পটুয়াখালিসহ উপকূলীয় পাঁচ জেলায় নদীবন্দর সমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত

পটুয়াখালি, বরিশাল, নোয়াখালি, চট্টগ্রাম ও কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার (২৭ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, বৃষ্টি বা বজ্রবৃষ্টির সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বিভাগ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট মৌসুমি বায়ুর প্রভাবে এই দমকা হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে নদীপথে চলাচলকারী নৌযানকে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, পটুয়াখালির কলাপাড়া, গলাচিপা, রাঙ্গাবালী ও পায়রা বন্দর এলাকা থেকে ইতোমধ্যে কয়েকটি মাছ ধরার ট্রলার দ্রুত তীরে ফিরে এসেছে। স্থানীয় মাঝি-মাল্লারা জানিয়েছেন, সমুদ্রে বাতাসের গতি হঠাৎ করে বেড়ে যাওয়ায় তারা নিরাপদ আশ্রয়ে ফিরেছেন।

আবহাওয়ার এমন পূর্বাভাসের কারণে নদীপথে যাত্রীবাহী লঞ্চ, ট্রলার ও স্পিডবোট চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আবহাওয়াবিদদের পরামর্শ:

  • বজ্রবৃষ্টির সময় খোলা জায়গায় অবস্থান না করার অনুরোধ
  • নৌযান চালক ও মাঝিদের সতর্কভাবে চলাচলের নির্দেশনা
  • স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে

🟢 প্রতিবেদক: আল-আমিন |

 




জুলাই সনদের প্রাথমিক খসড়া প্রস্তুত, শিগগিরই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে

বহুল প্রতীক্ষিত জুলাই সনদের প্রাথমিক খসড়া প্রস্তুত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই খসড়া দ্রুততম সময়ের মধ্যে দেশের সকল রাজনৈতিক দলের নিকট পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

শনিবার (২৬ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৯তম বৈঠকে বক্তব্য রাখার সময় তিনি এ কথা জানান।
তিনি বলেন, “কমিশন ইতোমধ্যে একটি খসড়া প্রস্তুত করেছে এবং আগামীকালের মধ্যে তা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। প্রত্যেকে তাদের নিজ নিজ দলের সঙ্গে আলোচনার মাধ্যমে মতামত জানাবেন। পরে সেসব মতামত খসড়ায় সন্নিবেশিত করা হবে।”

এ সময় ড. আলী রীয়াজ আরও জানান, যদি বড় কোনো মৌলিক আপত্তি না আসে, তবে খসড়া নিয়ে বাড়তি আলোচনার প্রয়োজন হবে না। সকল পক্ষের মতামত সংগ্রহ করে জুলাই সনদের প্রেক্ষাপট, মৌলিক বক্তব্য, অঙ্গীকার এবং কাঠামো নির্ধারণ করে তা চূড়ান্ত রূপে প্রকাশ করা হবে।

তিনি সময়সীমার দিকটি গুরুত্বের সঙ্গে তুলে ধরে বলেন, “আমাদেরকে যে করেই হোক ৩১ জুলাইয়ের মধ্যে আলোচনা শেষ করতে হবে। এরপর আমরা পরবর্তী ধাপে যাব।”
কমিশন সূত্রে জানা গেছে, আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১০টি বিষয়ে একপ্রকার ঐকমত্য হয়েছে, কয়েকটি ক্ষেত্রে মতভেদ রয়েছে, সাতটি বিষয়ের আলোচনা এখনো অসম্পূর্ণ এবং তিনটি বিষয়ে এখনও আলোচনা শুরু হয়নি।

বৈঠকে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে— রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং পুলিশের পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাব।

আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি দলের প্রতিনিধিরা।

কমিশনের পক্ষে আলোচনায় অংশ নেন বিচারপতি মো. এমদাদুল হক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, দেশের রাষ্ট্রীয় অমীমাংসিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ঐকমত্য গড়ার লক্ষ্যে জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা আগামী কয়েকদিনও চলবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



জুলাই গণঅভ্যুত্থান এক মহাকাব্যিক প্রতিরোধের গল্প: সংস্কৃতি উপদেষ্টা ফারুকী

জুলাই গণঅভ্যুত্থানকে ‘রুখে দাঁড়াবার এক মহাকাব্য’ হিসেবে অভিহিত করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, “যখন চারপাশে ভয়, অনিশ্চয়তা আর আত্মপ্রবঞ্চনার আবহ ছড়িয়ে পড়ে, তখনই দ্রোহ ও প্রতিবাদের ঝড় তাকে রুখে দাঁড়াতে শেখায়। জুলাই গণঅভ্যুত্থান সেই রুখে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত।”

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মিলনায়তনে শহীদ তাহির জামান প্রিয়র জীবন ও আত্মত্যাগের ওপর নির্মিত চলচ্চিত্র ‘UNKNOWN 30Y’-এর প্রিমিয়ার শো উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, “এই দেশের তরুণরা দেয়ালে গ্রাফিতি এঁকে তাদের স্বপ্নের বাংলাদেশের চিত্র এঁকেছে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠাই জুলাই আন্দোলনের মূল আকাঙ্ক্ষার প্রতিফলন।”

চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ২০২৫ সালের জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ তাহির জামান প্রিয়র স্মরণে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম, শহীদ তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান, ইতিহাসবিদ ও সংগঠক আমিরুল রাজীব এবং চলচ্চিত্রটির নির্মাতা রজত তন্ময়।




আগামী চার-পাঁচ দিনের মধ্যেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা: মোস্তফা জামাল হায়দার

জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ জানতে অপেক্ষার প্রহর আর বেশি নয়। চার থেকে পাঁচ দিনের মধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

শনিবার (২৬ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের জানিয়েছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এটা দেশের মানুষের জন্য সবচেয়ে আনন্দের খবর।”

মোস্তফা জামাল হায়দার আরও বলেন, নৈরাজ্যের অবসান, রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাষ্ট্রীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই এখন একমাত্র পথ। নির্বাচন হলে মানুষ স্বস্তি পাবে এবং দেশের সংকট কাটিয়ে উঠা সম্ভব হবে।

এর আগে, বিএনপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি বড় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজকের বৈঠকে আরও ১৪টি দলের শীর্ষ নেতারা অংশ নেন।

বৈঠক শেষে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আশার সঞ্চার হয়েছে। বিভিন্ন দল নির্বাচনমুখী মনোভাব দেখানোয় রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে ওঠার ইঙ্গিত মিলেছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নিহত সামিউলের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাল বিমান বাহিনী

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত বরিশালের মেহেন্দিগঞ্জের কিশোর সামিউল করিমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

শনিবার (২৬ জুলাই) দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের দেশখাগকাটা গ্রামে সামিউলের পারিবারিক কবরস্থানে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল এ শ্রদ্ধা নিবেদন করে। এরপর তারা মরহুমের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেয়। স্থানীয় মসজিদের খতিব মোনাজাত পরিচালনা করেন।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা নিহত সামিউলের মা-বাবার সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা প্রকাশ করেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন মীর্জা নাজমুল কবীর।

তিনি বলেন, ‘বিমান দুর্ঘটনায় একটি অপূরণীয় ক্ষতি হয়েছে। নিহত সামিউলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে। এই দূরগ্রাম এলাকায় এসেছি শুধু শিশুটির কবর জিয়ারত নয়, তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার নিয়েই।’

সামিউল করিম সামি বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার খারকি এলাকার বাসিন্দা এবং রেজাউল করিমের ছোট ছেলে। বড় বোন স্নেহা এবার মাইলস্টোন স্কুল থেকেই এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। দুর্ঘটনার পর সামিউলের মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে গ্রামের বাড়িতে আনা হয়। মঙ্গলবার সকাল ১০টায় বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ে জানাজা শেষে তাকে নানা বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

একের পর এক স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় বাবা রেজাউল করিমকে। ঘটনার দিনও তিনি নিজেই সামিউলকে স্কুলে পৌঁছে দিয়ে গেটের পাশে দাঁড়িয়ে ছিলেন। ছেলেটি যখন দোতলায় উঠছিল, তখনও তাকিয়ে ছিলেন তিনি। আবার দুপুরে ছুটি হলে গেটে দাঁড়িয়ে ছেলেকে নেওয়ার অপেক্ষায় ছিলেন। সামিউল ব্যাগ কাঁধে নিয়ে বাবার দিকে এগিয়ে আসছিল, তখনই আকস্মিকভাবে বিমান বিধ্বস্ত হয়ে একটি জ্বলন্ত অংশ সামিউলের শরীরে আঘাত করে। সামিউলের শরীরের পেছনের অংশ পুড়ে যায়। রেজাউল করিম ছেলেকে বুকে জড়িয়ে ধরে সাহায্যের জন্য চিৎকার করছিলেন আমার ছেলেকে বাঁচান, হেল্প… হেল্প । একজন সেনা সদস্য নিজের গায়ের পোশাক খুলে দিয়ে সহায়তা করেন। পরে সামিউলকে সামরিক হেলিকপ্টারে করে সিএমএইচে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক জানান, তাকে বাঁচানো সম্ভব হয়নি।

রেজাউল করিম বলেন, ‘আমার স্বপ্ন ছিল ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো। কিন্তু আমার চোখের সামনেই সব শেষ হয়ে গেল। আমার ছেলেটা জ্বলছিল, আমি কিছুই করতে পারিনি। এখন আর ঘুম আসে না। কীভাবে ওকে ছাড়া বাঁচব জানি না।’

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




২ হাজারের বেশি ওষুধ ও অস্ত্রোপচার সরঞ্জাম পাঠালো চীন

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় জরুরি সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে জরুরি চিকিৎসা সরঞ্জাম দিয়েছে চীন। এসব সহায়তার মধ্যে রয়েছে দুই হাজারেরও বেশি প্রয়োজনীয় ওষুধ ও অস্ত্রোপচারের সরঞ্জাম।

শনিবার (২৬ জুলাই) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে এই চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন।

চীনা দূতাবাস সূত্রে জানানো হয়, ইউনান প্রদেশের পররাষ্ট্র দপ্তর এবং উহান তৃতীয় হাসপাতালের সহায়তায় এসব ওষুধ ও সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সহায়তার অংশ হিসেবেই এই উদ্যোগ।

চীনা দূতাবাস আরও জানিয়েছে, বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং।




প্রধান উপদেষ্টার আশ্বাস: শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে

আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় ১৪ দল ও ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে রাজনৈতিক নেতারা সাংবাদিকদের এ তথ্য জানান।

১২ দলীয় জোটের সমন্বয়কারী ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন, “প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে আমাদের জানিয়েছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই তিনি নির্বাচনের নির্দিষ্ট তারিখ ও সময়সূচি ঘোষণা করবেন। বর্তমান সংকট নিরসনে নির্বাচনই একমাত্র পথ—এমনটি তিনি আমাদের স্পষ্টভাবে বলেছেন।”

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, “প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন, নির্বাচন কবে এবং কীভাবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে খুব শিগগিরই একটি অফিসিয়াল ব্রিফিংয়ের মাধ্যমে জাতিকে বিস্তারিত জানানো হবে। তিনি আমাদের সঙ্গে আলোচনায় এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন।”

তিনি আরও বলেন, “নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা আমাদের সামনে তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। এজন্য আমরা সবাই তাকে সাধুবাদ জানিয়েছি। দেশবাসীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।”

বৈঠকে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ে সম্প্রতি যে অপপ্রচার চলছে, তা নিয়েও আলোচনা হয় বলে জানান তিনি। এসব অপপ্রচার কীভাবে বন্ধ করা যায়—সে বিষয়ে রাজনৈতিক দলের সহযোগিতা চাওয়া হয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, “প্রধান উপদেষ্টা বর্তমান রাজনৈতিক সংকট এবং ৫ আগস্টের আগের ঐক্যের প্রসঙ্গ তুলে ধরেছেন। তিনি বলেছেন, যেন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং পরাজিত শক্তিকে মাথাচাড়া দিতে না দিই।”

বৈঠকে উপস্থিত ছিলেন—

  • জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস
  • নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী
  • বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ
  • এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ
  • জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা
  • বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন
  • এনডিএম-এর ববি হাজ্জাজ
  • জাকের পার্টির শামীম হায়দার
  • ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসাইন রাজি
  • ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু
  • বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান
  • বাসদ (মার্কসবাদী)-এর মাসুদ রানা
  • জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দী

এর আগে গত বুধবার যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তারও আগে বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গেও পৃথক বৈঠক করেন তিনি।




আ.লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে থাকবে জামায়াত : শামীম সাঈদী

পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে আলহাজ শামীম সাঈদী বলেছেন, “যারা মনে করেন বিএনপি ও জামায়াতের আর অস্তিত্ব নেই, তারা চরম ভুল করছেন। আওয়ামী লীগ ভারতের দালাল দল হিসেবে পরিচিতি পেয়েছিল বলেই তাদের আশ্রয় নিতে হয়েছিল বিদেশে। তারা যেন আর এদেশে ফিরে আসতে না পারে, সেজন্য আমরা রাজপথে থাকব।”

শনিবার (২৬ জুলাই) দুপুরে পিরোজপুরের নেছারাবাদে তৃণা কমিউনিটি সেন্টারে আয়োজিত জামায়াতে ইসলামীর উপজেলা পর্যায়ের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম সাঈদী আরও বলেন, “জামায়াতে ইসলামী কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। আমাদের কোনো নেতাকর্মীর নামে দুর্নীতির অভিযোগ নেই। কিন্তু সরকার পরিকল্পিতভাবে জামায়াতের বিরুদ্ধে হামলা-মামলা ও নির্যাতনের রাজনীতি চালাচ্ছে।”

তিনি বলেন, “শহীদ দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে অতীতে যে অপপ্রচার করা হয়েছে তা ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই অন্যায়ের বিচার একদিন আল্লাহ এই মাটিতেই করবেন।”

তিনি জনগণের উদ্দেশে বলেন, “পিরোজপুর-২ আসনের মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। নেছারাবাদে আমাদের শক্তিশালী ভোটব্যাংক রয়েছে। আপনারা আমাকে নির্বাচিত করলে নেছারাবাদকে একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে এবং বেকারত্ব দূর করতে হবে নতুন কর্মসংস্থানের ব্যবস্থা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মো. আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আব্দুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি মো. জহিরুল হক, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি ড. আব্দুল্লাহ আল মাহমুদ এবং ঢাকাস্থ নেছারাবাদ উপজেলা সেক্রেটারি আল আমিন সবুজ।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবাকে মারধরের অভিযোগ

ঝালকাঠির রাজাপুরে র‍্যাবের গুলিতে পা হারানো আলোচিত লিমন হোসেনের বাবা তোফাজ্জেল হোসেনকে (৫৫) পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইঁদুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তোফাজ্জেল হোসেন রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ৯ জনের বিরুদ্ধে ছেলে লিমন হোসেন যে অভিযোগ দিয়েছেন, তা তুলে নিতে তাকে চাপ দিচ্ছিলেন প্রতিবেশী মো. ইব্রাহিম হাওলাদার ও আবদুল হাই। জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় তারা তাকে ঘিরে ধরে হুমকি দেন। অস্বীকার করায় তারা সংঘবদ্ধভাবে মারধর করে আহত করে।

এর আগেও ২০১৯ সালে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে বাঁশ কাটার চেষ্টা করলে বাধা দেওয়ায় তোফাজ্জেল হোসেনকে মারধর করা হয়। ওই ঘটনায় লিমনের মা হেনোয়ারা বেগম বাদী হয়ে মামলা করলে ঝালকাঠির আদালত ইব্রাহিম হাওলাদারকে দুই বছর ও আবদুল হাইকে ছয় মাসের কারাদণ্ড দেন।

সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে ইব্রাহিম হাওলাদার আবারও লিমনের পরিবারকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তোফাজ্জেলের। তিনি বলেন,“আমার ছেলের দায়ের করা আন্তর্জাতিক অপরাধের অভিযোগ তুলে না নেওয়ায় আমাকে পিটিয়ে আহত করেছে। থানায় অভিযোগ দিয়েছি, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

অভিযোগ অস্বীকার করে ইব্রাহিম হাওলাদার দাবি করেন,“জমি নিয়ে বিরোধ থেকেই এই মিথ্যা অভিযোগ দিচ্ছে লিমনের পরিবার।”

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।”

উল্লেখ্য, ২০১১ সালের ২৩ মার্চ রাজাপুরের নিজ বাড়ির পাশে র‍্যাবের গুলিতে আহত হন কলেজছাত্র লিমন হোসেন। তার বাঁ পা অস্ত্রোপচার করে কেটে ফেলতে হয়। ঘটনায় দায়মুক্তি পেলেও মামলা, হুমকি ও হয়রানির মধ্যে পড়তে হয় লিমন ও তার পরিবারকে।




বৈষম্যবিরোধী আন্দোলনে চোখ হারানো বেল্লালের জীবনে শুধু আলো চাই

ঝালকাঠির নলছিটি উপজেলার বেল্লাল হাওলাদার এক সময় অটো চালিয়ে সংসার চালাতেন। কিন্তু গত বছর ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে বেল্লাল তার এক চোখ হারিয়েছেন, আর অপর চোখের দৃষ্টি নষ্টের পথে। বর্তমানে চিকিৎসাবিহীন ও বেকার বেল্লালের জীবন মানবেতর হয়ে উঠেছে। অভাব-অনটনের সঙ্গে সাথে তার ১০ মাস বয়সী সন্তানসহ স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন।

ঘটনাটি ঘটে যখন বরিশাল থেকে অটো নিয়ে বাড়ি ফিরছিলেন বেল্লাল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রদের ডাকে যোগ দিলে পুলিশের গুলিতে তিনি আহত হন। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসার পরও চোখের অবস্থার উন্নতি হয়নি।

বেল্লালের প্রতিবেশীরা জানান, আগে তার আয় সংসার চলত, কিন্তু এখন শারীরিকভাবে অক্ষম হওয়ায় সংসারের চিন্তা তার নেই। বেল্লালের নিজের কথায়, “ছাত্রদের জন্য মায়া লাগত, তাই আন্দোলনে যোগ দিয়েছিলাম। শরীরে এখনো গুলির ক্ষত রয়েছে। এক চোখ হারিয়েছি, আরেকটির অবস্থা খুব খারাপ। চোখ না থাকলে বাঁচার কী মানে?”

তিনি সরকারের প্রতি দাবি জানিয়েছেন,“আমাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। টাকা-পয়সা চাই না, শুধু পৃথিবীর আলো একটু দেখতে চাই।”

ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন,“আহত ও নিহত পরিবারদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং সহযোগিতা করা হচ্ছে। সরকার তাদের পাশে রয়েছে।”

বেল্লালের এই গল্প শুধু তার নয়, দেশের প্রতিটি আহত ও ক্ষতিগ্রস্ত মানুষের কথা স্মরণ করিয়ে দেয়, যারা মানুষের অধিকার ও ন্যায়ের জন্য লড়াই করেছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫