‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে চলবে আন্দোলন

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে চলমান ছাত্র-জনতার আন্দোলন এখন থেকে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে পরিচালিত হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (১০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন। তিনি লেখেন, “গত দুই দিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতা রাস্তায় আছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই অবস্থান কর্মসূচি চলছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতনের পরও এখনো অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি—এটি আন্দোলনের অন্যতম প্রেরণা।”

সারজিস আলম আরও জানান, “এই আন্দোলন কোনো একক রাজনৈতিক দলের নয়। এটি বাংলাদেশের ছাত্র-জনতা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক শক্তির সম্মিলিত প্রতিবাদ। বিভিন্ন মহল থেকে আন্দোলন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। তবে আমরা স্পষ্ট করছি—এই আন্দোলন বিতর্ক নয়, ঐক্যের নাম।”

ফেসবুক বার্তায় তিনি দেশবাসীকে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “ঢাকাসহ সারা দেশের ছাত্র-জনতাকে আহ্বান জানাচ্ছি—আসুন, আমরা সবাই জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ হই। যতদিন না আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, ততদিন গণঅভ্যুত্থানপন্থী সকল দল ও মত আন্দোলন চালিয়ে যাবে। জুলাই এখনো শেষ হয়নি।”

এখন থেকে সকল কর্মসূচি ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে চলবে বলেও সারজিস আলম নিশ্চিত করেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




সচিবালয় ও যমুনা আশপাশে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১০ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হলো। নির্দেশনা অনুযায়ী, শনিবার (১০ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, যমুনা এবং পার্শ্ববর্তী এলাকায়—হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড এলাকায়—যে কোনো ধরনের সভা, মিছিল, শোভাযাত্রা, বা গণজমায়েত সম্পূর্ণরূপে নিষিদ্ধ।”

এই নির্দেশনা এমন সময়ে এলো, যখন রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং ‘গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার’ দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলগুলো রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

গত বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করে। জাতীয় নাগরিক পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এতে অংশ নেন।

ওই সময় আইনশৃঙ্খলা বাহিনী যমুনার সামনে অবস্থান নেয় এবং পুলিশ ব্যারিকেড বসিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়ের রাস্তা পুরোপুরি অবরুদ্ধ করে রাখে। যান চলাচলও সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে।

পরে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন। এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন। বর্তমানে ওই কর্মসূচি অব্যাহত রয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তাধীন: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হঠাৎ দেশত্যাগের ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১০ মে) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা শিগগিরই প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। তারপরও, কিভাবে নিরাপত্তা বলয় অতিক্রম করে একজন সাবেক রাষ্ট্রপতি থাইল্যান্ডে পাড়ি জমালেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া, তার বিষয়ে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে মন্ত্রণালয়ে কোনো নিষেধাজ্ঞার চিঠি পাঠানো হয়েছিল কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।”

এ সময় তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ধর্ম দিয়ে বিভাজন নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে: ফখরুল

ধর্ম দিয়ে সমাজে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ মে) বিকেলে রাজধানীর খামারবাড়িতে ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রতিটি ধর্মই মানুষের ভালো হওয়ার শিক্ষা দেয়। ধর্মকে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। সব ধর্মই ঐক্যের কথা বলে।” তিনি আরও বলেন, “স্বাধীনতা যুদ্ধে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, সেই ঐক্যই আজকের দিনে আমাদের প্রয়োজন। কোনো শক্তি যেন আমাদের বিভক্ত করতে না পারে, সে জন্য আমাদের সবাইকে একত্রিত হতে হবে।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ সংগ্রাম করেছি। আমাদের লক্ষ্য একটাই—একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে প্রতিটি নাগরিক তার ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করবে। আমাদের মধ্যে বিভাজন নয়, বরং ঐক্যের মাধ্যমে আমরা একসঙ্গে থাকতে হবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




২৫ দিনেও চাল পায়নি তালতলীর জেলেরা, চরম দুশ্চিন্তায় পরিবার

ইলিশ ও অন্যান্য মাছের নিরাপদ প্রজননের জন্য চলতি বছরের ১৫ এপ্রিল থেকে সমুদ্রে মাছ ধরা বন্ধ রয়েছে। তবে নিষেধাজ্ঞার ২৫ দিন পার হলেও বরগুনার তালতলীর প্রায় নয় হাজার নিবন্ধিত জেলে এখনো পাননি সরকারের ভিজিএফ খাদ্য সহায়তা। এতে পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা।

সরেজমিনে উপজেলার ফকিরহাট মৎস্য অবতরণ ঘাট ঘুরে দেখা গেছে, শত শত ট্রলার ও নৌকা সাগর ছেড়ে অলস পড়ে আছে। জেলেরা কেউ জাল বুনছেন, কেউ ট্রলার মেরামতের কাজ করছেন—কিন্তু আয় রোজগারের কোনো পথ নেই।

তেঁতুলবাড়িয়া এলাকার জেলে আলতাফ হাওলাদার জানান, “নিষেধাজ্ঞা মেনে চলছি, কিন্তু চাল না পেয়ে পরিবারের খাবার জোগাতে হিমশিম খাচ্ছি।” তার মতো অনেকেই অভিযোগ করেছেন, প্রতিবছরই বরাদ্দকৃত চাল সময়মতো না পেয়ে কষ্টে পড়েন তারা।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি নীতিমালা অনুযায়ী, প্রতিবছর মাছ ধরার মৌসুমে দুই ধাপে জেলেদের মাঝে ৮৬ কেজি করে চাল বিতরণ করার নিয়ম রয়েছে। কিন্তু এবার ভারতের সময়ের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত চাল বরাদ্দ পৌঁছেনি।

ট্রলার মালিক জালাল উদ্দিন বলেন, “আমার তিনটি ট্রলারে থাকা কর্মীদের অনেকেই ব্যাংক ঋণে জর্জরিত। মাছ ধরা বন্ধ থাকায় তাদের আয় নেই, ঋণ শোধও করা যাচ্ছে না।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, “বরাদ্দ এখনো আসেনি। বরাদ্দ পেলেই দ্রুত বিতরণ করা হবে।” একই বক্তব্য দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা—”চাল আসামাত্রই বিতরণ করা হবে।

জেলেরা বলছেন, এভাবে সহায়তা দেরিতে এলে তারা ভিন্ন পেশায় যেতে বাধ্য হবেন, যা মৎস্যখাতে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / 




পাট খেতে গাঁজা চাষ: মির্জাগঞ্জে কৃষক আবুল হোসেন গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জে পাট চাষের আড়ালে গাঁজা চাষ করার অভিযোগে আবুল হোসেন হাওলাদার (৪৭) নামে এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক আবুল হোসেন হাওলাদার মৃত তোজাম্বের হাওলাদারের ছেলে। তিনি নিজের বসতঘরের পাশে পাট খেতের ভেতরে দুইটি গাঁজার গাছ রোপণ করেছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি গাছ দুটি কেটে এনে ঘরের টিনের ছাদে রোদে শুকিয়ে গাঁজা তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল হোসেন গাঁজা চাষের কথা স্বীকার করেছেন এবং তা তিনি মাদক ব্যবসার উদ্দেশেই করছিলেন বলে জানিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, আবুল হোসেন একজন সাধারণ কৃষক হিসেবে পরিচিত হলেও তার কর্মকাণ্ডে এলাকার মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই দাবি করেছেন, এর সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে, বিষয়টি গভীরভাবে তদন্ত করা দরকার।

মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

মো. আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বাংলাদেশে এসে প্রেম, ভোলার মেয়েকে বিয়ে করলেন চীনা তরুণ

সফর করতে এসে ভালোবাসায় আবদ্ধ হয়ে বাংলাদেশের ভোলার এক তরুণীকে ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে করলেন চীনা নাগরিক মাওয়েন হুয়া ইরিছা (২৪)। ঘটনাটি ঘটেছে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, চীনের গানছু প্রদেশের লানজু এলাকার বাসিন্দা মাওয়েন হুয়া ইরিছা সামাজিক যোগাযোগমাধ্যম ইউচ্যাটে নাভিয়া আক্তারের বড় ভাই মো. রনির সঙ্গে পরিচিত হন প্রায় আড়াই বছর আগে। সেই বন্ধুত্ব থেকেই ইচ্ছা প্রকাশ করেন বাংলাদেশ ভ্রমণের। এরপর গত ১১ এপ্রিল তিনি ভোলায় রনির বাড়িতে বেড়াতে আসেন এবং এক মাস অবস্থান করেন।

সেই সময়ের মধ্যে মাওয়েন হুয়া রনির ছোট বোন নাভিয়াকে পছন্দ করেন এবং বিয়ের প্রস্তাব দেন। শুরুতে কিছুটা আপত্তি থাকলেও উভয় পরিবারের সম্মতিতে গত ৪ মে (রোববার) সন্ধ্যায় ইসলামি শরিয়াহ মোতাবেক তাদের বিয়ে সম্পন্ন হয়। দেনমোহর ধার্য করা হয় ১০ লাখ টাকা।

নাভিয়া আক্তার ভোলা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি ইলিয়াস হাওলাদার ও খুকুমণি দম্পতির বড় মেয়ে। চীনা বর মাওয়েন হুয়া নিজেও মুসলিম এবং একটি মাদরাসার ছাত্র বলে জানা গেছে।

বিয়ের পরদিন ৫ মে গায়ে হলুদের আয়োজন করা হয়। বিয়ের খবর ছড়িয়ে পড়লে নবদম্পতিকে দেখতে স্থানীয়রা ভিড় করেন তাদের বাড়িতে। কেউ কেউ বলেন, ভোলায় এমন বিদেশি বিয়ের ঘটনা বিরল, তাই দেখার আগ্রহ ছিল।

নববধূ নাভিয়া বলেন, “আমি খুশি, পরিবার আমাকে যেখানে বিয়ে দিয়েছে, আমি সেখানে থেকে সুখে জীবন কাটাতে চাই।” বর মাওয়েন হুয়াও স্ত্রীকে চীনে নিয়ে যাওয়ার আগ্রহের কথা জানান এবং ইসলামিক ভাবে সুরা ফাতিহা পাঠ করে উপস্থিত সবাইকে চমকে দেন।

এদিকে, নবদম্পতির জন্য এলাকাবাসী ও আত্মীয়স্বজন শুভ কামনা জানিয়েছেন এবং ভবিষ্যতের জন্য দোয়া করেছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / 




আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তপ্ত বরিশাল, মহাসড়কে আগুন

বরিশাল শহর উত্তাল হয়ে উঠেছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র ও জনতার ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভে। শুক্রবার (৯ মে) রাত পৌনে ৮টার দিকে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে একটি বিশাল মিছিল বের হয়।

মিছিলটি বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘুরে ঢাকা-বরিশাল মহাসড়কে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।

বিক্ষোভকারীরা আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী’ এবং ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করে দেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানান। তারা বলেন, “জুলাই মাসে ছাত্র-জনতার ওপর যে নৃশংস হামলা হয়েছে, তা জাতির ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় হয়ে থাকবে।”

বিক্ষোভকারীরা মহাসড়কের ওপর বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং একপর্যায়ে টায়ার ও কাঠে আগুন ধরিয়ে দেন। এতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

পরবর্তীতে আয়োজকরা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, “গণতন্ত্র হত্যাকারী কোনো দলকে রাজনীতির মাঠে থাকার অধিকার নেই। এই আন্দোলন কোনো দলের নয়, এটি দেশের সাধারণ জনগণের ন্যায়ের দাবি।” তারা আরও বলেন, “শান্তিপূর্ণভাবে শুরু হলেও দাবি না মানলে এই আন্দোলন আরও তীব্র ও বৃহত্তর হবে।”

ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




কুয়াকাটায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১০

পটুয়াখালীর কুয়াকাটায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ মে) সকাল ১০টার দিকে তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাদশা ফরাজীর বাড়ির সামনে এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন—বাদশা ফরাজী (৫০), বাদল ফরাজী (৫০), বকুল বেগম (৪৫), রাসেল (১৯), মানসুরা (৫০), কোহিনুর বেগম (৪০) ও মিলন (২২); অপরদিকে কুদ্দুস ফরাজীর পরিবারের রুহুল আমিন (৩২), ইয়াকুব (৩৪) ও লাইলী বেগম (৫০)। তাদেরকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বাদশা ফরাজী ও কুদ্দুস ফরাজীর পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বাদশা ফরাজীর পরিবারের লোকজন জমিতে কাজ করছিলেন, তখন কুদ্দুস ফরাজীর লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কুয়াকাটা হাসপাতালের উপসহকারী মেডিকেল অফিসার মো. রিয়াজ বলেন, আহতদের অনেকের মাথা ও বুকে গুরুতর আঘাত রয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাদের কলাপাড়ায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় একপক্ষের দাবি, জমিতে অবৈধভাবে ঘর নির্মাণের চেষ্টা করা হয়েছিল এবং প্রতিরোধ করতে গেলে তারা হামলার শিকার হন। অন্যদিকে, প্রতিপক্ষ দাবি করছে, পুরনো বসতঘর ভেঙে ফেলার পর ন্যায্য অধিকারে তারা ঘর তুলছিলেন, তখন হামলা চালানো হয়।

মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. আল-আমিন
স্টাফ রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পটুয়াখালীর মির্জাগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার

পটুয়াখালীর মির্জাগঞ্জ ইউনিয়নে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টা থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মির্জাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম রাজ্জাক হাওলাদার (৪৫), মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. তুহিন হাওলাদার (৩৫) এবং মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীরুল ইসলাম নেছার (২৫)।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, “অপারেশন ডেভিল হান্ট”-এর আওতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এর মধ্যে রাজ্জাক ও তুহিন হাওলাদারকে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর মাধবখালী ইউনিয়নের শিশুরহাট বাজারে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী প্রচারণায় হামলা ও বাধা দেওয়ার মামলায় গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে, ছাত্রলীগ নেতা তানভীরুল ইসলাম নেছারকে ২০২৩ সালে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়।

তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।

মো. আল-আমিন
স্টাফ রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম