বিনিয়োগ সম্মেলনের সাফল্য অর্জিত না হলে তা দু:খজনক

বিনিয়োগ সম্মেলনের সাফল্য অর্জিত না হলে তা দু:খজনক হবে, এমনটি জানিয়েছে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)। দলটি উদ্বেগ প্রকাশ করেছে যে, মধ্যম আয়ের দেশ হবার পরিকল্পনা থেকে সরে না আসলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন থেকে কোনো ফলপ্রসূ সুবিধা পাবে না।
রোববার (১৩ এপ্রিল) ঢাকার বিজয় নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “বাংলাদেশ যদি ২০২৬ সালের নভেম্বরে মধ্যম আয়ের দেশে পরিণত হতে চায়, তবে এ লক্ষ্য অর্জন সম্ভব হবে না যদি বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশে বড় ধরনের পরিবর্তন না আনা হয়।”
তিনি আরও বলেন, গত রেজিমের দেওয়া মিথ্যা তথ্যের কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং দেশী-বিদেশী বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে। সঠিক তথ্যের ভিত্তিতে দেশের অর্থনীতি ও ব্যবসা ক্ষেত্রের স্বচ্ছতা আনা জরুরী।
এবি পার্টির চেয়ারম্যান এই সংবাদ সম্মেলনে বলেন, বিনিয়োগ সম্মেলন সফল করার জন্য দেশে এবং বিদেশে বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও কার্যকর পরিবেশ তৈরি করতে হবে। স্থানীয় বাজারের সক্ষমতা, অবকাঠামোগত সুবিধা, কর-ভ্যাট সিস্টেম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধান করা দরকার।
মঞ্জু আরও জানান, “এলডিসি গ্রাজুয়েশন যদি চালিয়ে যাওয়া হয়, তবে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের মনোভাব পরিবর্তিত হতে পারে। তাই এবি পার্টি মনে করে যে, সরকারকে এই উদ্যোগ স্থগিত রাখতে হবে।”
সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








