন এক প্রকার স্থায়ী হয়ে গেছে।

সচেতন মহল অভিযোগ করছে যে, পোর্ট রোড এবং চকবাজার পুরোপুরি ব্যবসায়ীদের দখলে চলে গেছে। সেখানে বড় বড় ট্রাকগুলো রাস্তার উপরে মালামাল উঠানো নামানো করছে, যার ফলে প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা জানান, গীর্জামহল্লা, লেচুশাহ মাজার এলাকায় ইফতার বিক্রি করার জন্যও রাস্তার উপর বসে যানজট আরও বাড়ানো হচ্ছে।

১৮ মার্চ চকবাজার এলাকায় যানজট পরিস্থিতি ছিল আরও অবর্ণনীয়। যাত্রীরা অভিযোগ করেন, তারা আধাঘণ্টা ধরে আটকে ছিলেন। পোর্ট রোডে ৫ টন ওজনের দুটো বড় ট্রাক মিলে যানজট সৃষ্টি করছিল। ছোট ব্যবসায়ীরা জানিয়েছেন, ট্রাকগুলো ইচ্ছাকৃতভাবে তাদের ব্যবসা ঠেকিয়ে রেখেছে, এবং নতুন ট্রাক আসলেই পুরনো ট্রাক জায়গা ছাড়ে। ব্যবসায়ীরা আরও অভিযোগ করেছেন যে, এ সব কার্যক্রমে ইজারাদারের ভাই এবং বিএনপি নেতারা জড়িত।

এই পরিস্থিতির উপর কাকলী মোড়ে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল শাহিন জানান, সড়কের আশপাশে পার্কিং ব্যবস্থা না থাকায় যানজট দ্বিগুণ হয়ে যাচ্ছে। শহরের প্রত্যেকটি মার্কেট এবং বিল্ডিং নিজেদের গ্যারেজ বা পার্কিং স্পেসের ব্যবস্থা না করে সড়ক দখল করে যানজট তৈরি করছে।

সুশীল সমাজের প্রতিনিধি কাজী মিজানুর রহমান বলেছেন, বরিশালে কোনো পরিকল্পনা নেই। সড়কগুলোর অব্যবস্থাপনা এবং যানজট একে অপরকে প্রভাবিত করছে। তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

বরিশাল ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শরফুদ্দিন জানিয়েছেন, তারা বরিশাল সিটি করপোরেশনকে যানজট নিরসনের জন্য কিছু প্রস্তাবনা দিয়েছেন, তবে সিটি প্রশাসনের কিছু কার্যকর পদক্ষেপ না নিলে তারা নিরুপায়। তিনি আরও জানিয়েছেন, চকবাজার এবং পোর্ট রোড এলাকা অনওয়ে (একমুখী) করার জন্য পদক্ষেপ নেওয়া হবে।

বরিশাল নগরীতে বর্তমানে ৫০ হাজারেরও বেশি যানবাহন চলাচল করছে, যেখানে সড়ক অবকাঠামো মাত্র ৫ হাজার যানবাহন ধারণ করতে সক্ষম। এই সমস্যা সমাধানের জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ এবং অবৈধ গাড়ি তৈরির কারখানা বন্ধ করার দাবি জানাচ্ছেন নগরবাসী।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বাকেরগঞ্জের ঐতিহাসিক মুগা খান জামে মসজিদ: ৪০০ বছরের ইতিহাস

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের মিয়ার হাটে অবস্থিত মুগা খান জামে মসজিদটি প্রায় সাড়ে ৪শ’ বছরের পুরনো একটি ঐতিহাসিক স্থাপনা। মুঙ্গা খান নামে এক স্থানীয় জমিদার ১৭০০ খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা করেন, যা আজও মুসলিম স্থাপত্যশিল্পের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে।

প্রতিদিন মসজিদে প্রায় ২০০ জন কিশোর, যুবক, প্রবীণ, এতিম শিক্ষার্থী এবং পথচারী মিলিত হন, বিশেষ করে রমজান মাসে যেখানে স্থানীয়রা ইফতার আয়োজন করে। মসজিদটির ঐতিহ্য এবং স্থাপত্যশৈলী দেখার জন্য প্রতিদিন অনেকেই এখানে আসেন। মসজিদটি সাড়ে ৪শ’ বছর পরও তার ঐতিহাসিক গুরুত্ব ধরে রেখেছে। তবে সময়ের সাথে অনেক নিদর্শন ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং কিছু মূল্যবান উপকরণ চুরি হয়েছে, যা মসজিদের ঐতিহ্যকে ক্ষতিগ্রস্ত করেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

মুগা খান মসজিদটির বিশেষ আকর্ষণ হলো এর তিনটি গম্বুজ এবং চারপাশের মিনার, যার মধ্যে পাঁচটি কলস চুরি হয়ে গেছে। এক সময় গম্বুজ এবং মিনারের কলসগুলোতে সোনালি প্রলেপ ছিল, যা বর্তমানে মুছে গেছে। মসজিদের ভিতরে রয়েছে পবিত্র কুরআনের আয়াত ক্যালিগ্রাফি স্টাইলে লেখা। মসজিদের ভেতরের দেয়ালগুলোতে বিভিন্ন সুরা ও আয়াতের লিপি রয়েছে, যা আগের সংস্করণের তুলনায় নতুন করে লেখা হয়েছে।

২০০১ সালে মসজিদটির পলেস্তারা খসে পড়লে এটি প্রথম সংস্কার করা হয় এবং ২০১১ সালে মসজিদটির একটি নতুন তলা নির্মাণ করা হয়। মসজিদ সংলগ্ন মাদ্রাসা থেকে অনেক শিক্ষার্থী হাফেজি শেষ করে উচ্চ শিক্ষার জন্য মাদ্রাসায় পড়াশুনা করছেন। বর্তমানে মসজিদটির সৌন্দর্য বাড়ানোর জন্য এটি আরো সংস্কার করা হয়েছে এবং মসজিদটির চারপাশে পরিবেশ উন্নয়ন করা হয়েছে।

মসজিদটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি স্থানীয়দের জন্য একটি মিলনমেলা স্থানে পরিণত হয়েছে যেখানে ইফতার ও অন্যান্য সামাজিক কার্যক্রমও অনুষ্ঠিত হয়।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে জমে উঠেছে ঈদের কেনাকাটা

ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল শহরের বিভিন্ন মার্কেটগুলোতে জমে উঠেছে কেনাকাটা। শহরের বিভিন্ন স্থান থেকে ক্রেতf ঈদের আনন্দ ভাগ করে নিতে এসে মার্কেটগুলোতে ভিড় করছেন। তবে, এই আনন্দের মাঝে কিছু অসন্তোষও দেখা যাচ্ছে। বিশেষ করে দাম নিয়ে কিছু ক্রেতা ক্ষোভ প্রকাশ করছেন।

বুধবার (১৯ মার্চ) বরিশালসহ আশপাশের জেলা শহরের মার্কেটগুলোতে ঘুরে দেখা যায়, ক্রেতাদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি। বিশেষভাবে বরিশালের বিখ্যাত পার্ক মার্ট, টপটেন, চিপস বাজারসহ অন্যান্য মার্কেটগুলোতে মানুষ ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই এসব মার্কেটগুলোতে কেনাকাটা করছেন এবং শিশু, প্রবীণসহ সব বয়সী মানুষ উপস্থিত হচ্ছেন।

কর্মব্যস্ত শহর বরিশালের এসব মার্কেটে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। সকাল থেকেই মানুষ কেনাকাটায় বের হচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে ভিড় আরও বেড়ে যাচ্ছে। তবে, কিছু ক্রেতা অভিযোগ করছেন যে, এবারের ঈদের পণ্যের দাম অন্যান্য বছরের তুলনায় অনেকটা বেড়ে গেছে, যা তাদের জন্য সমস্যা সৃষ্টি করেছে।

বিক্রেতারা জানিয়েছেন, ঈদ মৌসুমে তাদের ব্যবসা বৃদ্ধি পেয়েছে এবং বাজারে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পোশাক, জুতা, প্রসাধনী এবং অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে। তবে, কিছু ক্রেতা বিশেষত ভারতীয় অরগেনজা, মেঘা, পাকিস্তানি সারারা, গারারা এবং শাড়ির দাম বেড়ে যাওয়ায় হতাশ। এছাড়া, বাচ্চাদের পোশাক ও কসমেটিক্সের চাহিদাও বেড়েছে।

সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান বাচ্চু (৫২) বলেন, “ঈদ আসলেই পরিবার নিয়ে কেনাকাটা করতে এখানে আসি। পছন্দের দোকানে গিয়ে কেনাকাটা করা বেশ ভালো লাগে, তবে দামগুলো একটু বেশি হয়ে যাচ্ছে।” অপরদিকে, ক্রেতা নাজমিন জামান মুক্তি জানান, “বাচ্চাদের জন্য এখানে কেনাকাটা করতে আসি, প্রতিবছর টপটেন ও পার্ক মার্টে কেনাকাটা করি, এবারও তার ব্যতিক্রম হয়নি।”

ক্রেতা আসাদুজ্জামান সোহাগ জানান, “আমি শুধু প্রয়োজনের তাগিদেই কেনাকাটা করতে আসি। তবে এখন দাম বেশিই হয়ে গেছে, আমাদের মতো নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য দামটা সহনীয় নয়।”

মার্কেটের মালিকরা জানান, ঈদ মৌসুমে পণ্যের বিক্রি বেড়েছে, তবে তাদের কাছে কেনা পণ্যের দামও বেড়েছে, যা বিক্রির ওপর প্রভাব ফেলছে। তাদের দাবি, পোশাকের কোয়ালিটি অনুযায়ী দাম নির্ধারণ করা হয়।

বরিশালের কোহিনূর জুতা দোকানের মালিক আজিম হোসেন বলেন, “আমরা নিজেরাই জুতা তৈরি করি, তাই আমাদের জুতার দাম সাশ্রয়ী। তবে, বাটা, লোটো বা সাম্পান থেকে কিছুটা বেশি দাম লাগছে, কারণ পরিবহন খরচ বেড়েছে।”

এছাড়া, আল আমিন হোসেন নামে এক কর্মী জানান, “আমরা যখন দাম বাড়িয়ে পণ্য কিনি, তখন বিক্রিও সেই অনুযায়ী করতে হয়, তবে আমরা সব কিছু ক্রেতাদের নাগালের মধ্যে রাখার চেষ্টা করি।”

বরিশালের চকবাজার, হেমায়েতউদ্দিন সড়ক, সিটি মার্কেট, ফাতেমা কমপ্লেক্সসহ বিভিন্ন ছোট-বড় মার্কেটগুলোতে বাচ্চাদের পোশাক, শাড়ি, থ্রি-পিস, গহনাসহ অন্যান্য প্রসাধনীর চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে, মূল্য বৃদ্ধির কারণে অনেক ক্রেতা হতাশ। শহরের বড় মার্কেটগুলোর মধ্যে নারীদের তুলনায় পুরুষদের ভিড় কম দেখা যাচ্ছে, তবে তরুণ-তরুণীরা শার্ট, প্যান্ট, পাঞ্জাবির দোকানে ভিড় করছেন।

এখনও পর্যন্ত ঈদের কেনাকাটা জমে উঠেছে, তবে কিছু জায়গায় ব্যবসায়ীরা দাম বাড়িয়েও লাভের মুখ দেখছেন। এবারের ঈদে পোশাকের দাম বেশি হওয়ায় অনেক পরিবারের বাজেট ছাড়িয়ে গেছে। পরিবহন খরচ ও পণ্যের দাম বাড়ানোর কারণে ক্রেতারা বিকল্প পন্থা গ্রহণ করতে পারছেন না।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ফের ৪ দিনের রিমান্ডে ডা. দীপু মনি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক হত্যা মামলায় সাবেক শিক্ষা ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ মার্চ) সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে দীপু মনিসহ অন্যান্য আসামিদের হাজির করা হয়। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে রিমান্ডের বিষয়ে কথা না বলার জন্য তার আইনজীবীকে নিষেধ করেন ডা. দীপু মনি। তার আইনজীবী বলেন, ‘আপা, আজকে সাত দিনের রিমান্ড চেয়েছে।’ দীপু মনি প্রতিউত্তরে বলেন, ‘যা রিমান্ড দেয় দিক। শুনানিতে কিছু বলবি না। কিছু বলার দরকার নেই।’ এরপর তার আইনজীবী বলেন, ‘আপা, শুধু রিমান্ড বাতিলের আবেদন দিয়েছি। কোনো শুনানি করব না।’

এদিন সকালে পুলিশ প্রহরায় দীপু মনিসহ অন্যান্য আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরবর্তীতে যাত্রাবাড়ী থানার ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর ১০টা ২৫ মিনিটে পুলিশ প্রহরায় আদালত থেকে দীপু মনিকে হাজতখানায় নেওয়া হয়। এ সময় তাকে হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে নেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১৯ আগস্ট বারিধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অভিযোগে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের সামনে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে ১৪ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র নিয়ে হাজার হাজার জনতার ওপর গুলি চালান, যার ফলে ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় স্বজন মো. আলী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৫৮ জনকে আসামি করে মামলা করেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




স্থানীয় সরকার থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি, এমন ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৯ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ বলেন, “স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। এখনও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের বিবেচনাধীন। সুতরাং নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পূর্বে প্রশাসক নিয়োগের প্রশ্ন অবান্তর।”

তিনি আরও বলেন, “জনগণের প্রাত্যহিক নানা সেবার জন্য স্থানীয় সরকারের ওপর নির্ভরশীল। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি ও পৌর ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধি না থাকায় এসব সেবা ব্যাহত হচ্ছে। তাই জনগণের দুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বারবার বলছি।”

এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা উল্লেখ করেন, “প্রশাসক নিয়োগের এ বিষয়ে সরকারের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার পরিচালনাই সর্বোত্তম।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পটুয়াখালীর বাউফলে চোরাই অটোরিকশা উদ্ধার, আটক ১

পটুয়াখালীর বাউফলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দু’টি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করেছে। এ ঘটনায় মো. ফয়েজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের নগরহাট এলাকা থেকে অটোরিকশাসহ ফয়েজকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, “স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অটোরিকশাগুলোর সন্ধান পেয়ে অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া দু’টি অটোরিকশা দৈনিক ৩০০ টাকা ভাড়ায় চালানো হতো। মালিক দাবিদার ফয়েজের কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় তাকে আটক করা হয়েছে।”

বাউফল থানার ইন্সপেক্টর (তদন্ত) আতিকুল ইসলাম জানান, “চক্রের আরও এক সদস্যকে আটকের চেষ্টা চলছে। উদ্ধারকৃত অটোরিকশার প্রকৃত মালিককে চিহ্নিত করে আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পটুয়াখালীর দুমকিতে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ভুক্তভোগী পরিবারকে হুমকি

পটুয়াখালীর দুমকিতে বশির উদ্দিন খোকন নামে এক শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। বুধবার (১৯ মার্চ) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ বিষয়ে অভিযোগ করেন ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে অভিযোগকারী মোসা: কাঁকন আক্তার লিখিত বক্তব্যে জানান, গত ১৫ মার্চ দুপুরে দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে ও গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বশির উদ্দিন খোকন সুদের টাকা নিতে তাদের বাসায় আসেন। তিনি জানান, তার স্বামী বাসায় না থাকায় পরে আসতে বলেন। পরে শিক্ষক বশির পানি চাইলে, পানি পান শেষে তিনি ভুক্তভোগীর হাত ধরে বিছানার দিকে টানাটানি শুরু করেন।

কাঁকন আক্তার বলেন, “আমি চিৎকার শুরু করলে পাশের বাসার ভাবি আসেন, এরপর শিক্ষক খোকন দরজা খুলে দ্রুত পালিয়ে যান।” পরে তিনি বিষয়টি খোকনের স্ত্রী নেহারকে জানালে উল্টো হুমকি দেওয়া হয়।

ঘটনার পর স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের পাশে দাঁড়ালেও কেউ বিষয়টি গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন তিনি। পরে ১৭ মার্চ রাতে কাঁকন আক্তার নিজেই বাদী হয়ে দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি আরও জানান, “অভিযোগ করার পরদিন ১৮ মার্চ শিক্ষক বশির উদ্দিন খোকন, তার স্ত্রী নেহার, মেয়ে নিশি ও ভাই কবির তালুকদার আমাদের বাড়িতে এসে বিষয়টি ধামাচাপা দিতে টাকা-পয়সা নিয়ে এলাকা ছাড়তে বলেন। আমাদের কথা না শুনলে ক্ষতি করার হুমকি দেন।”

দুমকি থানার এসআই সহিদ জানান, “এ ঘটনায় তদন্ত চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম