“জুলাই ঘোষণাপত্র গণতন্ত্রের নবদিগন্ত উন্মোচন করবে: ফখরুল

ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৬ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। এর মধ্য দিয়ে একটি নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ভিত্তি রচিত হয়েছে। এই অঙ্গীকার বাস্তবায়নই হবে গণতন্ত্র পুনরুদ্ধারের মূল চাবিকাঠি।”
ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, “নির্বাচন আয়োজনের এই উদ্যোগ রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণের পথ দেখাবে। আমরা আশা করি, খুব দ্রুত সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জাতি একটি গ্রহণযোগ্য সরকার পাবে এবং সংকটের অবসান ঘটবে।”
তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। জনগণ একটি গণতান্ত্রিক সরকার গঠনের জন্য প্রস্তুত। সরকার ও নির্বাচন কমিশন যদি আন্তরিক হয়, তাহলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব।”
এ সময় তিনি একটি শক্তিশালী জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে সব রাজনৈতিক দল এবং জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বক্তব্যে ফখরুল দাবি করেন, “আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বিএনপিকে নেতৃত্বশূন্য করে দলটিকে ধ্বংস করতে চেয়েছে। কিন্তু অভ্যুত্থানের পর যে পরিবর্তনের সূচনা হয়েছে, তাতে নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫










