তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দুঃখপ্রকাশ: “আঘাত পেলে আমি আন্তরিকভাবে দুঃখিত”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলন এবং তার পরিপ্রেক্ষিতে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে দুঃখ প্রকাশ করেছেন অন্তবর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার (১৫ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমার হতাশা ও ক্ষুব্ধতা কাউকে আঘাত করলে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি।”

ফেসবুক পোস্টে তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর যৌক্তিকতা বিবেচনা করবে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়, পাশাপাশি থাকবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে তথ্য উপদেষ্টা হিসেবে জবি শিক্ষার্থীদের দাবির সমাধানে ভিসি ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনি।

মাহফুজ আলম বলেন, “গত পরশু রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগের পর আমি তাদের গতকাল রাত ৯টায় বাসায় আসার আমন্ত্রণ জানাই। কিন্তু তারা সকালেই আন্দোলনে অংশ নেয় এবং যমুনার কাছে পৌঁছে যায়।” তিনি জানান, আন্দোলনের দিন দুপুর থেকেই উপাচার্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এবং শেষ পর্যন্ত তিনটি টকিং পয়েন্ট ঠিক করে কাকরাইল মোড়ে শিক্ষকদের সঙ্গে উপস্থিত হন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সামনে গিয়ে কথা বলার সময় একটি গ্রুপ স্লোগান দিতে শুরু করে। তখন তিনি পূর্বনির্ধারিত বক্তব্য অনুযায়ী পুলিশি বাড়াবাড়ি এবং উসকানিমূলক ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা ও বিভাগীয় তদন্তের কথা বলতে চেয়েছিলেন। ঠিক সেই সময় একজন শিক্ষার্থী বোতল নিক্ষেপ করেন। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত বিষয়টি তদন্ত করে দেখবে।

ঘটনার পর হতাশা নিয়ে ফিরে যাওয়ার সময় উপাচার্যসহ অন্যদের সঙ্গে নিজের ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন বলে জানান তিনি। “গত এক সপ্তাহ ধরে একটি দলের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে হত্যার হুমকি আসছিল। তাই এই ঘটনার পেছনে সেই দলের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে অনুমান করেছিলাম,” বলেন তথ্য উপদেষ্টা।

তিনি জানান, পরে একটি পৃথক সংবাদ সম্মেলনে আন্দোলনের সঙ্গে একাত্মতা, দাবি পূরণের রোডম্যাপ এবং পুলিশি হামলার বিভাগীয় তদন্তের আশ্বাস দেন।

পোস্টে তিনি জবি শিক্ষার্থীদের আবাসন সংকটের দাবিকে “ন্যায্য” আখ্যা দিয়ে বলেন, “আশা করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো দ্রুত যৌক্তিক সমাধানে পৌঁছাবে।”

তিনি আরও স্মরণ করিয়ে দেন, “জুলাই গণঅভ্যুত্থানে জবি থেকে দুইজন শহীদ হয়েছেন, আহত হয়েছেন অনেক শিক্ষার্থী। এই আত্মত্যাগের পটভূমিতেই আমি শিক্ষার্থীদের পাশে থাকতে চেয়েছি।”

সবশেষে তিনি জানান, “গতকাল রাতেই আমি ডিএমপি কমিশনারকে জানিয়ে দিয়েছিলাম, যেন কোনোভাবেই শিক্ষার্থীদের ওপর জোরপূর্বক ব্যবস্থা না নেওয়া হয়। আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই।”




চলে এসেছে ঈদ-উল-আযহা: আজ থেকে অগ্রিম বাসের টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহাকে সামনে রেখে আজ (১৬ মে) থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ২৯ মে ও তার পরবর্তী দিনের টিকিট সংগ্রহ করা যাচ্ছে। টিকিট বিক্রি চলছে ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

বাসের অগ্রিম টিকিট পেয়ে অনেক যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ টিকিটের ছবি পোস্ট করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনেক যাত্রী ফেসবুকে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, ঈদের টিকিট পেয়ে গেলাম।” তাদের সবাইই মহাখুশি।

এর আগে ১৪ মে বিকেলে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ এক বিবৃতিতে জানান, ঈদ উপলক্ষে ১৬ মে থেকে যাত্রীরা অনলাইন ও সরাসরি কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই টিকিট সরবরাহ করবে বলে জানান তিনি।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে রাকেশ বলেন, “বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকাই অনুসরণ করতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না এবং এ বিষয়ে পরিবহন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় এবার সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে। যেহেতু এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, তাই পরিবহন মালিকেরা সেবার মান অনুযায়ী ভাড়া নির্ধারণ করেন। তবে এবার সিদ্ধান্ত হয়েছে, এসি বাসের ভাড়া যেন যুক্তিসংগত ও গ্রহণযোগ্য হয়।

যাত্রীদের দুর্ভোগ লাঘবে এবং নির্বিঘ্নে ঈদযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।




আন্দোলনে অনড় জবি শিক্ষার্থীরা, জুমার পর থেকে শুরু গণঅনশন

অনলাইন ডেস্ক

আবাসন সংকট নিরসনসহ চার দফা দাবিতে গণঅনশনের ডাক দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১৬মে) জুমার নামাজের পর এই কর্মসূচি শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরেই শিক্ষার্থীরা তাদের দাবিগুলোর পক্ষে ধারাবাহিক আন্দোলন করে আসছেন। বৃহস্পতিবারও তারা রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কাকরাইল মোড়ে চলমান অবস্থান কর্মসূচি থেকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন। তিনি বলেন, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আগামীকাল শুক্রবার সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা একত্রিত হয়ে গণঅনশনে অংশ নেবেন।”

শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো:
১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আবাসন বৃত্তি চালু করতে হবে;
২. বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে;
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে;
৪. চলমান আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে।




কলাপাড়ার হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় হত্যা মামলার পলাতক আসামি এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছাত্রলীগের নেতা নুরুজ্জামান মুন্সী ওরফে নুরছি (২৮) কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাকে আইনের আওতায় আনা সম্ভব হলো।

কলাপাড়া থানা সূত্রে জানা গেছে, ২০২১ সালে বর্বরোচিতভাবে রাকিবুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়। হত্যার উদ্দেশ্যেই চালানো এই হামলায় তার এক হাত কব্জির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পরপরই প্রধান অভিযুক্ত নুরুজ্জামান মুন্সী আত্মগোপনে চলে যান এবং টানা প্রায় তিন বছর ধরেই পলাতক ছিলেন।

বুধবার (১৪ মে) র‍্যাব-১১ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার রাতে তাকে পটুয়াখালীর কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। একইদিন দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে, যেখানে তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম শুরু হয়েছে।

এই ঘটনায় কলাপাড়াসহ পুরো পটুয়াখালী জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ন্যায়বিচার চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। অবশেষে প্রধান আসামির গ্রেফতারের খবরে নিহত রাকিবুলের পরিবার ও এলাকাবাসীর মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



তথ্য উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সৌজন্য সাক্ষাৎ ঘিরে আলোচনায় উঠে আসে চলমান বিভিন্ন রাষ্ট্রীয় কার্যক্রম, গণমাধ্যমের স্বাধীনতা ও উন্নয়নমূলক পরিকল্পনা।

সাক্ষাৎকালে উপদেষ্টা মাহফুজ আলম জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী একাধিক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। বিশেষ করে সাংবাদিকদের দায়িত্ব ও নিরাপত্তা সংক্রান্ত একটি অধ্যাদেশ প্রণয়নের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে সাংবাদিকদের জন্য একটি নিরাপদ ও দায়িত্বশীল কর্মপরিবেশ নিশ্চিত করা।

তিনি আরও জানান, জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থান সংক্রান্ত ঘটনার দলিল ও ইতিহাস সংরক্ষণ এবং তা গণমাধ্যমে তুলে ধরার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে একাধিক প্রামাণ্যচিত্র ও প্রকাশনা তৈরি করা হয়েছে। এই প্রচেষ্টা শুধু ইতিহাস সংরক্ষণেই নয়, বরং জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং অতীত থেকে শিক্ষা গ্রহণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, আগামী ৫ আগস্ট উদ্‌যাপনকে কেন্দ্র করে আরও কিছু নতুন প্রামাণ্যচিত্র ও প্রকাশনা প্রক্রিয়াধীন রয়েছে।

সাক্ষাতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা করতে গিয়ে উপদেষ্টা স্পষ্টভাবে জানান, দেশের গণমাধ্যমে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সে অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করছে।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশের এই অগ্রগতির প্রশংসা করেন। তিনি জানান, এ বছর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নতি ঘটেছে, যা ইতিবাচক এক অর্জন। এই সফলতার জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি যুক্তরাজ্যের গণমাধ্যম সংস্কৃতি ও দায়বদ্ধতা বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বাংলাদেশের গণমাধ্যম উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেন।

বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়। ব্রিটিশ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি এলি বুটও এই আলোচনায় অংশ নেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাংলাদেশ-জাতিসংঘের টেকসই উন্নয়নে নতুন অঙ্গীকার, বাড়লো সহযোগিতা কাঠামোর মেয়াদ

বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ যৌথভাবে টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বৃহস্পতিবার (১৫ মে) অনুষ্ঠিত জয়েন্ট স্টিয়ারিং কমিটির (জেএসসি) দ্বিবার্ষিক বৈঠকে এই প্রতিশ্রুতি পুনর্নবায়ন করা হয়।

এ বৈঠকে জাতিসংঘ টেকসই উন্নয়ন সহযোগিতা কাঠামো (UNSDCF) ২০২২-২০২৬ মেয়াদকে এক বছর বাড়িয়ে ২০২৭ সাল পর্যন্ত সম্প্রসারণের অনুমোদন দেওয়া হয়েছে। একইসাথে ২০২৪ সালের কান্ট্রি রেজাল্ট রিপোর্ট প্রকাশ এবং আগামী বছরের কৌশলগত অগ্রাধিকারের অনুমোদনও দেওয়া হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিস গোয়েন লুইসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি ও জাতিসংঘ সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

জেএসসি রাজনৈতিক পরিবর্তন, জলবায়ু সংকট এবং প্রশাসনিক সংস্কারের পরিপ্রেক্ষিতে অভিযোজন ক্ষমতা, মানবাধিকার, ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে জাতিসংঘের সহায়তা অব্যাহত রাখার বিষয়টি জোরালোভাবে তুলে ধরে।

২০২৪ সালে জাতিসংঘ বাংলাদেশে ২১৫ মিলিয়ন মার্কিন ডলার উন্নয়ন সহায়তা দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে কৌশলগত সহায়তা, বেসরকারি খাতের সাথে যৌথভাবে ৪ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি, ১১৬টি ব্যবসার আয় বৃদ্ধিতে সহায়তা এবং ১১ হাজারের বেশি তরুণ-তরুণীকে ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষণ দেওয়া।

জাতিসংঘের মাধ্যমে ৪ কোটি মানুষ সামাজিক সুরক্ষা কাঠামোর আওতায় এসেছে। শিশু সুরক্ষা কর্মসূচির আওতায় ৫ লাখ ৮০ হাজার শিশু উপকৃত হয়েছে এবং সারাদেশে ৫৬ লাখ কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকা দেওয়া হয়েছে, যেখানে ১০-১৪ বছর বয়সী মেয়েদের ৯৩% অন্তর্ভুক্ত।

সভায় মিস গোয়েন লুইস বলেন, “বাংলাদেশের জনগণ বিগত বছর চ্যালেঞ্জের মধ্যেও সাহস ও দৃঢ়তা দেখিয়েছে। আমরা সংস্কার, জলবায়ু সহনশীলতা, জেন্ডার সমতা এবং কাউকে পিছনে না রাখার জন্য সহযোগিতা জোরদার করবো।”

সচিব সিদ্দিকী জাতিসংঘের সহায়তার প্রশংসা করে বলেন, “UNSDCF-এর সম্প্রসারিত কাঠামো আমাদের পরিবর্তিত প্রেক্ষাপটে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

এই কাঠামোর পাঁচটি মূল কৌশলিক অগ্রাধিকার নির্ধারিত হয়েছে: অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতি, মানব কল্যাণ, পরিবেশগত সহনশীলতা, সুশাসন এবং জেন্ডার সমতা।

মো. আল-আমিন
স্টাফ রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কুয়াকাটায় ফিলিং স্টেশনে দুর্বৃত্তদের আগুন, সিসিটিভিতে ধরা পড়ল দুই মুখোশধারী

পটুয়াখালীর কুয়াকাটায় একটি ফিলিং স্টেশনে রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে অল্পের জন্য বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার (১৪ মে) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে কাপড় বাঁধা অবস্থায় দুই ব্যক্তি ফিলিং স্টেশনের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে পেছনের অংশে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। তখনই সড়কে থাকা কয়েকজন অটোরিকশা চালক আগুন দেখতে পেয়ে ফিলিং স্টেশনের স্টাফদের খবর দেন।

সাদ্দাম নামের এক কর্মচারী জানান, “রাতের ডিউটি শেষে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ অটোরিকশা চালকদের চিৎকারে ঘুম ভেঙে যায়। তারা জানায় পেছনে আগুন জ্বলছে। আমরা সবাই মিলে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনি।”

পাম্পের মালিক কাদের ফরাজী বলেন, “রাতে ফোনে খবর পাই, পাম্পে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দেখি, দুটি পুরনো পরিত্যক্ত মেশিন ও সাতটি খালি ড্রামে আগুন দেওয়া হয়েছে। পরে সিসিটিভি ফুটেজ ঘেঁটে দেখা যায়, অজ্ঞাতনামা দুজন কাপড় বাঁধা অবস্থায় আগুন দিয়ে পালিয়ে গেছে।”

এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মো. আল-আমিন
স্টাফ রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



নেছারাবাদের কৃষ্ণচূড়া জোড়া যেন স্বপ্নের দুয়ার

গ্রীষ্মের প্রচণ্ড খরার মধ্যেও প্রকৃতির এক চিরন্তন সৌন্দর্য ছড়িয়ে দিয়ে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার প্রবেশপথে দাঁড়িয়ে রয়েছে দুটি কৃষ্ণচূড়া গাছ। যেন আগন্তুকদের ফুলেল অভ্যর্থনায় বরণ করে নিচ্ছে এই শহর।

নেছারাবাদ উপজেলা শহরের মুখে দাঁড়িয়ে থাকা গাছ দুটির ডালে ফুটে আছে রক্তিম কৃষ্ণচূড়া ফুল। প্রতিদিন শত শত পথচারী এবং দর্শনার্থী এখানে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখেন এই রঙিন দৃশ্য। অনেকেই ছবি তোলেন, কেউ বা বসে পড়েন গাছের ছায়ায় প্রকৃতির নির্মল প্রশান্তি উপভোগে।

স্থানীয় বাসিন্দা মো. আনোয়ার হোসেন বলেন, “এই দুটি গাছ যেন আমাদের শহরের মুখপত্র। বাইরে থেকে কেউ এলে সবার আগে এই গাছ দেখে মুগ্ধ হন।”

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মামুনুর রশীদ জানান, কৃষ্ণচূড়া যার বৈজ্ঞানিক নাম Delonix regia, বাংলাদেশে অন্যতম জনপ্রিয় গ্রীষ্মকালীন ফুলের গাছ। এপ্রিল থেকে জুন পর্যন্ত ফুল ফোটে, এবং এটি ছায়া প্রদানকারী ও পরিবেশবান্ধব গাছ হিসেবেও পরিচিত।

তরিকুল ইসলাম নামের এক দর্শনার্থী বলেন, “এই গাছ দুটি আমাদেরকে যেন স্বাগত জানায়। গাছ রক্ষার গুরুত্ব এখন সময়ের দাবি।”

স্থানীয় নারী রিমা আক্তার বলেন, “প্রতিদিন কাজ শেষে আমি এখানে এসে বসি। ফুলের রঙ আর পরিবেশ আমাকে শান্তি দেয়। এই জায়গা আমাদের মতো অনেকের প্রিয় আশ্রয় হয়ে উঠেছে।”

গ্রীষ্মে এ গাছ শুধু নয়নাভিরাম সৌন্দর্য নয়, বরং নগরের উষ্ণতা কমানো এবং বায়ু বিশুদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বৃক্ষ নিধনের কারণে কৃষ্ণচূড়া গাছ ক্রমেই হারিয়ে যাচ্ছে— এমনটাই আশঙ্কা পরিবেশবিদদের।

এলাকাবাসীর প্রত্যাশা, নেছারাবাদের এই সৌন্দর্যের প্রতীক গাছদুটি রক্ষা করা হবে, এবং আরও এমন বৃক্ষ রোপণের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সকলে এগিয়ে আসবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /


 




বিষখালী নদীতে রাতের আঁধারে ইলিশের পোনা নিধন, হুমকিতে জীববৈচিত্র্য

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিষখালী নদীতে রাতের অন্ধকারে চলছে নিষিদ্ধ পদ্ধতিতে ইলিশ ও অন্যান্য মাছের পোনা শিকারের অপতৎপরতা। প্রশাসনের নজর এড়িয়ে কিছু অসাধু জেলে বেহুন্দী জাল ফেলে অবৈধভাবে পোনা মাছ আহরণ করছে, যা ইলিশ উৎপাদন ও নদীর সামগ্রিক জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন গভীর রাতে এসব জেলে নদীতে জাল ফেলে পোনা মাছ শিকার করে। পরে সেগুলো ছোট নৌকায় করে তীরে এনে স্থানীয় বাজারে বা বাড়ি বাড়ি গিয়ে ৫০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করছে। বাজারের চেয়ে সস্তা হওয়ায় অনেকেই এসব মাছ কিনছেন।

পশ্চিম আউরা গ্রামের গৃহবধূ আলফুন নাহার বেগম বলেন, “বাজারে মাছের দাম বেশি, কিন্তু কিছুদিন আগে জেলেরা আমাদের বাড়িতে এসে ইলিশ পোনা বিক্রি করে গেছে। আমি ২ কেজি ১৪০ টাকায় কিনেছি।”

স্থানীয় পরিবেশ ও মৎস্য সচেতন ব্যক্তিরা বলছেন, এখন ইলিশের প্রধান প্রজনন মৌসুম চলছে। এ সময়ে পোনা নিধন পুরো ইকোসিস্টেমের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তারা মনে করেন, এই পোনাগুলো বড় হলে ইলিশ উৎপাদনে তা বিশাল ভূমিকা রাখত।

তাদের দাবি, প্রশাসনকে আরও তৎপর হতে হবে এবং জনসচেতনতা বাড়াতে হবে। না হলে বিষখালী নদীতে ইলিশসহ অন্যান্য মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

এ বিষয়ে কাঠালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার জানান, “আমরা বিষয়টি গুরুত্ব সহকারে নজরে রেখেছি। খুব শিগগিরই অভিযান চালিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /


 




মালয়েশিয়ার শ্রমবাজারে ফিরছে বাংলাদেশ, জানালেন আসিফ নজরুল

বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার ফের খুলছে—এমন আশার খবর দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাসিফউদ্দিন নাসিটিওনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এ সম্ভাবনার কথা জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওই বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশ থেকে শর্তহীন ও কম খরচে শ্রমিক পাঠানোর বিষয়ে আলোচনা করেন। বৈঠকের পর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় জানান, “গত বছরের শেষ সময়ে যেসব শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি, তাদের যাওয়ার পথ এখন খুলে যাচ্ছে।”

তিনি বলেন, “প্রায় ১৭ হাজার শ্রমিকের মধ্যে প্রথম ব্যাচের ৭ হাজার ৯২৬ জনের তালিকা চূড়ান্ত করেছে মালয়েশিয়া সরকার। খুব শিগগিরই তারা দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন।”

আসিফ নজরুল আরও জানান, “বিভিন্ন সূত্রে জানা গেছে, আগামী কয়েক মাসে মালয়েশিয়া ১ থেকে দেড় লাখ নতুন বিদেশি শ্রমিক নেবে। মানবসম্পদ মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন—এই নিয়োগে বাংলাদেশিদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

এই ইতিবাচক অগ্রগতি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /