সাগরিকার ওপর ভরসা নিয়ে আজ সন্ধ্যায় মাঠে নামছে বাংলার মেয়েরা

তরতাজা সাফ ট্রফি জয়ের রেশ এখনো টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লাওসের রাজধানীতে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে এটি তাদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ স্বাগতিক লাওস।
সাফ জয় শুধু একটি শিরোপার গল্প নয়, ছিল দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রথম ধাপ। এবার মূল লক্ষ্য এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া। কোচ পিটার বাটলার মনে করছেন, লাওস ম্যাচ থেকেই শুরু হবে নতুন এক আত্মবিশ্বাসের অধ্যায়।
বাংলাদেশের গ্রুপে রয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া (র্যাঙ্কিং ১৯), লাওস (১০৭) ও বাংলাদেশ (১২৮)। কাগজে-কলমে পিছিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স বলছে ভিন্ন কথা। গত মাসেই জাতীয় নারী দল হারিয়েছে মিয়ানমার ও বাহরাইনকে, যারা র্যাঙ্কিংয়ে অনেক ওপরে ছিল।
সেই জাতীয় দলের অনেক খেলোয়াড়ই আছেন এই অনূর্ধ্ব-২০ স্কোয়াডে। ফলে বাছাইপর্বের লড়াইয়ে মাঠে নামার আগে স্বভাবতই আত্মবিশ্বাসী পুরো দল।
সাবেক তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে এসেছেন দলে অন্যতম ভরসা মোসাম্মৎ সাগরিকা। সাফের ফাইনালে নেপালের বিপক্ষে তার একাই ৪ গোল দলের জয় নিশ্চিত করেছিল। এবারও তাকেই দেখা হচ্ছে সম্ভাব্য গোলমেশিন হিসেবে।
কোচ পিটার বাটলার বলেন, “লাওসের বিপক্ষে আমরা জয় চাই। মাঠে নিজেদের আধিপত্য তৈরি করাটাই হবে মূল লক্ষ্য। কোরিয়ার মতো দলের বিপক্ষে লড়তে হলে আমাদের পেশাদারিত্ব ও প্রস্তুতিতে উন্নতি করতে হবে।”
দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, “আমরা এখানে এসেছি কোয়ালিফাই করতে। প্রতিটি ম্যাচে আমরা সর্বোচ্চটা দেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামব।”
লাওসও বাংলাদেশ মতোই সিনিয়র দলভিত্তিক স্কোয়াড গঠন করেছে। উজবেকিস্তানে বাছাইপর্ব খেলে আসা দলটি ফর্মে রয়েছে। ফলে ম্যাচটি হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
মূল পর্বে জায়গা পেতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে বাংলাদেশকে। রানার্সআপ হলেও সুযোগ থাকছে, তবে সেক্ষেত্রে থাকতে হবে সেরা তিন রানার্সআপের তালিকায়। তাই প্রতিটি ম্যাচ, প্রতিটি গোল এখন গুরুত্বপূর্ণ।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫







