মহিপুরে যুবদলের সম্মেলন, নতুন নেতৃত্বে সিদ্দিক ও মিজান

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা শাখার জাতীয়তাবাদী যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় মহিপুর সদরের মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা যুবদলের আহ্বায়ক মো. মনিরুল ইসলাম।

সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি যুবদলকে সংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজাহান পারভেজ, পৌর যুবদলের সদস্য সচিব নাসিরউদ্দিন আহমেদ রতনসহ অন্যান্য নেতারা।

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি সমর্থনে মো. সিদ্দিকুর রহমান মোল্লা সভাপতি এবং মো. মিজানুর রহমান প্যাদা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্মেলন শেষ করেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



কাউখালীতে বাল্যবিবাহের দায়ে বরের পিতাকে ১৫ দিনের কারাদণ্ড

পিরোজপুরের কাউখালীতে বাল্যবিবাহের আয়োজন করায় বরের পিতা মিলন ডাকুয়াকে (৫২) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে এই আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা।

জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে কাউখালীর বিপ্রা বাশুরী গ্রামে মিলন ডাকুয়ার বাড়িতে তার ছেলে সুব্রত ডাকুয়া (১৯) ও ভান্ডারিয়া উপজেলার ১৪ বছর বয়সী নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও পুলিশের সহায়তায় বিয়ের আসরে অভিযান চালান। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর-কনে পালিয়ে যায়।

পরবর্তীতে তদন্তে বিয়ের আয়োজনের সত্যতা পেয়ে বরের পিতাকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কাউখালী থানার ওসি মো. সোলায়মান জানান, দণ্ডপ্রাপ্ত মিলন ডাকুয়াকে শনিবার সকালে পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে।


মো: তুহিন হোসেন 




টার্মিনালে না ঢুকলেও আদায় ‘পার্কিং ফি’, ক্ষুব্ধ বরিশালের বাস চালক-শ্রমিকরা

বাস টার্মিনালে না ঢুকলেও ‘পার্কিং ফি’ দিতে বাধ্য হচ্ছেন বরিশালের দূরপাল্লার বাস চালক ও শ্রমিকরা। এতে ক্ষোভে ফুঁসছেন তারা। অভিযোগ, প্রতিদিন শত শত বাস থেকে জোর করে আদায় করা হচ্ছে ৫০ টাকা করে, যা বার্ষিক ১৪ কোটিরও বেশি টাকার অবৈধ আয়।

বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরসহ আশেপাশের জেলায় চলাচলকারী প্রায় ৮৭৪টি বাস রাজধানী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে বরিশাল নগরীর রূপাতলী এলাকা অতিক্রম করে। কিন্তু এসব বাস রূপাতলী বাস টার্মিনালে না ঢুকলেও রূপাতলী মোড়ের লিলি পেট্রোল পাম্প এলাকায় টার্মিনাল ইজারাদারের লোকজন জোরপূর্বক পার্কিং ফি আদায় করছে।

পরিবহন শ্রমিকরা জানান, কোনো যাত্রী না উঠিয়ে বা টার্মিনালে না ঢুকেও শুধুমাত্র রাস্তায় থামলেই ৫০ টাকা করে দিতে হয়। কেউ আপত্তি করলে দুর্ব্যবহার করা হয়। ঝালকাঠি, পিরোজপুর থেকে আসা বাসগুলো থেকেও টার্মিনালের বিপরীত পাশ থেকে একইভাবে টাকা তোলা হয়।

শ্রমিকদের ভাষ্যমতে, দিনে প্রায় ৮০০ বাস থেকে ৫০ টাকা হারে আদায় করলে দৈনিক আয় হয় প্রায় ৪০ হাজার টাকা। মাসে দাঁড়ায় ১ কোটি ২০ লাখ টাকা এবং বছরে প্রায় ১৪ কোটি ৪০ লাখ টাকা।

এ বিষয়ে টার্মিনালের ইজারাদার মো. কবির খান বলেন, “এটা পার্কিং ফি হিসেবে নেওয়া হয়। সিটি করপোরেশনের অনুমতি আছে।”

তবে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেছেন, “টার্মিনালে প্রবেশ না করলে পার্কিং ফি নেওয়ার কোনো নিয়ম নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

বিআরটিএ’র উপ-পরিচালক জিয়াউর রহমানও বিষয়টিকে ‘সম্পূর্ণ অবৈধ’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, খোঁজ নিয়ে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ভোলায় দিনমজুর মাসুদ হত্যা মামলার প্রধান আসামি আল আমিন গ্রেপ্তার

ভোলার চরফ্যাশনে দিনমজুর মো. মাসুদ হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আল আমিন ভোলার আবুবকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার।

পুলিশ জানায়, চরফ্যাশনের দুলারহাট থানার হাসানগঞ্জ গ্রামের বাসিন্দা মো. মাসুদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন আল আমিন ও তার সহযোগীরা। চাঁদা না দেওয়ায় গত ৪ এপ্রিল মাসুদকে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

ঘটনার পর নিহতের ভাই রায়হান দুলারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে আল আমিনকে প্রধান আসামি হিসেবে শনাক্ত করে পুলিশ। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি পুলিশের সহায়তায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মতিঝিল এলাকা থেকে আল আমিনকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে ভোলায় নিয়ে আসা হয় এবং দুপুরেই আদালতে হাজির করা হয়।

এর আগে এই মামলায় পুলিশ ঘটনাস্থল থেকে ৯ জন আসামিকে আলামতসহ গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে ছয় লেন সড়ক ও আধুনিক হাসপাতালের দাবিতে গণআন্দোলন

দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাজপথে নেমেছে বরিশালের সর্বস্তরের জনতা। ছয় লেনের নিরাপদ মহাসড়ক এবং একটি আন্তর্জাতিক মানের আধুনিক হাসপাতাল স্থাপনের দাবিতে শুরু হয়েছে গণসচেতনতামূলক আন্দোলন।

শনিবার (১৯ এপ্রিল) বরিশাল নগরীর সদর রোডে লিফলেট বিতরণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। ‘দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, পেশাজীবী, রাজনৈতিক ও সর্বস্তরের মানুষ’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য—জনমত গঠন ও সরকারের দৃষ্টি আকর্ষণ।

বর্তমানে ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি সরু এবং দুই লেনের। প্রতিদিন এ সড়কে হাজার হাজার যানবাহন চলাচল করায় ঘটছে নিত্যদিন দুর্ঘটনা ও যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পরিবহন চালকেরা।

বরিশাল-ঢাকা মহাসড়কে চলাচলকারী এক বাসচালক আলঙ্গীর হোসেন বলেন, “এই রাস্তায় গেলে মনে হয় বাঁচবো না। জায়গা নেই, সাইড নেই, বড় গাড়ি এলে ছোট গাড়িগুলো পড়ে যায়।”

অন্যদিকে বরিশালের স্বাস্থ্যসেবা ব্যবস্থাও রয়েছে চরম দুরবস্থায়। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে শয্যা সংখ্যা ১ হাজার, সেখানে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন ৩ হাজারের বেশি রোগী। নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম, আইসিইউ সুবিধাও সীমিত।

এ অবস্থায় চীন সরকার বাংলাদেশে তিনটি আধুনিক হাসপাতাল স্থাপনের আগ্রহ প্রকাশ করলেও প্রস্তাবিত স্থানের তালিকায় নেই বরিশালের নাম। এতে ক্ষুব্ধ বরিশালবাসী।

বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন বলেন, “আমরা জমি দিতে প্রস্তুত। কিন্তু হাসপাতাল চাই বরিশালেই, যেন মানুষের ঢাকায় ছুটতে না হয়।”

এই দাবিকে ঘিরে বরিশালের মানুষ দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছে। চেম্বার সদস্য মাহফুজ খান প্রশ্ন তোলেন, “উন্নয়ন ঢাকা-চট্টগ্রামে হয়, বরিশালে কেন নয়?”

নগরীর হাটখোলা, নথুল্লাবাদ, রূপাতলীসহ গুরুত্বপূর্ণ এলাকায় চলছে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হচ্ছে প্রতিবাদের স্লোগান ও বার্তা। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবির পক্ষে ধাপে ধাপে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালের বৃষ্টি ভেজা মাঠে থেমে থাকেনি পরিচ্ছন্নতার যোদ্ধারা

কালো মেঘ, টানা বৃষ্টি, কাদা-মাটি সবকিছু উপেক্ষা করে বরিশালে অনুষ্ঠিত হলো পরিচ্ছন্নতা অভিযানের ব্যতিক্রমধর্মী এক কর্মসূচি। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর বেলেস পার্কে অনুষ্ঠিত হয় ‘বিডি ক্লিন’ এর পরিচ্ছন্নতা কর্মসূচি।

‘আর একটি ময়লাও যত্রতত্র নয়’ এই স্লোগানকে সামনে রেখে শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন শহরের বিভিন্ন অংশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে। টানা বৃষ্টির মধ্যেও স্বেচ্ছাসেবীরা সাহস ও দায়বদ্ধতায় মাঠে কাজ করে যান, যা নগরবাসীর দৃষ্টিতে প্রশংসার দাবিদার হয়ে ওঠে।

এই কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি ও মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হীরা এবং সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু।

এবায়দুল হক চাঁন বলেন, “এই তরুণরা প্রমাণ করেছে যে, দেশপ্রেম শুধু মুখের কথা নয়, কাজে প্রমাণ করতে হয়। বরিশাল পরিচ্ছন্ন থাকলে, দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।”

সাংবাদিক নেতা হাফিজুর রহমান হীরা বলেন, “শুধু সংবাদ প্রকাশ করলেই দায়িত্ব শেষ নয়, সাংবাদিকদেরও উচিত এমন জনকল্যাণমুখী উদ্যোগকে ছড়িয়ে দেওয়া।”

অপূর্ব অপু বলেন, “পরিচ্ছন্নতা বিডি ক্লিনের একার দায়িত্ব নয়, এটা আমাদের সকলের দায়িত্ব। বরিশালের তরুণদের এই জেগে ওঠা শহরের জন্য এক নতুন আলোর দিশা।”

পরিচ্ছন্নতা অভিযানের আওতায় বেলেস পার্ক ও বৈশাখী মেলার মাঠে কাজ করেন স্বেচ্ছাসেবীরা। পাশাপাশি বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচার চালানো হয়। স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে উৎসাহ সৃষ্টি হয় এবং তারা প্রতিজ্ঞা করেন নিজেদের এলাকা পরিষ্কার রাখবেন।

বৃষ্টিভেজা দিনের এই উদ্যোগ বরিশালে পরিচ্ছন্নতার আন্দোলনকে আরও এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। তরুণদের এমন নিষ্ঠা এবং সক্রিয় অংশগ্রহণ নগর উন্নয়নে অনন্য উদাহরণ হয়ে থাকবে।

মো: তুহিন হোসেন,চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডটকম, স্টাফ  করেসপন্ডেন্ট 




গৌরনদীতে গণপিটুনিতে যুবক নিহত, হত্যা মামলায় ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত সাগর মোল্লা (২৫) হত্যাকাণ্ডে ৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা সিরাজ মোল্লা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি করেন।

গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল হাওলাদার জানান, মামলায় প্রধান আসামি করা হয়েছে বাড়ির গৃহকর্তা আসিফ খানকে। তার নেতৃত্বেই গণপিটুনির ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল গভীর রাতে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা গ্রামে চুরির অভিযোগে স্থানীয়দের রোষানলে পড়েন সাগর মোল্লা। তাকে গণপিটুনি দেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর, ১৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, ঘটনার পর থেকেই অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে বলে জানায় থানা পুলিশ।

স্থানীয়ভাবে এমন নির্মম ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। মানবাধিকার সংগঠনগুলো বলছে, অপরাধের সন্দেহ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। এই ঘটনার দ্রুত বিচার দাবি জানিয়েছেন তারা।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




মেহেন্দীগঞ্জে নদীতে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস

বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলার নদ-নদীতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এই অভিযানে অংশ নেয় বাংলাদেশ কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতের দিকে কালাবদর নদীতে পরিচালিত অভিযানে “পাইজাল” নামের একটি অবৈধ জাল জব্দ করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়। একইদিনে মেহেন্দীগঞ্জ উপজেলার লতা নদী ও হিজলার মেঘনা নদীতে পরিচালিত আরও এক অভিযানে উদ্ধার করা হয়—১২০টি চর ঘেরা জাল, ১,৬০০টিরও বেশি বাঁশের খুঁটি, প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি কোনা জাল।

অভিযান চলাকালে নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বসানো জালগুলো অপসারণ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়, যাতে ভবিষ্যতে মাছের প্রজনন এবং পরিবেশ রক্ষায় কোনো বাধা সৃষ্টি না হয়।

হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, অবৈধভাবে নদীতে জাল ফেলে মাছ ধরা নিষিদ্ধ। এসব জাল পরিবেশ এবং মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। নিয়মিত এমন অভিযান চলবে বলে তিনি জানান।

মৎস্য সম্পদ সংরক্ষণে প্রশাসনের এমন পদক্ষেপ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে। নদীতে অবৈধ জাল ও বাঁধ অপসারণে সরকারের কঠোর অবস্থান নদীর জীববৈচিত্র্য ও মাছের প্রজনন বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে গনমিছিল

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করার দাবিতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ছাত্র ও যুব জনতার গণমিছিল।

শনিবার (১৯ এপ্রিল) সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ‘বরিশাল সিটি করপোরেশনের সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এই গণমিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ। সমাবেশে তারা দাবি জানান, ২০২৩ সালের সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিম প্রকৃত বিজয়ী ছিলেন। কিন্তু নির্বাচনে কারচুপি ও অনিয়মের মাধ্যমে তাকে জোরপূর্বক পরাজিত দেখানো হয়।

বক্তব্যে অভিযোগ তুলে ধরা হয়, আওয়ামী লীগের সমর্থিত সন্ত্রাসী বাহিনী ও প্রশাসনের সক্রিয় সহযোগিতায় নির্বাচনকে প্রভাবিত করা হয়। নির্বাচন কমিশন নিরপেক্ষতা না রেখে একতরফাভাবে নৌকা প্রতীকের পক্ষে অবস্থান নেয়। বক্তারা আরও বলেন, ভোটের দিন শহরের বিভিন্ন কেন্দ্রে হামলা, ভীতি প্রদর্শন ও জালিয়াতির ঘটনা ঘটে যা একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।

জনতার পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়—বরিশালের প্রকৃত বিজয়ীকে মেয়র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। বক্তারা বলেন, “আমরা যে মানুষটিকে ভোট দিয়েছি, তাকেই মেয়র হিসেবে দেখতে চাই। প্রকৃত জনরায় উপেক্ষা করে গঠিত কোনো প্রশাসন জনগণের প্রতিনিধিত্ব করে না।”

এদিকে, নির্বাচনের ফল বাতিল করে নিজেকে বৈধ মেয়র ঘোষণার আবেদন জানিয়ে মুফতি ফয়জুল করিম ইতোমধ্যে ১৭ এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত ও সিটি নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন। তাঁর পক্ষে মামলাটি দাখিল করেন আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির।

মানববন্ধনে বক্তব্য রাখেন— যুব নেতা রেজাউল করিম,
আমান হোসেন রিয়াদ, ছাত্রনেতা গাজী রিদওয়ান,
এফ এম সালাউদ্দিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহীম ও মেহেদী, বিএম কলেজের শিক্ষার্থী হান্নান উদ্দিন শাকিল ও হাসিবুল হাসান শান্ত, হাবিবুল্লাহ রনি, এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জহিরুল ইসলাম জিহাদ

তাদের মতে, এই গণআন্দোলন সুষ্ঠু নির্বাচনের দাবিতে একটি শান্তিপূর্ণ প্রতিক্রিয়া, যা ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সহায়ক হবে।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




দুমকিতে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি, গোস্তঘর মালিক ও গরুর মালিককে জরিমানা

পটুয়াখালীর দুমকিতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গোস্তঘর মালিক ও গরুর মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (১৯ এপ্রিল) সকালে দুমকি উপজেলার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেসার্স বিসমিল্লাহ গোস্তঘরে প্রতিদিনের মতো গরু জবাই চলছিল। কিন্তু এদিন একটি রোগাক্রান্ত গরু জবাই করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোস্তঘরের মালিক রনি মৃধা পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে কর্মচারী জাহিদুল ইসলাম (২৫) কে আটক করে। এছাড়া জবাইকৃত গরুর পচা চামড়া ও মাংসও জব্দ করা হয়।

ঘটনার পর সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকানের পক্ষে থাকা কর্মচারী জাহিদুল ইসলাম এবং গরুর প্রকৃত মালিক রুস্তম আলীকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, রনি মৃধা দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে দুর্বল ও রোগাক্রান্ত গরু জবাই করে সেই মাংস বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে এমন অভিযোগ একাধিকবার উঠলেও এবার সরাসরি হাতেনাতে ধরা পড়ার পরও তিনি কৌশলে পালিয়ে যান। মাত্র ১০ হাজার টাকা জরিমানাকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ অপ্রতুল ও দৃষ্টান্তমূলক নয় বলে দাবি করেছেন।

তারা আরও জানান, অসুস্থ পশুর মাংস বাজারে বিক্রি জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করে। এমন অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন সচেতন মহল।

মো: আল-আমিন
স্টাফ রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম