পরিবারের কাছে ফিরে গেলেন হুসাইন

তথ্য উপদেষ্টার উপর বোতল নিক্ষেপের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক হওয়া মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিজ পরিবারের সাথেই অবস্থান করছেন।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, হুসাইনকে জিজ্ঞাসাবাদ শেষে ডিবি অফিস থেকে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

তথ্য উপদেষ্টা নিজেই হুসাইন ও তার পরিবারের সাথে কথা বলেন এবং পরবর্তীতে তাকে বাসায় আমন্ত্রণ জানান। এর আগে দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ জানান যেন হুসাইনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার প্রেক্ষিতে তথ্য উপদেষ্টা পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়ে বলেন, সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। তিনি আশ্বাস দেন, কয়েক ঘণ্টার মধ্যেই সমস্যার পূর্ণাঙ্গ সমাধান নিয়ে সরকারের পক্ষ থেকে একটি রোডম্যাপ প্রকাশ করা হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ডিজিটাল সমতায় নারী-পুরুষের সমান সুযোগে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা

ডিজিটাল রূপান্তরের প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষের সমান অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৬ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস (১৭ মে) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এবারের দিবসের প্রতিপাদ্য— ‘ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমতায়ন’

প্রধান উপদেষ্টা বলেন, “একটি বৈষম্যহীন আধুনিক সমাজ গঠনে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে নারী-পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।”

তিনি জানান, সরকার ‘নাগরিক সেবা’ নামক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করছে যাতে মানুষ সহজে সরকারি সেবা পেতে পারে এবং হয়রানি কমে। পাশাপাশি সারা দেশের ইউনিয়ন পর্যায়ে নাগরিক সেবা কেন্দ্রের মাধ্যমে তথ্যপ্রযুক্তি সেবা বিস্তার করা হচ্ছে।

নারী উদ্যোক্তা ও শিক্ষার্থীদের ডিজিটাল জগতে এগিয়ে আনতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। এর মধ্যে রয়েছে:

  • নারী উদ্যোক্তাদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
  • মেয়ে শিক্ষার্থীদের জন্য “She-STEM” টেকনোলজি প্রশিক্ষণ
  • বাংলাদেশ স্যাটেলাইটের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ

প্রধান উপদেষ্টা বলেন, “সমতা, অন্তর্ভুক্তি ও প্রগতির ভিত্তিতে একটি ডিজিটাল বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে। ডিজিটাল সমতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




জবি শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন এনসিপির

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (১৬ মে) রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ এভিনিউতে ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী এ সমর্থন জানান।

তিনি বলেন,“জগন্নাথের ভাইয়েরা আজ রাস্তায়। আমরা তাদের ন্যায্য দাবির পাশে আছি। সরকারের প্রতি আহ্বান, শিক্ষার্থীদের দাবি মেনে তাদের মুক্তি দিন।”

তিনি আরও উল্লেখ করেন, যদি সরকার দাবিগুলো না মানে, তাহলে ছাত্র ও জনতার চাপের মুখে সরকারকে কঠিন পরিস্থিতিতে পড়তে হবে।

অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন,“জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতে সাহসিকতার দৃষ্টান্ত রেখেছেন। তাদের অবদান ভুলে যাওয়ার সুযোগ নেই। সরকারকে অবশ্যই তাদের দাবি মেনে নিতে হবে।”

তিনি আরও বলেন,“দেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জনগণের। কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। মানবিক করিডরসহ বড় সিদ্ধান্তগুলো সব রাজনৈতিক দলকে নিয়ে নিতে হবে।”

অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ জানান,“জাতীয় যুবশক্তি কোনো লাঠিয়াল বাহিনী নয়। এটি দেশপ্রেমিক যুবকদের সংগঠন, যারা দেশের জন্য গার্ড হিসেবে কাজ করবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




তথ্য উপদেষ্টার দিকে বোতল নিক্ষেপ, যুবক ডিবি হেফাজতে

রাজধানীতে তথ্য উপদেষ্টার দিকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত যুবককে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন,“ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।”

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জনমনে আলোড়ন সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততার সঙ্গে ঘটনার তদন্ত শুরু করে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




কোন সংবিধানই মানুষের মৌলিক অধিকার রক্ষা করে না: পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, শুধুমাত্র সংবিধান দিয়ে মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হয় না।

তিনি বলেন, “যদি রাজনীতিবিদরা সৎভাবে না চান, তাহলে সংবিধান থাকা সত্ত্বেও মানুষের মৌলিক অধিকার রক্ষা পাবে না। আমরা আগের ফ্যাসিস্ট শাসনামলে সেটা দেখেছি। মূলত, সংসদ এবং রাজনীতিবিদদের এটা উপলব্ধি করতে হবে ও বিশ্বাস করতে হবে যে জনগণের অধিকার সুরক্ষিত হওয়া উচিত। তখনই একটি কার্যকর, সম্মানজনক ও টেকসই রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।”

তিনি আরও যোগ করেন, “যখন কেউ ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে ওঠে, তখনই প্রথম কাজ হিসেবে জনগণের অধিকার হরণ শুরু করে।”

পার্থ বলেন, “রাজনীতিতে ভালো ও সদিচ্ছাসম্পন্ন মানুষ এলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব। আমি সবসময় বলি—ভালো বাবুর্চি না হলে ভালো উপকরণ দিয়েও ভালো খাবার রান্না সম্ভব না। ঠিক তেমনি, রাজনীতিতে যদি সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব না আসে, তাহলে কখনোই ভালো শাসন আশা করা যায় না।”

তিনি বলেন, “যেদিন এমন নেতৃত্ব আসবে, যারা বিশ্বাস করে—‘তুমি আমার বিরুদ্ধে কথা বলার অধিকার রাখো, আর সেই অধিকার রক্ষার জন্য প্রয়োজন হলে আমি আমার জীবনও দিতে প্রস্তুত’—সেদিনই মানুষের মৌলিক অধিকার প্রকৃত অর্থে রক্ষা পাবে।”




শরিয়তপুরে সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদার গ্রেপ্তার

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোসাইরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাতে হজ পালনের উদ্দেশ্যে দেশত্যাগের সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আব্দুল আউয়াল সরদার সরকার পতনের পর ৫ আগস্ট থেকে গা ঢাকা দেন। এরপর বৃহস্পতিবার রাত ১২টার দিকে সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

শুক্রবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে গোসাইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে গোসাইরহাট থানা পুলিশ তাকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শরীয়তপুর জেলা কারাগারে প্রেরণ করে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম জানান, “আব্দুল আউয়াল সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।”




বিজিবি-জনতার বাধায় আবারও পিছু হটল বিএসএফ

বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সিঙ্গারবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রায় ৭৫০ জন মানুষকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় শতাধিক মানুষের তৎপরতায় শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে। সূত্র জানায়, পুশ-ইনের বিষয়টি আঁচ করতে পেরে বিজিবির ২৫ ব্যাটালিয়ন দ্রুত সীমান্তে অবস্থান নেয় এবং সতর্ক অবস্থানে যায়। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে মসজিদে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে আশপাশের পাঁচটি গ্রামের—সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘরিয়া, মেরাসানী ও নোয়াবাদী—শতাধিক মানুষকে সীমান্তে জড়ো করা হয়।

স্থানীয়দের উপস্থিতি ও বিজিবির কড়া অবস্থানের মুখে কোনো সংঘর্ষ ছাড়াই বিএসএফ সরে যেতে বাধ্য হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্চু মিয়া জানান, বিজিবি থেকে খবর পাওয়ার পরপরই এলাকায় মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়। রাতের মধ্যেই স্থানীয়রা সীমান্তে জড়ো হলে বিএসএফ বাধ্য হয় পিছু হটতে।

ইউনিয়নের আরেক সদস্য মামুন চৌধুরী বলেন, বিএসএফ গোপনে পুশ-ইনের পরিকল্পনা করেছিল। তবে স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ ও বিজিবির প্রস্তুতির কারণে তা ব্যর্থ হয়।

বিজয়নগরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে, তবে প্রশাসন ও বিজিবি সতর্ক রয়েছে।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহাম্মেদ বলেন, আগে থেকেই গোয়েন্দা তথ্য থাকায় বিজিবি সতর্ক ছিল। স্থানীয়দের সক্রিয় সহায়তায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করা সম্ভব হয়েছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনও কাটেনি।




আকাশে খুলে যায় বিমানের চাকা, অক্ষত অবস্থায় ফিরলেন ৭১ যাত্রী!

বাংলাদেশ এয়ারলাইন্সে

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আকাশে উড্ডয়নের পর পেছনের একটি চাকা খসে পড়ার ঘটনা ঘটেছে। তবে পাইলটের দ্রুত সিদ্ধান্ত ও দক্ষতার কারণে উড়োজাহাজটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়। এতে কোনো যাত্রী আহত হননি।

শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় বিজি ৪৩৬ নামের ফ্লাইটটি। ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন।

উড্ডয়নের কিছুক্ষণ পর পাইলট দেখতে পান যে বিমানের পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) বিষয়টি জানিয়ে জরুরি অবতরণের প্রস্তুতি নিতে বলেন।

বিষয়টি জানার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব সংস্থা সতর্ক অবস্থান নেয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. সাফিকুর রহমান জনকণ্ঠ-কে জানান, “দুপুর ২টা ২০ মিনিটে ফ্লাইটটি সফলভাবে অবতরণ করে। কোনো যাত্রী হতাহত হননি। আমরা সম্ভাব্য সব ধরনের জরুরি প্রস্তুতি নিয়েছিলাম। তবে ক্যাপ্টেন বিল্লাহ অসাধারণ দক্ষতায় বিমানটি নিরাপদে নামাতে পেরেছেন।”

বিমান সংস্থার বিশেষজ্ঞদের মতে, ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজ এক চাকা হারালেও জরুরি অবতরণ সম্ভব।

ঘটনার সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিলেও অবতরণের পর সবাই স্বস্তি প্রকাশ করেন। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হবে এবং প্রয়োজনে বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে।




দুমকিতে আগুনে ঘর ছাই, পুড়ে গেল সাত ছাগল

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের শিকদার বাড়িতে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। ১৪ মে রাতে আনুমানিক ১১টার দিকে এই বাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, আর মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ রূপ নিয়ে পুরো বসতবাড়ি গ্রাস করে ফেলে। আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় একটি বসতঘর। ঘরের ভেতরে থাকা সাতটি ছাগল পুড়ে মারা যায়। আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গেছে বাড়ির সবাই, কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, আগুন প্রথমে বাড়ির রান্নাঘর থেকে শুরু হয়। কিন্তু কেউ ঠিক সময়ে টের না পাওয়ায় অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে ফোন না করেই স্থানীয় লোকজন বালতি ও টিউবওয়েলের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু প্রচেষ্টা সত্ত্বেও আগুনের তীব্রতায় তারা কোনো কিছুই রক্ষা করতে পারেনি। ঘরে থাকা আসবাবপত্র, পোশাক, প্রয়োজনীয় কাগজপত্র—সব পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার সবচেয়ে বেদনাদায়ক দিক ছিল ঘরের ভেতর থাকা সাতটি ছাগলের মৃত্যু। যেগুলো ছিল পরিবারটির একমাত্র উপার্জনের ভরসা। মৃত শাজাহান শিকদারের স্ত্রী মোসা: রাহেলা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সাতটা ছাগলই ছিল আমার সংসারের ভরসা। এখন তো কিছুই রইল না। সব পুড়ে গেল। চোখের সামনে সব শেষ হয়ে গেল, কিছুই বাঁচাতে পারলাম না।”

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, আগুনের এমন দৃশ্য এর আগে তারা কখনও দেখেননি। ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন চরম দুর্দশায় দিন কাটাচ্ছে। নেই মাথার ছায়া, নেই খাবারের সংস্থান—সব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন রাহেলা বেগম ও তার পরিবার।

এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারটির দ্রুত সরকারি সহায়তা প্রয়োজন। নইলে এই পরিবারের পক্ষে মাথা গোঁজার ঠাঁই করে নেওয়া কঠিন হয়ে পড়বে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

চন্দ্রদ্বীপ ডেস্ক : আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আজ (১৬ মে) থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ মে ও পরবর্তী দিনের টিকিট সংগ্রহ করা যাচ্ছে আজ থেকে। ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই অগ্রিম টিকিট বিক্রি।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই টিকিট সংগ্রহ করে আলহামদুলিল্লাহ লিখে টিকিটের ছবিসহ পোস্ট দিয়েছে। এরমধ্যে মোহাম্মদ ইমরান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ঈদের টিকিট পেয়ে গেলাম।’ তিনি সংগ্রহ করেছে ঢাকা-রংপুর রুটের ৩ জুনের বাসের টিকিট।

এরআগে গত ১৪ মে বিকেলে ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রির কথা জানান বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ। তিনি জানান, যাত্রীরা ১৬ মে থেকে বাসের টিকিট অনলাইন ও সরাসরি কাউন্টারে— দু’ভাবেই কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই টিকিট সরবরাহ করবে।

অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে রাকেশ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকাই অনুসরণ করতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এবং এ বিষয়ে সব পরিবহন মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।