ভারতের ‘পুশ ইন’ নিয়ে দুঃসংবাদ দিলেন পররাষ্ট্র উপদেষ্টা!

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের দিক থেকে বাংলাদেশে ‘পুশ ইন’ (জোরপূর্বক অনুপ্রবেশ) ফিজিক্যালি ঠেকানো সম্ভব নয়। তবে বিষয়টি সমাধানের জন্য দুই দেশের মধ্যে কনস্যুলার সংলাপ ও আনুষ্ঠানিক যোগাযোগ চালিয়ে যাওয়া হচ্ছে।

সোমবার (২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফিজিক্যালি ঠেকানো সম্ভব নয়। তবে আমরা পদ্ধতিগত সমাধানের চেষ্টা করছি। তাদের সঙ্গে চিঠি চালাচালি হচ্ছে, আমরা চেক করেছি যে অনেক পুরোনো তালিকায় কিছু নাম রয়েছে, যাদের আমাদের কাছে পাঠানো হয়েছে। ইতোমধ্যে কিছুজনকে আমরা গ্রহণ করেছি এবং এ বিষয়ে কনস্যুলার মেকানিজমও সক্রিয় করার চেষ্টা চলছে।”

বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা বন্ধ বা সীমিত করে দেওয়ার বিষয়ে তৌহিদ হোসেন বলেন, “বিভিন্ন দেশ বহুবার আমাদের সতর্ক করেছে, কিন্তু আমরা কার্যকর ব্যবস্থা নিতে পারিনি। মালয়েশিয়ার মতো দেশে বাংলাদেশের বিরুদ্ধে কোনো নেতিবাচক মনোভাব নেই, তবে আমাদের ঘর সামলাতে হবে। অনেকের আমার কথা ভালো না-ও লাগতে পারে, কিন্তু বাস্তবতা এটাই।”

সীমান্ত হত্যা প্রসঙ্গে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, “এ বিষয়ে কোনো নমনীয়তার সুযোগ নেই। সীমান্তে গুলি করে মানুষ হত্যা—এটা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। আমরা এর বিরুদ্ধে শক্ত ভাষায় প্রতিবাদ জানাবো। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার বিষয়ে তিনি বলেন, এটি একপ্রকারে বাংলাদেশর জন্য ‘শাপেবর’ হয়ে দাঁড়িয়েছে। “এর ফলে আমাদের নির্ভরতা কমেছে। রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এখন সরাসরি ফ্লাইট চালু রয়েছে, যা আরও ভালো।”

 




বৃষ্টি থামবে না! আবহাওয়া অধিদপ্তরের নতুন সতর্কবার্তা!

ঢাকাসহ দেশের ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৩ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ধরনের আবহাওয়ার শঙ্কা রয়েছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

দেশজুড়ে কয়েক দিন ধরেই চলছে থেমে থেমে বৃষ্টি ও ঝড়ো হাওয়া। এই অবস্থায় আসন্ন ঈদুল আজহার সময় আবহাওয়ার পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

 




চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ৯ জুন লন্ডন পৌঁছাবেন তিনি এবং ১৩ জুন দেশে ফিরে আসবেন বলে জানা গেছে।

সফরকালে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করবেন। ১১ জুন ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, পাচার হওয়া অর্থ ফেরত এবং গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে।

১২ জুন তিনি বাকিংহাম প্রাসাদে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সেন্ট জেমস প্রাসাদে আনুষ্ঠানিকভাবে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। এই পুরস্কারটি ২০২৩ সালে চালু করা হয় এবং ২০২৪ সালে তা পেয়েছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।

এছাড়াও, ড. ইউনূস ১১ জুন চ্যাথাম হাউজ আয়োজিত একটি সংলাপে অংশ নেবেন, যেখানে আলোচনা হবে ‘বাংলাদেশের ভবিষ্যতের পথে চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক বিষয়ে।

এ সফরকে ঘিরে রাজনৈতিক মহলে বেশ আলোচনা চলছে, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সরকারি সূত্রে জানা গেছে, সফরসূচিতে একটি সম্ভাব্য সময় রাখা হয়েছে যাতে প্রয়োজনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করা সম্ভব হয়, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

 




বরিশালের পশুহাটে এখনও জমে ওঠেনি বেচাকেনা

কোরবানির ঈদকে সামনে রেখে আর মাত্র চারদিন বাকি থাকলেও এখনো বরিশালের গরুর হাটগুলোতে জমে ওঠেনি বেচাকেনা। তবে হাট সংশ্লিষ্টরা আশা করছেন, সপ্তাহের শেষ দিক—বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবারে—বেচাকেনা তুঙ্গে উঠবে।

বরিশাল সদর উপজেলার ঐতিহ্যবাহী চরমোনাই হাটে মঙ্গলবার থেকে পশু ওঠা শুরু হয়েছে, যা ঈদের আগের রাত পর্যন্ত চলবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি ও গৃহস্থরা গরু-ছাগল নিয়ে এই হাটে ভিড় করছেন।

হাটের নিয়ম অনুযায়ী, একটি গরুর বিপরীতে মাত্র ১০০ টাকা ও ছাগলের জন্য ৫০ টাকা হাট খাজনা ধার্য থাকায় এটি জনপ্রিয়। তবে এখন পর্যন্ত ক্রেতাদের আনাগোনা তুলনামূলকভাবে কম।

হাটে আসা একাধিক ক্রেতা জানান, তারা এখনও মূলত দাম যাচাই করছেন। অনেকেই বলছেন, দাম আগের বছরের মতোই রয়েছে—নাগালের মধ্যেই। তবে শেষ মুহূর্তে, অর্থাৎ ঈদের এক-দুইদিন আগে গরু কেনার পরিকল্পনা করছেন তারা।

বরিশাল নগরীর বাঘিয়া, কালিজিরা, দপদপিয়া ব্রিজ এলাকা ও সোনামিয়ার পোল—এই সব জায়গাতেও পশু ওঠা শুরু হয়েছে। কিছু ক্রেতা আগাম পশু কিনলেও অধিকাংশ এখনো অপেক্ষা করছেন। বিক্রেতারাও বলছেন, মূল ভিড় এখনও শুরু হয়নি।

বরিশাল জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৯৩টি পশুর হাট চালু হয়েছে। হাটগুলোতে পশু চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৩১টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ দপ্তর। এছাড়া, বরিশাল সিটি কর্পোরেশন পরিচালিত নগরীর চারটি হাটে স্বাস্থ্যসেবা দিতে পৃথক চারটি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, চলতি বছর বরিশাল বিভাগে পশুর চাহিদা রয়েছে ৪ লাখ ৩২ হাজার ৬১১টি। এই চাহিদা স্থানীয়ভাবে পূরণ হবে এবং কিছু পশু উদ্বৃত্তও থাকবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে দুইটি করে হাটে একটি করে পশুস্বাস্থ্য টিম কাজ শুরু করেছে।

বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুচিকান্ত হাজং বলেন, প্রতিটি হাটে পুলিশি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও মহানগর পুলিশ যৌথভাবে ক্রেতা, বিক্রেতা ও পশুর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছে।


এস এল টি তুহিন /চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম/

 




“জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে”: ড. আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সুশাসন, আইনের শাসন এবং ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত করাই সরকারের চলমান সংস্কার প্রক্রিয়ার মূল লক্ষ্য। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে।”

মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স–২০২৫’ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল জানান, “আমরা এমন একটি আইন কাঠামো তৈরি করতে চাই, যেখানে কেউ ক্ষমতার অপব্যবহার করতে না পারে। মামলার দীর্ঘসূত্রতায় যেন মানুষ আর ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত রাখার দিকেও আমরা নজর দিচ্ছি।”

তিনি আরও বলেন, ইতোমধ্যে বিভিন্ন কমিশন থেকে প্রাপ্ত শতাধিক সুপারিশের মধ্যে বাস্তবায়নযোগ্য অনেক প্রস্তাব চিহ্নিত করে কার্যক্রম শুরু হয়েছে। আগস্টের মধ্যেই তা বাস্তবায়নের আশা প্রকাশ করেন উপদেষ্টা। তিনি জানান, ইতোমধ্যে সিপিসি (দণ্ডবিধি), সাইবার সুরক্ষা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পাওয়ার অব অ্যাটর্নি আইন সংস্কার হয়েছে। এছাড়া জুডিশিয়াল সার্ভিস নিয়োগ বিধিমালা ও জাতীয় আইনগত সহায়তা আইনও সংশোধনের পর্যায়ে রয়েছে।

গুম প্রতিরোধ আইন নিয়ে দু’দফা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে বলেও জানান তিনি। ড. আসিফ নজরুল বলেন, “সংবিধান সংশোধনের মতো বড় সংস্কারগুলো জুলাই সনদের বাস্তবায়নের পর শুরু হবে। তবে কোনো রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।”

সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, অধ্যাপক মাহবুবুর রহমান, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট শিশির মনির এবং অ্যাডভোকেট এসএম শাহজাহান। তারা খসড়া অধ্যাদেশের বিভিন্ন ধারা-উপধারা নিয়ে মতামত তুলে ধরেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বাংলাদেশি হাজিদের সেবায় মিনায় ১৮টি বিশেষ টিম দায়িত্বে

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বুধবার (৫ জুন)। ৮ জিলহজ্ব সকালে হাজিরা মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওয়ানা হবেন। এবছর বাংলাদেশি হাজিদের সেবা নিশ্চিতে মিনায় ১৮টি বিশেষ টিম দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে বাংলাদেশ হজ অফিস।

মঙ্গলবার (৩ জুন) সৌদি আরবের মক্কা আল-মুকাররমায় হজ কাউন্সিলর কর্তৃক টিম গঠনের আদেশ জারি করা হয়। এর আগে, সোমবার হজ মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

হজযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল হজ পালনের জন্য প্রতিটি টিমকে নির্দিষ্ট দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় আগত হাজিদের মিনায় পৌঁছে দেওয়া ও হজ শেষে হোটেলে ফিরিয়ে আনার কাজ দেখবে চারটি টিম, যেখানে মোট ১০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে ছয়টি সহায়তা টিম থাকবে, যারা তিন শিফটে প্রশাসনিক, কারিগরি ও সহায়ক দায়িত্ব পালন করবেন। এতে নিয়োজিত থাকবেন ৮৭ জন কর্মকর্তা ও কর্মচারী।

এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী হাজিদের তাঁবু পরিদর্শনে নিয়োজিত থাকবে আটটি বিশেষ দল। ২৩ সদস্যের এই টিমগুলো মিনার ৫ নম্বর জোনে আটটি বিভিন্ন সেবা প্রদানকারী কোম্পানির তাবু তদারকির দায়িত্বে থাকবে।

চুক্তিবদ্ধ সেবা প্রদানকারী কোম্পানিগুলো হলো:

  • রাউয়াফ মিনা
  • ইসওর আল মাশায়ের
  • এম বাই মিলেনিয়াম
  • রেহলাত মানাফে
  • একরাম আদ দইউফ
  • মাশারিক আল মুতামাইজাহ
  • ফ্লাইনাস
  • আল রিফাদাহ

হজ অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কোম্পানি বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধিত হাজিদের তাঁবু, খাদ্য, পানীয়, চিকিৎসা ও সাধারণ সহায়তা নিশ্চিত করবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ঈদে ঢাকা-বরিশাল নৌরুটে লঞ্চের বিশেষ সার্ভিস চালু

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যাত্রীচাপ সামাল দিতে ঢাকা-বরিশাল নৌরুটে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) থেকে এই সার্ভিস কার্যকর হয়। এবার রোটেশন প্রথা বাতিল করে ১০ থেকে ১২টি লঞ্চ একসঙ্গে চলাচল করছে।

লঞ্চ মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীসংখ্যা অনুযায়ী প্রয়োজনে লঞ্চের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। যদিও পদ্মা সেতু চালুর পর এ রুটে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গিয়েছিল, তবে ঈদের সময় যাত্রীদের মধ্যে আগ্রহ বাড়ে বলে জানান সংশ্লিষ্টরা।

লঞ্চ বুকিং কাউন্টারগুলোতে টিকিটের চাপ লক্ষ্য করা গেছে। বরিশালের বিভিন্ন কাউন্টার ঘুরে দেখা যায়, ঈদের আগাম টিকিট সংগ্রহে ব্যস্ত যাত্রীরা। যদিও আগের মতো মারাত্মক সংকট না থাকলেও, অনেকেই নিরাপদে ভ্রমণের জন্য আগেভাগে টিকিট বুকিং করছেন।

সুন্দরবন লঞ্চের কাউন্টার ম্যানেজার জাকির হোসেন বলেন, “এবার আগেভাগে টিকিট বুকিং শুরু হয়েছে, তবে আগের মতো ভয়াবহ চাপ এখনও হয়নি।” যাত্রী মিলন তালুকদার জানান, “ভাইয়ের পরিবার ঢাকা থেকে আসছে, তাই আগেই টিকিট কেটে রেখেছি।”

সুন্দরবন লঞ্চের মাস্টার মো. আলম ও কুয়াকাটা লঞ্চের মাস্টার মো. মানিক বলেন, “বছরের অন্য সময়ে যাত্রী সংকট থাকলেও ঈদ এলেই লঞ্চে ভিড় বাড়ে। এবার রোটেশন প্রথা বাতিল করায় যাত্রী সেবা বাড়ানো সম্ভব হবে।”

ভাড়া বাড়ছে না—এ তথ্য নিশ্চিত করেছেন অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির মহাসচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তিনি বলেন, “রোটেশন তুলে দিয়ে একাধিক লঞ্চ চালানো হচ্ছে। তবে যাত্রীদের ভাড়া আগের মতোই রাখা হচ্ছে—সিঙ্গেল কেবিন ১,০০০ টাকা, ডাবল কেবিন ২,০০০ টাকা এবং ডেকে ভ্রমণ ৪০০ টাকা।”

নৌ-পরিবহন মন্ত্রণালয় ঈদের সময় যাত্রী সেবা স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন মালবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।

নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শহিদুল ইসলাম জানান, “ঈদের যাত্রীসেবা নিশ্চিত করতে আনসার ও ক্যাডেট সদস্যদের ভলান্টিয়ার হিসেবে মোতায়েন করা হচ্ছে। ঝড়-ঝঞ্ঝার মৌসুম হওয়ায় লঞ্চ চালকদের অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বৈঠক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর যমুনা ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন, সংস্কার উদ্যোগ এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়।

আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার প্রশংসা করেন এবং জাতিসংঘের পক্ষ থেকে উন্নয়ন কাঠামো শক্তিশালী করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। আলোচনায় স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ প্রক্রিয়া নির্বিঘ্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

উভয়পক্ষ রোহিঙ্গা সংকট এবং চলমান অর্থায়ন সংকট নিয়েও মতবিনিময় করেন। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা ও জরুরি সহায়তা কর্মসূচিগুলো তহবিল হ্রাসের কারণে মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা ও অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, “তহবিল সংকট প্রশমনে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়ের অব্যাহত সহানুভূতি ও সমর্থন জরুরি।”

বৈঠকের শেষদিকে গোয়েন লুইস বাংলাদেশের সংস্কার ও রূপান্তরের পথে জাতিসংঘের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “টেকসই উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি সমৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ বাংলাদেশের পাশে আছে এবং থাকবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




“জিয়াউর রহমানকে মুছে ফেলতে চাওয়া তারাই আজ ইতিহাস থেকে মুছে গেছে”:আবু নাসের রহমাতুল্লাহ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, “যারা অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল, তারাই আজ নিশ্চিহ্ন। কারণ তিনি কেবল একজন নেতা নন, স্বাধীনতা যুদ্ধ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে রয়েছে।”

সোমবার (২ জুন) বরিশালের চরআইচা এআর খান মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবু নাসের রহমাতুল্লাহ বলেন, “জিয়াউর রহমান জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে গণতন্ত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে এনে দেশকে একটি নতুন পথে পরিচালিত করেন। শেখ মুজিবের আমলে নিষিদ্ধ গণতান্ত্রিক চর্চা জিয়া সাহসিকতার সাথে পুনরায় চালু করেন।”

বর্তমান সরকার সম্পর্কে মন্তব্য করে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের নয় মাস পার হলেও দেশে স্থিতিশীলতা ফিরেনি। মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে—এই সরকার কী নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে? তাদের বিবৃতি ও কার্যক্রমে জনমনে ভরসা তৈরি হয়নি। একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া উন্নয়নের পথ নেই।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চরকাউয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সৈয়দ আতিকুর রহমান। এতে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের কার্যালয়ে আরেকটি অনুরূপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু নাসের রহমাতুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন হকার্স ইউনিয়নের সভাপতি মো. নেছার জোমাদ্দার। অনুষ্ঠানের শেষে ঈদ-উল-আযহা উপলক্ষে হকারদের মাঝে গরুর মাংস বিতরণ করেন তিনি।

উভয় অনুষ্ঠানেই বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




মীরগঞ্জ সেতু ও কুয়াকাটাকে ঘিরে পর্যটন হাব তৈরির দাবি ব্যারিস্টার ফুয়াদের

বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চলে পর্যটনের অপার সম্ভাবনা কাজে লাগাতে মীরগঞ্জ সেতু, কুয়াকাটা ও সংশ্লিষ্ট মহাসড়ককে ঘিরে একটি পূর্ণাঙ্গ পর্যটন অঞ্চল গড়ে তোলার দাবি জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বাবুগঞ্জে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, “কুয়াকাটাকে কেন্দ্র করে বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলকে আধুনিক পর্যটন হাবে পরিণত করা এখন সময়ের দাবি। এজন্য কুয়াকাটায় একটি আন্তর্জাতিকমানের বিমানবন্দর নির্মাণ এবং বরিশাল বিমানবন্দর থেকে ঢাকা, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে নিয়মিত ফ্লাইট চালু করা জরুরি।”

তিনি আরও বলেন, স্থানীয় অবকাঠামো উন্নয়ন, নিরাপদ ও সহজগম্য যাতায়াত ব্যবস্থা এবং ঐতিহ্যবাহী স্টিমার সার্ভিস পুনরায় চালু করলেই পর্যটনখাতকে নতুন উচ্চতায় নেওয়া সম্ভব। তিনি উল্লেখ করেন, “ব্রিটিশ আমল থেকে চালু থাকা এমভি বাঙালী, পিএস মাসুদ, মধুমতি, টার্ন/ল্যাপচা স্টিমারগুলোকে আধুনিকীকরণ করে ঢাকা-কোলকাতা-বরিশাল রুটে পুনরায় চালুর মাধ্যমে দক্ষিণাঞ্চলে সমুদ্রভিত্তিক পর্যটনের নবদ্বার খুলে দেওয়া যাবে।”

এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গাজী নাসির, বরিশাল সোসাইটির আহ্বায়ক আমানুল্লাহ খান নোমান এবং সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক।

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, “পদ্মা সেতুর পরবর্তী অংশে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ককে ৬ লেনে উন্নীত করার সরকারি সিদ্ধান্ত একটি যুগান্তকারী পদক্ষেপ। একইসাথে মীরগঞ্জে সেতু নির্মাণের মাধ্যমে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলাকে বরিশাল শহরের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও প্রশংসনীয়।”

তিনি সরকারকে আহ্বান জানান, “এই অবকাঠামোগুলোকে ঘিরে এখনই পর্যটন হাব তৈরির পরিকল্পনা করা হোক। বর্তমানে যেহেতু সরকারি জমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন, তাই সময়ের অপচয় না করে পেশাদার ডিজাইনারের সহায়তায় পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে টেকসই পর্যটন অবকাঠামো গড়ে তোলা সম্ভব।”

উপদেষ্টা মহোদয় এবি পার্টির বক্তব্য গুরুত্ব সহকারে শোনেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের আর্থিক ঘাটতি ও ঋণনির্ভর নীতিমালা সম্পর্কেও আলোকপাত করেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /