কুয়াকাটার সাগরে ফিরল ইলিশ, জেলেদের মুখে হাসি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আবারও দেখা মিলছে কাঙ্ক্ষিত ইলিশের। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার (১১ জুন) ভোরে মাছ ধরা শুরু করেন স্থানীয় জেলেরা। অনেকেই সকালেই ফিরেছেন ইলিশসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ নিয়ে, যা দেখে তারা বেশ উচ্ছ্বসিত। অন্যদিকে গভীর সাগরে যাওয়া বড় ট্রলারগুলো এখনো ফেরেনি। আবহাওয়া অনুকূলে থাকলে সেগুলোতেও প্রচুর ইলিশ ধরা পড়বে বলে আশা করছে মৎস্য বিভাগ।
মহিপুর এলাকার অভিজ্ঞ জেলে শফিক মাঝি বলেন, “রাতে ট্রলার নিয়ে সমুদ্রে যাই। কুয়াকাটা থেকে ৪০-৪৫ কিলোমিটার দক্ষিণে গিয়ে জাল ফেলি। সকালে ফিরে আসি প্রায় ৪০ হাজার টাকার মাছ নিয়ে। আল্লাহ চাইলে এবার মাছের মৌসুম ভালো যাবে।”
এ বছরই প্রথমবারের মতো প্রতিবেশী ভারতের সঙ্গে সমন্বয় রেখে সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়। মৎস্য বিভাগ বলছে, এই ৫৮ দিনের বিরতিতে বঙ্গোপসাগরের ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছের প্রজনন নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।
পটুয়াখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “জেলেরা নিষেধাজ্ঞা মেনে চলায় এখন আশানুরূপ মাছ পাচ্ছে। যারা আজ ঘাটে ফিরেছে, তারা মূলত সমুদ্রের কাছাকাছি এলাকায় মাছ ধরেছে। যারা গভীর সমুদ্রে গেছে, তারা আরও বেশি ইলিশ নিয়ে ফিরবে বলে আমরা আশাবাদী।”
ইলিশের এমন আগমন দেখে জেলেদের মাঝে উৎসাহ দেখা দিয়েছে। তারা মনে করছেন, এবারের মৌসুম ইলিশে ভরপুর হবে, আর এতে প্রাণ ফিরে পাবে উপকূলীয় অঞ্চলের মাছভিত্তিক অর্থনীতি।








