দুর্ঘটনা ও বিপদ থেকে বাঁচার দোয়া: জীবন রক্ষার মহান হাতিয়ার

দোয়া হলো মুসলিমদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, যা অসম্ভবকেও সম্ভব করে তোলে। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব।’ (সূরা মুমিন: ৬০)।

দোয়া শব্দের অর্থ হলো আহ্বান, প্রার্থনা বা কিছু চাওয়া। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দোয়া ছাড়া আল্লাহর সিদ্ধান্তকে বদলানো সম্ভব নয়।’ (জামে তিরমিজি: ২১৩৯)। তাই ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার জন্য নানা দোয়া শিক্ষা দিয়েছে—খাওয়া-দাওয়া থেকে ঘুম, যাতায়াত পর্যন্ত।

হঠাৎ দুর্ঘটনা, বিপদ ও ক্ষতি থেকে রক্ষা পেতে নিয়মিত সকাল ও সন্ধ্যায় কিছু নির্দিষ্ট দোয়া পড়ার নির্দেশ রয়েছে। হজরত রাসুলুল্লাহ (সা.) নিজেও এই দোয়া নিয়মিত পড়তেন, যা নিচে উল্লেখ করা হলো—

দোয়ার আরবি ও উচ্চারণ:
اللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِيْ الدُّنْيَا وَالْآخِرَةِ، اللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِيْ دِيْنِيْ وَدُنْيَايَ وَأَهْلِيْ، وَمَالِيْ، اللّٰهُمَّ اسْتُرْ عَوْرَاتِيْ، وَآمِنْ رَوْعَاتِيْ، اللّٰهُمَّ احْفَظْنِيْ مِنْ بَينِ يَدَيَّ، وَمِنْ خَلْفِيْ، وَعَنْ يَمِيْنِيْ، وَعَنْ شِمَالِيْ، وَمِنْ فَوْقِيْ، وَأَعُوْذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِيْ

উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ।
আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দ্বীনী ওয়া দুনইয়াইয়া, ওয়া আহলি ওয়া মালি।
আল্লাহুম্মাসতুর আওরাতি ওয়া আমিন রাওআতি।
আল্লাহুম্মাহফাজনি মিম্বাইনি ইয়াদাইয়্যা ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া শিমালি ওয়া মিন ফাওকি।
ওয়া আউজু বিআজামাতিকা আন উগতালা মিন তাহতি।

অর্থ:
হে আল্লাহ! আমি আপনার কাছে দুনিয়া ও আখেরাতের ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি।
হে আল্লাহ! আমি আপনার কাছে ক্ষমা এবং নিরাপত্তা চাই আমার দ্বীন, দুনিয়া, পরিবার ও অর্থ-সম্পদের জন্য।
হে আল্লাহ! আমার গোপন ত্রুটিসমূহ ঢেকে রাখুন, আমার উদ্বিগ্নতাকে নিরাপত্তায় রূপান্তরিত করুন।
হে আল্লাহ! আমাকে সামনের, পেছনের, ডান, বাম ও ওপর থেকে রক্ষা করুন।
আপনার মহত্ত্বের আশ্রয়ে নিচ থেকে হঠাৎ আক্রমণ থেকে বাঁচান।

অন্য একটি দোয়া যা দুর্ঘটনা, বিস্ফোরণ, বন্যা, ডুবে যাওয়া, আগুন লাগা থেকে রক্ষা করে—

দোয়া উচ্চারণ:
اللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي وَالْهَدْمِ وَالْغَرْقِ وَالْحَرِيقِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِيَ الشَّيْطَانُ إِذَا الْمَوْتُ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِغَةً

অর্থ:
হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি ওপর থেকে পড়ে যাওয়া, ঘরচাপা পড়া, পানিতে ডুবে যাওয়া ও অগ্নিদগ্ধ হওয়া থেকে।
আমি আপনার কাছে আশ্রয় চাই মৃত্যুকালে শয়তানের ছোঁয়া থেকে।
আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার পথে পলায়ন অবস্থায় মারা যাওয়া থেকে এবং সাপের কামড় থেকে।

হজরত রাসুলুল্লাহ (সা.) এই দোয়া নিয়মিত পড়তেন এবং এ দোয়ার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত সব বিপদ থেকে আল্লাহর সাহায্য প্রার্থনা করতেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, বরিশালে রোগীর চাপ সবচেয়ে বেশি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩১৯ জন রোগী। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৯ জনে।

বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা এবং একজন চট্টগ্রাম বিভাগের। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, সেখানে নতুন ৮৯ জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে।

বিভাগওয়ারি তথ্য অনুযায়ী—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, ঢাকা বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ১ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬৯ জনের। এর মধ্যে শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই মারা গেছেন ৩১ জন। বরিশালে প্রাণ হারিয়েছেন ১৫ জন, ঢাকা উত্তরে ৮ জন, চট্টগ্রামে ৭ জন, খুলনায় ৪ জন, রাজশাহীতে ২ জন এবং ময়মনসিংহ ও ঢাকায় আরও ১ জন করে মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির মৌসুমে এডিস মশার বিস্তার রোধে স্থানীয় প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। নিয়মিত পানি জমে থাকা স্থান পরিষ্কার করা এবং মশানিধন কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিশ্চিতে আইন প্রণয়নের প্রস্তাব বিএনপির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচন কমিশনের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সংবিধানে সংশোধন ও পৃথক আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে।

বুধবার (২৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপে অংশগ্রহণ শেষে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “সংবিধানের ১১৮ অনুচ্ছেদের উপ-ধারায় নতুন সংযোজনের মাধ্যমে নির্বাচন কমিশনের জন্য নির্দিষ্ট আচরণবিধি ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অতীতে আমরা বলে এসেছি, সংবিধানেই শুধু স্বাধীনতার উল্লেখ থাকলেই হবে না, কার্যকর স্বাধীনতা নিশ্চিত করতে হবে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই।”

তিনি জানান, সংলাপে গঠিত প্রস্তাবনায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি সিলেকশন কমিটি গঠনের কথা বলা হয়েছে। এই কমিটিতে থাকবেন জাতীয় সংসদের স্পিকার (সভাপতি), বিরোধী দলের ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং প্রধান বিচারপতির মনোনীত একজন আপিল বিভাগের বিচারপতি।

সালাহউদ্দিন আহমেদ আরও জানান, এই কমিটির অধীনে একটি অনুসন্ধান প্রক্রিয়া পরিচালিত হবে, যেখানে নাগরিক সমাজ, রাজনৈতিক দল ও সাধারণ জনগণ প্রার্থীর নাম জমা দিতে পারবে।

পরবর্তী ধাপে সার্চ কমিটি জমা পড়া জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে এবং তা পাঠাবে সিলেকশন কমিটির কাছে। কমিটি চাইলে সেই তালিকা থেকে অথবা অন্য প্রার্থীদের বিবেচনায় নিয়ে কমিশনারদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।

তিনি বলেন, “আগে প্রতিটি পদের জন্য দুটি করে নাম দেওয়ার যে প্রথা ছিল, এখন প্রস্তাব অনুযায়ী প্রতিটি পদের জন্য একটি করে নাম যাবে। কমিশনের মেয়াদ হবে পাঁচ বছর।”

বিএনপির দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে এমন একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব, যারা কার্যত স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবে। অতীতে কমিশন গঠন হলেও কার্যকর স্বাধীনতা তাদের মধ্যে দেখা যায়নি।

তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, “নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যে আন্দোলন হয়েছে, তাতে জাতি আজ ঐক্যমত্যে পৌঁছেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে।”

সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর ঐক্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “এই প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের ভিত্তি তৈরি করবে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামোর পথ সুগম করবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




মাইলস্টোন ট্র্যাজেডি: আট দগ্ধ শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দগ্ধ আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন।

বুধবার (২৩ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দুর্ঘটনার পর বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন মোট ৪৪ জন। তাদের মধ্যে ৩৭ জনই শিশু। দগ্ধদের মধ্যে ১৩ জনের অবস্থা ‘সিভিয়ার’ এবং ২৩ জন রয়েছেন ‘ইন্টারমিডিয়েট’ অবস্থায়। সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আটজন, যাদের অবস্থা ‘ক্রিটিকাল’ বলে উল্লেখ করেন তিনি।

ডা. নাসির উদ্দীন আরও বলেন, “প্রতি ঘণ্টায় আমরা রোগীদের অবস্থা মূল্যায়ন করছি। যার অবস্থার উন্নতি হচ্ছে, তাকে সিভিয়ার ক্যাটাগরিতে নেওয়া হচ্ছে। আর অবনতি হলে আবারও ক্রিটিকাল ক্যাটাগরিতে রাখা হচ্ছে।”

চিকিৎসা ব্যবস্থার বিষয়ে তিনি জানান, “সিঙ্গাপুর থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন। তাকে সঙ্গে নিয়ে আমাদের ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা সমন্বিতভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন।”

দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে পরিচালক আরও জানান, “এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মঙ্গলবার রাতে একজন মারা যান।”

উল্লেখ্য, ২১ জুলাই উত্তরায় একটি প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগুন ধরে যায়। এতে বহু শিক্ষার্থী ও অভিভাবক দগ্ধ হন। পুরো দেশজুড়ে তৈরি হয় চরম শোকের আবহ।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে মুস্তাফিজ নবম, জাকের-হৃদয়-ইমনের চমক

পাকিস্তানের বিপক্ষে টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করার পর এবার ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকেও সুখবর পেলেন টাইগার ক্রিকেটাররা। আইসিসির হালনাগাদ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বাংলাদেশের একাধিক খেলোয়াড়ের।

বিশেষ করে বোলিং বিভাগে দারুণ সাফল্য এসেছে মুস্তাফিজুর রহমানের ঝুলিতে। ১৭ ধাপ এগিয়ে এখন তিনি বোলারদের র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে। তার রেটিং পয়েন্ট ৬৫৩, যা ভারতের পেসার আর্শদীপ সিংয়ের সমান। ২০২১ সালের অক্টোবরের পর এবারই প্রথম শীর্ষ দশে ফিরলেন বাঁহাতি এই গতি তারকা।

বোলিং র‍্যাঙ্কিংয়ে আরও উন্নতি করেছেন শেখ মেহেদী হাসান, তিনি ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৬তম স্থানে। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও তার অবস্থান এখন ৩৫তম (১৩ ধাপ উন্নতি)। তানজিম হাসান বোলিংয়ে ৯ ধাপ এগিয়ে ৩৮তম এবং অলরাউন্ডার তালিকায় তিন ধাপ এগিয়ে ৮১তম অবস্থানে রয়েছেন।

শরীফুল ইসলাম এগিয়েছেন ১৪ ধাপ, এখন অবস্থান ৪৩তম। যদিও রিশাদ হোসেন তিন ধাপ পিছিয়ে গেছেন, এখন ২০তম, আর অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৫৪তম।

ব্যাটিং বিভাগেও উঠেছে নতুন চমক। তরুণ তানজিদ হাসান তামিম ১৮ ধাপ এগিয়ে এখন ৩৭তম, যেটি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। জয়ের ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলে ১৭ ধাপ এগিয়ে যৌথভাবে ৫৩তম হয়েছেন জাকের আলী অনিক। তার সঙ্গে আছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে।

তাওহীদ হৃদয় দুই ধাপ এগিয়ে ৩৯তম স্থানে এবং পারভেজ হোসেন ইমন ২২ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৬৩তম স্থানে।

অন্যদিকে, টি-টোয়েন্টির বোলারদের শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ এবং ভারতের বরুণ চক্রবর্তী। ব্যাটিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এবং অলরাউন্ডার তালিকায় সবার ওপরে ভারতের হার্দিক পান্ডিয়া।

বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স র‍্যাঙ্কিংয়ে এই সাফল্যের প্রতিফলন ঘটিয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো উক্যছাইং, বাবার কাঁধে শেষযাত্রা

ঢাকার উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে আহত হয়ে মৃত্যু হলো রাঙামাটির রাজস্থলীর কিশোর শিক্ষার্থী উক্যছাইং মারমার (১৪)। বুধবার (২৩ জুলাই) বিকেলে ধর্মীয় রীতি অনুযায়ী তাকে তার নিজ গ্রামে সমাহিত করা হয়।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী উক্যছাইং মারমা মৃত্যুর আগে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। দুর্ঘটনার দুই দিন পর, ২১ জুলাই বিকেলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সমাহিত করার আগে তার নিজ ধর্মীয় রীতি অনুযায়ী পূজা ও আনুষ্ঠানিকতা পালন করা হয়। এরপর বাবার কাঁধে ভর করে পরপারে যাত্রা করে মেধাবী এই কিশোর।

উক্যছাইংয়ের প্রাক্তন শিক্ষক ও ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষিকা শারমিন আক্তার বলেন, “সে অত্যন্ত বিনয়ী ও মেধাবী ছিল। সৃজনশীল চিন্তা-চেতনা ওর মধ্যে ছোটবেলা থেকেই ছিল।”

বাবা উসাইমং মারমা বলেন, “আমার ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল। সেই স্বপ্ন অপূর্ণ রয়ে গেল। দুর্ঘটনার পর ফোনে আমাকে জানানো হয়—ছেলেকে দেখতে দ্রুত হাসপাতালে যেতে হবে। আমি রাত ১২টায় পৌঁছে জানতে পারি, তার শরীর প্রায় ১০০ শতাংশ পুড়ে গেছে।”

উক্যছাইংয়ের মৃত্যুতে রাজস্থলীতে শোকের ছায়া নেমে আসে। তার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং প্রতিবেশীরা সবাই বিমর্ষ। তাঁরা বলেন, “আমরা চাই না আর কোনো শিশু এইভাবে ঝরে যাক। জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণের নামে ঝুঁকিপূর্ণ কার্যক্রম বন্ধ করতে হবে। এটা আমাদের যৌক্তিক দাবি।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




একই দিনে নয়, ২ দিনে হবে এইচএসসির স্থগিত পরীক্ষা

এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত হওয়া পরীক্ষাগুলো দুইটি ভিন্ন দিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নতুন সময়সূচি অনুযায়ী, ২২ জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ১৯ আগস্ট।

বুধবার (২৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতের ঘটনায় ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সেই পরীক্ষাগুলো এখন দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

এছাড়া বন্যা পরিস্থিতির কারণে ১০ জুলাই কুমিল্লা বোর্ডে স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে আগামী ১২ আগস্ট এবং গোপালগঞ্জে সংঘর্ষের কারণে স্থগিত হওয়া ১৭ জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট।

পুনঃনির্ধারিত সময় অনুযায়ী ব্যবহারিক পরীক্ষার সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। ২১ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

এর আগে দুপুরে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানিয়েছিলেন, ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে নেওয়ার চিন্তাভাবনা ছিল। তবে পরে শিক্ষার্থীদের স্বার্থে তা দুইদিনে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




স্বতন্ত্র কাঠামোর দাবিতে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র কাঠামোর দাবিতে বিক্ষোভ করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা দাবি আদায়ের জন্য কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের এক দফা দাবি—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজির (বিআইটি) আদলে একটি স্বতন্ত্র ও টেকসই কাঠামো গঠন।

বিক্ষোভে বক্তৃতা করেন আন্দোলনকারী শিক্ষার্থী টি এইচ ইরান। তিনি বলেন, ‘গত আড়াই মাস ধরে আমরা লাগাতার কর্মসূচি পালন করে আসছি। আমাদের একমাত্র দাবি—আমরা স্বাধীন কাঠামোর অধীনে পড়াশোনা করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার মান ও প্রশাসনে নানা জটিলতা তৈরি হচ্ছে, যার কোনো সমাধান মিলছে না।’

তিনি আরও জানান, ‘এর আগে আন্দোলনের সময় পুলিশ ও সেনা সদস্যদের মারধরে অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। অথচ আমাদের দাবি ছিল সম্পূর্ণ ন্যায্য। এখন আমরা ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিচ্ছি। এরমধ্যে কোনো পদক্ষেপ না এলে আমরা “লংমার্চ টু ঢাকা” কর্মসূচি ঘোষণা করব।’

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বর্তমানে সরকারি প্রকৌশল কলেজগুলোকে একটি কার্যকর, স্বয়ংসম্পূর্ণ ও টেকসই কাঠামোর আওতায় আনা সময়ের দাবি। শুধু একাডেমিক স্বতন্ত্রতা নয়, প্রশাসনিক সংস্কারও জরুরি। বিশ্ববিদ্যালয় মডেল নয়, বিআইটি মডেলের মতো স্বাধীন শিক্ষা ব্যবস্থার পক্ষে তাঁরা।

এর আগে শিক্ষার্থীরা নগরীতে একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি লঞ্চঘাট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে এসে শেষ হয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫

 




বাংলাদেশে মৃতের সংখ্যা গোপন করা অসম্ভব : প্রেস সচিব

বাংলাদেশে কোনো জাতীয় বিপর্যয়ের ঘটনায় হতাহতের সংখ্যা গোপন রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (বুধবার) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লেখেন, “২০০২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে ঘটে যাওয়া অসংখ্য বড় বড় দুর্যোগের ওপর রিপোর্ট করেছি। একজন সাংবাদিক ও সরকারি কর্মকর্তা হিসেবে আমি নিশ্চিতভাবে বলতে পারি, বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা বাস্তবিক অর্থেই অসম্ভব।” তার মতে, যখন কোনো দুর্ঘটনা ঘটে, প্রাথমিকভাবে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা তাদের খোঁজে প্রশাসনের কাছে আসেন। পরে হাসপাতাল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে মৃত বা আহতদের শনাক্ত করা হয়।

তিনি উদাহরণ টেনে বলেন, মাইলস্টোন কলেজ যদি প্রতিদিনের উপস্থিতির রেকর্ড বিশ্লেষণ করে, তাহলে সহজেই হিসাব বহির্ভূত শিক্ষার্থীদের শনাক্ত করা সম্ভব। এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগই নির্ভুল পরিসংখ্যান নিশ্চিত করে।

ফেসবুক পোস্টে প্রেস সচিব আরও জানান, গতকাল স্কুল পরিদর্শনের সময় উপদেষ্টারা সেখানে স্বচ্ছতা নিশ্চিতে একটি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দেন। এই কন্ট্রোল রুম থেকে নিয়মিতভাবে আহত ও নিহতদের পরিসংখ্যান হালনাগাদ করা হবে এবং তা রেজিস্ট্রারের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে। আরও উল্লেখযোগ্য বিষয় হলো—এই কন্ট্রোল রুম পরিচালনায় বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ত করার নির্দেশও দেওয়া হয়। তিনি আশা প্রকাশ করেন, আজ থেকেই এই কন্ট্রোল রুম পুরোপুরি কার্যকর হবে।

তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের অবস্থা নিয়ে নিয়মিত আপডেট সরবরাহ করছে এবং সেনাবাহিনীও এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সহযোগিতা করছে। তাই সরকার হতাহতের সংখ্যা খাটো দেখিয়ে কোনো তথ্য গোপনের পথে হাঁটবে না, বরং স্বচ্ছতা ও মানবিকতার নীতিতেই অটল থাকবে।

প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, “গতকাল আমরা টানা ৯ ঘণ্টা স্কুলে অবস্থান করেছি। চাইলে আরও আগেই চলে আসতে পারতাম, কিন্তু উপদেষ্টারা সংকট সমাধানে বলপ্রয়োগ নয়, বরং আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী ছিলেন। প্রয়োজনে তারা আরও দীর্ঘ সময় অবস্থান করতেন।”

তিনি বলেন, “আমরা যারা প্রাণ হারানো শিক্ষক-শিক্ষার্থীদের জন্য শোকাহত, তাদের স্মরণে বলছি—তারা সবাই শহীদ। এটি কেবল একটি দুর্ঘটনা নয়, একটি জাতীয় ট্র্যাজেডি। ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে, সে লক্ষ্যে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর করতে হবে।”

সরকার জাতীয় নিরাপত্তা এবং বিমান সংক্রান্ত দুর্যোগ প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন প্রেস সচিব।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সিরিজ উৎসর্গ করলেন লিটন দাস

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর তা বিমান দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি উৎসর্গ করলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ রানের জয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। ২০ ওভারে অলআউট হয়ে মাত্র ১৩৩ রান সংগ্রহ করে টাইগাররা। ইনিংসে জাকের আলির ৫৫ ও শেখ মেহেদির ৩৩ রানের ইনিংস দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ১৫ রানেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। যদিও পরে ফাহিম আশরাফ (৩২ বলে ৫১) ও খুশদিল শাহ দলকে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। শেষ ওভারে দরকার ছিল ১৩ রান, কিন্তু মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে সেই লক্ষ্য ছুঁতে পারেনি পাকিস্তান।

সিরিজ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে নিজের অনুভূতি জানাতে গিয়ে লিটন দাস বলেন,
“পাওয়ার প্লেতে আমাদের আরও ভালো করা দরকার ছিল, সেটা আমরা পারিনি। তবে জাকের আর মেহেদি দারুণ ব্যাটিং করেছে। মাঝের ওভারে কিছু ভুল হলেও আমরা ভালো বোলিং করেছি। অবশ্যই কিছু জায়গায় ভুল ছিল, বিশেষ করে ক্যাচ মিস করেছি। এই জয় আমরা সম্প্রতি বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি উৎসর্গ করছি।”

উল্লেখ্য, এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারাল বাংলাদেশ। সিরিজ জয়ের আনন্দে শোককে স্মরণ করায় আবেগে ভেসেছে পুরো দল ও সমর্থকরা।