বঙ্গোপসাগরের কোলঘেঁষা বরগুনা—যেখানে প্রকৃতি তার অনন্য রূপে আহ্বান জানাচ্ছে ভ্রমণপিপাসুদের। সমুদ্র, বন, বন্যপ্রাণী আর বৈচিত্র্যময় সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন এই জেলায় ছড়িয়ে আছে পর্যটনের বিশাল সম্ভাবনা।
বরগুনার তালতলীর আশারচর, সোনাকাটা, টেংরাগিরি সংরক্ষিত বন, শুভ সন্ধ্যা সি-বিচ, পাথরঘাটার লালদিয়া চর, হরিণঘাটা, বিহঙ্গ দ্বীপ—প্রতিটি স্থানই প্রাকৃতিক সৌন্দর্যের একেকটি রত্ন। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে পর্যটকের আগ্রহও দিন দিন বাড়ছে।
টেংরাগিরি বনাঞ্চল ::
সুন্দরবনের অংশ হিসেবে এক সময় পরিচিত ছিল বরগুনার তালতলীর টেংরাগিরি বন। প্রায় ১৩,৬৪৪ একর আয়তনের এই বনাঞ্চল ২০১০ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা পায়। এখানে রয়েছে হরিণ, শূকর, বানর, চিতাবাঘসহ অসংখ্য বন্যপ্রাণী। সখিনা বিটে প্রতিষ্ঠিত হয়েছে একটি ইকোপার্কও।

সোনাকাটা ও আশারচর ::
টেংরাগিরি বনের পাশেই বঙ্গোপসাগরের কোলে বিস্তৃত সোনাকাটা ও আশারচর। সূর্যোদয়-সূর্যাস্তের দৃশ্য, বালিহাঁস-গাঙচিলের কোলাহল আর শুঁটকিপল্লির জীবনচিত্র—সব মিলিয়ে এক স্বপ্নময় অভিজ্ঞতা।
শুভ সন্ধ্যা সি বিচ ::
টেংরাগিরির কোলঘেঁষা সৈকত ‘শুভ সন্ধ্যা সি-বিচ’-এ দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা যেন এক মুগ্ধতার মুহূর্ত। সমুদ্রের গর্জন আর বনের ছায়ায় ঘেরা এই সৈকত পর্যটকদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে দ্রুত।
হরিণঘাটা বন ::
পাথরঘাটায় তিন নদীর মোহনায় গড়ে উঠেছে হরিণঘাটা বনাঞ্চল। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই ৫,৬০০ একর বন এলাকায় রয়েছে চিত্রল হরিণ, বানর, সজারু, শৃগাল, নানা প্রজাতির পাখি ও জীবজন্তু। রয়েছে ‘লালদিয়া সংরক্ষিত বনাঞ্চলে ইকো ট্যুরিজম প্রকল্প’-এর আওতায় ফুটট্রেল, ওয়াচ টাওয়ার, ঘাটলা ও অন্যান্য পর্যটন সুবিধা।
গোড়া পদ্মা ইকো ফরেস্ট ::
বিষখালী, পায়রা ও বলেশ্বর নদীর মোহনায় গোড়া পদ্মা ইকো ফরেস্ট ও মোহনা পর্যটন কেন্দ্র নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। ৪,৬০০ একর আয়তনের এই বনে গড়ে উঠেছে পিকনিক স্পট, গোলঘর ও ডাকবাংলো।
স্থানীয় উদ্যোক্তা আরিফুর রহমান বলেন, “বরগুনার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। সঠিক পরিকল্পনা ও সরকারি-বেসরকারি সহযোগিতায় এখানকার পর্যটন শিল্প বিশাল অবদান রাখতে পারে।”
জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম জানান, “বরগুনার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে আমরা নানামুখী উদ্যোগ গ্রহণ করেছি, যা পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় পরিবেশ নিশ্চিত করবে।”