এবারের কোরবানির ঈদে দেশের মধ্যে পর্যাপ্ত পশু, আমদানি হবে না

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, চলতি বছর কোরবানির ঈদে দেশের চাহিদার চেয়ে অনেক বেশি গবাদি পশু রয়েছে। তাই বিদেশ থেকে পশু আমদানির প্রয়োজন নেই। রবিবার (৪ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা এবং সরকারের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, আগামী কোরবানির ঈদে মোট ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি গবাদি পশু থাকবে, যার মধ্যে ৫৬ লাখ ২ হাজার ৯০৫টি গরু-মহিষ, ৬৮ লাখ ৩৮ হাজার ৯২০টি ছাগল-ভেড়া এবং অন্যান্য প্রজাতির ৫ হাজার ৫১২টি পশু অন্তর্ভুক্ত। কোরবানির জন্য প্রয়োজনীয় পশু সরবরাহের পরেও প্রায় ২০ লাখ ৬৮ হাজার অতিরিক্ত গবাদি পশু দেশে থাকবে।
এছাড়াও, নিরাপদ, মানসম্মত এবং পর্যাপ্ত প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর একযোগে কাজ করে যাচ্ছে। প্রাণিস্বাস্থ্য সেবা বৃদ্ধি, উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়ানো এবং প্রাণিজ আমিষের চাহিদা পূরণের জন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।
উপদেষ্টা ফরিদা আখতার আরও জানান, এবারে কোনোভাবেই অবৈধ পথে গবাদি পশু আমদানির সুযোগ দেয়া হবে না। অবৈধ অনুপ্রবেশ রোধ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। বিশেষ করে, মিয়ানমার থেকে অবৈধ পশু প্রবেশের অভিযোগ রয়েছে, কিন্তু সে বিষয়ে কঠোর নজরদারি করা হবে।
এছাড়া, কোরবানির পশু সরবরাহের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। চলতি বছর উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত এই বিশেষ ট্রেন চলবে। রাজধানীর দুই সিটি করপোরেশনের আওতায় ১৯টি পশুর হাটে প্রাথমিক চিকিৎসা দিতে ২০টি ভেটেরিনারি মেডিকেল টিম এবং দুইটি বিশেষজ্ঞ মেডিকেল টিম নিয়োজিত থাকবে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /








