বাউফলে ৯টি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী ৯টি গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

রবিবার (১৩ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলার ল্যাঙড়া মুন্সির পুল এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার মৃধা, সাংগঠনিক সম্পাদক মজিবর আকন এবং স্থানীয় আটোরিকশা চালক মো. রহিম হোসেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দাশপাড়া ইউনিয়নের অন্তর্গত ৯টি সড়ক খানাখন্দে ভরে গেছে। বর্ষার সময় হলে এসব সড়কে চলাচল করা যেন মৃত্যুর ঝুঁকি নিয়ে পথ চলার মতো। রোগী, শিক্ষার্থী ও বৃদ্ধরা প্রতিনিয়ত বিপাকে পড়ছেন। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে গন্তব্যে পৌঁছানো দুঃসাধ্য হয়ে পড়ছে। এরই মধ্যে একাধিক দুর্ঘটনার শিকার হয়েছেন অনেক পথচারী ও যানবাহনের যাত্রীরা।

তারা আরও বলেন, বর্ষা মৌসুমের আগেই যদি এই সড়কগুলো সংস্কার না করা হয়, তাহলে পুরো এলাকার মানুষ দুর্ভোগে পড়বে। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে বাউফল উপজেলা এলজিইডির প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, “বিভিন্ন সড়ক মেরামতের জন্য আমরা তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। প্রকল্প অনুমোদন পেলেই সংস্কার কাজ শুরু হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সদস্য গ্রেফতার

বরিশালের বানারীপাড়ায় ভয়ঙ্কর প্রতারকচক্র ‘শয়তানের নিঃশ্বাস’-এর এক সক্রিয় সদস্য খোকন শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে বানারীপাড়া বন্দর বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি সকালে বানারীপাড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোসাম্মৎ নয়ন বেগমকে কৌশলে প্রতারণার ফাঁদে ফেলে খোকন শিকদার। তিনি ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে নয়ন বেগমের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা এবং কানের দুলসহ স্বর্ণালংকার হাতিয়ে নেন। পরবর্তীতে নয়ন বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শনিবার দুপুরে নয়ন বেগম নিজেই অভিযুক্ত খোকনকে বন্দর বাজারে চিনে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খোকন শিকদারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে খোকন স্বীকার করেন যে, তিনি ‘শয়তানের নিঃশ্বাস’ নামে একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া ৬নং ওয়ার্ডে। তিনি ওই এলাকার গণি শিকদারের ছেলে।

রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




দূর্যোগ জয় করে বরিশালে প্রায় ৩ লাখ টন আলু উৎপাদন, তবু হতাশ কৃষকরা

প্রাকৃতিক প্রতিকূলতা ও খরার মাঝেও বরিশাল কৃষি অঞ্চলে এবার প্রায় ৩ লাখ টন গোলআলু উৎপাদিত হয়েছে। কিন্তু মৌসুম জুড়ে দাম কম থাকায় হতাশায় ভুগছেন এখানকার কৃষকরা। উৎপাদন বাড়লেও বাজারে গোলআলুর দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলে প্রায় ১২ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। যদিও গত বছরের তুলনায় উৎপাদনের পরিমাণ কিছুটা বেশি, তবুও গড় ফলন কমেছে সামান্য—২৪.৭৮ টনের জায়গায় এবার হয়েছে ২৪.৭৬ টন।

বরিশাল অঞ্চলে গত বছরের মতো এবারও রবি মৌসুমে তেমন বৃষ্টিপাত হয়নি। বরং নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিল স্বাভাবিকের চেয়ে ৮০-৯০ শতাংশ কম। এর ফলে রবি মৌসুমে অধিকাংশ ফসলের ফলনেই প্রভাব পড়ে।

স্থানীয় কৃষকরা জানান, মাঠে আলুর ফলন ভালো হলেও পাইকারি বাজারে তারা ৭-১০ টাকার বেশি দরে আলু বিক্রি করতে পারছেন না। এতে খরচের টাকা উঠে আসছে না, উল্টো লোকসানে পড়তে হচ্ছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত উন্নত জাতের বীজ ব্যবহারে এবং সঠিক প্রযুক্তি প্রয়োগে হেক্টরপ্রতি ৩০ টন পর্যন্ত আলু উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইতোমধ্যে বারি উদ্ভাবিত ‘হিরা’, ‘আইলসা’, ‘ডায়মন্ট’, ‘কার্ডিনাল’, ‘চমক’, ‘ধীরা’, ‘গ্রানোলা’, ‘বিনেলা’সহ একাধিক উন্নত জাত মাঠ পর্যায়ে পরীক্ষিত হয়েছে।

২০১০-১১ অর্থবছরে বরিশাল অঞ্চলে ১০ হাজার ৬০৫ হেক্টরে আলুর আবাদ হয়েছিল। ২০১১-১২ সালে সেই পরিমাণ বেড়ে উৎপাদন গিয়ে দাঁড়ায় ২.৩৬ লাখ টনে। চলতি বছর ১২ হাজার হেক্টর আবাদ করে প্রায় ২ লাখ ৮১ হাজার টন আলু উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন ডিএই কর্মকর্তারা। তবে কৃষক পর্যায়ে দাম কমে যাওয়ায় প্রকৃত আয় কমে গেছে।

কৃষি বিশ্লেষকদের মতে, ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে এবং উন্নত জাতের বীজ সরবরাহ ও প্রযুক্তি সম্প্রসারণ করা হলে বরিশাল অঞ্চলেই আলু উৎপাদন দেড়গুণ বাড়ানো সম্ভব।


প্রতিবেদন: মো. তুহিন হোসেন,




বরিশালে খেয়াঘাটের ইজারা বাতিলসহ ১৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন

বরিশালের কীর্তনখোলা (বেলতলা) খেয়াঘাটের ইজারা বাতিলসহ ১৮ দফা দাবি জানিয়েছে চরমোনাই ইউনিয়নের সর্বস্তরের জনগণ। এই দাবিতে রবিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় ইউপি সদস্য মো. মামুন। তিনি জানান, বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। কিন্তু এই ঘাটে ইজারাদারেরা সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন, যা সাধারণ যাত্রীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, কোনো অভিযোগ করলেও প্রতিকার মিলছে না। বরং ইজারাদারেরা পেশিশক্তি দেখিয়ে নানা অনিয়ম করে যাচ্ছেন এবং জেলা পরিষদের কোনো নিয়ম মানছেন না।

সংবাদ সম্মেলনে ঘোষিত ১৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো:

  • খেয়াঘাটের ইজারা বাতিল করে উন্মুক্ত ঘোষণা
  • ইজারা বাতিল না হওয়া পর্যন্ত যাত্রী ভাড়া নির্ধারণ:
    • জনপ্রতি ৩ টাকা
    • মোটরসাইকেল ১০ টাকা
    • তিনচাকার বাহন ১৫ টাকা
    • বাইসাইকেল (চালকসহ) ৭ টাকা
    • গরু-মহিষ ১৫ টাকা
  • ছাত্র, ইমাম, প্রতিবন্ধীদের জন্য ভাড়া মওকুফ
  • অতিরিক্ত ভাড়া আদায়ে আইনি ব্যবস্থা
  • প্রতি ৫ মিনিট পরপর ট্রলার ছাড়ার ব্যবস্থা
  • পৃথকভাবে মানুষ ও পশু পরিবহনের নিয়ম
  • যাত্রী ছাউনি, বিশুদ্ধ পানি, নারী-সুলভ টয়লেট এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ

সংবাদ সম্মেলনে সৈয়দ মো. মাসুম বিল্লাহ, আবু হানিফ, খন্দকার রাকিব, সাহবুদ্দিন হাওলাদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন বলেন, “ঘাটটি নিয়মিতভাবে ইজারা দেওয়া হয়ে থাকে। তবে ইজারাদারের কোনো অনিয়ম ধরা পড়লে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ পুনর্বহাল

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশের পাসপোর্টে পুনরায় ‘এক্সসেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ব্যতীত) শব্দ দুটি পুনর্বহাল করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সূত্রে বিষয়টি জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ ঢাকা পোস্টকে বলেন, পাসপোর্টে নতুন করে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বিষয়টি বহাল করা হয়েছে। এ নিয়ে গত ৭ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।




নির্বাচিত সরকারের বিকল্প আপনারা হতে পারেন না : সালাহ উদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য উপদেষ্টা ফরিদা আখতারকে উদ্দেশ্য করে বলেছেন, “আপনারা নাকি নির্বাচিত হয়েছেন, জনগণ নাকি গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনাদেরকে নির্বাচিত করেছে। তাহলে এদেশে ইলেকশন কমিশন আছে কেন? যদি রাস্তার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়, সেটা অবশ্যই এদেশের মানুষের কামনা। কিন্তু নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। আপনারা তো অনির্বাচিত, এটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে।”

রোববার (১৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্রের বিপরীতে যাত্রা?
সালাহ উদ্দিন আহমেদ আরও বলেন, “গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টো দিকে যাত্রা শুরু করবেন, নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন, এটা কি গণতন্ত্রের জন্য শুভ? গণঅভ্যুত্থানের জনআকাঙ্খা এবং প্রত্যাশা কি এটি ছিল?”

তিনি বলেছিলেন, “যখনই আমরা প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত নির্বাচনের রোডম্যাপের জন্য দাবি করি, তখনই বিভিন্ন উপদেষ্টাকে বলতে শুনি- জনগণ নাকি তাদেরকে ৫ বছরের জন্য চায়।” এছাড়াও তিনি উল্লেখ করেন, “স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে অনেক কমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, এটা কি উনি দেখেননি?”

নির্বাচন এবং গণতান্ত্রিক অধিকার
সালাহ উদ্দিন আহমেদ ফরিদা আখতারের স্বামী ফরহাদ মজহারকে উদ্দেশ্য করে বলেন, “উনি কয়েকদিন আগে বলেছিলেন নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, লুটেরাদের সাম্রাজ্য নাকি প্রতিষ্ঠা হয়। যে নির্বাচন ও ভোটাধিকারের জন্য এই দেশে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, ফ্যাসিবাদের পতন ঘটেছে, সেই নির্বাচনকে অস্বীকার করছেন?”

তিনি আরও বলেন, “এদেশের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই দেশের জনগণ এক দফার আন্দোলনে অংশ নিয়েছিল, যা গণতান্ত্রিক ছাত্র অভ্যুত্থান হিসেবে গড়েছিল। এই আন্দোলন ছিল কোনো সামাজিক বিপ্লব নয়, এটি ছিল গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য।”

গণতান্ত্রিক কাঠামোর সংস্কার
সালাহ উদ্দিন আহমেদ বলেন, “আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই দেশে ভোটাধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠা করতে চাই। আমাদের সংবিধান যেটা রোগাক্রান্ত হয়েছে, সেই সংবিধানকে যথাযথ সংস্কারের মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক সংবিধান দেখতে চাই।”

নতুন রাজনৈতিক দল এবং সম্মেলন
এ সময়, ভাসানী অনুসারী পরিষদ থেকে ভাসানী জনশক্তি পার্টি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু এবং মহাসচিবের দায়িত্ব পেয়েছেন ড. আবু ইউসুফ সেলিম।

এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন স্বপন, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা, জাগপা’র সহ সভাপতি রাশেদ প্রধান প্রমুখ।




পিরোজপুরে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ বেড়ে দ্বিগুণ

পিরোজপুরে প্রচণ্ড গরমের কারণে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে বর্তমানে রোগীর সংখ্যা দু’গুণ বৃদ্ধি পেয়েছে, যা হাসপাতালের ধারণক্ষমতার বাইরে। বিশেষ করে শিশুদের সংখ্যা বেশি হওয়ায়, বেড সংকটের কারণে মেঝেতেও চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে হাসপাতালের নার্স ও চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। রোগী ও তাদের স্বজনদের মধ্যে হাসপাতালে অপরিচ্ছন্নতা ও সেবা না পাওয়ার অভিযোগ রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের পর থেকেই জেলায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে এর তীব্রতা বেড়েছে। হাসপাতালে লোকবল সংকট এবং সেবার ঘাটতি দেখা দিয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শন করে জানা যায়, ডায়রিয়া ওয়ার্ডে ২৬টি বেডের বিপরীতে ৫২ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন রোগী ভর্তি হয়েছে, এবং ১৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এক সপ্তাহে পিরোজপুর জেলা হাসপাতালে মোট ২১৮ জন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।


মাকসুদা বেগম, যিনি সদর উপজেলার হুলারহাট গ্রাম থেকে তার মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য এসেছেন, ঢাকা পোস্টকে বলেন, “গত এক সপ্তাহ ধরে আমার মেয়ে অসুস্থ, তিন দিন ধরে হাসপাতালে ভর্তি আছি। প্রথমে বেড পাইনি, ফ্লোরে থাকতে হয়েছে। এক দিন পর বেড পেয়েছি, হাসপাতালের চাপ অনেক বেশি।”

কাউখালী উপজেলার শিয়ালকাঠি থেকে আসা রহিমা বেগম বলেন, “চার দিন ধরে আমার মেয়ে অসুস্থ, তবে আজকে হাসপাতালে এসেছি, কিন্তু বেড পাচ্ছি না। রোগীর চাপ অনেক বেশি।”

পাশের জেলা বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে আসা নাদিরা আক্তার বলেন, “এখানে দুই দিন ধরে ভর্তি আছি, কিন্তু হাসপাতাল থেকে সব ওষুধ দেওয়া যাচ্ছে না, বাইরে থেকেও কিনতে হচ্ছে।”

পিরোজপুর জেলা হাসপাতালের নার্স অঞ্জলি রায় বলেন, “ঈদের পর থেকেই রোগীর সংখ্যা বেড়েছে। আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য মাত্র একজন কর্মী রয়েছে, আর নার্সের সংখ্যাও কম। লোকবলের তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি, ফলে সেবা দিতে হিমশিম খাচ্ছি।”

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দীন বলেন, “ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা অনেক বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৫২ জন রোগী ভর্তি হয়েছে, এবং গত সাত দিনে ২১৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তবে আমাদের পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী মজুদ রয়েছে।”


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




 বৈশাখে আকাশছোঁয়া দামে ইলিশ, বরগুনায় মণপ্রতি ১.৬ লাখ টাকা!

পহেলা বৈশাখকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় ইলিশের বাজারে হঠাৎ করে লেগেছে আগুন। ১ কেজি ওজনের বেশি ইলিশ মণপ্রতি বিক্রি হচ্ছে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকায়! বাজার ঘুরে দেখা গেছে, চাহিদা অনেক বেশি হলেও ঘাটে সরবরাহ তুলনামূলকভাবে অনেক কম। ফলে দামও বাড়ছে হু-হু করে।

দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে জেলেরা প্রতিদিন মাছ নিয়ে ফিরছেন, কিন্তু তাদের ট্রলারে দেখা যাচ্ছে না কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ। একাধিক ব্যবসায়ী ও মৎস্যজীবীর দাবি, সাগর ও নদীতে ট্রলিং জাহাজের আধিক্য, অবৈধ জাল এবং জলবায়ুর প্রভাবের কারণে ইলিশ কমে যাচ্ছে। এদিকে বাংলা নববর্ষে ইলিশের ব্যাপক চাহিদা থাকায় দাম বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি।

পাথরঘাটা ঘাটের একাধিক আড়তদার জানায়, বর্তমানে—

  • ১ কেজির বেশি ওজনের ইলিশ: মণপ্রতি ১.৩-১.৬ লাখ টাকা
  • ৭০০ গ্রাম থেকে ১ কেজির নিচে: মণপ্রতি ৮০-৯৫ হাজার
  • ৫০০–৭০০ গ্রামের ইলিশ: ৩৫-৭০ হাজার টাকা
  • ছোট ইলিশ (৩০০–৪০০ গ্রাম): ২৫–৩০ হাজার টাকা

স্থানীয় জেলে মো. সেলিম বলেন, সাগরে যেসব বড় ট্রলিং জাহাজ মাছ ধরছে, তারা বাচ্চা ইলিশ নিধন করছে। এতে করে বড় ইলিশ ধরা পড়ছে না। আরেক ব্যবসায়ী জাহিদুল আলম বলেন, বৈশাখ উপলক্ষে মানুষের মধ্যে ইলিশ কেনার আগ্রহ অনেক বেশি, কিন্তু সরবরাহ নেই বললেই চলে। তাই দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।

মৎস্য গবেষক বিপ্লব কুমার সরকার বলেন, ইলিশ ডিম দেয়ার সময় পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় প্রজনন ব্যাহত হয়েছে। পাশাপাশি অতিরিক্ত জাল ও অবৈধ উপায়ে মাছ ধরা বন্ধ না হলে ইলিশ সংকট আরও ভয়াবহ হতে পারে।

অভিজ্ঞ আড়তদার মো. আব্দুর রহমান বলেন, তিনি ২০১২ সাল থেকে ব্যবসা করছেন, কিন্তু এ সময়ে এত কম ইলিশ আর এত বেশি দামে কখনও দেখেননি।
তিনি বলেন, “সাধারণ মানুষ এখন ৫০০ টাকার নিচে ইলিশ কিনতে পারে না, আর এখনকার বাজারে ২০-২৫ হাজার টাকার মাছ বিক্রি হচ্ছে ৩০-৪০ হাজারে!”

বাংলা নববর্ষের আনন্দে মানুষ ইলিশ কিনতে চাইলেও বর্তমান বাজার পরিস্থিতিতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে ইলিশ। বাজারে স্থিতিশীলতা ফেরাতে অবৈধ জাল বন্ধ এবং ইলিশের প্রজনন সুরক্ষা এখন সময়ের দাবি।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বৈচিত্র্যের মাঝেও আমরা এক পরিবার: প্রধান উপদেষ্টা ইউনূস

নানা ধর্ম, মত ও সংস্কৃতির ভিন্নতার মধ্যেও বাংলাদেশের মানুষ এক পরিবার—এ কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, পাহাড়ি ও সমতলের জনগোষ্ঠী—সবাই মিলে গড়ে তুলেছে এক অনন্য সাংস্কৃতিক ঐক্য।”

রোববার (১৩ এপ্রিল) সকালে ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে তিনি বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছাও জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলা নববর্ষ আমাদের সম্প্রীতির প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিজ নিজ রীতিতে এ উৎসব পালন করেন। এটাই আমাদের সংস্কৃতির সৌন্দর্য।”

অনুষ্ঠানে তিনি বলেন, “আন্তর্জাতিক বৌদ্ধ বিহার শুধু ধর্মীয় কেন্দ্র নয়, এটি সমাজে জনকল্যাণমূলক কাজেও ভূমিকা রাখছে। ‘সম্প্রীতি ভবন’ এই ঐতিহ্যেরই একটি নতুন অধ্যায় হবে।”

তিনি গৌতম বুদ্ধ, অতীশ দীপঙ্কর ও বাংলাদেশের প্রাচীন বৌদ্ধ বিহারগুলোর গুরুত্ব তুলে ধরে বলেন, “বৌদ্ধধর্ম সব প্রাণীর মঙ্গলের কথা বলে। শান্তি, সহমর্মিতা ও সহাবস্থানের বার্তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।”

তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক ঐক্যের প্রতীক হয়ে উঠবে এবং বিশ্ববাসীর কাছেও দেশের সৌহার্দ্যপূর্ণ ভাবমূর্তি তুলে ধরবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বরিশালে ৪২ বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা বন্ধে পুলিশের নিষেধাজ্ঞা

বরিশালের ৪২ বছরের পুরনো বৈশাখী মেলা এ বছর আর হচ্ছে না। নিরাপত্তা ইস্যুর কথা উল্লেখ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) মেলাটির অনুমতি দেয়নি। এতে হতাশা প্রকাশ করেছেন আয়োজক সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠী ও সংস্কৃতি কর্মীরা।

বিএমপি কমিশনার শফিকুল ইসলাম জানান, “নিরাপত্তার জন্য সর্বোচ্চ প্রস্তুতি থাকলেও, বৈশাখী মেলার মতো বড় আয়োজনে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। একই সময়ে সরকারি উদ্যোগে বেলস পার্কে বড় পরিসরে মেলা হচ্ছে, তাই আরেকটি মেলার নিরাপত্তা নিশ্চিত করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।”

তবে আয়োজকদের দাবি, ১৩৮৯ বঙ্গাব্দ থেকে ব্রজমোহন বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন হয়ে আসছে। প্রতিবছর তিন দিনের আয়োজন থাকলেও এবার এসএসসি পরীক্ষার কারণে ছোট পরিসরে একদিনের মেলার পরিকল্পনা নেওয়া হয়েছিল।

উদীচী বরিশালের সভাপতি অ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুন্সী বলেন, “আমরা লিখিতভাবে অনুমতির আবেদন করেছিলাম, কিন্তু কোনো ব্যাখ্যা ছাড়াই জানিয়ে দেওয়া হয়েছে যে অনুমতি দেওয়া হবে না। অথচ পহেলা বৈশাখ তো রাজনীতির কোনো ইস্যু নয়।”

উদীচী কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক বদিউর রহমান বলেন, “সারা দেশে বর্ষবরণ হচ্ছে, তাহলে বরিশালে এই ঐতিহ্যবাহী মেলা বন্ধের যুক্তি কোথায়? উদীচী মেলা চালিয়ে যাওয়ার পক্ষে। কেউ জোর করে বন্ধ করতে চাইলে সেটা তারাই করবে।”

এর আগে ৮ এপ্রিল বরিশালের কাউনিয়া এলাকায় তিলক’স গ্রুপ থিয়েটারের রামায়ণ নাটকের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, এসএসসি পরীক্ষা এবং স্থানীয়দের আপত্তির কারণেই অনুমতি দেওয়া হয়নি।

বর্ষবরণ উপলক্ষে সরকারি ব্যবস্থাপনায় বরিশালের বেলস পার্কে সপ্তাহব্যাপী মেলার আয়োজন চললেও ঐতিহ্যবাহী ব্রজমোহন বিদ্যালয় মাঠে উদীচীর মেলা বন্ধ হওয়ায় স্থানীয় সংস্কৃতি মহলে অসন্তোষ বিরাজ করছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম