রোববার ইসিতে উঠছে তারেক-জাইমার ভোটার নথি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের ভোটার হওয়ার নথি আগামী রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের বৈঠকে উপস্থাপন করা হবে। শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, গুলশান এলাকার নির্ধারিত ওয়ার্ডে ভোটার নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে কমিশনের অনুমোদন প্রয়োজন। তাই রোববার কমিশনের বৈঠকে নথি উপস্থাপন করা হবে এবং সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ভোটার নিবন্ধনের অংশ হিসেবে ফরম পূরণ, ছবি তোলা, বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ ও স্বাক্ষর) গ্রহণসহ সব প্রয়োজনীয় কার্যক্রম শেষ হয়েছে। ভোটার তালিকা আইন ২০০৯–এর ১৫ ধারা অনুযায়ী কমিশন যেকোনো যোগ্য ও প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার এখতিয়ার রাখে।
নিবন্ধন সম্পন্ন হলেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর তৈরি ও সিস্টেমে আপলোড করার পর ফিঙ্গারপ্রিন্ট, স্বাক্ষর ও ফেস আইডি যাচাইসহ প্রযুক্তিগত ধাপ সম্পন্ন করতে সময় লাগে। এই যাচাই–বাছাই শেষে এনআইডি নম্বর চূড়ান্তভাবে প্রদান করা হবে।
আখতার আহমেদ বলেন, নথি উপস্থাপনের পর বিষয়টি পূর্ণ কমিশনের অনুমোদনের ওপর নির্ভর করবে। কমিশন চাইলে আনুষ্ঠানিক সভার মাধ্যমে বা নথিভিত্তিক প্রক্রিয়ায় অনুমোদন দিতে পারে। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর তিন মাস নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫









