নলছিটিতে মাহেন্দ্র-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ২

ঝালকাঠির নলছিটিতে মাহেন্দ্র ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন, যাদের বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩ মে) সকাল ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের পশ্চিম দপদপিয়ার বকুলতলা বায়তুল মোকাররম জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: বাকেরগঞ্জ উপজেলার মৃত ইঙ্গল হাওলাদারের ছেলে মো. হাসেম হাওলাদার (৭০) এবং একই উপজেলার ফলাঘর গ্রামের ইস্তাক আলীর ছেলে মো. শামীম (৫০)। আহতদের নাম মো. বাদল (৪৫) ও মো. ফাহিম (১৩)। তারা বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবোঝাই মাহেন্দ্রটি বাকেরগঞ্জ থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি বাসকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রের দুই যাত্রী ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম জানিয়েছেন, “মাহেন্দ্রটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /


 




পটুয়াখালীর বাউফলে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহে তদন্ত শুরু

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজের তিন দিন পর ইব্রাহীম খলিল (৩১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ মে) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের একটি বাড়ির খড়ের গাদার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহীম দক্ষিণ লক্ষীপাশা গ্রামের মো. হাচন গাজীর ছেলে।

পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল রাতে বাজারে যাওয়ার কথা বলে ইব্রাহীম বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরিবার গতকাল শুক্রবার সকালে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

আজ শনিবার সকালে এক শিক্ষার্থী খড়ের গাদার পাশে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, “প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে কিনা, তা জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইব্রাহীম খলিলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চেয়ে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তার স্বজন ও স্থানীয়রা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিন: ফয়জুল করিম

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সংক্রান্ত মামলার শুনানিকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আদালতের শুনানির দিন (৫ মে) আদালত প্রাঙ্গণ ও আশপাশের সড়কে কোনো ধরনের জমায়েত না করার জন্য জনগণকে অনুরোধ জানিয়েছেন।

শনিবার (৩ মে) সকালে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করিম বলেন, “আমরা আইনের শাসনে বিশ্বাসী। বিচার বিভাগ যেন নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সে সুযোগ দিতে হবে। আদালতের প্রতি আমাদের আস্থা আছে।”

তিনি জানান, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল করে হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে তাকেই বিজয়ী ঘোষণার দাবিতে ১৭ এপ্রিল বরিশাল নির্বাচন ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।

তিনি আরও বলেন, “ঢাকা ও চট্টগ্রামের উদাহরণ আমাদের সামনে রয়েছে, যেখানে আদালত পরাজিত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে। আমরা চাই জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হোক।”

২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে বিজয়ী ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে ফয়জুল করিম অভিযোগ করেন, ভোটের আগেই ইভিএমে ৩০% ভোট ‘নৌকা’ প্রতীকের পক্ষে কাউন্ট করে রাখা হয়েছিল।

তিনি দাবি করেন, “আমি নিজেও হামলার শিকার হয়েছি। আমাকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। ২২ নম্বর ওয়ার্ডের ৮৭ নম্বর কেন্দ্র সাবেরা খাতুন বালিকা বিদ্যালয়ে আমাকে গুরুতর আহত করা হয়। অভিযোগ করলেও কোনো কাগজ রিসিভ দেয়নি পুলিশ বা নির্বাচন কর্মকর্তারা।”

সংবাদ সম্মেলনে ফয়জুল করিম আরও বলেন, “আমরা নির্বাচন বাতিল নয়, সঠিক ভোটের প্রতিফলন চাই। বিপুল ভোট ছিল হাতপাখার পক্ষে, কিন্তু প্রশাসন ও সরকারি বাহিনীর সহায়তায় তা ছিনিয়ে নেওয়া হয়েছে। শেখ হাসিনার ফুফাতো ভাইকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, যা জনতার রায়কে অবমাননা করে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




১৮ বছর পর ‘উত্তরণ’-এর নেতৃত্বে নারী, সভাপতি মাহফুজ নুসরাত

সরকারি ব্রজমোহন কলেজের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরণ’ নতুন নেতৃত্ব পেয়েছে। ৩৬ বছরের পথচলার সংগঠনটি ১৮ বছর পর আবারও নারীর হাতে নেতৃত্ব তুলে দিল। নবনির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহফুজ নুসরাত মোনা এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রকাশ চন্দ্র পাল।

শুক্রবার (২ মে) ‘উত্তরণ’-এর নিজস্ব কার্যালয়ে ২৯তম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি সুদিপ্ত দাস এবং সাধারণ প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক প্রসেনজিৎ মন্ডল।

সম্মেলনে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য দেবাশীষ কুন্ডু ও মো. জিয়াউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন—পরিতোষ সরকার, সুজন সরখেল, সুকদেব মন্ডল মিঠু, সৈয়দ মেহেদী হাসান, দিদারুল ইসলাম, উদয় শংকর দাস, মো. শাহেদ, রতন দাস বাপী, দেবদুলাল সম্মাদার, দিপংকর দিপু, সুদেবী মন্ডল, সুব্রত ঢাকি, আরাফাত হোসেন, কাজী তারিফ, সাহাজিদা হিরা, মেহেদী হাসান, সাইফুল ইসলাম শাকিল, অনয় বনিক ও চন্দন দাস।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। এ সময় সুকদেব মন্ডল মিঠু নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। গঠিত হয় ১৩ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ২৩ সদস্যের কার্যকরী পরিষদ। নতুন কমিটিতে সভাপতি মাহফুজ নুসরাত মোনা, সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র পাল এবং সাংগঠনিক সম্পাদক উদয় শংকর দাস নির্বাচিত হন।

উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত ‘উত্তরণ’-এ মাহফুজ নুসরাত মোনা হলেন সংগঠনের ইতিহাসে তৃতীয় নারী সভাপতি। এর আগে ১৯৯৭ ও ২০০৭ সালে দুইজন নারী সভাপতি নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ ১৮ বছর পর পুনরায় নারী নেতৃত্বে ফিরছে উত্তরণ, যা সংগঠনের বর্তমান ও প্রাক্তন সদস্যদের মাঝে উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে।

নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সরকারি বিএম কলেজ প্রশাসন, কালচারাল অফিসার, বরিশাল জেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /


 




টিকটককে ৫৩০ মিলিয়ন ইউরো জরিমানা

চন্দ্রদ্বীপ ডেস্ক : জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধে ৫৩০ মিলিয়ন ইউরো (প্রায় ৬০০ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ব্যক্তিগত তথ্য চীনে স্থানান্তরের অভিযোগে এই জরিমানা করা হয়েছে ।

অভিযোগ উঠেছে, চীনা কর্তৃপক্ষের হাত থেকে ওইসব তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে টিকটক।

ডাবলিন থেকে এএফপি জানায়, আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশনের (ডিপিসি) তদন্তে উঠে এসেছে, টিকটক আগে অস্বীকার করলেও পরে স্বীকার করেছে যে, ইউরোপীয় ব্যবহারকারীদের কিছু তথ্য চীনে হোস্ট করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম বৃহত্তম এই জরিমানার সিদ্ধান্ত আসে।




বন্ধ হয়ে গেল নভোএয়ার

চন্দ্রদ্বীপ ডেস্ক : শুক্রবার (২ মে) থেকে বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের ফ্লাইট চলাচল ‘সাময়িকভাবে’ বন্ধ রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, ২ মে থেকে তারা সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে। দুই সপ্তাহের মধ্যে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে বলে বেবিচককে জানিয়েছে।

নভোএয়ারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই নভোএয়ার তাদের বহরে থাকা পাঁচটি এটিআর বিমান বিক্রির চেষ্টা করছে। বিক্রির প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রেতা সংস্থার প্রতিনিধিরা এয়ারক্রাফট ইন্সপেকশন করতে আসবেন। ইন্সপেকশনের কারণে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তবে ফ্লাইট কতদিন বন্ধ থাকবে, সে বিষয়ে কিছু নিশ্চিত করেনি নভোএয়ারের কেউ।




দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম তারা নিজেরাই বন্ধ করেছে: মাহফুজ

চন্দ্রদ্বীপ ডেস্ক : উপদেষ্টা মাহফুজ বলেন, এক সাংবাদিক গণহত্যার পক্ষ নিয়ে প্রশ্ন করার প্রেক্ষিতে দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে, সরকার এখানে কিছু বলেনি, কাউকে কলও দেওয়া হয়নি।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘মন্ত্রিত্বের ৬ মাসে কাউকে আমরা কল দেইনি। দীপ্ত টিভির সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এবং সংবাদ বিভাগ বন্ধ করা হয়েছে। এখন মানুষ ভাববে- এটা সরকার করেছে।’

মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদসহ জ্যেষ্ঠ সাংবাদিক ও একাডেমিক ব্যক্তিরা বক্তব্য দেন।




ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতের দাবিতে মানববন্ধন

দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে ঝুঁকিপূর্ণ ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার জোর দাবি জানিয়েছে স্থানীয়রা। এ দাবিতে পটুয়াখালী শহরের চৌরাস্তায় শুক্রবার (২ মে) জুমার নামাজের পর মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির আয়োজন করে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

সংগঠনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন জেলার বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীরা। বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, পটুয়াখালী ফোরামের সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম কায়সারী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন এবং জাতীয় নাগরিক পার্টির নেতা গাজী স্বপন।

বক্তারা বলেন, পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ও দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ সহজ হয়েছে। এর ফলে পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটছে। বিশেষ করে কুয়াকাটাকে ঘিরে বিশাল সম্ভাবনার দ্বার খুলেছে। কিন্তু এই সম্ভাবনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কের ভয়াবহ অবস্থা।

তারা জানান, প্রতিদিন এই রুটে প্রচুর যানবাহন চলাচল করে, কিন্তু মহাসড়কটি সরু, ভাঙাচোরা এবং চরম ঝুঁকিপূর্ণ। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি হচ্ছে, অনেকে পঙ্গুত্ববরণ করছেন। একটি পর্যটন নির্ভর অর্থনৈতিক জোনে এমন একটি মহাসড়ক খুবই অগ্রহণযোগ্য।

আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে। এতে পর্যটন, কৃষি ও বাণিজ্যে অভূতপূর্ব গতি আসবে। এই মহাসড়ক উন্নয়নের মাধ্যমে কুয়াকাটা আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারবে। এজন্য তিনি সরকারের প্রতি দ্রুত প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান।

স্থানীয় জনগণ মনে করেন, ছয় লেন মহাসড়ক দক্ষিণাঞ্চলকে জাতীয় অর্থনীতির মূল স্রোতে যুক্ত করতে ভূমিকা রাখবে এবং ভাঙন ও অবহেলার শিকার দক্ষিণাঞ্চলের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটাবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ছুটির আনন্দে মুখর বরিশালের পার্কগুলো

সরকারি তিন দিনের ছুটিতে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে বরিশালের বিনোদন কেন্দ্রগুলো। ছুটির এই সময়টিতে পরিবার-পরিজন নিয়ে নগরীর মানুষ ভিড় করেছেন বিভিন্ন পার্ক ও দর্শনীয় স্থানে। সকাল থেকেই বেলেস পার্ক, প্লাটেন পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক ও ত্রিশ গোডাউনে উপচে পড়া ভিড় দেখা গেছে।

অন্যান্য সময় যে স্থানগুলোতে তেমন ভিড় থাকে না, সেখানে এবার যেন জনস্রোত নেমে এসেছে। নগরবাসীর পাশাপাশি পাশের জেলা ও উপজেলা থেকেও দর্শনার্থীরা এসেছেন ছুটির আনন্দ উপভোগ করতে।

এক দর্শনার্থী সানজিদা ইসলাম মিম বলেন, “সারা বছর কাজ নিয়ে ব্যস্ত থাকি। এই সময়টাতে পরিবারকে সময় দিই। বাচ্চারা খুশি, আমরাও শান্তি পাই।”

আরেকজন দর্শনার্থী রিয়াজুর কবির জানান, “আমার সন্তানরা খেলছে, ঘুরছে। আমরাও বেশ স্বস্তি পাচ্ছি।”

পরিবারগুলোর মতে, এমন সময় একসাথে কাটানোই সবচেয়ে বড় আনন্দ। পার্কগুলোতে ছিল প্রাণের স্পন্দন, হাসি-আনন্দে মুখর এক পরিবেশ।

নগরীর নিরাপত্তা ব্যবস্থাও ছিল সন্তোষজনক। বরিশাল মেট্রোপলিটন পুলিশ সকল বিনোদন কেন্দ্রের নিরাপত্তা জোরদার করে অতিরিক্ত টহলের ব্যবস্থা নেয়। পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, “ছুটিতে বাড়তি ভিড় হবে এটা আগেই বুঝে সব জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

সাধারণ মানুষ এবং দর্শনার্থীরা আশা করছেন, ভবিষ্যতেও এমন উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ বজায় থাকবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / 




পটুয়াখালীতে ফোরলেন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক শিক্ষক নিহত

পটুয়াখালীর ফোরলেন মহাসড়কের বিশকানি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো. রুহুল আমিন। শুক্রবার (২ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তিনি। দুর্ঘটনায় আহত হয়েছেন মাহেন্দ্রর যাত্রী তানিয়া বেগম, ইদ্রিস মৃধা, আল-আমিন ও দুলাল আকন। তাদের প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত মো. রুহুল আমিনের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর গ্রামে। তার স্বজনরা জানান, সকালবেলা আমতলী থেকে যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র কলাপাড়ার দিকে আসছিল। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ফোরলেন মহাসড়কে উঠতে গিয়ে দ্রুতগামী মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। সংঘর্ষের তীব্রতায় দুটি যানই রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত রুহুল আমিনকে বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে একই দিনে আরও এক দুঃসংবাদে শোকের ছায়া নেমে এসেছে কলাপাড়ায়। বুধবার রাতে কলাপাড়ার লোন্দা গ্রামে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন আইনজীবী সহকারী এনামুল হক সাগর মৃধা। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে এ ঘটনায় শোকের আবহ বিরাজ করছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশের পক্ষ থেকে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনার হার দিন দিন বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। নিরাপদ মহাসড়ক এবং সঠিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতের দাবি জানাচ্ছেন সচেতন নাগরিকরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম