পটুয়াখালীতে আতশবাজি বিস্ফোরণে শিশুর মৃত্যু, আহত দুই

পটুয়াখালীতে ঈদ উদযাপনকালে আতশবাজি বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ রাফি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুইজন। রোববার রাত ৯টার দিকে জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি পৌর নিউ মার্কেটের মাছ ব্যবসায়ী মানির হাওলাদারের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।
এদিকে, সদর উপজেলার হকতুল্লা গ্রামে রাত সাড়ে ৮টার দিকে একই ধরনের দুর্ঘটনায় মো. বেলাল তালুকদার (১৬) ও তার চাচাতো ভাই মো. রাব্বি (১৫) গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণের ফলে তাদের হাতের একাংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
নিহত রাফির মামা আবুল বাশার জানান, রাফি বাড়ির পাশে আতশবাজি ফোটানোর সময় এটি অতিরিক্ত মাত্রায় বিস্ফোরিত হয়। বিকট শব্দের সঙ্গে আতশবাজির একটি অংশ তার গলায় ঢুকে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। প্রচুর রক্তক্ষরণের ফলে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, আহত বেলাল ও রাব্বির ফুফা সিদ্দিকুর রহমান জানান, তারা আতশবাজি হাতে রেখে ফাটানোর প্রস্তুতি নিলে সেটি বিস্ফোরিত হয়। এতে বেলালের ডান হাতের তালু ও আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাম চোখেও গুরুতর আঘাত লাগে। একই ঘটনায় রাব্বির ডান হাতের তালু ও আঙুলে মারাত্মক ক্ষত হয়।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নয়ন সরকার জানান, “আতশবাজির অংশ রাফির শ্বাসনালীতে ঢুকে গুরুতর ক্ষত সৃষ্টি করেছিল, যা তার প্রাণহানির কারণ হয়। অন্যদিকে, আহত দুইজনের হাত ও চোখে মারাত্মক ক্ষত থাকায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
মো:আল-আমিন।







