“হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ, কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ”

বরগুনার আমতলী উপজেলায় তিন কিলোমিটার সড়ক সংস্কারে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৬৭ লাখ টাকা। অথচ কাজ শেষ হওয়ার কেবল কয়েকদিনের মাথায় হাত দিয়ে সামান্য টান দিলেই উঠে যাচ্ছে পিচ ঢালাইয়ের আস্তরণ। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।

চাওড়া ইউনিয়নের লোদা সেতু থেকে প্রায় ৩ হাজার ১৬০ মিটার সড়ক সংস্কারের জন্য এই প্রকল্পের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কাজটি পায় মেসার্স রহমান ট্রেডার্স, যার মালিক শাহীন তালুকদার। ঠিকাদারি প্রতিষ্ঠানটি ২০২৩ সালের মে মাসে কাজ শুরুর কথা থাকলেও শুরু করে এক মাস পরে এবং মেয়াদ শেষ হয় ৩০ নভেম্বর।

অভিযোগ রয়েছে, এলজিইডি’র কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে প্রকল্পের প্রথম দুই কিস্তির অর্থ উত্তোলনের পর ঠিকাদার দীর্ঘদিন কাজ বন্ধ রাখেন। চলতি বছরের মার্চে আবার কাজ শুরু করে এবং ২২ মার্চ পিচ ঢালাই শেষ হয়।

কিন্তু স্থানীয়দের দাবি, কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। দরপত্র অনুযায়ী পাঁচ ইঞ্চি সাব-বেজ এবং এক ইঞ্চি পিচ ঢালাই থাকার কথা থাকলেও দেওয়া হয়েছে যথাক্রমে তিন ইঞ্চি এবং আধা ইঞ্চি। বিটুমিনও ছিটানো হয়নি বলে অভিযোগ। এমনকি, সড়কের ওপর পা ঘষলেই পিচ উঠে আসছে বলে জানান কাউনিয়া গ্রামের বাসিন্দারা।

একজন অটোরিকশাচালক বলেন, “পিচ ঢালাইয়ের তিন দিনের মাথায় চাকার ঘর্ষণে ঢালাই উঠে যাচ্ছে।” স্থানীয়দের অনেকেই কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন, কেউ কেউ এমন কাজকে “প্রকাশ্য দুর্নীতি” হিসেবে অভিহিত করেছেন।

অভিযোগ বিষয়ে ঠিকাদার শাহীন তালুকদার বলেন, “কাজ ঠিকভাবে করেছি, তবে ভুল হলে সেটার জন্য ফাঁসি হবে না।”

এলজিইডি বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান যোগসাজশের অভিযোগ অস্বীকার করেন এবং পরে সাংবাদিকের ফোন কেটে দেন। উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী জানান, সহকারী প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠিয়ে অভিযোগ যাচাই করা হয়েছে। ইউএনও আশরাফুল আলমও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এলজিইডির বরিশাল অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, “অনিয়মের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”


“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




“বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, এসএসসি পরীক্ষায় অনুপস্থিত কিশোরী”

বরগুনার আমতলী উপজেলায় পরীক্ষার দিন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে এক দাখিল পরীক্ষার্থী কিশোরী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার পূর্ব চন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।

জানা গেছে, মহিষকাটা এলাকার ওই কিশোরীর সঙ্গে পার্শ্ববর্তী চাওড়া ইউনিয়নের পূর্ব চন্দ্রা গ্রামের কলেজপড়ুয়া আরিফ মৃধার তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সূত্র ধরে বিয়ের আশ্বাস পান ওই কিশোরী। গত ৩ এপ্রিল প্রেমিক আরিফের বাড়িতে গেলে পরিবারের সদস্যরা বিয়ের আশ্বাস দিয়ে তাকে থানায় পাঠিয়ে দেয়। পরে পুলিশ তাকে স্থানীয় মনির প্যাদার হেফাজতে রাখে।

কিন্তু আশ্বাস বাস্তবে পরিণত না হওয়ায়, এসএসসি (দাখিল) পরীক্ষায় অংশ না নিয়ে বৃহস্পতিবার সকালে সরাসরি আরিফ মৃধার বাড়িতে গিয়ে অনশনে বসে কিশোরীটি। তার দাবির ভাষ্যে উঠে আসে আরও গুরুতর অভিযোগ—আরিফ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করেছেন।

কিশোরীর বক্তব্য, “আমি আমার সব কিছু হারিয়েছি। এখন আর যাওয়ার জায়গা নেই। যদি ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে না করে, আমি আত্মহত্যা করব।”

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানিয়েছেন, বিষয়টি মীমাংসার জন্য দুই পরিবারের সঙ্গে বসার পরামর্শ দেওয়া হয়েছে, তবে তা আদৌ হয়েছে কি না তিনি জানেন না।

এদিকে, আরিফ মৃধা ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে দাবি স্থানীয়দের।

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, “মেয়ের বয়স বিয়ের উপযুক্ত নয়। তাই তাকে এক ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে।” তিনি আরও জানান, মেয়ের পরিবারের সদস্যদের খবর দেওয়া হলেও তারা মেয়েকে ফিরিয়ে নিতে অনিচ্ছা প্রকাশ করেছেন।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।


“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে ফিলিস্তিনের পক্ষে বিএনপির বিক্ষোভ ও মিছিল

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে বরিশালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। বক্তব্য রাখেন সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “ইসরায়েলি বাহিনী প্যালেস্টাইনের গাজা ও রাফায় শিশু, নারী, বৃদ্ধ—কাউকেই ছাড় দিচ্ছে না। এটি নিছক যুদ্ধ নয়, বরং মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা শান্তিপূর্ণ বিশ্ব চাই, রক্তপাত নয়। বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে এই নৃশংসতা থামাতে।”

সমাবেশ ঘিরে দুপুরের পর থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হন দলীয় কার্যালয়ের সামনে।

সমাবেশ শেষে বের হওয়া বিশাল মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদলসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এদিকে একই দাবিতে বিকেল ৩টার দিকে মহানগর বিএনপির সাবেক ও পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে বটতলা এলাকা থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

নেতারা জানান, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই প্রতিবাদ কর্মসূচি চলমান থাকবে।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




এসএসসি’র প্রথম দিনেই বরিশাল বোর্ডে অনুপস্থিত ১,০৩৩, বহিষ্কার ২

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে সারাদেশের মতো বরিশালেও। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় একযোগে শুরু হওয়া পরীক্ষার প্রথম দিনেই বরিশাল শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ১,০৩৩ জন পরীক্ষার্থী। পাশাপাশি গৌরনদীর বার্থী এলাকায় দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

পরীক্ষা শেষে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী এ তথ্য জানান। তিনি বলেন, বাংলা প্রথমপত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৭৮,১৭৮ জন, এর মধ্যে অংশ নেয় ৭৭,১৪৫ জন। অনুপস্থিতদের মধ্যে ভোলায় ২৩১, বরগুনায় ১২৫, পটুয়াখালীতে ২০১, পিরোজপুরে ১৩১, ঝালকাঠিতে ৯১ ও বরিশালে ২৫৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

বরিশাল বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলায় ১৯৪টি কেন্দ্রে ১,৪৯১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নিয়েছে মোট ৮৪,৩০৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩৯,৩৩৫ জন এবং ছাত্রী ৪৪,৯৬৮ জন।

সুষ্ঠু, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে শিক্ষা বোর্ড মাঠে রেখেছে ১৬টি ভিজিলেন্স টিম এবং একটি কন্ট্রোল রুম। পরীক্ষাগুলোর সবগুলোতেই পূর্ণ নম্বর ও পূর্ণ সময় বরাদ্দ রাখা হয়েছে। পরীক্ষা চলাকালীন ১৩ মে পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

এদিকে, পরীক্ষার দিন বরিশালের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার এবং জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। তাঁরা বরিশাল জিলা স্কুল, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন এবং সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

পরীক্ষার্থীরা জানান, লিখিত প্রশ্ন সহজ হলেও এমসিকিউ কিছুটা কঠিন ছিল। তবে অধিকাংশ পরীক্ষার্থী আশাবাদী যে, তারা ভালো ফল করবে। অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরেছে প্রশ্নফাঁসের গুজবহীন প্রথম দিন দেখে।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




কলাপাড়ায় চাল বিতরণ নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে জেলেদের মধ্যে চাল বিতরণকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধে যুবদলের এক নেতাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত রাকিব বিশ্বাস (৩০) ধুলাসার ইউনিয়ন যুবদলের ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক। বুধবার রাত ৯টার দিকে বাবলাতলা বাজারসংলগ্ন বালুর মাঠে এ হামলার ঘটনা ঘটে।

রাকিব বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের মধ্যে ৮০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক চাল বিতরণে অনিয়ম করেন এবং প্রতি ব্যক্তির কাছ থেকে ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আদায় করেন।

এই বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে রাকিবসহ কয়েকজন ছাত্রদল নেতা সেখানে উপস্থিত হন। এর জেরে চাল বিতরণ বন্ধ হয়ে যায় এবং আবু বক্করের সঙ্গে রাকিবের কথাকাটাকাটি হয়।

পরে রাতে রাকিবকে কথা বলার কথা বলে বালুর মাঠে ডেকে নেন ধুলাসার ইউনিয়ন যুবদলের ৩ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক ওসমান গাজী। সেখানে লাঠি, পাইপ ও হাতুড়ি দিয়ে রাকিবের ওপর হামলা চালানো হয়। হামলায় অংশ নেন যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী—যাদের মধ্যে রয়েছেন পিন্টু, সিদ্দিক, আল-আমিন, আবু বক্কর, মহিব, জালাল উদ্দিন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা ও ছাত্রদল সদস্য নাঈম ফরাজী। হামলাকারীরা রাকিবকে মারধরের পর সংজ্ঞাহীন অবস্থায় তার বাড়ির সামনে ফেলে রেখে যান।

তবে অভিযুক্ত আবু বক্কর বলেন, “তার সঙ্গে আমার কোনো কথাই হয়নি। মারধরের বিষয়েও কিছু জানি না।” যুবদল নেতা পিন্টুও ঘটনার বিষয়ে অস্বীকৃতি জানান।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মো: আল-আমিন, স্টাফ রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পোশাক রপ্তানিতে শীর্ষে উঠতে প্রস্তুত বাংলাদেশ : কোরিয়ান ইপিজেড-এর প্রতিষ্ঠাতা কিয়াক সুং

বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে শীর্ষস্থান অর্জনের দৌড়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সুনির্দিষ্ট পরিকল্পনা, কৌশল ও সংস্কারকে পুঁজি করে। কোরিয়ান ইপিজেড-এর প্রতিষ্ঠাতা কিয়াক সুং সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত ২০২৫ সালের বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনে মূল বক্তা হিসেবে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। তবে একক দেশ হিসেবে এক নম্বরে ওঠার সকল সম্ভাবনা বাংলাদেশের রয়েছে। এজন্য প্রয়োজন সময়োপযোগী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ এবং দক্ষ মানবসম্পদ।’

রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘টেক্সটাইল ও পোশাক’ বিষয়ক এক সেশনে কিয়াক সুং “বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শীর্ষক একটি উপস্থাপনা প্রদান করেন। এ সময় তিনি বাংলাদেশে নতুন করে বিনিয়োগের সম্ভাবনা, নীতিগত সহায়তা, এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, স্থানীয়ভাবে হাতে তৈরি সুতা উৎপাদনের সুবিধা গড়ে তোলা এখন সময়ের দাবি। এতে করে দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলো কাঁচামালের সহজ প্রাপ্তি নিশ্চিত করতে পারবে এবং উৎপাদন ও রপ্তানি উভয় ক্ষেত্রেই গতি আসবে।

কিয়াক সুং আরও বলেন, ‘বন্ডেড গুদামের সংখ্যা বাড়াতে হবে, যাতে আমদানিকৃত কাঁচামাল দ্রুত সরবরাহ করা সম্ভব হয়। এতে উৎপাদকরা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারবেন।’

বাণিজ্যনীতিতে সাম্প্রতিক কিছু ইতিবাচক পরিবর্তনের প্রশংসা করে তিনি জানান, ‘ট্রাম্প আমলে আরোপিত শুল্ক নীতির সাময়িক স্থগিতাদেশ বাংলাদেশকে কিছুটা স্বস্তি দিয়েছে, যার কৃতিত্ব বাংলাদেশ সরকারের দ্রুত পদক্ষেপে।’

এসময় ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে তিনি মূল্য সংযোজন ও উচ্চমূল্যের পোশাক উৎপাদনের দিকে নজর দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘সস্তা পোশাক উৎপাদন এখন আর একমাত্র ভরসা হতে পারে না। টিকে থাকতে হলে উচ্চমানের পণ্য এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে।’

এই সেশনে বিজিএমইএ-এর প্রশাসক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেনও বক্তব্য রাখেন। তিনি বাংলাদেশের টেক্সটাইল খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন।

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



“পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করুন, নেতৃত্ব গঠন হবে”: পিবিপ্রবি উপাচার্য

পিরোজপুর সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশের জন্য ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা প্রদর্শন করতে পারে এবং আত্মবিশ্বাস অর্জন করে। সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম আমাদের ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণ করে, যা আমাদের সমাজের বাস্তব চিত্র তুলে ধরে।”

অধ্যাপক শহীদুল ইসলাম শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, “তোমরা দেশের আগামী দিনের নেতৃত্ব দেবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং অন্যান্য সহ-শিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে তোমরা নেতৃত্বের গুণাবলি অর্জন করবে।”

এছাড়া তিনি সামাজিক মাধ্যমের অপব্যবহার থেকে দূরে থাকার জন্য পরামর্শ দেন এবং স্বাস্থ্য সচেতনতা বজায় রেখে নিজেকে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ এবং বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য পিরোজপুরবাসীর সহযোগিতা কামনা করেন।

নারী শিক্ষায় পিরোজপুর সরকারি মহিলা কলেজের ভূমিকার প্রশংসা করে উপাচার্য কলেজ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় এবং সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সড়ক সংস্কারের দাবিতে নলছিটিতে খোজাখালি-পোলেরহাট সড়ক অবরোধ

ঝালকাঠির নলছিটি উপজেলায় দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া খোজাখালি-পোলেরহাট সড়ক অবশেষে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সড়কটির সংস্কারের দাবিতে স্থানীয় ভ্যান, ইজিবাইক চালক ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

প্রায় ১,৬৫০ মিটার দীর্ঘ এই সড়কটির সিসি নির্মাণের জন্য ২০২০ সালে নলছিটি পৌরসভার পক্ষ থেকে ‘গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০২’ এর আওতায় ১ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুগন্ধা এন্টারপ্রাইজ কেবল মাত্র ৩০০ মিটার রাস্তার কাজ সম্পন্ন করে বাকি কাজ ফেলে রাখে। এরপর গত পাঁচ বছরেও কোনো অগ্রগতি হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রকল্পের অধিকাংশ বিল উঠিয়ে নিলেও কাজ সম্পন্ন করেনি। সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন পথচারী ও যাত্রীরা।

নলছিটি পৌরসভা থেকে সহকারী প্রকৌশলী মিজানুজ্জামানের স্বাক্ষরে দুই দফা চিঠি পাঠানো হলেও তাতেও কাজ শুরু হয়নি। পূর্বে একাধিকবার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেও কোনো সাড়া না পেয়ে অবশেষে সড়ক অবরোধের পথ বেছে নেন স্থানীয়রা।

প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধে সড়কের দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, যার দৈর্ঘ্য ছিল প্রায় এক কিলোমিটার। পরে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে অভ্যন্তরীণ কোন্দলে নড়বড়ে বিএনপির ঘাঁটি

বরিশাল সদর আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত হলেও, সাম্প্রতিক সময়ে দলীয় কোন্দল ও নেতৃত্বের দ্বন্দ্বে সেই ভিত এখন দুর্বল হয়ে পড়ছে। অভ্যন্তরীণ বিভাজনের সুযোগে রাজনৈতিক ময়দানে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি ঘরানার কয়েকটি দল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় ঐক্যের অভাব ও নেতৃত্বের দ্বিধাদ্বন্দ্ব না কাটাতে পারলে আগামী জাতীয় নির্বাচনে সদর আসন হারানোর ঝুঁকিতে পড়বে বিএনপি। অতীতে এই আসন থেকে বিএনপি একাধিকবার জাতীয় ও স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছে। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে দলের প্রার্থীরা সদর আসনে বিজয়ী হন। এমনকি এরশাদ আমলের অস্থির সময় এবং ১/১১ পরবর্তী পরিস্থিতিতেও এই আসন ধরে রেখেছিল দলটি।

কিন্তু বর্তমানে দলে নেতৃত্বের প্রতিযোগিতা, গ্রুপিং, এবং ব্যক্তিস্বার্থকে কেন্দ্র করে তৈরি হওয়া বলয় রাজনীতিকে জটিল করে তুলেছে। দলের ভেতরে দ্বন্দ্ব এতটাই প্রকট যে, সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটেছে। সর্বশেষ আদালতপাড়ায় সাংবাদিকদের ওপর হামলা এবং গাড়ি পোড়ানোর ঘটনাও শহরে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন বলেন, “৫ আগস্টের ঘটনার পর আমাদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। যদি এখনই ঐক্য ফিরিয়ে আনা না যায়, সদর আসনটি হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।”
বিএনপি কর্মী মো. ঝুনু বলেন, “সদর আসন বিএনপির শক্ত ঘাঁটি হলেও, এখন কোন্দলের সুযোগ নিচ্ছে ইসলামিক রাজনৈতিক দলগুলো।”

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং মহানগরের সাবেক সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেন, “যোগ্য নেতৃত্বের অভাবেই বিভিন্ন গ্রুপের সৃষ্টি হচ্ছে। বর্তমান নেতৃত্ব ঐক্য ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, মনোনয়ন চূড়ান্ত হলে দলের সব স্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে প্রার্থীকে বিজয়ী করবেন।

এদিকে, জামায়াতে ইসলামী ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বরিশালে সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে। জামায়াতের মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর বলেন, “আমরা জনগণের ওপর নির্ভর করে রাজনীতি করি, অন্য দলের কোন্দল আমাদের লক্ষ্য নয়।”
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মহানগর সভাপতি প্রফেসর মো. লোকমান হাকিম বলেন, “বরিশালের মানুষ আমাদের সঙ্গে রয়েছে, এবং আমরা জনগণের ভালোবাসা নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছি।”

বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আক্তার উদ্দিন বলেন, “রাজনৈতিক বিভাজন সাধারণ মানুষের আস্থাকে কমিয়ে দেয়। জনগণ নিরপেক্ষ, সুষ্ঠু এবং শক্তির প্রভাবমুক্ত নির্বাচন চায়।”


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে এসএসসি পরীক্ষা: কেন্দ্র পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিসি

 


সারাদেশের মতো বরিশালেও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনেই কেন্দ্র পরিদর্শনে যান বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার ও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে তারা প্রথমে বরিশাল জিলা স্কুল ও সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ এবং অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শনের সময় তারা পরীক্ষার কক্ষ ঘুরে দেখেন, সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজ-খবর নেন। জেলা প্রশাসক পরবর্তীতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ৯৫টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬৭টি এসএসসি, ১৭টি দাখিল এবং ১১টি ভোকেশনাল কেন্দ্র। এসব কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৫,৫৪৫ জন, যার মধ্যে ১৯,১১০ জন ছাত্র ও ১৬,৪৩৫ জন ছাত্রী।

বরিশাল বোর্ডের ছয় জেলার ১,৪৯১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার অংশ নিচ্ছেন ৮৪,৩০৩ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৩৯,৩৩৫ জন এবং ছাত্রী ৪৪,৯৬৮ জন। পরীক্ষার সুষ্ঠু পরিচালনা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে বোর্ড গঠন করেছে ১৬টি ভিজিলেন্স টিম ও একটি কন্ট্রোল রুম।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম