দুমকীতে দিনব্যাপী কর্মসূচিতে উদযাপিত স্বাধীনতা দিবস

পটুয়াখালীর দুমকী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা দিবস।

বুধবার (২৬ মার্চ) ভোরে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও। এরপর ১০টা ৪৫ মিনিটে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেয় বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বাংলাদেশ স্কাউটস, গার্লস গাইড এবং শিক্ষার্থীরা।

সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর উপজেলার সব মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দেশ ও জাতির শান্তি এবং অগ্রগতি কামনা করে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

এরপর হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সন্ধ্যায় গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি ভবনগুলোতে আলোকসজ্জার মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কলাপাড়ায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ উন্মুক্ত, উপচে পড়া ভিড়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কোস্টগার্ডের যুদ্ধজাহাজ বিসিজিএস অপরাজেয় বাংলা। বুধবার (২৬ মার্চ) দুপুরে পায়রা বন্দরের সার্ভিস জেটিতে আনুষ্ঠানিকভাবে এটি উন্মুক্ত করা হয়।

জাহাজটি দেখার সুযোগ পেয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। দলবেঁধে শিক্ষার্থীরা জাহাজে উঠে বিভিন্ন সরঞ্জাম ও কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ পান। কোস্টগার্ডের দায়িত্বশীল কর্মকর্তারা দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জাহাজের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

জাহাজটি কীভাবে গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করে, উপকূলীয় টহল দেয়, উদ্ধার ও অনুসন্ধান পরিচালনা করে, চোরাচালান ও জলদস্যুতা দমনসহ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে ভূমিকা রাখে—এসব জানতে পেরে দর্শনার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। যুদ্ধকৌশল সম্পর্কেও আগ্রহভরে শোনেন অনেকে।

জাহাজ উন্মুক্তকরণ উপলক্ষে আয়োজিত এই কার্যক্রমে বিপুলসংখ্যক দর্শনার্থী ভিড় করেন। স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য সমুদ্র নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে সচেতনতা বাড়াবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ‘অত্যন্ত অস্পষ্ট’

চন্দ্রদ্বীপ ডেস্ক : জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ‘অত্যন্ত অস্পষ্ট’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন–ছয় মাস। সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বার বার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন। তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে, এই সংকটগুলো কাটবে না।

বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের সকালে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন ফখরুল।

আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।




চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক চার দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার সফরের বিষয়ে জানা গেছে, ২৬ থেকে ২৯ মার্চ চীন সফর করবেন তিনি। ২৬ মার্চ (বুধবার) দুপুরে চীনের পাঠানো একটি উড়োজাহাজে ঢাকা থেকে রওনা হবেন। ২৭ মার্চ দেশটির হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেবেন ড. ইউনূস। সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন তিনি। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের বৈঠক হতে পারে।

২৮ মার্চ বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস। একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ-প্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন তিনি। ২৯ মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

প্রধান উপদেষ্টার বেইজিং সফরে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ সফরে চারটি ঘোষণা আসতে পারে। যার মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের অর্থায়নের জন্য বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তার ঘোষণা দেবে চীন। এছাড়া মোংলা বন্দরের আধুকিয়ানে অর্থায়নের বিষয়টিও যুক্ত থাকবে।

৩ এপ্রিল থাইল্যান্ড সফরে যাচ্ছেন ড. ইউনূস

আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে আগামী ৩ এপ্রিল ব্যাংককে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।




গলাচিপায় আলুর দাম পড়ে যাওয়ায় চাষিদের দুশ্চিন্তা

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হলেও বাজারমূল্য কমে যাওয়ায় গলাচিপার আলু চাষিরা হতাশায় পড়েছেন। দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা পটুয়াখালীতে কোনো হিমাগার না থাকায় কৃষকরা মাঠে-ঘাটে, বাগানে আলুর স্তূপ গড়ে তুলেছেন। এতে সংরক্ষণের অভাবে শুধু গলাচিপা উপজেলাতেই প্রায় ১০ কোটি টাকার আলু নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।

গলাচিপা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান জানান, এ বছর উপজেলায় ৩৬০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ৩৬৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে। ফলন ভালো হওয়ায় চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে গেছে, ফলে বাজারে আলুর দাম কমে গেছে। সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকায় কৃষকরা মাঠেই আলু স্তূপ করে রাখতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় কৃষকরা জানান, হিমাগার না থাকায় উৎপাদিত আলু বিক্রিতে চরম সংকটে পড়েছেন তারা। কালিকাপুর গ্রামের কৃষক মো. আল আমিন বলেন, “সাড়ে তিন একর জমিতে আলু চাষ করেছি। কিছু আলু বিএডিসি কিনে নিলেও বাকিগুলো ক্ষেতেই স্তূপ করে রাখতে হচ্ছে। বরিশালের হিমাগারে জায়গা পাচ্ছি না, তাই বুঝতে পারছি না এত আলু কীভাবে সংরক্ষণ করব।”

বোয়ালিয়ার কৃষক মো. মিজান মিয়া বলেন, “আমরা আড়াই একর জমিতে আলু চাষ করেছি, এতে প্রায় ৫ লাখ ৯৭ হাজার টাকা খরচ হয়েছে। অথচ ৪ টন আলু পেয়েছি, যার বর্তমান বাজারমূল্য সর্বোচ্চ ৪ লাখ ৪৫ হাজার টাকা। এতে উৎপাদন খরচই উঠছে না। পাইকার না থাকায় এখন পর্যন্ত একটাও বিক্রি করতে পারিনি। প্রতিদিন আলু পঁচছে, আর আমাদের দুশ্চিন্তা বাড়ছে।”

গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার জানান, প্রতি হেক্টর জমিতে ২৮ টন করে মোট ১০,৩৬০ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। বর্তমান বাজারে প্রতি টন আলুর দাম মাত্র ১,৫০০ টাকা, যা কৃষকদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “উপকূলীয় জেলায় একটি হিমাগার থাকলে কৃষকরা হয়তো এমন সংকটে পড়ত না।”

স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত হিমাগার নির্মাণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এমন লোকসানের হাত থেকে তারা রক্ষা পেতেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




শ্রদ্ধার ফুলে বীর সন্তানদের স্মরণ

চন্দ্রদ্বীপ ডেস্ক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ।

যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ দেশ; সেই বীর শহীদদের প্রতি সম্মান জানাতে বুধবার (২৬ মার্চ) ভোর থেকে ফুল হাতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসতে থাকেন হাজারো মানুষ। বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসছেন বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে যাচ্ছে শহীদ বেদী। একইসঙ্গে দলে দলে ফুল হাতে নিয়ে শ্রদ্ধা জানাতে প্রবেশ করেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় অনেকে লাল-সবুজের পোশাক পরিধান করে হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছিলেন। শিশু-কিশোর থেকে বয়োবৃদ্ধরাও আসছেন জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।

এর আগে, এদিন ভোর ৫টা ৫০ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে ৬টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলী, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, দেশি-বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।




স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

চন্দ্রদ্বীপ ডেস্ক : জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৬ মার্চ) সকাল ৫টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রপতি ও ৬টার দিকে প্রধান উপদেষ্টা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর চৌকস একটি দল রাষ্ট্রীয় কায়দায় সালাম জানান। পরে রাষ্ট্রপতির স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা প্রদর্শন বইতে স্বাক্ষর করেন তারা।




মহান স্বাধীনতা দিবস আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক : আজ ২৬শে মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালির জীবনে নেমে আসে এক ভয়ংকর, নৃশংস ও বিভীষিকাময় অন্ধকার রাত। অন্য দিনের মতো সেটি স্বাভাবিক ছিল না। অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনী নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর যখন ঝাঁপিয়ে পড়ে ইতিহাসের বর্বরোচিত নিধনযজ্ঞ আর ধ্বংসের উন্মত্ত তাণ্ডব চালায়, সেদিন থেকে স্বাধীনতা শব্দটি বাঙালির হয়ে যায়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হবে।

এদিকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে স্মৃতিসৌধ প্রাঙ্গনকে ধুয়ে মুছে নতুন রূপ দেওয়া হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ ছাড়া ওয়াচ টাওয়ার ও সিসিটিভি কন্ট্রোলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে পুরো এলাকা।




কলাপাড়ায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, ২৪ লাখ টাকার সম্পদ লুট

পটুয়াখালীর কলাপাড়ায় সশস্ত্র ডাকাত দল একটি বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করেছে। সোমবার (২৪ মার্চ) মধ্যরাত থেকে রাত ৩টার মধ্যে উপজেলার ধানখালী ইউনিয়নের ধানখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধানখালী গ্রামের দেলোয়ার জমাদ্দার (৬৫) ও তার পরিবার রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ৭-৮ জন মুখোশধারী ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা হাত-পা বেঁধে ফেলে এবং খাটে শুইয়ে রাখে।

ডাকাতরা পিস্তল ও রামদা উঁচিয়ে পরিবারের কাছ থেকে ঘরের চাবি ছিনিয়ে নেয়। এরপর আলমারি ও শোকেস খুলে প্রায় ২৪ লাখ ৪৮ হাজার টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগীদের বরাতে জানা গেছে, ডাকাতরা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। তাদের মধ্যে একজন লুঙ্গি পরিহিত ও কাঁচা দাড়িওয়ালা ছিল, বাকিরা শর্ট প্যান্ট পরা ছিল।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টায় এ সভা শুরু হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • সিভিল সার্জন ডা. মো. খালিদুর রহমান মিয়া
  • পুলিশ সুপার আনোয়ার জাহিদ
  • পটুয়াখালী পৌর প্রশাসক জুয়েল রানা
  • জেলা জামায়াতের আমীর অ্যাড. মো. নাজমুল আহসান

সভায় আরও উপস্থিত ছিলেন—

  • পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন
  • পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক মো. জাকির হোসেন
  • অধ্যক্ষ সাইফুল মজিদ মো. বাহাউদ্দিন (আব্দুল করিম মৃধা কলেজ)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পটুয়াখালীর প্রতিনিধি মিরাজ ইমতিয়াজ
  • অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মাহমুদ
  • সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফ্ফাত আরা জামান ঊর্মি
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা

বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার ভয়াবহতা তুলে ধরেন। তারা বলেন, এ দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক কালো অধ্যায়।

বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান এবং বলেন, জাতির জন্য আত্মত্যাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তাদের আদর্শ অনুসরণ করেই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম