মেঘনায় কোস্ট গার্ডের অভিযান: ৫৩ ড্রেজার, ৩৬ বাল্কহেড জব্দ, ৬ জন গ্রেপ্তার

বরিশালের হিজলা উপজেলার সাওরাখালী এলাকায় মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ৫৩টি ড্রেজার ও ৩৬টি বাল্কহেড জব্দ করা হয়েছে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ইজারাদার আব্দুল বাসেদসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ কোটি ১৩ লাখ টাকা।

অভিযানটি চালানো হয় শনিবার (১০ মে) সকাল থেকে গভীর রাত পর্যন্ত। অভিযানে নেতৃত্ব দেয় কোস্ট গার্ড দক্ষিণ জোন। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযানটি ছিল সম্প্রতি উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্দেশনায়।

সূত্র জানায়, হিজলার সাওরাখালী এলাকার মাত্র ১০০ একর বালুমহালে শতাধিক ড্রেজার দিয়ে প্রতিনিয়ত বালু তোলা হচ্ছিল। পরিবহনের জন্য রাখা হয়েছিল সমসংখ্যক বাল্কহেড। এতে নদীতীরবর্তী এলাকাগুলো মারাত্মক ভাঙনের ঝুঁকিতে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, মেঘনার ওই পথে চলাচলকারী জাহাজগুলো থেকে নিয়মিত চাঁদা আদায় করা হতো। কোস্ট গার্ড জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা এই চাঁদাবাজির কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য, জেলা প্রশাসনের নির্ধারিত দর ছিল ৫৬ লাখ ১০ হাজার টাকা, কিন্তু আব্দুল বাসেদ এই বালুমহালটি ইজারা নেন ১৬ কোটি ৩৭ লাখ টাকায়। ধারণা করা হচ্ছে, এত বড় অঙ্কের টাকা তুলতে গিয়ে তিনি বেপরোয়া খননে নেমেছেন, যা পরিবেশ ও নদীতীরের জন্য বিপজ্জনক হয়ে ওঠে।

এ প্রসঙ্গে সাবেক ইজারাদার রুবেল মিয়া জানান, একসময় একই জায়গায় তিনি সর্বোচ্চ ১৩টি ড্রেজার চালাতে পেরেছিলেন, কিন্তু এখন এক বছরের ব্যবধানে শতাধিক ড্রেজার দিয়ে অবাধ খনন চলছে।

প্রসঙ্গত, ১ মে থেকে শুরু হওয়া এই বালু উত্তোলন কার্যক্রমের বিরোধিতা করে এলাকাবাসী সম্প্রতি মানববন্ধন করে। এর জবাবে হিজলা সফররত নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরদিনই চলে বড় পরিসরের এই অভিযান।

অভিযানে ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছে কোস্ট গার্ড।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




 না ফেরার দেশে জামায়াত নেতা ড. আ জ ম ওবায়েদুল্লাহ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং চট্টগ্রাম মহানগরের নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ আর নেই।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শনিবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

রবিবার বেলা ১১টায় চট্টগ্রামের প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় মরহুমের প্রথম নামাজে জানাজা। জানাজায় ইমামতি করেন তার দ্বিতীয় পুত্র মুয়াজ আবরার। জানাজা শেষে মরদেহ ভোলার চরফ্যাশনের নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানেই অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা ও পারিবারিক কবরস্থানে দাফন।

ড. ওবায়েদুল্লাহ জন্মগ্রহণ করেন চরফ্যাশনে। শিক্ষাজীবন কেটেছে চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরে তিনি কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি ছিলেন সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণের নিবেদিতপ্রাণ এক কর্মী।

বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বয়েজ স্কাউট, রেড ক্রিসেন্টসহ বহু সংগঠনে নেতৃত্ব দিয়েছেন। তিনি মাসিক অঙ্গীকার ডাইজেস্টহুইল বিজনেস ম্যাগাজিনের সম্পাদকীয় দায়িত্বে ছিলেন। তার লেখা দুটি জনপ্রিয় বই হলো— ‘তরুণ তোমার জন্য’‘স্বপ্নের ঠিকানা’।

তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন রেজিস্ট্রার এবং সর্বশেষ পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

চট্টগ্রামের প্যারেড ময়দানে জানাজার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন:
চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, জামায়াতের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ শাহজাহান, সাবেক এমপি শাহজাহান চৌধুরী, অধ্যাপক আহছানউল্লাহ ভূইঁয়া, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, সাবেক ছাত্রনেতা দেলাওয়ার হোসেন, এবং মরহুমের বড় ছেলে মোছান্না প্রমুখ।

তার মৃত্যুতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গভীর শোক প্রকাশ করে বলেন, “ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের অগ্রপথিক ছিলেন তিনি। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /


 




সন্ত্রাসে জড়িতদের নিষিদ্ধে নতুন অধ্যাদেশ অনুমোদিত

সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে তাদেরকে নিষিদ্ধ করার সুস্পষ্ট বিধান যুক্ত করে ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠন শেষে এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাস প্রতিরোধ এবং অপরাধীদের দমন করতে ২০০৯ সালে প্রণীত ‘সন্ত্রাস বিরোধী আইন’-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সংশোধনীতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বা সংগঠন সন্ত্রাসে জড়িত থাকে এবং সরকার তার বিরুদ্ধে যুক্তিসংগত প্রমাণ পায়, তাহলে গেজেট প্রকাশের মাধ্যমে তাকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত এবং তার কার্যক্রম নিষিদ্ধ করা যাবে।

বর্তমানে আইনে কেবল ব্যক্তিকে নিষিদ্ধের বিধান থাকলেও, সংশোধনের মাধ্যমে এবার প্রাতিষ্ঠানিক কার্যক্রম নিষিদ্ধকরণের ক্ষমতাও যুক্ত করা হয়েছে। এ ছাড়া অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসকে উসকে দেওয়ার প্রচারণা প্রতিরোধেও নতুন বিধান রাখা হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, সংশোধিত এই অধ্যাদেশ সোমবারই জারি হতে পারে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




পটুয়াখালীতে শহীদকন্যা ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

পটুয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার পলাতক এক কিশোর আসামিকে (১৭) বরিশালের এয়ারপোর্ট থানা এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।

রবিবার (১১ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। পলাতক কিশোরের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল।

তিনি জানান, ওই কিশোর আত্মগোপনে থেকে বারবার অবস্থান পরিবর্তন করছিল। তবে পুলিশ ধারাবাহিক অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।

উল্লেখ্য, গত ১৮ মার্চ শহীদ বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে পটুয়াখালীর দুমকি উপজেলায় কলেজছাত্রী (১৭) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ২২ মার্চ এ ঘটনায় থানায় মামলা করেন ভুক্তভোগী।

পরে দুই আসামিকে গ্রেফতার করে যশোর শিশু সংশোধনাগারে পাঠানো হয় এবং তদন্তে উঠে আসে আরেক কিশোরের সম্পৃক্ততা। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করা হলো।

তদন্ত চলাকালে ২৬ এপ্রিল রাজধানীর শেখেরটেক এলাকার বাসা থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়, যা মামলাটিকে আরও সংবেদনশীল করে তোলে।

পুলিশ ইতোমধ্যে তিন কিশোরের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




পুঁজিবাজার উন্নয়নে প্রধান উপদেষ্টার ৫ দিকনির্দেশনা

দেশের পুঁজিবাজারকে স্থিতিশীল ও আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রোববার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অর্থ উপদেষ্টা, বিএসইসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, “লুটপাটের মাধ্যমে শেয়ারবাজারকে যে ভয়াবহ অবস্থায় নেওয়া হয়েছে তা অকল্পনীয়। যারা বছরের পর বছর এই অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিচার না হলে আস্থা ফিরবে না।”

তিনি আরও বলেন, “এখন সময় এসেছে শেয়ারবাজারে সত্যিকারের সংস্কার আনার, যেন এটি লুটেরাদের আড্ডা না হয়ে সাধারণ মানুষের নিরাপদ বিনিয়োগের জায়গায় পরিণত হয়।”

প্রধান উপদেষ্টার পাঁচ দিকনির্দেশনা:

১. সরকারি মালিকানাধীন বহুজাতিক কোম্পানির শেয়ার বাজারে ছাড়ার পদক্ষেপ নিতে হবে।
২. দেশীয় বড় বেসরকারি কোম্পানিগুলোকে বাজারে আনতে প্রণোদনা দিতে হবে।
৩. বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় তিন মাসের মধ্যে কারসাজি রোধে বাজার সংস্কার করতে হবে।
৪. অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
৫. বড় ঋণনির্ভর কোম্পানিগুলোকে পুঁজিবাজার থেকে বন্ড ও ইক্যুইটির মাধ্যমে তহবিল সংগ্রহে উৎসাহিত করতে হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী এবং বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ভোলার গ্যাস এলএনজি নয়, অগ্রাধিকার পাচ্ছে পাইপলাইন প্রকল্প

ভোলার উদ্বৃত্ত গ্যাস এলএনজি আকারে জাতীয় গ্রিডে আনার পরিকল্পনা থেকে সরে আসছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। পরিবর্তে ভোলা-বরিশাল-ঢাকা পাইপলাইন প্রকল্পকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, এলএনজি প্রকল্পটি ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী চুক্তির দাবি করে, যেখানে গ্যাস সরবরাহ কমে গেলে বিনিয়োগ ফেরত পাওয়া কঠিন হয়ে পড়ে। তদুপরি, প্রতি ঘনমিটারে এলএনজি সরবরাহে খরচ দাঁড়াবে প্রায় ৫৫ টাকা, যেখানে পাইপলাইনে তা অনেক কম।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্রতিদিন ২৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতির বিপরীতে ৮০-১০০ মিলিয়ন এলএনজি কোনও বাস্তব সমাধান নয়। বরং দীর্ঘমেয়াদে পাইপলাইনই কার্যকর ও টেকসই সমাধান হতে পারে।

বর্তমানে ভোলায় গ্যাস উত্তোলনের সক্ষমতা রয়েছে ১৯০ মিলিয়ন ঘনফুট, কিন্তু চাহিদা ও অবকাঠামোর অভাবে তা পুরোটা ব্যবহৃত হচ্ছে না। পাইপলাইন না থাকায় জাতীয় গ্রিডেও সংযুক্ত করা যাচ্ছে না।

পেট্রোবাংলা জানিয়েছে, ভোলায় আরও ১৫টি কূপ খননসহ পাইপলাইন বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। ভোলা-বরিশাল রুটের সমীক্ষা শেষ হয়েছে এবং বরিশাল-জাজিরা-আমিনবাজার অংশের কনসালটেন্ট নিয়োগ প্রক্রিয়াধীন।

বিশেষজ্ঞদের মতে, বিলম্বিত সিদ্ধান্তের কারণে গ্যাস খাতে ২০২৭ সালের মধ্যে ভয়াবহ সংকট দেখা দিতে পারে। বিবিয়ানা গ্যাস ফিল্ডের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে, যেখানে বর্তমানে উৎপাদন কমে দাঁড়িয়েছে ৯৪১ মিলিয়নে এবং আগামী কয়েক বছরের মধ্যে তা ৪০০ মিলিয়নের নিচে নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জ্বালানি উপদেষ্টা ড. ফাওজুল কবির খান জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যেই ৫০টি গ্যাস কূপ খনন শেষ করে দৈনিক উৎপাদনে আরও ৫০০ মিলিয়ন ঘনফুট বাড়ানোর লক্ষ্যে কাজ চলছে।

বিশেষজ্ঞরা বলছেন, এখনই ভোলা-বরিশাল-ঢাকা পাইপলাইন বাস্তবায়নে জোর পদক্ষেপ না নিলে গ্যাসখাতের ভবিষ্যৎ গভীর সংকটে পড়বে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




আ.লীগ নিষিদ্ধে বারবার প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে বিএনপি: ফখরুল

আওয়ামী লীগকে ‘মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দল’ হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার দাবিতে বিএনপি একাধিকবার প্রধান উপদেষ্টার কাছে পত্র দিয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, সর্বশেষ ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বিএনপি ‘ফ্যাসিবাদী দল’ আখ্যায়িত করে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের বিচার ও নিষিদ্ধকরণের দাবি তোলে।

ফখরুল বলেন, “আমরা শুরু থেকেই বলেছি, প্রশাসনিক আদেশে নয়—আইনি প্রক্রিয়ায়ই এই ফ্যাসিবাদী দলকে নিষিদ্ধ করা উচিত। আমরা অতীতে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছিলাম একই যুক্তিতে।”

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর যে সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি তা ‘বিলম্বিত হলেও যৌক্তিক’ হিসেবে দেখছে।

মির্জা ফখরুল বলেন, “যদি আগেই আমাদের প্রস্তাব গুরুত্ব পেত, তবে সরকারকে চাপের মুখে এমন বিব্রতকর সিদ্ধান্ত নিতে হতো না।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রোডম্যাপ এখনো ঘোষণা না করায় জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




নতুন অধ্যাদেশে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধ: উপদেষ্টা আসিফ

সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এ নতুন ধারা যুক্ত করে আওয়ামী লীগের পক্ষে যেকোনো প্রচার-প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১১ মে) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, সংশোধিত এই অধ্যাদেশে “সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মতৎপরতা নিষিদ্ধ” করার বিধান রাখা হয়েছে।

তিনি জানান, এ বিধানের আওতায় আওয়ামী লীগের পক্ষে বা সমর্থনে—

  • প্রেস বিবৃতি প্রকাশ বা মুদ্রণ
  • গণমাধ্যম, অনলাইন ও সামাজিক মাধ্যমে প্রচারণা
  • মিছিল, সভা-সমাবেশ, সংবাদ সম্মেলন
  • জনসম্মুখে বক্তব্য প্রদান

সবকিছু নিষিদ্ধ থাকবে।

প্রসঙ্গত, সন্ত্রাস দমন জোরদারে ২০২৫ সালের এই অধ্যাদেশটির খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




উপাচার্যের পদত্যাগ দাবিতে ববি’তে ‘সম্পূর্ণ শাটডাউন’ ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা সোমবার (১২ মে) থেকে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে।

রোববার (১১ মে) বিকেলে আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি খোলা চিঠিতে শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদান থেকে বিরত থাকার আহ্বান জানান। এতে তারা উপাচার্যের বিরুদ্ধে এক দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত জানান।

চিঠিতে বলা হয়, “আমাদের ন্যায্য অধিকারের প্রশ্নে ২৬ দিন ধরে চলমান আন্দোলনের একমাত্র দাবি—অযোগ্য ও অপেশাদার উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগ। এ দাবিতে আমরা আপোষহীন।”

তবে শাটডাউনের আওতামুক্ত থাকবে:

  • সেমিস্টার ফাইনাল পরীক্ষা
  • পরিবহন সেবা
  • লাইব্রেরি
  • মেডিকেল সেবা

এছাড়া পূর্বের মতোই প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাত্রা নিয়ে তদন্তে তিন সদস্যের কমিটি

সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বিদেশ যাত্রা নিয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার।

রোববার (১১ মে) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এই কমিটি গঠনের মূল উদ্দেশ্য হলো সাবেক রাষ্ট্রপতির গত ৭ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ যাত্রার প্রক্রিয়াটি পর্যালোচনা করা।

কমিটির তিন সদস্য হলেন—

  • অধ্যাপক সি আর আবরার (শিক্ষা উপদেষ্টা ও কমিটির সভাপতি)
  • সৈয়দা রিজওয়ানা হাসান (পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা)
  • ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন (নৌ উপদেষ্টা)

কমিটিকে তিনটি বিষয় খতিয়ে দেখে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে:
১. সাবেক রাষ্ট্রপতি কীভাবে বিদেশ গমন করেছেন।
২. সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালনে কোনো গাফিলতি বা ব্যত্যয় ঘটেছে কি না।
৩. দায়িত্বে অবহেলা থাকলে কারা দায়ী এবং কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তার সুপারিশ।

কমিটি প্রয়োজনে সকল প্রয়োজনীয় কাগজপত্র, যন্ত্রপাতি ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করতে পারবে। সংশ্লিষ্ট সব সংস্থা কমিটিকে সহায়তা করতে আইনগতভাবে বাধ্য থাকবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /