জুনের মধ্যে নির্বাচনের বিষয়ে একমত নয় বিএনপি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। এর বাইরে অন্য কোনো সময়ে নির্বাচন অনুষ্ঠানের বিরুদ্ধে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।

আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার যে তাগিদ দিয়েছেন, তার সঙ্গে একমত নয় বিএনপি।

শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও সদস্য বদিউল আলম মজুমদার বৈঠক করেন। সেখানে প্রধান উপদেষ্টা এ তাগিদ দেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে জানিয়েছে। এরপর রাতে বিএনপির বিভিন্ন সংস্কার প্রস্তাব তৈরির সঙ্গে যুক্ত সালাহ উদ্দিন আহমদ প্রথম আলোকে এ প্রতিক্রিয়া জানান।

এর আগে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। তখন সালাহ উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘যদি তিনি (প্রধান উপদেষ্টা) এ কথা বলে (ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য) থাকেন, তাহলে সেটাকে আমরা পজিটিভলি দেখছি।’

তবে সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘আমরা মনে করি, উনি ডিসেম্বরে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানাবেন, নির্দেশনা দেবেন এবং যথাযথ প্রক্রিয়ায় জাতির সামনে সে ঘোষণা দেবেন।’

পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বক্তব্য সংশোধন করে জানানো হয়, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এ বিষয়ে পরে সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার তাগিদের বিষয়ে আমরা একমত নই। আমরা এ বছরের ডিসেম্বরের আগে নির্বাচন দাবি করি। আশা করি, তিনি আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে নির্দেশনা দেবেন।’

বিএনপির এই নেতা আরও বলেন, প্রধান উপদেষ্টা যদি ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে থাকেন, তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তাঁদের সিদ্ধান্ত নিতে হবে, তাঁরা কোনো কর্মসূচি দেবেন কি না।

সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘আগামী ১৬ এপ্রিল আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বসব। আমরা জানতে চাইব, আসলে উনি কী চাইছেন।’




৩৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে ভারতীয় জাহাজ চট্টগ্রাম বন্দরে

ভারত থেকে আরও ৩৬ হাজার ১ শ’ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ফ্রসো নামের একটি জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।বাসস

শনিবার (১২ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৭) ভারত থেকে ৩৬ হাজার ১ শ’ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ফ্রসো কে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট পাঁচ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে নয়টি প্যাকেজে মোট চার লাখ ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক তিন লাখ ১৭ হাজার ছয় শ’ ১৯ টন চাল দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।




টাইমস অব ইসরায়েলে নেতানিয়াহুর ছবি পেটানোর খবর




জাতীয় নির্বাচনের লক্ষে সংস্কার কার্যক্রম দ্রুত করার তাগিদ প্রধান উপদেষ্টার




সাগরে মাছ ধরতে চাঁদার অভিযোগে জেলে নিখিলের নিরাপত্তাহীনতা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সাগর মোহনায় মাছ ধরতে গিয়ে চাঁদা দিতে বাধ্য হওয়ার অভিযোগ তুলেছেন এক জেলে। শনিবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিখিল হাওলাদার নামের ওই জেলে চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মুন্সির বিরুদ্ধে এসব অভিযোগ করেন। তিনি দাবি করেন, নজরুল ইসলাম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরেই মাছ ধরার নামে চাঁদা আদায় করে আসছেন এবং যারা চাঁদা দিতে অস্বীকৃতি জানায়, তাদের ওপর নেমে আসে হুমকি, ভয়ভীতি এমনকি প্রাণনাশের চেষ্টা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিখিল হাওলাদার জানান, তিনি দীর্ঘদিন ধরে সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে নজরুল ইসলাম মুন্সি ও তার লোকজন তার কাছ থেকে প্রতি জোবায় ৩০ হাজার টাকা করে চাঁদা দাবি করতে থাকেন। বাধ্য হয়ে প্রথমবার ২০ হাজার টাকা দেন তিনি। এরপর নজরুল নিজে ১০ হাজার টাকা এবং তার আত্মীয় হাবিব হাওলাদার আরও ১৪ হাজার টাকা নেন। পরে ৪ এপ্রিল মাছ ধরতে গেলে আবারো ২০ হাজার টাকা দাবি করা হয়। কিন্তু তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার মাছ ধরার ট্রলারটি জোর করে নিয়ে যাওয়া হয়।

পরদিন তিনি স্থানীয়দের কাছে বিষয়টি জানালে তারা তার বক্তব্য ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলাম ও তার লোকজন নিখিলের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে মারধরের হুমকি দেন। এমনকি তাকে জোর করে মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করে একটি ভিডিও ধারণ করে নেয়া হয়। তিনি বিষয়টি রাঙ্গাবালী থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানান। বর্তমানে প্রাণনাশের আশঙ্কায় তিনি বাড়ি ফিরতে পারছেন না, তার পরিবারও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ প্যাদা, ইউপি সদস্য হাজী মো. মিজানুর রহমান গাজী, ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারেফ হোসেন, দীপরাজ মজুমদারসহ স্থানীয় কয়েকজন নেতা।

অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন নজরুল ইসলাম মুন্সি। তিনি দাবি করেন, জেলে নিখিল অবৈধভাবে পোনা ধরে খুলনাতে বিক্রি করেন। দাদন দেওয়া মহাজনদের সঙ্গে তার বিরোধ রয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিহিংসা থেকে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। তিনি আরও বলেন, জাক করা ও অবৈধভাবে মাছ ধরতে নিষেধ করায় তাকে অপবাদ দেওয়া হচ্ছে।

রাঙ্গাবালী থানার ওসি মো. এমারত হোসেন বলেন, নিখিল হাওলাদার থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। দুই পক্ষকেই ডাকা হয়েছিল, তবে নিখিল পরে আর থানায় আসেননি এবং মীমাংসার ইচ্ছার কথাও জানান।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পহেলা বৈশাখ ঘিরে বাউফলের পাল পাড়ায় মৃৎশিল্পীদের প্রাণচাঞ্চল্য

পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী পাল পাড়ায় পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। শত বছরের পুরনো এই শিল্পপল্লীতে এখন চলছে দিনরাত কর্মযজ্ঞ। কারো হাতে মাটি, কারো হাতে রঙ, আবার কেউ আগুনে পোড়াচ্ছেন তৈরি সামগ্রী—চিত্রটা যেন এক বিশুদ্ধ শিল্পমেলায় রূপ নিয়েছে।

এই এলাকায় প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে মৃৎশিল্পের চর্চা। মাটির তৈরি ডিনার সেট, হাঁড়ি-পাতিল, খেলনা, দেব-দেবীর মূর্তি ছাড়াও এখন তৈরি হচ্ছে আধুনিক ঘরানার প্লেট, বাটি, গ্লাস, মগ ও বিভিন্ন শোপিস। বৈশাখ এলে এসব পণ্যের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়, ফলে স্থানীয় হাট-বাজার ও মেলাগুলোতে সরবরাহের জন্য ব্যস্ত সময় কাটাতে হয় শিল্পীদের।

মৃৎশিল্প শ্রমিক মো. নিজাম মোল্লা জানান, “প্রায় ১৫ বছর ধরে এ পেশায় কাজ করছি। বৈশাখ এলেই অর্ডারের চাপ বেড়ে যায়। এখন প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে হচ্ছে।”

তরুণ উদ্যোক্তা হৃদয় রায় বলেন, “পহেলা বৈশাখ এবার ঈদের পরে হওয়ায় আমাদের প্রস্তুতির সময় পেয়েছি। তাই অনলাইন এবং অফলাইনে ভালো সাড়া পাচ্ছি। প্রতিদিন প্রায় ১০০টিরও বেশি কার্টন ডেলিভারি যাচ্ছে, বিশেষ করে ঢাকার গুলশান, চট্টগ্রাম ও সিলেটে আমাদের পণ্যের চাহিদা বেশি।”

বরুণ মৃৎশিল্পের কর্ণধার বরুণ পাল জানান, “চার দশক ধরে এই পেশার সঙ্গে আছি। বৈশাখ এলেই টার্গেট অনুযায়ী প্রস্তুতি শুরু করি। এবারও সারাদেশ থেকে পাইকাররা এসে পণ্য নিচ্ছেন। আমরা কয়েকটি মেলাতেও অংশ নেব।”

বাউফলের পাল পাড়ার এই মৃৎশিল্প শুধু গ্রাম নয়, ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। বৈশাখ তাদের জন্য যেমন উৎসব, তেমনি উপার্জনের সুবর্ণ সময়ও।

মো. আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বাউফলে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বাবুরহাট এলাকা থেকে গাঁজাসহ মো. আলামিন (২৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) রাতের এই অভিযানে তার বাড়ি থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আলামিন ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আ. হালিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আলামিন স্থানীয় রাজনৈতিক সংগঠন জিয়া মঞ্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বাবুরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আলামিনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।”

পুলিশ জানায়, আলামিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরে তাকে পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়দের অনেকে বলেন, আলামিনের বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ থাকলেও কেউ মুখ খুলতে সাহস পায়নি। এবার পুলিশের অভিযানে তার গাঁজাসহ গ্রেপ্তারের খবরে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।

মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বরিশালে ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে ক্যাথলিক চার্চ পরিদর্শনে ভ্যাটিকান রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র্যান্ডাল বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ক্যাথলিক চার্চ পরিদর্শন করেছেন। ধর্মীয় সৌহার্দ্য ও আন্তরিকতা বাড়াতে শনিবার (১২ এপ্রিল) সকাল থেকে তিনি এ সফরে অংশ নেন।

বাহ্যিক আড়ম্বর ও প্রচারণা পরিহার করে রাষ্ট্রদূত আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় সফরসঙ্গীদের নিয়ে প্রথমে গৌরনদী বাসস্ট্যান্ডসংলগ্ন ক্যাথলিক চার্চে যান। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান চার্চের ফাদার ফ্রান্সিস লিটন গোমেজ। পরে তিনি চার্চের আশ্রম, সিস্টারদের বাসস্থান ঘুরে দেখেন এবং স্থানীয় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে ধর্মীয় আলোচনা ও প্রার্থনায় অংশগ্রহণ করেন।

পরবর্তীতে রাষ্ট্রদূত আগৈলঝাড়া উপজেলার ঘোড়ারপাড় ক্যাথলিক চার্চে গিয়ে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এই সফরে আর্চবিশপ কেভিন র্যান্ডালের সঙ্গে আরও উপস্থিত ছিলেন পিএমএস ইউএসএ’র জাতীয় পরিচালক মনস রজার জোসেফ ল্যান্ডি, নুনসিও’র সেক্রেটারি ফাদার বেলিসারিও সিরো মন্টোয়া এবং ভিয়েতনামের ফাদার ট্রাই ট্যাং ফামসহ অন্যান্য আন্তর্জাতিক অতিথিবৃন্দ।

এই সফরটি বাংলাদেশের ধর্মীয় সহনশীলতা ও আন্তঃধর্মীয় বন্ধুত্বের একটি সুন্দর উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে বিএনপি অফিসে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বরিশালে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা টিপু সুলতানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঠাকুরমল্লিক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. নাসির উদ্দিন।

গ্রেপ্তারকৃত টিপু সুলতান বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তিনি ঠাকুরমল্লিক গ্রামের বাসিন্দা এবং আব্দুল মালেক মাস্টারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বরিশাল জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৩২০ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে আওয়ামী লীগ নেতা টিপু সুলতানের।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বাংলাদেশের মানুষের হৃদয়ে গেঁথে আছে ফিলিস্তিন- সোহরাওয়ার্দীতে আজহারি

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের ভালোবাসা ফুটে ওঠে

ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।

শনিবার (১২ এপ্রিল) ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে হাজারো মানুষের ঢল নামে। এসময় উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি।

সমাবেশে অংশ নিয়ে মিজানুর রহমান আজহারি বলেন, “আজকের এই জনসমুদ্র প্রমাণ করে, বাংলাদেশের মানুষের হৃদয়ে গেঁথে আছে ফিলিস্তিন। আল-আকসার প্রতি, ফিলিস্তিনিদের প্রতি আমাদের ভালোবাসা অগাধ।”

তিনি আরও বলেন, “ভৌগলিকভাবে আমরা দূরে থাকতে পারি, কিন্তু অনুভব করি যেন ফিলিস্তিন আমাদের ভেতরেই রক্ত হয়ে বইছে। ইসরায়েলি হামলায় আমাদের ভাই শহীদ হচ্ছে—এই অন্যায়ের জবাব জাতিসংঘকে দিতে হবে।”

আজহারি কর্মসূচিতে উপস্থিত সবাইকে স্লোগানে মুখরিত করতে আহ্বান জানান। বাংলা ও ইংরেজি ভাষায় তার কণ্ঠে বারবার উঠে আসে:
“আমার ভাই শহীদ কেন—জাতিসংঘ জবাব চাই”
“ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আল আকসা”
“ওয়ান টু থ্রি ফোর—জেনোসাইড নো মোর”
“ফ্রম দ্য রিভার টু দ্য সি—প্যালেস্টাইন উইল বি ফ্রি”

এই কর্মসূচি বাংলাদেশের জনগণের মধ্যে ফিলিস্তিন ইস্যুতে গণজাগরণ ও সংহতির আরেকটি স্পষ্ট উদাহরণ হয়ে উঠেছে। বক্তারা বলেন, আন্তর্জাতিক মহলের উচিত অবিলম্বে এই গণহত্যা থামিয়ে শান্তি প্রতিষ্ঠা করা।


“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম