ঈদ যাত্রায় প্রতিদিন গড়ে ২১ জনের মৃত্যু

পবিত্র ঈদুল ফিতরের সময় দেশের সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার সংখ্যা ছিল মারাত্মক। ঈদ যাত্রার ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত এবং ৮২৬ জন আহত হয়েছেন। একই সময় রেলপথে ২১টি দুর্ঘটনায় ২০ জন নিহত এবং নৌপথে ৪টি দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। সর্বমোট সড়ক, রেল ও নৌপথে ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত এবং ৮৩৫ জন আহত হয়েছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে জানানো হয়েছে, ঈদযাত্রা শুরুর দিন ২৪ মার্চ থেকে ঈদ শেষে ৭ এপ্রিল পর্যন্ত মোট ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত এবং ৮২৬ জন আহত হয়েছেন। এতে গড়ে প্রতিদিন ২১ জন মানুষের মৃত্যু হয়েছে।

এ বছরের ঈদে সড়ক দুর্ঘটনার সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা কম। ২০২৪ সালের ঈদুল ফিতরে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত এবং ১৩৯৮ জন আহত হয়েছিল। এবারের দুর্ঘটনা, প্রাণহানি এবং আহতের সংখ্যা আগের বছরের তুলনায় যথাক্রমে ২১.০৫%, ২০.৮৮% এবং ৪০.৪১% কমেছে।


এ বিষয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “ঈদযাত্রা এবার কিছুটা স্বস্তিদায়ক হয়েছে, কারণ দীর্ঘ ছুটির কারণে ধাপে ধাপে বাড়ি যাওয়ার সুযোগ হয়েছে। তাতে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা কিছুটা কমেছে।”

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এবার মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি ছিল। মোট ১৩৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫১ জন নিহত এবং ১৫৫ জন আহত হয়েছেন। মোট সড়ক দুর্ঘটনার ৪২.৮৫%, নিহতের ৪৬.৮৯% এবং আহতের ১৮.৭৬% মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটেছে।


দুর্ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, দেশের বিভিন্ন মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা এবং অটোরিকশার মতো যানবাহন অবাধে চলাচল করছিল। এছাড়াও সড়কে অনেক রোড সাইন, সড়কবাতি এবং ডিভাইডার ছিল না, যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি দুর্ঘটনা কমাতে কয়েকটি সুপারিশও করেছে, যার মধ্যে রয়েছে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা আমদানি বন্ধ করা, সড়কগুলোর আলোকসজ্জা বাড়ানো, এবং আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




তিনজন অসাধু কর্মচারীকে শোকজ করে বিপাকে ইউএনও

সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে অর্থ আদায়, নিয়মিত কর্মস্থলে উপস্থিত না হয়ে অফিস ফাঁকি দেয়াসহ বিস্তার অভিযোগে তিনজন কর্মচারীকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছিলো। এতেও তারা সংশোধন না হওয়ায় অবশেষে ওই তিন কর্মচারীকে শোকজ করেছেন উপজেলা নির্বাহী অফিসার।

পাশাপাশি স্থানীয় এক যুবদল নেতার অবৈধ ড্রেজারে অভিযান পরিচালনা করে অর্ধলাখ টাকা জরিমানা করেছিলেন জেলার আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারিহা তানজিন। এতে ক্ষিপ্ত হয়ে শোকজ পাওয়া ওই তিন কর্মচারী এবং অর্থ দন্ডপ্রাপ্ত যুবদল নেতার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

এনিয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ পুরো আগৈলঝাড়া উপজেলাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ইউএনওকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলার সর্বস্তরের সুশীল সমাজের নেতৃবৃন্দরা।

আজ বুধবার দুপুরে সরেজমিনে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ অফিসের একাধিক কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলে জানা গেছে, গত ৫ আগস্টের পর আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী মতিউর রহমান রহস্যজনক কারণে একটানা ৬৮ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

একইভাবে অফিস সহায়ক আমির আলী ও বিলকিস আক্তারের বিরুদ্ধে অফিস ফাঁকির পাশাপাশি সেবা গ্রহীতাদের কাছ থেকে উৎকোচ আদায়ের বিস্তার অভিযোগ ওঠে। বিষয়টি সেবাগ্রহীতারা ইউএনওকে অবহিত করেন। তাদের তিনজনকেই প্রাথমিকভাবে মৌখিকভাবে সর্তক করা হয়। এতেও তারা সংশোধন না হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন অতিসম্প্রতি তাদের তিনজনেই শোকজ করেন। এরপরই ওই তিন কর্মচারী ইউএনও’র ওপর ক্ষিপ্ত হন।

নাম প্রকাশ না করার শর্তে অফিসের কয়েকজন কর্মচারীরা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অফিস সহকারী মতিউর রহমানের ক্ষমতার দাপটে অফিসের কর্মচারীরা সর্বদা তটস্থ ছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অফিস থেকে পালিয়ে যায় ফ্যাসিষ্টের দোসর মতিউর।

তারা আরও বলেন, স্থানীয় এক যুবদল নেতার ছত্রছায়ায় সেই মতিউর রাতারাতি ভোল্ট পাল্টিয়ে এখন নিজেকে বিএনপির নির্যাতিত কর্মী দাবি করে আবার অফিসে দাপট দেখাতে শুরু করেছে। তার অবৈধ সুযোগ সুবিধা না দেয়ার কারণেই তিনি ইউএনও’র বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করেছে।

তারা আরও জানিয়েছেন, গত কয়েকদিনপূর্বে যুবদল নেতা হেমায়েত তালুকদারের অবৈধ ড্রেজারে অভিযান পরিচালনা করে অর্ধলাখ টাকা জরিমানা করেন ইউএনও। এতে সে (হেমায়েত) ইউএনওর ওপর ক্ষিপ্ত হন। এসব ঘটনাকে কেন্দ্র করেই ইউএনও’র বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করেছেন ওই তিন অফিস কর্মচারী এবং যুবদল নেতা।

কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে জানতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মতিউর রহমান নিজেকে বিএনপি সমর্থক দাবি করলেও অন্যকোন বিষয়ে তিনি কথা বলতে রাজি হননি।

তবে যুবদল নেতা হেমায়েত তালুকদার অফিস কর্মচারীদের উল্লেখিত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।

সার্বিক বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন বলেন, অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি অফিস কর্মচারীদের অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এবং স্থানীয় এক অবৈধ ড্রেজার ব্যবসায়ী কর্তৃক ভূগর্ভস্থ বালু উত্তোলনের ঘটনায় অভিযান চালিয়ে জরিমানা করার কারণেই তারা সম্মিলিতভাবে তাদের লোকজন দিয়ে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে সেই অফিস কখনও দুর্নীতি মুক্ত করা সম্ভব নয়।

তিনি আরও বলেন একজন কর্মচারী তার অফিস প্রধানের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে এধরনের বক্তব্য দিতে পারেনা। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে সরকারি জমি দখলের অভিযোগ, ছাত্র নেতাদের বিরুদ্ধে তদন্ত

বরিশালের রূপাতলীতে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে কয়েকজন ছাত্র নেতার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলনে আহত একজনের নাম ব্যবহার করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করা হচ্ছে। সম্প্রতি শ্রমিকদের দিয়ে সেখানে ঘর তৈরি করা হচ্ছে এবং কাজের তত্ত্বাবধান করতে দেখা গেছে কয়েকজন শিক্ষার্থীকে।

এ বিষয়ে জানা যায়, বরিশাল শহরের রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এবং বরিশাল-ঢাকা মহাসড়কের মাঝখানে সওজের জমি ইজারা নিয়ে ২২টি স্টল নির্মাণ করেছিলেন জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক, বর্তমানে কারান্তরীণ মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসান। তাদের পারিবারিক পরিচালিত একটি এতিমখানা মার্কেট নামে স্টলগুলো নির্মিত হয়েছিল। তবে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২২ নভেম্বর সওজ ওই স্টলসহ ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

এরপর কয়েক মাস পর ওই স্থানগুলোতে নতুন করে অবৈধ স্থাপনা নির্মাণ শুরু হয়েছে। সরেজমিনে দেখা যায়, উচ্ছেদ হওয়া জায়গায় বিভিন্ন অস্থায়ী প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে। একটিতে সাইনবোর্ড লাগানো হয়েছে, যেখানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার বরিশাল শাখার অস্থায়ী কার্যালয় রয়েছে। এছাড়া, একটি জায়গায় কাঠের স্থাপনা নির্মাণ করা হচ্ছে এবং তদারকি করছেন দুজন ছাত্র নেতা।

এ বিষয়ে একটি কাঠমিস্ত্রি জানান, তাদেরকে মজুরিভিত্তিতে কাজ করার জন্য আনা হয়েছে এবং তারা শুনেছেন, এখানে স্টল নির্মাণের জন্য সমন্বয়করা কাজ করছেন। অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক শাহেদুল ইসলাম শাহেদ বলেছেন, “আমি যতদূর জানি, আমাদের আহত একজন সেখানে বসে ব্যবসা করবেন। যখন সিটি কর্তৃপক্ষ আসবে, তখন তিনি জায়গাটি ছেড়ে দেবেন।”

তবে তিনি স্বীকার করেছেন, সড়ক ও জনপথের জমিতে স্থাপনা নির্মাণের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি।

এই বিষয়ে সওজ বরিশালের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, “রূপাতলী সমাজসেবা অফিসের সামনে আমাদের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। কেউ নতুন করে ইজারা পায়নি এবং যদি কেউ সেখানে স্থাপনা নির্মাণ করে, তবে তা উচ্ছেদ করা হবে।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বাংলাদেশে বিনিয়োগে কোনো বাধা নেই, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান

বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের জন্য এখন আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উন্মুক্ত, এবং বিদেশিরা যেমন তাদের নিজ দেশে বিনিয়োগ করেন, তেমনি বাংলাদেশেও বিনিয়োগ করতে পারবেন।”

আজ বুধবার (৯ এপ্রিল ২০২৫) রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’–এ প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন ড. ইউনূস। তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়, এবং তাদের উচিত চাকরি খোঁজার পরিবর্তে উদ্যোক্তা হয়ে দেশের উন্নয়নে অবদান রাখা।”

এছাড়া প্রধান উপদেষ্টা বলেন, “দারিদ্র্য বিমোচন সম্ভব শুধু দরিদ্র জনগণের উন্নতির জন্য একটি শক্তিশালী ফ্রেমওয়ার্ক তৈরি করার মাধ্যমে, এবং বাংলাদেশ এই ক্ষেত্রে সামাজিক ব্যবসার আদর্শ স্থান।”

সম্মেলনে তিনি চার ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন। পুরস্কৃত প্রতিষ্ঠানগুলো হলো- দেশি বিনিয়োগকারী হিসেবে ওয়ালটন, বিদেশি বিনিয়োগকারী হিসেবে বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ফেব্রিকস। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাং-কে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধনও করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আধুনিক বরিশালের রূপকার,শওকত হোসেন হিরনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

আজ, ৮ এপ্রিল ২০২৫, বরিশালের প্রিয় সাবেক মেয়র ও সংসদ সদস্য শওকত হোসেন হিরনের ১১তম মৃত্যুবার্ষিকী। শওকত হোসেন হিরন, যিনি আধুনিক বরিশালের রূপকার হিসেবে পরিচিত, ২০১৪ সালের এই দিনে সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে।

শওকত হোসেন হিরন ২০১৪ সালের ২২ মার্চ রাত ৯টায় বরিশাল ক্লাব মিলনায়তনের মেঝেতে পড়ে গিয়ে মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে গুরুতর আহত হন। তাকে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে ২৪ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ৪ এপ্রিল তাকে ঢাকা ফিরিয়ে এনে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের প্রচেষ্টার পরও ৯ এপ্রিল, ২০১৪, সকাল ৭টায় তাকে মৃত ঘোষণা করা হয়। তার মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমে আসে। ১১ এপ্রিল, বরিশাল শহরের বেলস পার্ক মাঠে জানাজা শেষে মুসলিম গোরস্তানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি।

শওকত হোসেন হিরন ১৯৫৬ সালের ১৫ অক্টোবর বরিশাল শহরের দক্ষিণ আলেকান্দা এলাকার নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। লেখাপড়ার সুবাধে ছোটবেলা থেকেই তার বসবাস ছিল বরিশাল শহরে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। তার নেতৃত্বে বরিশালে ব্যাপক উন্নয়ন সাধিত হয়, যা আজও তার স্মৃতিরূপে মানুষের মনে জাগ্রত।

শওকত হোসেন হিরনের অবদান আজও বরিশালের জনগণের মনে জীবন্ত। তার রেখে যাওয়া উন্নয়ন কর্মকা- ও স্মৃতিরা আজও প্রজন্ম থেকে প্রজন্মে ভাস্বর।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




উখিয়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪

কক্সবাজারের উখিয়ায় জমির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে পৌঁছেছে। সর্বশেষ নিহত হন রওশন আরা নামে এক নারী, যিনি কুতুপালং পশ্চিম পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের মেয়ে। মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, ৬ এপ্রিল কুতুপালংয়ে প্রতিপক্ষ নাজির হোসেনদের হামলায় আব্দুল মান্নান এবং শাহীনা বেগম নামে দুজন নিহত হন। এই ঘটনায় রওশন আরা বেগম গুরুতর আহত হন এবং তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে দুইদিন পর তিনি মারা যান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বলেন, কুতুপালংয়ে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হওয়ার পর হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে, যার ফলে নিহতের সংখ্যা ৪-এ পৌঁছেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুতুপালং পশ্চিম পাড়ার দুই ভাইয়ের ছেলে নাজির হোসেন ও মোহাম্মদ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। ৬ এপ্রিল দুপুরে দুই পক্ষ জমির সীমানা নির্ধারণের জন্য বৈঠকে বসলে তা কথাবার্তায় উত্তেজনা সৃষ্টি করে। এক পর্যায়ে দা, কিরিচ ও কোদাল নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে নিহত হন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (৪০), শাহীনা বেগম (৩০) এবং আব্দুল মান্নান (৩৫)। নিহত আব্দুল্লাহ আল মামুন উখিয়া রাজাপালং ৯ নম্বর ওয়ার্ড জামায়েতের আমির ও কুতুপালং জামে মসজিদের খতিব ছিলেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ভোলার মেঘনায় তীব্র ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবি

গ্রীষ্মের শুরুতেই ভোলার মেঘনা নদীর তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে, যার মধ্যে শিবপুর মাছ ঘাটসংলগ্ন ৫০০ মিটার এলাকায় ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমানে, শহর রক্ষা বাঁধটি ৬০ মিটার দূরত্বে রয়েছে এবং যদি ভাঙন আরও বাড়ে, তাহলে জেলা শহরসহ সদর উপজেলার অর্ধেক অংশ জোয়ারে প্লাবিত হতে পারে।

স্থানীয়দের মতে, গত বর্ষায় সদর উপজেলার শিবপুর মাছঘাট এলাকায় নদীভাঙন শুরু হয়েছিল এবং সেই ভাঙন এবার আরও তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে, শিবপুরের ৫০০ মিটার এলাকা বিলীনের পথে রয়েছে এবং ৬০ মিটার ভাঙলেই শহর রক্ষা বাঁধটি বিলীন হয়ে যাবে।

শিবপুরের বাসিন্দা নুর হোসেন জানান, ভাঙন এলাকা থেকে জেলা শহরের দূরত্ব মাত্র আড়াই থেকে তিন কিলোমিটার। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, দ্রুত ব্যবস্থা না নিলে জেলা শহরকে হুমকি হিসেবে দেখা দিতে পারে। ঘাটের আড়ত মালিক আরিফ হোসেন জানান, এখানে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং ভাঙন রোধে ব্যবস্থা না নিলে তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন।

স্থানীয় বাসিন্দা মুবারক হোসেন, মো. আলম, নীরবসহ অনেকেই এই ভাঙন পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, শুধুমাত্র বালুভর্তি জিওব্যাগ ফেললে সমস্যার স্থায়ী সমাধান হবে না। নদীর তীর সংরক্ষণ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য ব্লক বাঁধসহ দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর নির্বাহী প্রকৌশলী জিয়াউদ্দিন আরিফ জানান, বাঁধসংলগ্ন ২০০ মিটার এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেখানে বালুভর্তি জিওব্যাগ ফেলার জন্য ৮০ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। এছাড়া, ৪ কিলোমিটার এলাকাজুড়ে মেঘনার তীর সংরক্ষণ এবং ৬ কিলোমিটার এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের জন্য পাউবো ৬২৬ কোটি টাকার একটি প্রকল্প সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু হবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




রংপুরে আবু সাঈদ হত্যাকাণ্ড: ৪ আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই হত্যাকাণ্ডটি ঘটে জুলাই গণঅভ্যুত্থানের সময়। বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় প্রিজনভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়।

আসামিরা হলেন:

  • সাবেক এসআই আমির হোসেন
  • কনস্টেবল সুজন চন্দ্র রায়
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম
  • ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এই মামলার শুনানি চলবে।

এর আগে ২ মার্চ ট্রাইব্যুনাল এই মামলায় ৪ জনকে হাজির করার নির্দেশ দেয়। ৯ এপ্রিলের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশনা দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। প্রসিকিউশন জানায়, এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন সাবেক এসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশসহ আরও কয়েকজন এই হত্যাকাণ্ডে ইন্ধন দিয়েছিলেন। অন্যান্য মামলায় গ্রেপ্তার থাকা আসামিদের এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতির গ্রেফতার, বিএনপি অফিস ভাঙচুর মামলার প্রধান আসামি

পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (৯ এপ্রিল) দুপুরে তাকে পটুয়াখালী জেলা আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে ঢাকার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে র‍্যাব।
আবুল কালাম আজাদ শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাসেম মৃধার ছেলে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জানায়, ২০২২ সালে কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচি চলাকালে বিএনপির অফিস ভাঙচুরের ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। সেই মামলায় আবুল কালাম আজাদ ১ নম্বর আসামি।
ওসি আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব আবুল কালাম আজাদকে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে। রাতে তাকে দুমকি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে, আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মোঃ আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বিনিয়োগ সম্মেলনে পুরস্কৃত হল বিভিন্ন প্রতিষ্ঠান

ঢাকায় অনুষ্ঠিত চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে ৪টি ক্যাটাগরিতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য পুরস্কার প্রদান করা হয়।

**পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো**
এবং পুরস্কারের ক্যাটাগরি অনুযায়ী, ওয়ালটনকে (দেশি বিনিয়োগকারী), বিকাশকে (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ফেব্রিকসকে পুরস্কৃত করা হয়। পুরস্কারগুলো প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজে হাতে তুলে দেন।

এছাড়া, বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যানকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়, যা আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে আরও শক্তিশালী করে তুলবে।

বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা) এর আয়োজনে গত ৭ এপ্রিল থেকে এই সম্মেলন শুরু হয়ে ১০ এপ্রিল পর্যন্ত চলবে। সম্মেলনের উদ্দেশ্য হলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম