বরিশালে মেয়র মামলার রায় পেছালো,থমথমে নগরী

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২০২৩ সালের নির্বাচন নিয়ে দায়ের করা মামলার রায় আজ (২৪ এপ্রিল) ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে ৫ মে পুনরায় শুনানির দিন ধার্য করেছে আদালত। ফলে সকালে থেকেই বরিশাল নগরীতে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

মামলাটি করেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। তিনি নির্বাচন বাতিল করে নিজেকে মেয়র ঘোষণার দাবি জানান।

আজকের শুনানিকে কেন্দ্র করে সকাল থেকেই সদর রোড ও ফজলুল হক এভিনিউ এলাকায় অবস্থান নেন শতাধিক ইসলামি আন্দোলনের কর্মী-সমর্থক। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তারা আদালতের মূল ফটকে বিক্ষোভ করেন। এ সময় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং প্রচণ্ড গরমে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা চরম ভোগান্তির শিকার হন।

মামলার আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির জানান, “আদালত আজ কোনো আদেশ না দিয়ে ৫ মে পুনরায় শুনানির দিন ঠিক করেছেন। আমরা বিশ্বাস করি, আদালত সত্য ও ন্যায়ের পক্ষেই রায় দেবেন।”

এদিকে, জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসও পৃথক একটি মামলা দায়ের করেছেন। তিনি ২০১৮ ও ২০২৩ সালের নির্বাচনে ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি করে নিজেকে বৈধ মেয়র হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন।

তাঁর মামলায়ও নৌকা, হাতপাখা এবং অন্যান্য প্রার্থীদের বিবাদী করা হয়েছে। আদালত মামলাটিও পরবর্তী আদেশের জন্য রাখেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী অ্যাডভোকেট আজাদ রহমান।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




কলাপাড়ায় মাধ্যমিক বিদ্যালয়ে যোগ্য সভাপতি নিয়োগের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদে একজন সৎ, যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি হিসেবে নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে স্থবিরতা ও অব্যবস্থাপনার জন্য পূর্ববর্তী কমিটির অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিরাই দায়ী। তারা আশঙ্কা প্রকাশ করেন, আবারও এমন কাউকে সভাপতি করা হলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও অবনতি ঘটবে।

প্রাক্তন শিক্ষার্থী ওমর তালুকদার বলেন, “বিদ্যালয়ের অবকাঠামো নাজুক। শ্রেণিকক্ষ সংকট প্রকট। ১১ জন শিক্ষকের স্থলে মাত্র ৬ জন শিক্ষক দিয়ে পাঠদান চলছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ইউনিয়ন চেয়ারম্যান বাবুল মৃধা নিজ ইচ্ছামতো কমিটি গঠন করেছেন, যার ফলে শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে।”

বিদ্যালয়ের জমিদাতার উত্তরসূরি মো. আসাদুজ্জামান বলেন, “আমরা এমন একজন সভাপতি চাই, যিনি শিক্ষানুরাগী ও নৈতিকভাবে যোগ্য। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

অভিভাবক মালেক প্যাদা বলেন, “বিদ্যালয়ের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত খারাপ। নিয়মিত ক্লাস হয় না, শিক্ষক নেই। এই অবস্থায় আবার অযোগ্য কাউকে সভাপতি করা হলে শিক্ষার আলো নিভে যাবে।”

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ইউনিয়ন চেয়ারম্যান বাবুল মৃধা বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। বিদ্যালয়ের সকল কার্যক্রম নিয়ম মাফিক চলছে।”

কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান জানান, “কমিটি গঠিত হয়েছে কি না, সে বিষয়ে এখনো আমার কাছে তথ্য নেই। তবে নিয়ম অনুযায়ী, স্নাতক ডিগ্রিধারী ও শিক্ষানুরাগী ছাড়া কেউ পরিচালনা পর্ষদে থাকতে পারেন না। বিষয়টি পর্যবেক্ষণে রাখা হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



কুয়েট ভিসির অপসারণ দাবিতে বরিশালে সড়ক অবরোধ

কুয়েটের উপাচার্যের অপসারণ দাবিতে বরিশালে ব্লকেড কর্মসূচি পালন করেছে ‘বৈষম্য বিরোধী আন্দোলন’-এর শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে প্রায় ১৫-২০ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর ফলে সড়কে যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ও দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

সেনাবাহিনীর হস্তক্ষেপে শিক্ষার্থীরা সড়কের মাঝখানে অবস্থান নেওয়ার সময় উভয় পাশে অল্প পরিমাণ যান চলাচলের সুযোগ করে দেওয়া হয়।

বক্তব্য:
বিক্ষোভস্থলে বরিশাল মহানগরের বৈষম্য বিরোধী আন্দোলনের সভাপতি শহিদুল ইসলাম শাহেদ বলেন,
“আমাদের ভাইয়েরা কুয়েটে অনশনে রয়েছেন। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাই বাধ্য হয়ে সড়কে নামতে হয়েছে। মানুষের সমস্যার জন্য আমরা দুঃখিত, তবে দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

প্রেক্ষাপট:
১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছাত্রদল ও বহিরাগতরা হামলা চালিয়ে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীকে আহত করে।

১৩ এপ্রিল কুয়েট সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়, যার মধ্যে অন্তত ৭ জন একটি রাজনৈতিক ছাত্রসংগঠনের কর্মী বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় নেতা। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও বহিষ্কৃতদের নাম প্রকাশ না করায় এবং হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে কুয়েটের শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে ও উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশন শুরু করেছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবিগুলো মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মো: তুহিন হোসেন




বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবিতে জাপা প্রার্থীর মামলা

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) ২০২৩ সালের নির্বাচনের ফলাফল বাতিল করে নিজেকে বৈধ মেয়র ঘোষণার দাবি জানিয়ে আদালতে মামলা করেছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।

বুধবার (২৩ এপ্রিল) বরিশালের সিনিয়র সহকারী জজ ও বিসিসি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। মামলার বিচারক হাসিবুল হাসান মামলাটি আদেশের জন্য গ্রহণ করেন। বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২৩ সালের বিসিসি নির্বাচনও সুষ্ঠু হয়নি। আগেই শঙ্কা প্রকাশ করেছিলেন প্রার্থী তাপস, যে তাঁর জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা হবে। তাপসের দাবি, ভোট গ্রহণের দিন বহিরাগতদের এনে হোটেলে রাখা হয়, তাঁর পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়, এবং তিনি নিজেও সন্ত্রাসীদের হামলার শিকার হন।

তাপস অভিযোগ করেন, ডিজিএফআই ও এনএসআই-এর কিছু সদস্য ক্ষমতাসীন প্রার্থী খোকন সেরনিয়াবাতের পক্ষে কাজ করেন। ইভিএমে কারচুপি করে তার ভোট কমিয়ে দেখানো হয় এবং উপস্থিত ভোটারের তুলনায় ফলাফলে অতিরিক্ত ভোটগ্রহণ দেখানো হয়।

এ পরিস্থিতিতে ২০২৩ সালের নির্বাচনের ফলাফল বাতিল করে প্রকৃত বিজয়ী হিসেবে তাঁকে (ইকবাল হোসেন তাপস) বরিশাল সিটির মেয়র ঘোষণা করার দাবি জানানো হয়েছে মামলায়।

উল্লেখ্য, এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমও একই দাবিতে আদালতে মামলা করেছিলেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পিরোজপুরে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক যুবককে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের মজিদ হাওলাদারের ছেলে হাচান হাওলাদার (৩৫) এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে প্রিন্স মোল্লা (৪২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩ মার্চ আসামিরা ভান্ডারিয়ার সাফা বন্দর এলাকা থেকে এমদাদুল ফরাজীর মোটরসাইকেলে ভাড়া নিয়ে চরখালী এলাকায় যান। সেখান থেকে তাকে নিয়ে যান ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের দারুল হুদা মাদ্রাসা এলাকায়। পরে সেখানে এমদাদুল ফরাজীকে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

ঘটনার পরদিন ৪ মার্চ নিহতের বাবা খান জাহান আলী বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করেন। একই বছরের ২৫ এপ্রিল তদন্ত কর্মকর্তা এসআই আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়াহিদ হাসান বাবু জানান, মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে সফল হয়। তবে রায় ঘোষণার সময় দুই আসামিই পলাতক ছিলেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে ছাত্র-যুবদের পদযাত্রা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে ঘোষণার দাবিতে ছাত্র ও যুব জনতা পদযাত্রা করেছে।

বুধবার (২৩ এপ্রিল) সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ‘বরিশাল সিটি করপোরেশনের সর্বস্তরের ছাত্র ও যুব সমাজের’ ব্যানারে এই সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৩ সালের সিটি নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিম প্রকৃত বিজয়ী হলেও তাকে পরাজিত দেখিয়ে ফলাফল ঘোষণা করা হয়েছে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের ‘সন্ত্রাসী বাহিনী’ এবং প্রশাসনের ‘সহযোগিতায়’ নির্বাচন প্রভাবিত করা হয়।

বক্তারা আরও বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে এবং নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে পক্ষপাতমূলক আচরণ করেছে। ভোটগ্রহণের দিন নানা অনিয়ম, কেন্দ্র দখল, জাল ভোট ও সহিংসতার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তারা।

জনতার পক্ষ থেকে দাবি ওঠে—বরিশালের জনগণ প্রকৃত বিজয়ীকেই মেয়র হিসেবে দেখতে চায়। সেই দাবি থেকেই মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করার আহ্বান জানানো হয় সরকারের প্রতি।

উল্লেখ্য, এর আগে গত ১৭ এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত ও সিটি নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন মুফতি ফয়জুল করিম। সেখানে তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে তাকে বিজয়ী ঘোষণা করার আবেদন জানান।

সমাবেশে বক্তব্য রাখেন যুব নেতা রেজাউল করিম, ছাত্রনেতা গাজী রেদোয়ান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম হাসিবুল ইসলাম, বিএম কলেজের জিয়াউর রহমান নাঈম, হাতেম আলী কলেজের হাসিবুল ইসলাম শান্ত, গ্লোবাল ভিলেজ ইউনিভার্সিটির ইব্রাহীম মল্লিক, ইসলামিয়া কলেজের মুহাম্মদ রিয়াজ মীর ও বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের জহিরুল ইসলাম জিহাদ প্রমুখ।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বাউফলে সালিশে ডাক না পেয়ে হামলা, অভিযোগ সাবেক যুবদল নেতার বিরুদ্ধে

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কপুরকাঠি গ্রামে সালিশ বৈঠকে আমন্ত্রণ না পেয়ে এক সাবেক যুবদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এই ঘটনাকে কেন্দ্র করে।

জানা গেছে, স্থানীয় বাসিন্দা জাকির হাওলাদার জমি সংক্রান্ত বিরোধে তার ভাতিজা মাহবুব হাওলাদার ও রিয়াজ হাওলাদারের বিরুদ্ধে বাউফল থানায় অভিযোগ করেন। পরে পুলিশ বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার পরামর্শ দেয়। দুই পক্ষের সম্মতিতে স্থানীয় মফিজ মাতব্বরকে সালিশদার হিসেবে বেছে নিয়ে মঙ্গলবার বিকেলে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠক শুরু হওয়ার কিছু সময় পরেই কালাইয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম পঞ্চায়েত (৪৫) তার কয়েকজন সহযোগীকে নিয়ে উপস্থিত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সালিশে আমন্ত্রণ না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে পড়েন তিনি। অভিযোগ রয়েছে, পূর্বে তিনি নিজেই সালিশে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু তাকে বাদ দিয়ে অন্য একজনকে সালিশদার করায় ক্ষোভে ফেটে পড়েন।

জসিম বৈঠকে উপস্থিত হয়েই উত্তেজনা সৃষ্টি করেন এবং সালিশ পণ্ড করে দেন। এ সময় তিনি বলেন, “আওয়ামীপন্থী ব্যক্তিদের দিয়ে সালিশ হতে পারে না, বিএনপি নেতাদের ছাড়া ইউনিয়নে সালিশ চলবে না।” এরপরই তিনি মফিজ মাতব্বরকে গালাগাল করে মারধর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার পর মফিজ মাতব্বর (৪৩) বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যা সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে পুলিশ।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জসিম পঞ্চায়েত দাবি করেন, “ঘটনার কোনো ভিত্তি নেই, এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে রাজনৈতিকভাবে হেয় করতেই একটি কুচক্রী মহল এসব অপপ্রচার চালাচ্ছে।”

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানিয়েছেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



আগৈলঝাড়ায় র‍্যাবের সঙ্গে সংঘর্ষে যুবক নিহত, দুই মামলা

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় র‍্যাব-৮ এর মাদকবিরোধী অভিযানে সংঘর্ষের ঘটনায় সিয়াম মোল্লা (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন, যার মধ্যে দুজন র‍্যাব সদস্য এবং একজন মাদক সংশ্লিষ্ট সন্দেহভাজন রয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম মোল্লা উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের বাসিন্দা এবং কারফা আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

আহত রাকিব মোল্লা চলতি এসএসসি পরীক্ষার্থী। র‍্যাব দাবি করেছে, সিয়াম ও রাকিব মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

ঘটনার পর র‍্যাব-৮ এর ডিএডি শেখ রিয়াজুল ইসলাম মঙ্গলবার বিকেলে আগৈলঝাড়া থানায় দুটি মামলা দায়ের করেন—একটি সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এবং অন্যটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। মামলায় নাম উল্লেখ করে ২ জন ও অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

র‍্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি সাদা পোশাকের টিম মাদকবিরোধী অভিযানে গেলে সিয়াম ও রাকিবের নেতৃত্বে একটি দল র‍্যাব সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে আহত হন র‍্যাব সদস্য ওপেল মাহামুদ রাজিব ও আরিফুল ইসলাম সাকিব। আত্মরক্ষার্থে র‍্যাব পাল্টা গুলি চালালে সিয়াম ঘটনাস্থলেই মারা যান এবং রাকিব গুরুতর আহত হন।

ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং নিহতদের বাড়িতে পুরুষ সদস্যদের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। নারী সদস্যদের মুখেও আতঙ্কের ছাপ ছিল।

নিহত সিয়ামের চাচাতো বোন মীম আক্তার জানান, “সিয়াম ঘটনার দিন বিকেল পর্যন্ত বাসাতেই ছিল।”

রাকিবের সহপাঠী আলী হোসেন বলেন, “আমরা একসঙ্গে পরীক্ষা দিয়েছি। সন্ধ্যায় শুনি রাকিব গুলিবিদ্ধ হয়েছে।”

এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম জানান,
“র‍্যাবের দায়ের করা মামলার আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




মেহেন্দীগঞ্জে নদীতে যৌথ অভিযান: ১৬ মন জাটকা জব্দ, ৯৭ হাজার মিটার জাল ধ্বংস

বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত এক যৌথ অভিযানে জব্দ করা হয়েছে প্রায় ১৬ মন জাটকা মাছ ও একটি মাছ ধরার ট্রলার। পাশাপাশি অভিযানকালে নদী থেকে জব্দ করা হয় প্রায় ৯৭ হাজার মিটার কারেন্ট জাল, যা পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যা থেকে শুরু হয়ে সোমবার (২২ এপ্রিল) সকাল ১১টা পর্যন্ত টানা এ অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর হিজলা ও মেহেন্দীগঞ্জ, কোস্ট গার্ড হিজলা এবং নৌ পুলিশ হিজলার সমন্বিত টিম।

অভিযানে নেতৃত্ব দেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, কোস্ট গার্ড হিজলার কন্টিনজেন্ট কমান্ডার মো. হুসনুর জামান সালামী এবং নৌ পুলিশ হিজলার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।

মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান,”অভিযান চলাকালে অবৈধভাবে মাছ ধরার দায়ে একটি ট্রলার আটক করা হয়। উদ্ধারকৃত জাটকা মাছ স্থানীয় পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।”

তিনি আরও বলেন,”জাটকা রক্ষায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে নিয়মিতভাবে এমন অভিযান পরিচালিত হচ্ছে। আমরা মৎস্য সম্পদ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছি।”

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে, বউভাতে ধরা যুবক

পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করায় বউভাত অনুষ্ঠানে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বিধান কর্মকার নামের এক যুবক। সোমবার (২১ এপ্রিল) গলাচিপা পৌর শহরের কালীবাড়ি সড়কে আয়োজিত বউভাত অনুষ্ঠানে পুলিশ গিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তার হওয়া যুবক গলাচিপা উপজেলার প্রয়াত জুয়েলারি ব্যবসায়ী বিমল কর্মকারের ছেলে বিধান কর্মকার (২৪)। স্থানীয়দের মধ্যে এই ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, ২০১৯ সালে বিধান কর্মকার তমা রানি কর্মকারকে বিয়ে করেন। বিয়ের আগে তাদের চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। এ দম্পতির পাঁচ বছর বয়সী একটি সন্তানও রয়েছে। তবে গত ৯ মাস ধরে বিধান ঢাকার সাভার এলাকার শিবু দাসের মেয়ে বর্ষা রানীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন তমা রানি।

তমা রানি অভিযোগ করেন, দীর্ঘদিনের সংসার ও সন্তানের কথা ভুলে গিয়ে বিধান দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন। বিষয়টি প্রথমে গোপন রাখা হলেও বিয়ের পর বউভাতের আয়োজন করলে সেটি জানাজানি হয়ে যায়। এরপর তিনি গলাচিপা থানায় যৌতুক আইনে একটি মামলা দায়ের করেন।

তিনি বলেন, “আমি এই ঘটনার বিচার চাই। শুধু বিয়েই নয়, দ্বিতীয় বিয়ের পর থেকে আমার শাশুড়ি নুপুর রানি কর্মকার এবং মামাশ্বশুর স্বজল কর্মকার আমাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে বিধান কর্মকারের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। আদালতের নির্দেশে বউভাত অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, পারিবারিক দায়-দায়িত্ব এড়িয়ে গোপনে পরকীয়া ও দ্বিতীয় বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়া সামাজিক ও নৈতিক অবক্ষয়ের পরিচায়ক।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম