ড. ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠক শুরু

রাজনৈতিক অঙ্গনে আলোচিত এক উদ্যোগে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে। রবিবার (২৫ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই গুরুত্বপূর্ণ আলোচনা পর্ব শুরু হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, বৈঠকটি দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে অংশ নিয়েছেন—লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, এবি পার্টির মহাসচিব মুজিবর রহমান মঞ্জু এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
এছাড়া প্রথম দফার আলোচনায় আরও অংশ নিয়েছেন বাসদের উপদেষ্টা খালেকুজ্জামান ভূঁইয়া, জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, দ্বিতীয় দফায় অংশ নেবেন বিভিন্ন ইসলামি দলের নেতৃবৃন্দ। তাদের মধ্যে রয়েছেন—হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদি এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জাতীয় নির্বাহী পরিষদের মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার এবং ইসলামী ঐক্য জোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি।
এ বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। রাজনৈতিক সমঝোতা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে এই বৈঠক কতটা ফলপ্রসূ হবে, সেটাই এখন দেখার বিষয়।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /








