বরগুনার নদীতে নিষিদ্ধ জালে পোনা নিধন, হুমকিতে মৎস্যসম্পদ

প্রতিদিন কোটি কোটি পোনা পাচার, প্রশাসনের অভিযানে সফলতা সামান্য

বরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে প্রকাশ্যে নিষিদ্ধ জাল দিয়ে পোনা আহরণ চলছে। এতে ধ্বংস হচ্ছে দেশীয় শতাধিক প্রজাতির মাছ ও অন্যান্য জলজ প্রাণীর বংশবিস্তার। রাতের আঁধারে এসব পোনা পাচার হচ্ছে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন হ্যাচারিতে। প্রশাসনের অভিযান থাকলেও জনবল সংকট ও সংঘবদ্ধ সিন্ডিকেটের প্রভাবে কার্যকর নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না।

পোনা আহরণ এখন ‘মহোৎসব’:
স্থানীয়রা জানায়, প্রতিদিন শুধু পাথরঘাটা এলাকার নদীতেই কয়েক কোটি পোনা ধরা হয়। চরদুয়ানী, বাদুড়তলা, কাঁঠালতলী, রূপধনসহ নদীতীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে পাইকারি বাজার। পোনার দাম মাত্র এক টাকা করে হলেও পাইকাররা এসব খুলনা-বাগেরহাটে মোটা দামে বিক্রি করে। মাসোহারার বিনিময়ে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে এই অবৈধ ব্যবসা।

মৎস্য কর্মকর্তা ও ট্রলার মালিকদের উদ্বেগ :
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, “নিষিদ্ধ পোনা আহরণ মৎস্যসম্পদের ওপর বড় হুমকি। অভিযান চলছে, তবে জনবল কম থাকায় শতভাগ সফলতা সম্ভব হচ্ছে না।”
ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “এভাবে চলতে থাকলে মাছের উৎপাদন বন্ধ হয়ে যাবে। এখনই পদক্ষেপ দরকার।”

জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি প্রকট:
পোনা আহরণের ফলে মাছের ঘাটে মাছের উপস্থিতি কমে গেছে বলে জানান চরদুয়ানী বাসিন্দা নুরুজ্জামান আলমাস। “আগে প্রতিদিন টনকে টন মাছ আসত, এখন অনেকে দিন ঘাটে এক বোতল পানিও পড়ে না,”—বললেন তিনি।

কোস্ট গার্ডের অভিযানেও ধরা পড়ে না মূল অপরাধী :
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রায় ২০ লাখ পোনা ও ১৫ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় প্রশাসন ও পরিবেশবাদীদের মতে, এখনই কঠোর নজরদারি, সচেতনতা এবং বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ না নিলে এক দশকের মধ্যে দক্ষিণাঞ্চলের নদীগুলো মাছশূন্য হয়ে পড়তে পারে।

এস এল টি তুহিন / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২৫




ভোলা-বরিশাল সেতু নির্মাণে ১৭ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা

ভোলা ও বরিশালকে যুক্ত করতে কালাবদর ও তেঁতুলিয়া নদীর ওপর ১১ কিলোমিটার দীর্ঘ একটি বহুমুখী সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সেতু নির্মাণে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সভায় অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট প্রকৌশলী, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন সেতু বিভাগের যুগ্ম সচিব ও সেতু কর্তৃপক্ষের নিয়ন্ত্রক পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

ড. মইনউদ্দিন বলেন, “এই সেতু নির্মিত হলে বরিশাল-ভোলা অঞ্চলের বহু সমস্যার সমাধান হবে।”
মোহাম্মদ আবদুর রউফ জানান, “সেতুটি ১১ কিলোমিটার দীর্ঘ হবে এবং এটি বহুমুখী ব্যবহারের জন্য উপযোগীভাবে নির্মিত হবে।”

সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান। বক্তারা প্রকল্পের সম্ভাবনা, প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলোচনা করেন।

সভার বাইরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভোলা-বরিশাল সেতুর দাবিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের spontaneous মানববন্ধন ও স্লোগান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বোঝা যায়, স্থানীয়দের কাছে এই সেতুর গুরুত্ব কতটা গভীর।

প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, সেতু নির্মিত হলে বরিশাল ও ভোলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আমূল পরিবর্তিত হবে এবং স্থানীয় অর্থনীতি গতিশীলতা পাবে।




বরিশালে আসছেন দুই উপদেষ্টা, হিজলায় ড্রেজিং প্রকল্পসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন

সরকারি সফরে বরিশালের হিজলা উপজেলা সফর করছেন দেশের ছয়টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুই উপদেষ্টা। শুক্রবার (৯ মে) সকাল ১০টা থেকে শুরু হবে তাদের দুইদিনব্যাপী কর্মসূচি।

জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন জানান, সফররত উপদেষ্টারা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এবং নৌ-পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তারা আজ হিজলা উপজেলার পুরাতন লঞ্চঘাট এবং প্রায় এক যুগ ধরে পরিত্যক্ত মৌলভীর হাট লঞ্চঘাট এলাকা পরিদর্শন করবেন। বিআইডব্লিউটিএ কর্তৃক সেখানে ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে ঘাট পুনরায় চালুর পরিকল্পনা থাকলেও, স্থানীয়দের মধ্যে প্রকল্পটি নিয়ে রয়েছে ব্যাপক বিতর্ক। অনেকে মনে করছেন, প্রকল্পের আসল উদ্দেশ্য লঞ্চ চলাচল নয় বরং বালুর ব্যবসা, যা প্রভাবশালী একটি গোষ্ঠীকে সুবিধা দিতেই নেওয়া হয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, এই প্রকল্প বাস্তবায়িত হলে বসতভিটা হারানোর ঝুঁকিতে পড়বেন অনেক সাধারণ মানুষ। এই প্রেক্ষাপটে সরেজমিনে প্রকল্পের বাস্তবতা ও প্রয়োজনীয়তা যাচাই করতে যাচ্ছেন উপদেষ্টারা।

বিকেল ৩টায় তারা বাবুগঞ্জ-মুলাদী সংযোগ সেতুর নির্মাণ কার্যক্রমও পরিদর্শন করবেন। আগামীকাল শনিবার (১০ মে) সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন তারা। বিকেল ৪টায় বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথেও মতবিনিময় করবেন এবং রাতেই নৌ-রুটে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করবেন।

উল্লেখ্য, উপদেষ্টা ফাওজুল কবির খানের জন্ম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় হলেও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বরিশালের হিজলা উপজেলার কৃতি সন্তান।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




ব্যান, আওয়ামী লীগ’ দাবী ছাত্র-জনতার

চন্দ্রদ্বীপ ডেস্ক : আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ‘ব্যান আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল দেখা যায়।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার পর থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। সেখানে হাসনাতের সঙ্গে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা যোগ দিয়েছেন।

অবস্থান কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারমধ্যে ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘দিল্লি না, ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’ ‘নাহিদ, আক্তার আসছে, রাজপথ কাঁপছে’, ‘একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও ঘুরিয়ে দাও’, ‘২৪ বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘লীগ ধর, জেলে ভর’, প্রভৃতি বলে স্লোগান দেওয়া হচ্ছে। এই কর্মসূচির কারণে যমুনার সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে রাত ১টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যমুনার সামনে অবস্থান নেন। কয়েক হাজার নেতাকর্মী বর্তমানে যমুনার সামনে অবস্থান করছেন।




বিদ্যুৎস্পৃষ্টে ববি কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. নুর ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কৃষি জমির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নুর ইসলামের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ হলেও তিনি পরিবারসহ বরিশালে তালুকদার মার্কেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

জানা গেছে, তিনি বিশ্ববিদ্যালয়ের আশপাশে কিছু কৃষি জমি লিজ নিয়ে চাষাবাদের কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে ওই জমির পাশেই বৈদ্যুতিক পাম্প চালু করার সময় পানিতে পড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারে পা ফসকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে থানা পুলিশ বিকেল ৪টার দিকে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত হন ববি’র প্রো-ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানি, ট্রেজারার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, প্রক্টরসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

ববি উপাচার্য ড. শুচিতা শরমিন এক শোকবার্তায় বলেন, “নুর ইসলামের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




ববি ভিসির অপসারণে শিক্ষক-শিক্ষার্থী একত্র, আন্দোলনের নতুন মোড়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের টানা আন্দোলনে এবার একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এই ঘোষণা দেন তারা।

শিক্ষকদের এই সংহতির মধ্য দিয়ে ২৪ দিন ধরে চলা আন্দোলন নতুন গতি পেয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একযোগে ক্যাম্পাস ও আশেপাশের সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পরে এক সংবাদ সম্মেলনে ববি’র শিক্ষক ড. মুহসিন উদ্দিন লিখিত বক্তব্য পাঠ করেন। এতে আরও বক্তব্য রাখেন শিক্ষক ড. হাফিজ আশরাফুল হক ও উন্মেষ রায়। তারা অভিযোগ করেন, উপাচার্যের অব্যবস্থাপনার কারণে বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে পড়েছে।

তাদের অভিযোগের মধ্যে রয়েছে:

  • মাসের অধিকাংশ সময় ক্যাম্পাসে অনুপস্থিত থাকা
  • প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা
  • বিশ্ববিদ্যালয়ে কোনো উন্নয়ন কার্যক্রম না হওয়া
  • অসুস্থ শিক্ষার্থীর সাহায্যের আবেদন পর্যন্ত উপেক্ষা
  • শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে ভয়ভীতি সৃষ্টি

শিক্ষকরা একবাক্যে বলেন, “এই ভিসি যদি থাকেন, তাহলে বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যাবে।”

আন্দোলনরত শিক্ষার্থী সুজয় শুভ বলেন, “আমরা বর্তমান উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করেছি। তাকে দ্রুত অপসারণ করে একজন শিক্ষার্থী বান্ধব ভিসি নিয়োগে ইউজিসির হস্তক্ষেপ কামনা করছি।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




বরিশালে ছাত্রলীগ নেতাকে আটকে ১০ লাখ টাকা দাবি, তিন ছাত্রদল কর্মী আটক

বরিশালে ছাত্রলীগের এক নেতাকে অপহরণ করে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগে তিন ছাত্রদল কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৮ মে) সকালে নগরীর হাটখোলা এলাকা থেকে অপহৃত ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান শাকিলকে উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন মেট্রোপলিটন ডিবি ইন্সপেক্টর ছগির হোসেন। এ সময় তিন ছাত্রদল কর্মী—জহিরুল ইসলাম প্রিন্স, সৈয়দ সাইফুল ইসলাম সুজন ও সোলায়মান সুজনকে আটক করা হয়। তারা বরিশাল মহানগর ছাত্রদলের এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালেই চকবাজার এলাকা থেকে ছাত্রলীগ নেতা শাকিলকে আটকে ফেলে অভিযুক্তরা। তাকে হাটখোলা এলাকার একটি কাঠের দোকানে আটকে রেখে ১০ লাখ টাকা দাবি করা হয়। পরে ৬ লাখ টাকার আশ্বাস দিলে শাকিলের ভাইকে টাকা আনতে পাঠানো হয়। বিষয়টি জানিয়ে শাকিলের পরিবার পুলিশকে অবহিত করলে, তাৎক্ষণিক অভিযান চালিয়ে ডিবি পুলিশ শাকিলকে উদ্ধার ও তিনজনকে আটক করে।

তবে ঘটনার পরেই ছাত্রলীগ নেতা শাকিলকে রহস্যজনকভাবে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যদিও তার ঘনিষ্ঠদের দাবি, তিনি বর্তমানে সব মামলায় জামিনে রয়েছেন।

এদিকে, আটক ছাত্রদল কর্মীরা দাবি করছেন, তাদের পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। এই বিষয়ে ডিবি ইন্সপেক্টরের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় সম্ভব হয়নি।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্ট বাস্তবায়নে সাব-ন্যাশনাল ডায়লগ অনুষ্ঠিত

খাদ্য নিরাপত্তা ও টেকসই খাদ্য ব্যবস্থাপনার লক্ষ্যে প্রণীত ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্টের আওতাধীন কর্মপরিকল্পনা (Plan of Action) প্রণয়ন করতে বরিশালের খামারবাড়িতে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সাব-ন্যাশনাল ডায়লগ। বৃহস্পতিবার (৮ মে) আয়োজিত এই ডায়লগে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মাসুদুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক মোঃ মাহবুবুর রহমান।

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন পবিপ্রবির অধ্যাপক বদিউজ্জামান, ড. মুহাম্মদ আসাদুল হক, ড. শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ নজরুল ইসলাম, উপ-পরিচালক মোসাম্মৎ মরিয়াম, পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার হাচিব মোহাম্মদ তুষার এবং বিভিন্ন কৃষি ও প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে খাদ্য নিরাপত্তার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং নীতিমালার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি খাদ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর বলেন, “খাদ্য নিরাপত্তা কেবল উৎপাদন নয়, বরং প্রক্রিয়াকরণ ও বিপণন প্রতিটি ধাপে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তির ব্যবহার আবশ্যক।” তিনি গবেষণার মাধ্যমে বাস্তবভিত্তিক সমাধান তুলে ধরার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মহাপরিচালক মোঃ মাহবুবুর রহমান উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডায়লগের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধর পদত্যাগ

চন্দ্রদ্বীপ ডেস্ক : জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

বৃহস্পতিবার (৮ মে) রাতে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন।

এ সময় সদ্য সাবেক সিইও জুলাই ফাউন্ডেশনের নতুন সিইও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবরকে পরিচয় করিয়ে দেন।




কলাপাড়ায় যত্রতত্র মটরসাইকেল পার্কিংয়ে অবসান, চালু হলো নির্দিষ্ট পার্কিং জোন

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে দীর্ঘদিন ধরে চলা যত্রতত্র মটরসাইকেল পার্কিং ও যানজটের দুর্ভোগ থেকে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে শহরবাসী। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে পৌর কর্তৃপক্ষ নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ—শহরে চালু হয়েছে নির্দিষ্ট মটরসাইকেল পার্কিং জোন।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পৌর শহরের পুরান হাসপাতালের সামনে নতুন এই পার্কিং জোনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রবিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ এবং উপজেলা বাউল সংঘের নেতাকর্মীরা।

নতুন চালু হওয়া এ পার্কিং জোন পরিচালনা করবে কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদ ও কলাপাড়া বাউল সংঘ। পার্কিংয়ের জন্য দিনভিত্তিক প্রতিটি মোটরসাইকেল থেকে ১০ টাকা হারে নির্ধারিত ফি নেওয়া হবে।

উল্লেখ্য, পৌর শহরের প্রধান সড়কগুলো ও বিপণিবিতানগুলোর সামনে অপরিকল্পিতভাবে মোটরসাইকেল রাখার কারণে দীর্ঘদিন ধরে যানজট ও বিশৃঙ্খলা লেগেই থাকত। এতে করে শুধু পথচারী নয়, দোকানদার ও জরুরি সেবাও বারবার বাধাগ্রস্ত হচ্ছিল। নতুন এ উদ্যোগ শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনবে বলে আশা করছে পৌর কর্তৃপক্ষ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম