আবারও রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক

রাজধানীর ধানমন্ডিতে গত বছরের জুলাই আন্দোলনের সময় মো. রিয়াজ (২৩) নামের এক যুবককে হত্যার মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আওয়ামী লীগ নেতা নুরু মিয়ার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা, পিবিআইর পরিদর্শক মুহাম্মদ কামরুজ্জামান সিকদার, এ চারজনের পাঁচদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত শুনানির জন্য তাদের হাজিরের নির্দেশ দেন এবং প্রথমে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। সোহানুর রহমান আজাদের পক্ষে আইনজীবী জহিরুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। অন্য তিন আসামির পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করলেও তারা শুনানিতে অংশ নেননি।

শুনানি শেষে আদালত সোহানুর রহমান আজাদ ছাড়া বাকি তিনজন—সালমান এফ রহমান, আনিসুল হক ও নুরু মিয়ার দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। আজাদের রিমান্ড বিষয়ে আদালত পরবর্তীতে আদেশ দিবেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট সাইন্সল্যাব থেকে জিগাতলা যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ। দীর্ঘ দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৭ আগস্ট বিকেলে তার মৃত্যু হয়। পরে ৯ সেপ্টেম্বর নিহতের মা মোসা. শাফিয়া বেগম ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন।

এই তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।




গন্তব্য জাপানে পৌঁছেছেন ড.মুহাম্মদ ইউনুস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাপানে পৌঁছেছেন। বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগেই তিনি টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী। এ তথ্য প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সময় রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

ড. ইউনূস টোকিওতে অনুষ্ঠিতব্য ৩০তম নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশ নেবেন।

প্রেস উইং সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি ও সাবেক উপ-প্রধানমন্ত্রী টারো আসো

সাক্ষাতের পর তিনি নিপ্পন ফাউন্ডেশনের সভাপতি ইয়োহেই সাসাকাওয়া আয়োজিত এক নৈশভোজে অংশ নেবেন। নৈশভোজ শেষে জাপানের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন তিনি।




পটুয়াখালীতে মেছো বিড়াল সংরক্ষণে মোবাইল ভ্যান, সচেতনতায় নতুন দিগন্ত

বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীতে চালু হয়েছে এক অভিনব উদ্যোগ—মেছো বিড়াল সংরক্ষণভিত্তিক মোবাইল প্রচার ভ্যান। উপকূলীয় বন বিভাগের ব্যবস্থাপনায় ২৭ মে (সোমবার) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ভ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (আইসিটি) মহসিন উদ্দীন এবং বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম।

উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এর আগেও যশোরে একই ধরনের ভ্যান উদ্বোধন করেছিলেন। পটুয়াখালীর উদ্যোগটি সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ।

এই ভ্যান পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে ঘুরে মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দিচ্ছে। এতে জানানো হচ্ছে, মেছো বিড়াল হিংস্র প্রাণী নয়, বরং এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় অপরিহার্য।

উপকূলীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম বলেন, “অনেকেই চিতাবাঘের মতো দাগ থাকার কারণে মেছো বিড়ালকে ভয় পেয়ে মেরে ফেলেন। অথচ এটি একটি নিরীহ প্রাণী, যা মাছ, ব্যাঙ, ইঁদুর ও ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে এবং কৃষিক্ষেত্রে উপকারী ভূমিকা রাখে।”

অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দীন বলেন, “সঠিক তথ্য দিয়ে জনগণের ভুল ধারণা ভাঙতে পারলে এই প্রাণীটির অকারণ হত্যা রোধ করা সম্ভব। এটি পরিবেশবান্ধব বন্যপ্রাণী, যা বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

এসময় উপস্থিত ছিলেন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর রেস্কিউ অ্যান্ড রিলিজ উইং প্রধান মোঃ আসাদুল্লাহ হাসান মুসা। তিনি বলেন, “মানুষের অজ্ঞতার কারণেই মেছো বিড়ালের ওপর হামলার ঘটনা ঘটে। আমাদের প্রচেষ্টার লক্ষ্য হলো—মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সহাবস্থান নিশ্চিত করা।”

বর্তমানে প্রচার ভ্যানটি জেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে। স্থানীয় পরিবেশপ্রেমী ও জনগণ এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। বিশেষজ্ঞদের মতে, এমন উদ্যোগ বন্যপ্রাণী সংরক্ষণ ছাড়াও একটি পরিবেশবান্ধব সমাজ গঠনে সহায়ক হবে।

মোঃ আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বিএনপি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখে: আমিনুল হক

বিএনপি একটি অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

মঙ্গলবার (২৭ মে) রাজধানীর পল্লবীর বাউনিয়া বাঁধে সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, “গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িকতার মুখোশ পরে আসলে সাম্প্রদায়িকতাকেই প্রাধান্য দিয়েছে। তারা হিন্দু সম্প্রদায়ের ওপর নানা নির্যাতন চালিয়ে তা বিএনপির ওপর দোষ চাপিয়েছে।”

তিনি আরও বলেন, “বিএনপি চায় একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে—যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দির নির্মাণ কমিটির সভাপতি রাইচরন রবিদাস, সাধারণ সম্পাদক রনীল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ সুজন রবিদাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন মোল্লাসহ অনেকে।




রাবিতে শাহবাগবিরোধী ও ছাত্রজোটের সংঘর্ষে উত্তপ্ত ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাহবাগবিরোধী ছাত্র ঐক্য মঞ্চ ও গণতান্ত্রিক ছাত্রজোটের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর ও শহীদ বুদ্ধিজীবী চত্বর এলাকায় এই সংঘর্ষ হয়। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত হয় যখন শাহবাগীদের বিচারের দাবিতে শাহবাগবিরোধী ছাত্র ঐক্য মঞ্চ একটি বিক্ষোভ মিছিল বের করে। একই সময়ে গণতান্ত্রিক ছাত্রজোট মশাল মিছিল শুরু করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ মিছিল থেকে ‘শাহবাগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘বামদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘ছাত্রফ্রন্টের দুই গালে, জুতা মারো তালে তালে’, এবং ‘বিচার চাই, শাহবাগীদের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

শাহবাগবিরোধী ঐক্যের আহ্বায়ক রাকিবুল ইসলাম বলেন, “রাষ্ট্রের সিদ্ধান্ত না মানা এবং ২০১৩ সালে শাহবাগে মবতন্ত্র কায়েমের জন্য আমরা শাহবাগীদের বিচারের দাবি জানাই। আমাদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে মশাল হাতে হামলা চালানো হয়েছে, যার দায় আমরা তাদের ওপর দিচ্ছি।”

অন্যদিকে, গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা ‘একাত্তর হারেনি, হেরে গেছে হাসিনা’, ‘চিহ্নিত রাজাকার, বাংলা ছাড়’ এবং ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’সহ বিভিন্ন স্লোগান দেন।

ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, “জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির বিরোধিতায় আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। তখন শাহবাগবিরোধী ছাত্র ঐক্যের নেতাকর্মীরা, যাদের মধ্যে শিবিরের নেতাও ছিলেন, আমাদের ওপর হামলা চালান।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




“সরকারি মালিকানায় আসছে কিছু ইসলামী ব্যাংক”, গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের কয়েকটি দুর্বল ইসলামী ব্যাংককে একীভূত করে সাময়িকভাবে সরকারের মালিকানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। আগামী জুলাইয়ের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গভর্নরের সঙ্গে উপস্থিত ছিলেন বিএফআইইউ প্রধান এএফএম শাহীনুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা।

তিনি বলেন, ব্যাংকগুলোতে অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির কারণে পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকগুলোর মালিকানা সরকারিভাবে গ্রহণ করে মূলধন জোগান ও তারল্য সহায়তা দেবে। পরবর্তীতে পুনর্গঠনের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে শেয়ার হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

এ সময় তিনি আরও জানান, গত কয়েক বছরে ১৮-২০ বিলিয়ন ডলার (প্রায় ২ লাখ ৪০ হাজার কোটি টাকা) পাচার হয়েছে বলে প্রাথমিক তথ্য রয়েছে। এই অর্থ ফেরত আনতে ১১টি যৌথ তদন্ত দল কাজ করছে এবং প্রয়োজনে আরও তদন্ত গঠন করা হবে। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে এই কাজে গতি আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন গভর্নর।




দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৫.৮০ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য বৃদ্ধি পেয়ে বর্তমানে ২৫ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, ২৭ মে পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৫৮০ কোটি ডলারে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ২০ দশমিক ৫৬ বিলিয়ন ডলার, যা দুই হাজার ৫৬ কোটি ২২ লাখ ডলারের সমান। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২২ মে পর্যন্ত রিজার্ভ ছিল ২৫ দশমিক ৬৪ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ অনুযায়ী ২০ দশমিক ২৭ বিলিয়ন ডলার। চলতি মাসে রেমিট্যান্স প্রবাহও ঊর্ধ্বমুখী। মে মাসের প্রথম ২৪ দিনেই প্রবাসী আয় এসেছে প্রায় ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার ৪০১ কোটি টাকা। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স প্রায় তিন বিলিয়ন ডলার স্পর্শ করতে পারে।

গত সপ্তাহে পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এক আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, আগামী মাসে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাংকিং খাতকে শক্তিশালী করে ৪০ বিলিয়ন ডলারের রিজার্ভ অর্জনের লক্ষ্যে কাজ চলছে।




জানা গেলো সৌদি সব বেশ কয়েকটি দেশের ঈদুল আজহার তারিখ

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামী ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি আরবের তামির অঞ্চলে মঙ্গলবার (২৭ মে) চাঁদ দেখা যাওয়ার পর সৌদি সুপ্রিম কোর্ট এই ঘোষণা দেয়।

ঘোষণা অনুযায়ী, পবিত্র জিলহজ মাস শুরু হবে ২৮ মে (বুধবার) থেকে। সেই হিসেবে পবিত্র হজের গুরুত্বপূর্ণ অংশ ‘আরাফাহ দিবস’ পালিত হবে ৫ জুন (বৃহস্পতিবার), আর পরদিন ৬ জুন অনুষ্ঠিত হবে ঈদুল আজহা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সৌদি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে।

এর আগে ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ওমান ইতোমধ্যে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। এসব দেশেও জুন মাসের প্রথম সপ্তাহে ঈদ উদযাপিত হবে বলে জানা গেছে।




লালমনিরহাট বিমানবন্দর চালু হলে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ভারতের

বাংলাদেশ লালমনিরহাট বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর এলাকায় তিন দশক আগের একটি পরিত্যক্ত বিমানঘাঁটি পুনরায় সচল করতে পারে—এমন দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মঙ্গলবার (২৭ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এনডিটিভির বিশেষ প্রতিনিধি রত্নদ্বীপ চৌধুরী জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লালমনিরহাট বিমানবন্দরটি চীনের সহায়তায় পুনরায় চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ।

এ প্রসঙ্গে গতকাল সোমবার (২৬ মে) সেনাসদরে আয়োজিত এক ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্স অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, দীর্ঘদিন অকার্যকর থাকা বিমানবন্দরটি কেবল প্রয়োজনের ভিত্তিতে সচল করা হচ্ছে। তিনি আরও জানান, চীনা কোনো সংস্থা সেখানে যুক্ত আছে কি না, সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

তবে এনডিটিভির দাবি, চীনের সামরিক সহযোগিতায় বিমানবন্দরটি পুনরায় চালু করা হচ্ছে—এমন আশঙ্কায় ভারতীয় প্রশাসনে সতর্কতা তৈরি হয়েছে। কারণ, লালমনিরহাট ভারতের সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এবং এই এলাকায় রয়েছে ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’, যার মাধ্যমে মূল ভূখণ্ড থেকে উত্তরপূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স অঞ্চলে যোগাযোগ রাখা হয়।

প্রতিবেদনে বলা হয়, ভারত আশঙ্কা করছে—যদি চীনের সহায়তায় বিমানবন্দরটি চালু হয়, তাহলে সেখানে চীন যুদ্ধবিমান, রাডারসহ নজরদারি সরঞ্জাম স্থাপন করতে পারে। এই সম্ভাব্য পরিস্থিতির জবাবে ভারত ত্রিপুরার পুরোনো কৈলাশহর বিমানঘাঁটি সচল করার পরিকল্পনা করছে। প্রাথমিকভাবে এটি বেসামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হলেও ভবিষ্যতে এর কাঠামো এমনভাবে উন্নয়ন করা হবে, যাতে যুদ্ধকালীন সময়ে যুদ্ধবিমান চলাচল ও জ্বালানি সরবরাহ করা সম্ভব হয়।

প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ভারতের প্রতি আগের মতো বন্ধুত্বপূর্ণ নয় এবং চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী। ফলে ভারতের কূটনৈতিক উদ্বেগ বেড়েছে।

এর মধ্যেই ২৬ মে একটি ভারতীয় প্রতিনিধি দল কৈলাশহর বিমানঘাঁটি পরিদর্শনে যায় এবং বিমানবন্দরটির বর্তমান অবস্থা মূল্যায়ন করে। প্রতিনিধি দলটি পরে জানায়, বিমানবন্দর নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।




কিশোরীকে ধ’র্ষ’ণচেষ্টার অভিযোগে জেলে গ্রে’ফ’তা’র রাঙ্গাবালীতে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে কওমি মাদ্রাসায় পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবুল প্যাদা (৩২) নামে এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী নিজে বাদী হয়ে রাঙ্গাবালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত আবুল প্যাদা বেশ কিছুদিন ধরে কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল।

রোববার রাতে সাড়ে তিনটার দিকে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পেছনের টয়লেটে গেলে অভিযুক্ত আবুল প্যাদা সেখানে গিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আবুল প্যাদাকে হাতেনাতে আটক করে।

পরে তাকে স্থানীয়দের সহায়তায় পুলিশে হস্তান্তর করা হয়।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এমারৎ হোসেন বলেন, “ঘটনার পর পরই মামলা রুজু হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম