মাইলস্টোন ট্রাজেডি: মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে শোকবইয়ে পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এলাকায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খালিল।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দূতাবাসে উপস্থিত হয়ে তিনি শোকবইতে স্বাক্ষর করেন এবং এক সংক্ষিপ্ত বার্তায় লেখেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার-পরিজনের প্রতি আমাদের সহানুভূতি রইল।”
শোকবইটিতে এরই মধ্যে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রতিনিধি এবং মালদ্বীপে অবস্থানরত জাপান, চীন, সৌদি আরব ও শ্রীলঙ্কার কূটনীতিকরাও স্বাক্ষর করেছেন।
বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ জানান, শোকবইটি নির্ধারিত সময় পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মালদ্বীপে বসবাসরত যে কেউ স্বাক্ষরের মাধ্যমে শোক ও সহানুভূতি জানাতে পারবেন।
দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, প্রবাসী সাংবাদিক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও ইতোমধ্যে শোকবইতে স্বাক্ষর করেছেন।
উল্লেখ্য, গত সপ্তাহে ঢাকার উত্তরা এলাকায় একটি সামরিক প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে, যা দেশের ভেতর ও বাইরে ব্যাপকভাবে শোকের ছায়া ফেলেছে।








