পটুয়াখালীতে সেই শহীদ পরিবারের পাশে তারেক রহমান

টুয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার শহীদ পরিবারের কিশোরীর পাশে থাকার অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “বোন, আপনি চিন্তা করবেন না। দেশবাসী ও আমাদের দলের নেতাকর্মীরা আপনাদের পাশে আছে। বিচার না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকব এবং সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত।”

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে শহীদ পরিবারের সদস্যদের খোঁজ নিতে গিয়ে ভুক্তভোগী কিশোরীর মায়ের সঙ্গে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি আরও বলেন, “বিএনপির পক্ষ থেকে পরিবারটিকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দলীয়ভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। ইনশাআল্লাহ, দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।”

তারেক রহমান জানান, স্থানীয় পর্যায়ে বিএনপি নেতৃবৃন্দ হাসান মামুন ও আলতাফ হোসেন চৌধুরী ভুক্তভোগী পরিবারকে সার্বিক সহযোগিতা করবেন।

তারেক রহমানের সঙ্গে কথা বলতে গিয়ে কাঁদতে কাঁদতে ভুক্তভোগী কিশোরীর মা বলেন, “আমি ফাঁসি চাই, আমি সর্বোচ্চ বিচার চাই। আমি ও আমার পরিবার প্রশাসনিক ও সামাজিক নিরাপত্তা চাই।”

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মজিবুর রহমান টোটোন, সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহমেদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমীন হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ এক নেতার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে ১৭ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হয়। পুলিশ ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করলেও আরেকজন এখনও পলাতক।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ মার্চ) ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট কমফোর্ট ইরোর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা জানান, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্রস্তাবনা নেই। তবে যারা মানবতাবিরোধী অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরো বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে দুটি পরিধি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের জন্য ডিসেম্বরে একটি সময়সীমা নির্ধারিত থাকলেও, বৃহত্তর সংস্কার প্যাকেজের ক্ষেত্রে আগামী বছরের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে প্রধান উপদেষ্টা জানান, সরকার আওয়ামী লীগের নেতাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর ব্যাপারে আলোচনা করছে, তবে এ বিষয়টি এখনও সিদ্ধান্ত হয়নি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের অপরাধের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া, রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকার কাজ করছে উল্লেখ করে, প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আসন্ন জাতিসংঘের বিশেষ সম্মেলন রোহিঙ্গা সংকটের প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে নাহিদ ইসলামের সামনেই দুই গ্রুপের হাতাহাতি, উত্তেজনা ছড়াল

বরিশাল ক্লাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিতিতেই দুটি গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টায় অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায় নাহিদ ইসলাম বক্তৃতা দেওয়ার পর ইফতার অনুষ্ঠানে অংশ নেন। এর পরে সভা শেষে সাংবাদিকরা চলে যাওয়ার পর বরিশাল ক্লাবের হলরুমে দলের দুটি গ্রুপের নেতাকর্মীরা কমিটি গঠন নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে।

পদবঞ্চিতরা বিক্ষোভ করলে অপর গ্রুপের সাথে তাদের হাতাহাতি শুরু হয়। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাইক দিয়ে বার বার তাদের থামতে অনুরোধ জানালেও, নাহিদ ইসলামের সামনেই হাতাহাতি চলতে থাকে। সভার শেষের দিকে নাহিদ ইসলাম গাড়িতে উঠতে গেলে, তার গাড়ির সামনে বিক্ষোভ শুরু হয় এবং উত্তেজনা বৃদ্ধি পায়। এক গ্রুপের প্রতিবাদকারীরা গাড়ির পথরোধ করলে, অপর গ্রুপও সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি আরও জটিল করে তোলে।

পুলিশ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও পুরো ঘটনাটি ক্লাব প্রাঙ্গণে ব্যাপকভাবে আলোচিত হয়।

এ ঘটনায় এনসিপির কর্মীরা অভিযোগ করেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসররা আমাদের কর্মসূচি প্রশ্নবিদ্ধ করতে এই ঘটনা ঘটিয়েছে। তারা পরিকল্পনা করে এখানে এসেছিল।”

নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী, তিনি পটুয়াখালীর দুমকিতে একটি ধর্ষণের ঘটনার প্রতিবাদে অংশ নেন এবং পরে বরিশালে এসে মতবিনিময় সভায় যোগ দেন। সভায় নাহিদ ইসলাম বিভিন্ন রাজনৈতিক দলের নূন্যতম সংস্কারের দাবি খারিজ করে দেন এবং গণপরিষদ নির্বাচনের পক্ষে মতামত ব্যক্ত করেন।

এদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনের দু’পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা ও হাতাহাতি ঘটে এবং সভাস্থলে উত্তেজনা আরও বাড়ে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

বুধবার (২০ মার্চ) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এম এ মালেক বলেন, “আমরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদ করার পর দেশে যেতে। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। এখন তিনি ঈদের পরে এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন।”

তিনি আরও বলেন, “ডাক্তাররা সেভাবে প্রস্তুতি নিয়ে খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন। তবে এখানে ফ্লাইটেরও একটি বিষয় আছে। ফ্লাইট যদি নির্ধারিত সময়ে না পাওয়া যায়, তাহলে দুই-এক দিন এদিক সেদিক হতে পারে। তবে ম্যাডাম দেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।”

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের লিডারের দেশে যাওয়ার সময় নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। ম্যাডাম খালেদা জিয়া যাওয়ার কিছু দিন পরে হয়তো তিনি দেশে ফিরবেন। একসাথে দুইজন অবশ্যই যাবেন না, এটা আমি বিশ্বাস করি।”

এদিকে, খালেদা জিয়াকে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেদিনই তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়, এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে ২৫ জানুয়ারি চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর তিনি সেখানে তার ছেলে তারেক রহমানের বাসায় উঠেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম


 




সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের দুই মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছে। মামলাগুলোর অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতার অপব্যবহার, প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ লাভ করেন এবং সূচনা ফাউন্ডেশনের নামে ৩৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুদক সূত্রে এই তথ্য জানানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভের জন্য ২০২৩ সালে একটি মিথ্যা সিভি দাখিল করেন। তিনি দাবি করেন যে, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিক্ষকতা এবং ম্যানুয়েল তৈরি বা রিভিউ সম্পর্কিত কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, অথচ তিনি বাস্তবে এসব কার্যক্রমে অংশ নেননি। তার এই মিথ্যা দাবি ও নিয়োগ লাভের ফলে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন ৫(২) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে, সূচনা ফাউন্ডেশনের সাবেক চেয়ারপারসন সায়মা ওয়াজেদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদাদের সঙ্গে মিলে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকগুলোর সিএসআর খাত থেকে অবৈধভাবে ৩৩.০৫ কোটি টাকা নিয়ে তা সূচনা ফাউন্ডেশনের অনুকূলে প্রদান করতে বাধ্য করেন। এই ঘটনায় তার বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন ৫(২) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালকে শক্তিশালী ঘাঁটি বানাবে জাতীয় নাগরিক পার্টি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হলে একটি সুসংগঠিত ও আধুনিক রাজনৈতিক কাঠামো দরকার।” এনসিপি এই লক্ষ্যেই বরিশালের মানুষের সেবা এবং অধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।

বুধবার (২০ মার্চ) বিকেল ৫টায় বরিশাল ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিবাদী শক্তির পতন ঘটলেও আমাদের রাজনীতিতে এখনো সেই পুরোনো মানসিকতা এবং ব্যবস্থাপনা রয়ে গেছে। জাতীয় নাগরিক পার্টি সেই রাজনীতির ধারা বদলাতে চায়। জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে, গণঅভ্যুত্থানের শক্তিকে সঙ্গে নিয়ে আমরা একটি নতুন দিনের সূচনা করতে চাই।”

তিনি আরও বলেন, “যারা পরিবর্তন চায়নি, তারা ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। যারা পরিবর্তনের সাথে তাল মিলাতে পারবে না, তারা বিলীন হয়ে যাবে। আমাদের সামনে একমাত্র পথ পরিবর্তন, সংস্কার এবং ন্যায়বিচার। পুরোনো রাজনীতির পুনরাবৃত্তি আমরা চাই না, বরং নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিতে চাই।”

নাহিদ ইসলাম বলেন, “আমরা সত্যিকারের রাজনৈতিক সংস্কার চাই। শুধু ক্ষমতা দখলের জন্য নয়, বরং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে আমরা মাঠে নেমেছি। দীর্ঘদিন ধরে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, আমরা আশা করি, তারা জনগণের আকাঙ্ক্ষার সাথে সংহতি প্রকাশ করবেন।”

বরিশালের রাজনৈতিক কর্মীদের প্রশংসা করে তিনি বলেন, “বরিশালের সংগঠকদের জন্য এটি একটি বিশাল অর্জন। বাংলাদেশ এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, আর সেই পরিবর্তনের প্রধান চালিকাশক্তি হচ্ছে জনগণ। আমাদের ঐতিহাসিক দায়িত্ব হলো এই পরিবর্তনের ধারা অব্যাহত রাখা।”

নাহিদ ইসলাম আরো বলেন, “আমি বিশ্বাস করি, বরিশাল এনসিপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত হবে। এখানকার ছাত্র-জনতা যে সাহসিকতা দেখিয়েছে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সেই চেতনা নিয়েই এনসিপি বরিশাল থেকে নতুন এক দিগন্তের সূচনা করবে।”

তিনি বলেন, “আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন কোনো সুবিধাবাদী গোষ্ঠী আমাদের আন্দোলনের মধ্যে প্রবেশ করতে না পারে। চাঁদাবাজ ও দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। পরিবর্তন আনতে হলে আমাদের নিজেদেরকেই আগে শুদ্ধ হতে হবে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কার চাই। সেই সংস্কারের ভিত্তিতেই আমরা নির্বাচনের পথে যাবো। আমাদের নির্বাচনের কাঠামো হবে গণপরিষদ নির্বাচন, যেখানে জনগণের সত্যিকারের মতামত প্রতিফলিত হবে।”

তিনি অবশেষে বলেন, “অনেকে সামান্য সংস্কারের কথা বলছেন, কিন্তু আমরা বলছি, নিম্নতম পরিবর্তন দিয়ে কিছুই হবে না। আমাদের প্রয়োজন মৌলিক ও গুণগত পরিবর্তন। জনগণের দাবি বাস্তবায়ন করতে হলে এখনই ব্যবস্থা নিতে হবে।”

নাহিদ ইসলাম বলেন, “জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমরা এটিকে অটুট রাখবো। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে আপস করবো না। আমাদের লক্ষ্য একটা সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়া।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম


 




ভুক্তভোগী কলেজছাত্রীকে দেখতে পটুয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

জুলাই বিপ্লবে নিহত শহীদের মেয়ে, গণধর্ষণের শিকার কলেজপড়ুয়া তরুণীকে দেখতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী সদর হাসপাতালে যান। তিনি ঢাকা থেকে মাইক্রোবাসে এসে হাসপাতালে ভুক্তভোগীর খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে পালাতক আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান।

নাহিদ ইসলামের সফরসঙ্গী ছিলেন—
✅ জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব
✅ যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ
✅ যুগ্ম আহ্বায়ক এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন
✅ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা
✅ যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ
✅ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ হাসান

এ ঘটনায় দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন,
“অপরাধীদেরকে বিএনপির পরিবারের সদস্য বলে অপপ্রচার চালানো হচ্ছে। অপরাধী যেই হোক, দলীয় ট্যাগ লাগিয়ে তাকে রক্ষা করা যাবে না। দলীয় পরিচয় নয়, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

সকাল ৯টায় হাসপাতালে যান জেলা জামায়াতে ইসলামী নেতারাজামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান মুঠোফোনে ভুক্তভোগীর মায়ের সঙ্গে কথা বলেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি আশ্বাস দেন, জামায়াত পরিবারটির পাশে থাকবে।

গত মঙ্গলবার সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে নিহত বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ি যাচ্ছিলেন কলেজপড়ুয়া ভুক্তভোগী। মুন্সিবাড়ির কাছে পৌঁছালে—

সাকিব মুন্সি (১৯) (মৃত মামুন মুন্সির ছেলে)
সিফাত মুন্সি (২০) (সোহাগ মুন্সির ছেলে)

তাকে জোরপূর্বক সড়কের পাশের একটি নির্জন বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এ সময় তারা ধর্ষণের ভিডিও ধারণ করে, কাউকে কিছু না বলতে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।

পরিবারের অভিযোগের ভিত্তিতে সাকিব মুন্সিকে পুলিশ গ্রেপ্তার করেছে, তবে সিফাত মুন্সি এখনও পলাতক।

এ ঘটনায় সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মানবাধিকার সংগঠন দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

 

আল-আমিন, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বদলে গেল চন্দ্রিমা উদ্যানের নাম

চন্দ্রদ্বীপ ডেস্ক : রাজধানীর শেরে বাংলা নগরের ‘চন্দ্রিমা উদ্যানের’ নাম বদলে ‘জিয়া উদ্যান’ করা হয়েছে। আজ বুধবার এক প্রজ্ঞাপনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ‘চন্দ্রিমা উদ্যানের’ পরিবর্তিত নাম ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ‘জিয়া উদ্যান’-এর নাম পরিবর্তন করে ‘চন্দ্রিমা উদ্যান’ রাখা হয়। তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের নাম ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হয়েছে।




সবার সঙ্গে আলোচনার মধ্য দিয়েই জাতীয় ঐকমত্য তৈরি হবে : আলী রীয়াজ




এই মুহূর্তে ঐক্য অত্যন্ত প্রয়োজন : মির্জা ফখরুল