“জরুরি অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব”

দেশে জরুরি অবস্থা জারির গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। তিনি গুজব সম্পর্কে মন্তব্য না করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মনিটরিং ও পেট্রোলিং জোরদার করা হয়েছে বলে জানান।

সোমবার (২৪ মার্চ) সচিবালয়ে অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এসওপি স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আশা করি ঈদের সময়ের আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকবে। দেশে জরুরি অবস্থা নিয়ে যা ছড়ানো হচ্ছে, এটা গুজব। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।”

এদিকে, বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশ ঠেকাতে উভয় দেশের মধ্যে এসওপি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানটিতে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাসিমুল গনি আরও জানান, বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন রোধে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে এবং অস্ট্রেলিয়ায় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় একটি ভিসা সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “ঘরবাড়ি ও জমি বিক্রি করে দালালের মাধ্যমে অস্ট্রেলিয়ায় অবৈধভাবে বাংলাদেশিদের প্রবেশ বন্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ঈদের ছুটিতে ৯ দিন ব্যাংক বন্ধ, ২৮-২৯ মার্চ পোশাকশিল্প এলাকায় খোলা থাকবে ব্যাংক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশের ব্যাংকগুলো ৯ দিন বন্ধ থাকবে। তবে, তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং রফতানি বিল সংক্রান্ত লেনদেন নির্বিঘ্ন রাখতে ২৮ ও ২৯ মার্চ কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে জানায়, ঈদের ছুটির সময় ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের পোশাকশিল্প এলাকার নির্দিষ্ট ব্যাংক শাখা খোলা থাকবে।

ব্যাংক লেনদেনের সময়সূচি:

  • শুক্রবার (২৮ মার্চ): সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত শাখা খোলা থাকবে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
  • শনিবার (২৯ মার্চ): সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত শাখা খোলা থাকবে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।

এছাড়া, সমুদ্র, স্থল এবং বিমানবন্দরের পোর্ট ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথ ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের ছুটির সময় (২৮ মার্চ থেকে ৫ এপ্রিল) আমদানি-রফতানি কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে স্থানীয় প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এছাড়া, ছুটির দিনে দায়িত্ব পালনের জন্য ব্যাংক কর্মকর্তাদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিয়ম অনুযায়ী ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম 




সেনাপ্রধানকে ডাকেননি, ছাত্রনেতারা আগ্রহ নিয়ে তার কাছে গিয়েছিলেন: বরিশালে নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বৈঠক বিষয়ে প্রকৃতপক্ষে ছাত্রনেতারা আগ্রহ নিয়ে সেনাপ্রধানের কাছে গিয়েছিলেন, সেনাপ্রধান তাদের ডাকেননি। তিনি সোমবার (২৪ মার্চ) বরিশাল প্রেসক্লাবে এক কর্মিসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

নুরুল হক নুর আরও বলেন, “গণঅভুত্থানে সেনাপ্রধান শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে সাহসী ভূমিকা পালন করেছেন। এখন তাকে বিতর্কিত করার চেষ্টা চলছে, আর সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর পেছনে কিছু চক্রান্ত হতে পারে।” তিনি এই ব্যাপারে কথা বলেছেন এবং সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন, যাতে এর প্রকৃত রহস্য জাতির সামনে তুলে ধরা হয়।

তিনি বলেন, “হাসনাত ও সারজিসের সঙ্গে কী আলোচনা হয়েছে? কেন তারা সেখানে গিয়েছিলেন? এ বিষয়ে তাদের কাছে বিস্তারিত জানা প্রয়োজন। এই বিষয়ের সত্যতা জানানো জরুরি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর আরও বলেন, “দেশে যে স্থিতিশীলতা এসেছে, তার জন্য মূলত সেনাবাহিনী কাজ করছে। যদি সেনাবাহিনী না থাকতো, দেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারতো। আর গণঅভ্যুত্থানের পর সেনাপ্রধান বলেছেন যে, ১৮ মাসের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে।”

তিনি জানান, গণঅভ্যুত্থানের অংশীজনরা বলেছেন, “সাধারণ মানুষ জীবন দিয়েছে, কিন্তু কোন ব্যক্তিকে এমপি-মন্ত্রী বানানোর জন্য নয়।” নুর বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হতেই হবে এবং তা হবে নিরপেক্ষ ও সুষ্ঠু। সরকার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে, এমনটাও তিনি দাবি করেন।

নুরুল হক নুর সাবধান করেছেন যে, “বর্তমানে রাষ্ট্র সংস্কারের প্রয়োজন, এবং জাতির ঐক্য ও সংহতির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।” তিনি আরও বলেছেন, “যেমন ১৯৭৫ সালে সামরিক বাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করা হয়েছিল, তেমনি আজও সেনাবাহিনীকে টার্গেট করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দেশবাসীকে সচেতন থাকতে হবে।”

এছাড়া, তিনি প্রধান উপদেষ্টাকে জাতীয় সংলাপের আহ্বান জানান।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য একটি হীন প্রচেষ্টা শুরু হয়েছে। তিনি সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন বিপন্ন না হয়, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আবার বিতর্কিত করার চেষ্টা হচ্ছে, যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে দাঁড়িয়ে এসেছে।” তিনি আরো বলেন, “আজকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটি নতুন চক্রান্ত শুরু হয়েছে। এর লক্ষ্য হল বাংলাদেশকে আবার অস্থিতিশীল ও বিপদগ্রস্ত করা।”

তিনি দাবি করেন, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে সেনাবাহিনী, যেগুলো বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেগুলোকে উদ্দেশ্যমূলকভাবে বিতর্কিত করা হচ্ছে। তার মতে, এর পেছনে কোন মহৎ উদ্দেশ্য নেই এবং এটি পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের মতো দেশের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে করা হচ্ছে।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে পঁচা খাবার বিক্রির জন্য প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা

বরিশালে পঁচা খাবার বিক্রির জন্য থ্রী-এস পেস্ট্রিশপকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে নগরীর নতুন বাজার রোডে অবস্থিত পেস্ট্রিশপে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত সপ্তাহে কলেজ এভিনিউ-এর বাসিন্দা এসএন পলাশ থ্রী-এস পেস্ট্রি শপের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে তিনি জানান, পেস্ট্রি শপ থেকে তিনি একটি বার্গার কিনেছিলেন যা ৭ থেকে ৮ দিন পুরনো এবং বাসি-পচা ছিল। ওই অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ওই দোকানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা মেলে। এছাড়া, দোকানে মেয়াদোত্তীর্ণ সস পাওয়ায় আলাদা আরেকটি ধারায় জরিমানা করা হয়।

ভুক্তভোগী এসএন পলাশ বলেন, “আমি এই দোকান থেকে বার্গার কিনে বাসায় নিয়ে গিয়ে দেখতে পাই যে, তা পচে গেছে এবং এতে বাজে গন্ধ ছিল। এরপর আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ করি।”

এদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এমন অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




এতোবড় বিপর্যয়ের পরও আ.লীগের পরিবর্তনের কোন লক্ষণ নেই: মঞ্জু

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, “এতোবড় গণঅভ্যুত্থান ও বিপর্যয়ের পরও আওয়ামী লীগ এবং তার অন্ধ উগ্রবাদী সমর্থকদের শিক্ষাগ্রহণ ও পরিবর্তনের কোন লক্ষণ নেই।” তিনি এসব কথা বলেন দলীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেফতার করার গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ার প্রতিবাদে এবি পার্টির আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে।

সোমবার (২৪ মার্চ) দুপুর ২টায় বিজয় নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মঞ্জু বলেন, “রোববার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আওয়ামীপন্থী ব্লগার গুজব ছড়িয়েছিল যে, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে। এই গুজবের ফলে রাতভর ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।”

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানকালীন ২০২৪ সালের ৫ আগস্ট এবি পার্টির বিক্ষোভ সমাবেশে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের একটি পুরোনো বক্তব্যকে সাম্প্রতিক সময়ের বক্তব্য বলে চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাই।” তিনি রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষের মধ্যে ব্যাপক অস্থিরতা থাকার কথা উল্লেখ করে জনগণকে ধৈর্য এবং ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, আমিনুল ইসলাম এফসিএ, আলতাফ হোসাইন, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, সহকারী স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম 




সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে জোয়ারই ভরসা




তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা

বরিশালের বিকেএসপিতে খেলতে গিয়ে হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হওয়া বাংলাদেশের ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৪ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টার পক্ষে ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেন।

নিজাম উদ্দিন জানান, হার্ট অ্যাটাকের পর তামিমকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার শারীরিক অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে এনজিওগ্রাম করা হয়।

এদিকে, বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং খেলোয়াড়ের চিকিৎসার জন্য কোনো সহায়তা দিতে প্রস্তুত। তামিমের শারীরিক অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে নিয়মিত তথ্য প্রদান করবে বিসিবি।

উল্লেখ্য, তামিম ইকবাল বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারে বিভিন্ন পর্যায়ে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম 




মহিপুরে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই নেতা বহিষ্কার

পটুয়াখালীর মহিপুরে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. আতিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭নং লতাচাপলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আল-আমিন হোসেন বিপ্লবকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, ডালবুগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক কাজী রেদোয়ান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১নং ডালবুগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহকেও বহিষ্কার করা হয়েছে।

অভিযোগ ও প্রমাণ

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমান উল্লাহ ৫ আগস্ট সরকার পতনের পর বিভিন্ন অপকর্মে লিপ্ত হন। সম্প্রতি তার ফেসবুক আইডি থেকে প্রকাশিত ১ মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিওতে ইউনিয়নের সিনিয়র নেতাদের বিরুদ্ধে কটূক্তি করতে দেখা যায়। এছাড়া, ইউপি চেয়ারম্যান হেদায়েত উল্লাহ জিহাদীকে মারধরের হুমকি দেন তিনি। সরকারি কাজে বাধা, সালিশ বাণিজ্য ও চাঁদাবাজিসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

অন্যদিকে, বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা আল-আমিন হোসেন বিপ্লবের বিরুদ্ধেও রয়েছে বিভিন্ন অভিযোগ। এর আগেও তার মাদক সংক্রান্ত কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ডালবুগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাজী রেদোয়ান বলেন, “দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আমান উল্লাহকে বহিষ্কার করা হয়েছে।”

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের দলে কোনো স্থান নেই। তাই লতাচাপলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল-আমিন হোসেন বিপ্লবকেও বহিষ্কার করা হয়েছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কলাপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. রাজন শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৪ মার্চ) রাতে নীলগঞ্জ ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বিনা অনুমতিতে এক্সকাভেটর দিয়ে নদীর পাড় থেকে মাটি কাটায় অভিযুক্তকে পরিবেশ সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলেও তিনি তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়।

সরকারি সম্পত্তি রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম