সমুদ্রসীমার পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশের সমুদ্রসীমার একটি পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে আরো পেশাদারিত্ব, দক্ষতা, নিষ্ঠার সাথে কাজ করার জন্য হাইড্রোগ্রাফিক পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির ভিত আরো মজবুত ও সমৃদ্ধ করতে সমুদ্র তলদেশের নির্ভুল মানচিত্রায়নের মাধ্যমে একটি কার্যকর ও টেকসই সমুদ্রনীতি গড়ে তুলতে হবে। ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৫’ উপলক্ষ্যে আজ শুক্রবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশে ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৫’ উদ্যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।’

তিনি বাংলাদেশ নৌবাহিনীসহ দিবসটি আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সাথে এবছর দিবসটির প্রতিপাদ্য-‘সিবেড ম্যাপিং: এনাবলিং ওশান এ্যাকশন’- যার মাধ্যমে গভীর সমুদ্রের তলদেশের মানচিত্রায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে, অত্যন্ত যুক্তিযুক্ত হয়েছে বলে প্রফেসর মুহাম্মদ ইউনূস মনে করেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের জাতীয় অর্থনীতি, নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বাংলাদেশই নয়, পার্শ্ববর্তী দেশগুলোও তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বঙ্গোপসাগরের ওপর অনেকাংশে নির্ভরশীল। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশকে একটি উৎপাদনমুখী ও আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সমুদ্র সম্পদকে আরো কার্যকরভাবে ব্যবহারে বিশদ, হালনাগাদ ও নির্ভুল হাইড্রোগ্রাফিক তথ্যের কোনো বিকল্প নেই।

প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমার হাইড্রোগ্রাফিক জরিপ, চার্ট প্রস্তুত, সকল দেশি ও বিদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তথ্য-উপাত্ত বিনিময়ে বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী, আমাদের মহীসোপান অঞ্চল নির্ধারণ এবং সুনীল অর্থনীতি বিকাশে হাইড্রোগ্রাফিক বিভাগের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, আমাদের সামরিক ও নৌ-নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হাইড্রোগ্রাফি বিভাগ সমুদ্র বন্দরের উন্নয়ন, মৎস্য সম্পদ সংরক্ষণ, তেল ও গ্যাস অনুসন্ধান এবং উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনায় আরো সক্রিয় ভূমিকা পালন করবে।

তিনি ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৫’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।




দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান: আমীর খসরু

বিএনপির দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। বিএনপিসহ দেশের সব মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। উনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন।

শুক্রবার (২০ জুন) বাদ আসর রাজধানীর কাটাবনের একটি মসজিদে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসীন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, লন্ডনে গত ১৩ জুন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে কবে ফিরবেন, সেটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। সেখানে থেকেই বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে পরামর্শক্রমে দল পরিচালনা করছেন তিনি।

এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, পোস্টার বাতিল এবং নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে।




বেগম খালেদা জিয়ার সাথে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার।

আজ শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টায় জার্মান রাষ্ট্রদূত তাঁর স্ত্রীকে সাথে নিয়ে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’-তে এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানানো হয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ডা. এজেডএম জাহিদ হোসেন এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।




ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

ময়মনসিংহের ফুলপুরে যাত্রী বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৫ যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন।

শুক্রবার (২০ জুন) রাতে উপজেলার ইন্দিরাপাড়, বাঁশবাড়ী এলাকায় হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কের এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফুলপুর উপজেলার কুরিয়ার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির পাঁচ যাত্রী নিহত হন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




সাম্রাজ্যবাদের দালালি করার জন্য জুলাই অভ্যুত্থানে শহীদরা জীবন দেয়নি : বাসদ

চট্টগ্রাম বন্দর বিদেশী কোম্পানিকে ইজারা দেয়ার পরিকল্পনা বাতিল ও মানবিক করিডোরের নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদের গুটি বানাবার চক্রান্ত বন্ধের দাবিতে বাসদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল  অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার সকালে বরিশাল নগরীর সদর রোডে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী।

এ সময়ে বক্তারা বলেন, বাংলাদেশের আমদানি ও রপ্তানির প্রধান গেটওয়ে চট্টগ্রাম বন্দর। দেশের মোট আমদানি-রপ্তানির ৮০ শতাংশের বেশি হয় এই বন্দর দিয়ে। দেশের মোট কনটেইনার পণ্য ওঠানামার ৫৫ শতাংশই হয় নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দিয়ে। ফলে শুধু চট্টগ্রাম বন্দরই নয়; দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এনসিটি।

বক্তরা আরো বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিলো তখন তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইজারা ও সুবিধা দিয়ে ভারতসহ বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশকে খুশি রেখেছে। ঠিক একইপন্থায় অন্তর্বর্তীকালীন সরকার বন্দর চুক্তির মাধ্যমে সাম্রাজ্যবাদী শক্তিদের সুবিধা দিতে চাচ্ছে।

দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড নামের যে বিদেশী কোম্পানিকে নিউমুরিং বন্দর দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার, এই কোম্পানির সাথে আমেরিকান নেভির সরাসরি চুক্তি রয়েছে। এ কোম্পানি আন্তর্জাতিকভাবে যেসব দেশে বন্দর পরিচালনা করে সেখানে আমেরিকান নেভির জাহাজ ভিড়তে পারবে।

দক্ষিন এশিয়াতে আমেরিকান ঘাঁটি না থাকায় চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে বাংলাদেশকে ঘাঁটি বানিয়ে ওই এলাকায় আধিপত্য বিস্তার করার পরিকল্পনা উড়িয়ে দেয়া যায়না। আবার মানবিক করিডোরের নামে রাখাইন রাজ্যে আরাকান আর্মিকে সহায়তা করার যে আত্মঘাতী পরিকল্পনা সরকার করছে, সেই পরিকল্পনা মায়ানমারসহ এই অঞ্চলের সাম্রাজ্যবাদী শক্তিদের সাথে আমাদের স্থায়ী দ্বন্দ্বের জন্ম দেবে যা অপ্রয়োজনীয়।

এমনকি জাতিসংঘও বলেছে তারা এই করিডোরের কথা কখনো বলেনি। তবুও অন্তর্বর্তীকালীন সরকার অতিউৎসাহী হয়ে এধরনের আত্মঘাতী পরিকল্পনা করা সাম্রাজ্যবাদী প্রভুদের খুশি করার জন্য কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

বক্তারা আরও বলেন, আমেরিকা যে দেশের বন্ধু হয় তাদের নতুন করে শত্রু প্রয়োজন হয় না। আমেরিকা বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে এমন কিছু চুক্তির মাধ্যমে প্রবেশ করে পরবর্তীতে সেই দেশকে কাজে লাগিয়ে তাদের স্বার্থসিদ্ধি করেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধানের কাজ ছিলো জুলাই গণহত্যার বিচারের ব্যবস্থা করা ও দেশের অভ্যন্তরীণ আইন পরিস্থিতি ঠিক করে দ্রুত নির্বাচন দেওয়া। তারা সেটা না করে তাড়াহুড়ো করে আমেরিকাকে সুবিধা দিতে বিভিন্ন চুক্তি করতে ব্যস্ত। বক্তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, বন্দর ইজারা দেয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না। নিউমুরিং বন্দর ইজারা দেওয়া, মানবিক করিডোর দেয়ার পরিকল্পনার প্রতিবাদে আগামী ২৭ ও ২৮ জুন বাম, প্রগতিশীল ও দেশপ্রেমিক মানুষের নেতৃত্বে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরে রোড মার্চ সফল করার জন্যও বক্তারা আহবান করেন।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম,  শহিদুল শেখ, সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ক্রীড়া সম্পাদক গাজী মোহাম্মদ বেল্লাল হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।




উন্নয়ন কাজ পরিদর্শনে ইউএনও, সন্তোষজনক না হলেই বিল বন্ধ

চলমান ও সমাপ্ত উন্নয়ন কাজের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

নলচিড়া ইউনিয়নের টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের চলমান ও সমাপ্ত উন্নয়ন প্রকল্প গত ১৯ জুন দিনভর পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে রিফাত আরা মৌরি যোগদানের পর থেকেই উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার সকল চলমান ও সমাপ্ত কাজ নিজে পরিদর্শন করে বিল প্রদান করেন। উন্নয়ন কাজ সন্তোষজনক না হলে বিল না দিয়ে পুনরায় কাজ করার আদেশ দেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, উপজেলা ও পৌরসভায় বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিনে বিভিন্ন দপ্তরের প্রধানগণকে, গণমাধ্যম কর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে প্রকল্প পরিদর্শন করা হচ্ছে। সবার মতামতে এসব কাজ সন্তোষজনক হলে ঠিকাদার অথবা সিপিসিকে বিল প্রদান করা হবে। তিনি আরও বলেন, প্রতিটি উন্নয়ন কাজ সন্তোষজনক না হলে বিল প্রদান বন্ধ রেখে পুনরায় কাজ সঠিকভাবে করার জন্য নির্দেশ প্রদান করা হবে। উপজেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।




বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তার সহধর্মিণীও।

সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, জার্মান রাষ্ট্রদূত ও তার স্ত্রী প্রায় আধাঘণ্টা ফিরোজায় অবস্থান করেন। এ সময় রাষ্ট্রদূত খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এটি রাষ্ট্রদূত আখিম ট্রোসটারের বিদায়ী সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।




তেরো বছরের শিশুকে ধর্ষণ, মোটরসাইকেলচালক পলাতক

পটুয়াখালীর গলাচিপায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া তেরো বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাহাদুর হাওলাদার (২৯) নামে এক মোটরসাইকেলচালকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। সোমবার (১৬ জুন) রাত আনুমানিক ৩টার দিকে গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া এলাকার সোমবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে বুধবার (১৮ জুন) ভুক্তভোগী ছাত্রীর মামা গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণ ও পরিবার সূত্রে জানা গেছে, গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের ওই শিক্ষার্থীর জন্মের পরপরই তার বাবা নিরুদ্দেশ হন। এরপর থেকে মেয়েটি মামাবাড়িতে বসবাস করছে। বাবা না থাকায় সে সমাজে অসহায় অবস্থানে ছিল। এই সুযোগে একই এলাকার অভিযুক্ত বাহাদুর হাওলাদার দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে নানা প্রলোভন দেখাতে থাকেন। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

স্বজন ও ভুক্তভোগীর দাবি, বিয়ের মিথ্যা আশ্বাসে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ায় বাহাদুর। সর্বশেষ, সোমবার রাতে ছাত্রীটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে, আগে থেকে ওঁৎ পেতে থাকা বাহাদুর তাকে জোর করে পাশের সোমবাড়িয়া বাজার একটি টেইলারিং দোকানের পেছনের কক্ষে নিয়ে ধর্ষণ করে। ওই দোকানটি বাহাদুরের বড় ভাই বাদশার বলে জানা গেছে। এক পর্যায়ে ধস্তাধস্তি ও মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গেলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ভুক্তভোগীর মামা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আমরা আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি। পাশাপাশি, শিক্ষার্থীকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত দোষীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।




দেশ পুনর্গঠনে ঐক্যের ডাক দিলেন ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে সবকিছু নতুন করে গড়ে তোলার। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশকে আবার গড়তে হবে।

শুক্রবার (২০ জুন) বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ‘মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তরুণদের আত্মত্যাগের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অনেক প্রাণ গেছে, অনেক ছাত্র জীবন দিয়েছে। তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এই আন্দোলনের মাধ্যমে আমাদের জন্য একটি নতুন সুযোগ তৈরি হয়েছে—গণতান্ত্রিক পরিবেশ গঠনের, রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার। তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”

তিনি আরও বলেন, “অন্যান্য ক্ষেত্রের মতো ক্রীড়া অঙ্গনও আজ ধ্বংসের মুখে। এটি রাজনীতি মুক্ত রাখা উচিত। ক্রীড়া খাতকে পুনরুজ্জীবিত করতে ইন্টারন্যাশনাল টিমের খেলা ঠাকুরগাঁওয়ে আনার উদ্যোগ নিতে হবে। এতে খেলোয়াড়দের দক্ষতা ও মান উন্নত হবে।”

এ সময় তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা সবাই মিলে দেশ গড়ার শপথ নিয়ে ক্রীড়াঙ্গনকেও নতুনভাবে গড়ে তুলি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ।




রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান তারেক রহমানের

রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনকভাবে নিজ দেশে প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিভিন্ন দাতা সংস্থার প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “বিশ্ব শরণার্থী দিবস একটি আন্তর্জাতিক উপলক্ষ, যা জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর ২০ জুন পালিত হয়। এই দিনে বিশ্বব্যাপী শরণার্থীদের অবদান ও দুর্দশার প্রতি আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি করা হয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।”

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে জাতিগত সহিংসতা এবং রাজনৈতিক নিপীড়নের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ বাস্তবতায় বিএনপি এই দিবসের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং শরণার্থীদের মর্যাদাসম্পন্ন স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক উদ্যোগে সক্রিয় সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার জানাচ্ছে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, “বাংলাদেশের কক্সবাজারের উখিয়া ও টেকনাফে গড়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির। সেখানে প্রায় ১৪ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, যারা মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার হয়ে নিজেদের দেশ ছেড়ে পালিয়ে এসেছে। বাংলাদেশ সরকার ও জনগণ মানবিক কারণে তাদের পাশে দাঁড়িয়েছে। তবে দীর্ঘ আট বছর পরও এই সংকট সমাধানে কোনো স্থায়ী অগ্রগতি হয়নি।”

তারেক রহমান বলেন, “রোহিঙ্গা সংকট বর্তমানে একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। এই সমস্যার সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ। তাই সরকারের উচিত সক্রিয় ও কার্যকর কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা, যেন তারা নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করে।”

তিনি আরও বলেন, “বিশ্ববাসীকে এই সংকটের গভীরতা বোঝাতে হবে। মিয়ানমার কীভাবে রোহিঙ্গাদের বাস্তুচ্যুত করেছে, প্রত্যাবাসনের বিষয়ে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে—এসব বিষয় আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে হবে।”

বিবৃতির শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের লক্ষ্যে আমি বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সম্প্রদায় এবং দাতা সংস্থাগুলোর প্রতি আরও কার্যকর সহযোগিতা ও উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে আমি বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বিশ্বের সব শরণার্থীর প্রতি সংহতি প্রকাশ করছি।”