গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০টি দোকান, ক্ষতি ২০ লাখ টাকার বেশি

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার (১২ এপ্রিল) ভোররাত ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল ফলের দোকান, মুদি, সেলুন, বাস কাউন্টার, স্টেশনারি, খাবার ও চায়ের দোকান। প্রত্যক্ষদর্শীরা জানান, গলাচিপা সরকারি কলেজের পূর্ব পাশে কলেজ রোডসংলগ্ন দোকানগুলোতে প্রথমে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান।
গলাচিপা ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, “সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। প্রায় ৮০ লাখ টাকার মালামাল উদ্ধার করা গেলেও আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
ঘটনাস্থল পরিদর্শন করেছেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নাসিম রেজা। তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে দ্রুতই সরকারি সহায়তা দেওয়া হবে।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ব্যবসায়ীরা অনিশ্চয়তার মুখে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
মো: আল-আমিন।








