গলাচিপায় ট্রলার ডুবিতে যুবকের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বুড়াগৌরাঙ্গ নদে ট্রলার ডুবির ১৮ ঘণ্টা পর জামাল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জামাল রতনদী-তালতলী ইউনিয়নের দক্ষিণ নিমহাওলা গ্রামের কালাম শরীফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে একদল যুবক ফুটবল খেলতে পাশের উপজেলা দশমিনার পাতারচরে যান। খেলা শেষে ট্রলারে করে ফেরার পথে পাতাবুনিয়া গ্রামের কাছে নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ২০-২৫ জন যাত্রীর মধ্যে সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও জামাল নিখোঁজ হন।

স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজ শুরু করলেও রাতভর চেষ্টা করেও জামালের সন্ধান মেলেনি। বুধবার সকালে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়।

রতনদী-তালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম জানান, ট্রলারটি অতিরিক্ত যাত্রী বহন করছিল, যা দুর্ঘটনার কারণ হতে পারে।

গলাচিপা থানার ইন্সপেক্টর (তদন্ত) হিরন শিকদার বলেন, “জামালের লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গলাচিপায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় সড়ক দুর্ঘটনায় তামিম তালুকদার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার দেওয়ানবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম তালুকদার কালিকাপুর মাটিভাঙ্গা এলাকার এনামুল তালুকদারের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তামিম মোটরসাইকেলে করে দেওয়ানবাজার যাচ্ছিলেন। মোটরসাইকেলে আরও দু’জন আরোহী ছিলেন। দ্রুতগতির কারণে তারা সামনের টমটমটি দেখতে পেলেও গতি নিয়ন্ত্রণ করতে পারেননি, ফলে সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনায় তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গলাচিপা থানার ইন্সপেক্টর (তদন্ত) হিরন শিকদার জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




আমরা কখনোই বলিনি নির্বাচনের পরে সংস্কার : মির্জা ফখরুল

চন্দ্রদ্বীপ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বলেছি নির্বাচনের জন্য একটি সুষ্ঠু অবাধ মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করতে হবে। আমরা কখনোই বলিনি আগে নির্বাচন পরে সংস্কার। এটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম যে সংস্কার করা দরকার সেটা করতে হবে।

বুধবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে। আওমী লীগ, বিএনপি, জামায়াত, এনসিপি, জাকের পার্টিসহ সব রাজনৈতিক দলের সম্পর্ক জনগণের সঙ্গে। আর যারা এসেছেন সংস্কারের জন্য তারা জ্ঞানী মানুষ, পন্ডিত লোক, বিশাল ডিগ্রিধারী। তাদেরকে আমরা শ্রদ্ধা ও সম্মান করি কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করে আমরা সেটিকে সমর্থন করতে পারব না।

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের মেয়ে-জামাইকে সংবর্ধনা
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ ব্যবস্থা রাষ্ট্র পরিচালনার জন্য। এই যে আমরা ভয়ে থাকি রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে ওঠে। তাহলে তো আওয়ামী লীগের মতো অবস্থা হবে। এখানে স্বৈরাচার হয়ে উঠলে জনগণই তাদেরকে বের করে দেয়। সুতরাং এটার জন্য জনগণের কোনো দোষ নেই। গণতন্ত্র সবচেয়ে উত্তম ব্যবস্থা।

এসময় জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপেস্থিত ছিলেন।




লোহাগাড়ায় সড়কে মৃত্যুর মিছিল, ৪৮ ঘণ্টায় ১২ প্রাণহানি

দুই দিনের ব্যবধানে দুটি ভয়াবহ দুর্ঘটনা :–

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১২ জনের। বুধবার (২ এপ্রিল) সকালে বাস ও দুটি মাইক্রোবাসের সংঘর্ষে ৭ জন নিহত হন, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। এর আগে, সোমবার (৩১ মার্চ) একই এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মারা যান ৫ জন।

সকাল ৭টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় দ্রুতগামী একটি বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৭ জন এবং গুরুতর আহত হন আরও ৩ জন।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৭ জনের মরদেহ উদ্ধার করি। নিহতদের মধ্যে ২ জন নারী, ১ জন শিশু ও ৪ জন পুরুষ রয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।”

সকাল সাড়ে ৭টায় চুনতি এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন প্রাণ হারান। আহত হন অন্তত ৬ জন।

লোহাগাড়া ফায়ার সার্ভিস জানায়, “জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করা হয়।”

মাত্র দুই দিনের ব্যবধানে একই এলাকায় দুটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং যানবাহনের ত্রুটি যাচাই করতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পর্যটকের ভিড়ে মুখরিত কুয়াকাটা

দীর্ঘ এক মাস পর্যটকশূন্য থাকার পর পটুয়াখালীর কুয়াকাটা সৈকত আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ঈদের আনন্দ উপভোগ করতে লাখো পর্যটক ভিড় জমিয়েছেন এই সমুদ্রসৈকতে।

ঈদের আমেজে পর্যটকদের ঢল ঈদের দিন বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত সৈকতের প্রতিটি প্রান্তে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সরেজমিনে দেখা গেছে, পর্যটকরা সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে হৈ-হুল্লোড় করছেন, ছবি ও সেলফি তুলছেন স্মৃতি ধরে রাখার জন্য। অনেকে বাহারি বাহনে চড়ে পুরো সৈকত ঘুরে দেখছেন, আবার কেউবা বেঞ্চে বসে ঢেউয়ের গর্জন উপভোগ করছেন।

পর্যটনকেন্দ্রগুলোর ব্যস্ততা কুয়াকাটার ক্র্যাব আইল্যান্ড, চর গঙ্গামতি, ঝাউবন, তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লিসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে বিপুল সংখ্যক পর্যটকের আনাগোনা লক্ষ করা গেছে। হোটেল-মোটেলগুলো বেশিরভাগ আগেই বুকিং হয়ে গেছে। পর্যটকদের আগমনে উচ্ছ্বাসিত ব্যবসায়ীরা, বিশেষ করে খাবার, প্রসাধনী ও ভ্রমণসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

পর্যটকদের অভিজ্ঞতা ঢাকা থেকে আসা পর্যটক তৈয়ব হোসেন বলেন, “সকালে কুয়াকাটায় এসেছি, সৈকতের মনোরম পরিবেশ ও ছোট ছোট ঢেউ আমাদের মুগ্ধ করেছে। জোয়ারের সময় সবাই মিলে সমুদ্রে সাঁতার কাটব।”

ফুলবাড়িয়া থেকে আসা এক দম্পতি বলেন, “মেঘলা আকাশে দখিনা হাওয়া আর সৈকতের ঢেউ যেন এক স্বর্গীয় অনুভূতি। ঈদের ছুটিতে কুয়াকাটা ঘুরতে এসে দারুণ সময় কাটাচ্ছি।”

ব্যবসায়ীদের আশা প্রসাধনী দোকানি সুলতান আকন জানান, “গতকাল পর্যটকদের ভিড় ছিল, বিক্রি মোটামুটি ভালো হয়েছে। আশা করছি, আজ আরও বেশি পর্যটক আসবে।”

ভ্রাম্যমাণ আচার বিক্রেতা মোসলেম মিয়া বলেন, “রমজানে ব্যবসা ভালো ছিল না। গতকাল বিক্রি ভালো হয়েছে, আজ আরও ভালো হবে বলে আশা করছি।”

নিরাপত্তা ব্যবস্থা জোরদার পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপর রয়েছেন। ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, “সাদা পোশাকের পুলিশ সদস্যসহ বিভিন্ন সংস্থার সদস্যরা কাজ করছেন। আশা করছি, পর্যটকরা নিরাপদে কুয়াকাটা ভ্রমণ উপভোগ করতে পারবেন।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বাউফলে ঈদের আনন্দে ভাটা, এটিএম বুথে টাকা নেই

পটুয়াখালীর বাউফল উপজেলার পাঁচটি এটিএম বুথ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্থানীয় গ্রাহকরা, বিশেষ করে ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষজন। বুথগুলোতে টাকা শেষ হয়ে যাওয়ার কারণে কর্তৃপক্ষ সেগুলো বন্ধ রেখেছে বলে জানা গেছে।

উপজেলায় চারটি ব্যাংকের পাঁচটি এটিএম বুথ রয়েছে—মার্কেন্টাইল ব্যাংকের দুটি (কালাইয়া বন্দর ও কালিশুরী বাজার), ইসলামী ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংকের একটি করে বুথ। কিন্তু ঈদের দিন সোমবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে সবগুলো বুথই বন্ধ ছিল।

কালাইয়া বন্দর শাখার মার্কেন্টাইল ব্যাংকের বুথের শার্টারে ‘আউট অব সার্ভিস’ সাইনবোর্ড ঝুলতে দেখা গেছে, যা গত শুক্রবারই লাগানো হয়েছে। এছাড়া উপজেলা সদরের ইসলামী ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ব্যাংক ও পূবালী ব্যাংকের বুথেও নিরাপত্তাকর্মীরা উপস্থিত থাকলেও টাকা লেনদেন বন্ধ ছিল।

ঢাকা থেকে পরিবারের সঙ্গে ঈদ করতে আসা মাহফুজা জুঁই বলেন, “ছিনতাইয়ের ভয়ে নগদ টাকা না এনে এটিএম কার্ড নিয়ে এসেছিলাম। কিন্তু বুথগুলো বন্ধ থাকায় এখন বিপাকে পড়েছি। ভাবতেও পারিনি এমন পরিস্থিতি হবে।”

বরিশাল থেকে নিজ বাড়ি কালাইয়া বন্দরে আসা ডা. আহসানুল ইসলাম কেবু জানান, “আমি এটিএম কার্ড নিয়ে এসেছিলাম, কিন্তু কোথাও টাকা নেই। এখন চরম দুর্ভোগে পড়তে হলো।”

মার্কেন্টাইল ব্যাংকের কালাইয়া বন্দর শাখার ব্যবস্থাপক মো. আল মামুন বলেন, “ব্যাংক বন্ধ থাকায় ভল্ট থেকে টাকা বের করা সম্ভব নয়। আগামী ৬ এপ্রিল ব্যাংক খোলার পরই বুথ চালু করা যাবে। গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য আমরা দুঃখিত।”

ঈদের সময়ে নগদ টাকার সংকট সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীর ঈদের মাঠে ব্যতিক্রমী আয়োজন, মধুতে আপ্যায়ন

পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নের ধানদী বোর্ড অফিস জামে মসজিদ ময়দানে এবারের ঈদুল ফিতরে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। ঈদের নামাজ আদায় করতে আসা শিশু ও বয়োবৃদ্ধদের মধু দিয়ে আপ্যায়ন করা হয়, যা ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে।

সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবেশ ও প্রকৃতি বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য বার্ড অ্যান্ড বি’ এ আয়োজন করে। সংগঠনের পরিচালকমণ্ডলীর এক সদস্য শামসুন নাহার বলেন, “মধু মহান সৃষ্টিকর্তার এক অনন্য নিয়ামত। বর্তমানে ভেজাল খাদ্যের কারণে মানুষের স্বাস্থ্যের অবনতি ঘটছে। তাই ঈদের আনন্দে মধু বিতরণের মাধ্যমে সুস্থতার বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

ঈদের নামাজের ইমাম মু. মুজাহিদুল ইসলাম জানান, মসজিদ কমিটির উদ্যোগে মাঠের পাশে দুটি স্টল স্থাপন করা হয়। এসব স্টল থেকে ‘সেভ দ্য বার্ড অ্যান্ড বি’ সংগঠনের মধু বিতরণের পাশাপাশি শিশুদের চকলেট ও রঙিন বেলুন দেওয়া হয়। বয়োবৃদ্ধদের জন্য চা, কফি ও পান-সুপারির আয়োজন ছিল।

তিনি আরও বলেন, “সময় বদলেছে, মানুষের জীবনযাত্রার ধরন পরিবর্তন হয়েছে। তবে ঈদের আনন্দ, শান্তি ও ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য এই ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয়। আশা করি, ভবিষ্যতেও এমন আয়োজন মানুষকে একত্রিত করবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালী কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

পটুয়াখালী পৌরসভা নিয়ন্ত্রিত কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে প্রায় ১০ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।

নামাজ শুরুর আগে ঈদগাহ মাঠে প্যান্ডেল ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন প্রশাসনের কর্মকর্তারা। ঈদগাহের ভেতরে জায়গা না হওয়ায় বাইরেও প্যান্ডেলে মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন।

নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় পটুয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঈদের দিন যানজট এড়াতে শহরের বিভিন্ন রাস্তা ওয়ানওয়ে করা হয়। আনন্দ-বিনোদনের জন্য পৌরসভার পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল।

এছাড়া শহরের চরপাড়ায় জেলা প্রশাসক ঈদগাহ এবং মির্জাগঞ্জের ইয়ার উদ্দিন খলিফার মাজার সংলগ্ন ঈদগাহে দুটি বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার ৫১১টি ঈদগাহ এবং ১৭৪১টি মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত বরিশাল নগরীর বান্দরোড হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ সকাল ৮টায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। হাজারো মুসল্লির অংশগ্রহণে ঈদের এই প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া নগরীর আমতলা মোড়ে বরিশাল ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদে ঈদের দ্বিতীয় প্রধান জামাতও সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনের পরিচালক নুরুল ইসলাম জানান, বরিশাল জেলার ৮ হাজারের বেশি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নগরীর সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ, চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদ এবং গির্জা মহল্লার জামে কসাই মসজিদেও ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় মোনাজাত করেন। ঈদের খুতবায় মুসলিম ঐক্য, ধৈর্য ও তাকওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে, বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নান জানান, বরিশাল শহরের বিভিন্ন মসজিদে সকাল সাড়ে ৯টার মধ্যে সব জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সকাল থেকেই ঈদের নামাজ উপলক্ষে নগরীর বিভিন্ন মসজিদে ছিল মুসল্লিদের ভিড়। মুসল্লিদের সুবিধার্থে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

ঈদের আনন্দ সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক—এমন প্রত্যাশায় ঈদের প্রধান জামাত সম্পন্ন হয়।




চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

 

পবিত্র ঈদুল ফিতরের এই মহান দিনে, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম এর সকল পাঠক, দর্শক, শুভাকাঙ্ক্ষী এবং তাদের পরিবারকে জানাই রইল ঈদের অন্তরঙ্গ শুভেচ্ছা। ঈদ হোক সুখ, শান্তি, সম্প্রীতি এবং প্রাচীন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার একটি বিশেষ সময়।

ঈদ আমাদের জীবনে সুখ, শান্তি এবং একতার এক নতুন দিগন্ত উন্মোচন করে। এই শুভ দিনে, আমরা সকলের জন্য একটি ভালো, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ ভবিষ্যতের কামনা করি। ঈদ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার এবং একে অপরকে সহানুভূতির সাথে গ্রহণ করার বার্তা দেয়।

আমরা সবাই ঈদের খুশি ও আনন্দে একযোগিতায় থাকি, সবার জীবন সুখে ভরে ওঠুক এবং সকল সমস্যার সমাধান হোক। ঈদের মন্ত্র হচ্ছে, একে অপরকে ভালোবাসা, সহমর্মিতা, এবং মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা।

চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম এর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই এবং প্রত্যাশা করি এই ঈদ সবার জীবনে নতুন সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসুক।

(ঈদ মোবারক)

শুভেচ্ছান্তে,
“মো. তারিকুল ইসলাম মনির
সম্পাদক ও প্রকাশক, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”