তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালের গৌরনদীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় অনুষ্ঠিত এই সমাবেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং সাংবাদিক সুরক্ষা আইনের বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের গৌরনদী উপজেলা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা। অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিএমএসএফ’র উপজেলা শাখার সভাপতি এসএম মিজান এবং সঞ্চালক ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জামিল মাহমুদ।

অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএসএফ’র সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক প্রেমানন্দ ঘরামী, দপ্তর সম্পাদক কেএম সোহেব জুয়েল, উপজেলা শাখার সভাপতি মনীষ চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি তারেক মাহমুদ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক রনি মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরিফিন রিয়াদ, কোষাধ্যক্ষ সৈয়দ মাজহার রুবেল, নির্বাহী সদস্য বিনয় কৃষ্ণ শিয়ালী, সাংবাদিক সোলায়মান তুহিন, আতাউর রহমান চঞ্চল, পঙ্কজ কুন্ডু ও সাকিব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে সাংবাদিকরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরে তুহিনের হত্যাকাণ্ড এবং এর পূর্বদিন একই এলাকায় সাংবাদিক চাঁদাবাজির সংবাদ প্রকাশের কারণে পুলিশের সামনে এক সাংবাদিককে ইট দিয়ে পিটিয়ে আহত করার ঘটনা এই নিরাপত্তাহীনতার প্রমাণ। তারা দ্রুত ঘটনাকবলিতদের গ্রেপ্তার ও বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান।

বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের উপর জোর দেন। এছাড়া, গণঅভ্যুত্থানের সময় নিহত সাংবাদিকদের পরিবারদের জন্য জুলাই যোদ্ধাদের ন্যায় রাষ্ট্রীয় পূর্ণবাসনের দাবিও জানান। একই সভায় বিএমএসএফ’র গৌরনদী উপজেলা শাখার দপ্তর সম্পাদক কেএম সোহেব জুয়েলকে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করার আহ্বান জানানো হয়।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




কাঁঠালিয়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজ স্বেচ্ছাশ্রমে মেরামত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ আউরা খালের ওপর অবস্থিত দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া ব্রিজটি এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামত করেছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় স্থানীয়রা নিজ উদ্যোগে ব্রিজটি মেরামত করেন।

১৯৬১ সালে ঝালকাঠি জেলা পরিষদ কাঁঠালিয়া উপজেলা সদরে এই লোহার ব্রিজ নির্মাণ করে। তবে ৬৫ বছরের পুরনো এই ব্রিজটির তেমন কোনো সংস্কার করা হয়নি। ব্রিজটি এতটাই নাজুক যে, একজন মানুষ পারাপারের সময় এটি হেলে দুলে পড়ে। ব্রিজটির পাশে অবস্থিত উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস, ভূমি অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, পল্লী সঞ্চয় ব্যাংক, বিআরডিবি, মহিলা বিষয়ক অধিদফতর, উপজেলা পরিষদ, স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ ব্রিজটি পার হতে হচ্ছে সবাইকে।

এলাকাবাসী জানান, ব্রিজ পারাপারে একাধিক শিক্ষার্থী খালে পড়ে গুরুতর আহত হয়েছেন। দীর্ঘদিন ধরে উপজেলা ও জেলা পরিষদে ধরনা দেয়ার পরও সমাধান না পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরা নিজ উদ্যোগে বাঁশ দিয়ে ব্রিজটি মেরামত করেছেন।

তারা দ্রুত সময়ের মধ্যে এই ব্রিজ ভেঙ্গে একটি কংক্রিট ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম জানান, জেলা পরিষদ থেকে ব্রিজ সংস্কারের জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ পেয়েছে উপজেলা প্রশাসন। দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ, বরিশাল-ঢাকা সড়ক বন্ধ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) চিকিৎসাসেবা আধুনিকায়ন এবং স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ তিন দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শনিবার (৯ আগস্ট) বরিশালে মহাসড়ক অবরোধে নামে।

বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় শুরু হওয়া এই কর্মসূচির কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের ছয় জেলার সঙ্গে বরিশালের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত ১৪ দিন ধরে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছে। শনিবারের এই অবরোধ ছিল তাদের মহাসড়ক অবরোধের তৃতীয় দিন। এর আগে শুক্রবার তারা প্রায় সাড়ে ৭ ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা, রোগী হয়রানি এবং সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ন্যূন্যমাত্রা চিকিৎসা পাচ্ছে না। ছাত্র নেতা সাব্বির হোসেন বলেন, সরকারি হাসপাতালে রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, ডাক্তাররা তাদের নিজেদের ক্লিনিকে পাঠানোর জন্য প্রেসক্রিপশনে স্লিপ দিয়ে থাকেন। হাসপাতালের অনেক সরঞ্জাম অকেজো অবস্থায় রাখা হয়েছে এবং অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যায় না, অথচ হাসপাতাল পরিচালিত হচ্ছে জনগণের টাকায়।

সংগঠক মহিউদ্দিন রণি জানান, “শুধু আশ্বাসে হবে না, স্বাস্থ্য উপদেষ্টার নিজে এসে সমস্যার সমাধান করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা সড়ক থেকে নামব না।”

অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে শত শত বাস ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। এতে হাজারো যাত্রী বিপাকে পড়েন এবং অনেকে বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হন। পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী ও কুয়াকাটা সহ দক্ষিণাঞ্চলের জেলা গুলো বরিশালের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকে।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে। এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, নথুল্লাবাদ এলাকায় বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং আন্দোলনকারীদের জনদুর্ভোগ বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজমোহন কলেজ, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও কনটেন্ট ক্রিয়েটররা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই হবে পাঁচ সমঝোতা স্মারক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী সোমবার (১১ আগস্ট) দেশটিতে সরকারি সফরে যাচ্ছেন। এই দ্বিপাক্ষিক সফরে প্রতিরক্ষা, জ্বালানি, হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময় করার পরিকল্পনা রয়েছে।

ঢাকা-কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে ড. মুহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে জটিলতা, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, হালাল খাদ্য, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ানসহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

বৈঠকের পর পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি ‘জয়েন্ট বিজনেস কাউন্সিল’ উদ্বোধনের পরিকল্পনাও রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, “সর্বোচ্চ পর্যায়ে একটি সফর হচ্ছে এবং দুই দেশের সরকার প্রধানের মধ্যে ভালো রসায়ন রয়েছে, যা কাজে লাগানো হবে।”

সম্ভাব্য স্বাক্ষরিত এমওইউগুলোর মধ্যে রয়েছে:

  • প্রতিরক্ষা সহযোগিতা
  • জ্বালানি খাত
  • বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস)
  • বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও মিমোস (মালয়েশিয়ান কোম্পানি)
  • ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমআইসিসিআই)

নোট বিনিময়ের বিষয়ে রয়েছে:

  • হালাল খাদ্য ব্যবস্থাপনা
  • ফরেন সার্ভিস একাডেমি ও ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ফরেন রিলেশানস (আইডিএফআর) এর মধ্যে সহযোগিতা
  • উচ্চশিক্ষা খাত

সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ অন্যান্য কর্মকর্তারা। প্রধান উপদেষ্টা ১৩ আগস্ট ঢাকায় ফিরে আসবেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন: সিইসি

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। শনিবার (৯ আগস্ট) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

সিইসি বলেন, তফসিল ঘোষণার প্রায় দুই মাস আগে ভোটের তারিখ জানিয়ে দেওয়া হবে এবং স্বল্প সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। তিনি আরও জানান, নির্বাচনে বিশৃঙ্খলা করা যাবেনা এবং আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সজাগ থাকবে। কোনো ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে ভোট বন্ধের সিদ্ধান্ত নেয়া হবে।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও কমিশন নির্বাচনে কারা কাজে লাগানো যায় তা নিয়ে কাজ করছে এবং সময়ের সাথে বিষয়টি স্পষ্ট হবে বলেও উল্লেখ করেন সিইসি।

শনিবার সকালে রংপুরে সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বড় চ্যালেঞ্জ হলেও নির্বাচন ঘনিয়ে এলে পরিস্থিতি উন্নত হবে। তিনি বলেন, যখন রাষ্ট্র, সরকার ও দল এক হয়ে যায়, তখন সবকিছু ধসে পড়ে এবং মানুষের ভোটব্যবস্থায় আস্থা কমে যায়। এজন্য মানুষকে ভোটকেন্দ্রে আনা এখন বড় চ্যালেঞ্জ।

সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি সৃষ্টির প্রসঙ্গে সিইসি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা মোকাবিলায় কমিশন কাজ করছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




জুলাই যোদ্ধাদের মূল্যায়নে সরকার ব্যর্থ: আবু নাসের

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গত এক বছরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিসহ যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের যথাযথ মূল্যায়নে ব্যর্থ হয়েছে। এছাড়া, হতাহতের সুষ্ঠু ও প্রকৃত তালিকা তৈরি করতেও সরকার অপারগতা প্রকাশ করেছে।

শনিবার (৯ আগস্ট) বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বীর জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের সংবর্ধনা দেওয়া হয়।

আবু নাসের আরও জানান, অনেক আহত জুলাই যোদ্ধা অর্থের অভাবে বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছেন, যা দুঃখজনক ও নিন্দনীয় বিষয়। অভিজ্ঞতার অভাবে বর্তমান সরকার এই কাজ সম্পন্ন করতে পারেনি। পাশাপাশি বিভিন্ন গোষ্ঠীর কুপরামর্শ এবং অনৈতিক চাপে জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শনে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, যারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জীবন উৎসর্গ করেছে, তাদের যথাযোগ্য সম্মান না দিলে ভবিষ্যতে কেউ গণতন্ত্র রক্ষায় জীবন বাজি রাখবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ রয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহত জুলাই যোদ্ধা এস. এম রহমাতুল্লাহ সরদার (সভাপতি), বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুর রহমান রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মামুন সর্দার গণি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল হক উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক হাজিক দাঈয়ান ইশতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ এবং বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীন প্রমুখ।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




রোববার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন

আগামী রোববার (১০ আগস্ট) বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে। উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা এই তালিকা সংশ্লিষ্ট স্থানে টানিয়ে দেবেন। এবারের তালিকায় প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছে।

শনিবার (৯ আগস্ট) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এই খসড়া সম্পূরক তালিকা প্রকাশের পর ভোটাররা তাদের নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তরসহ সংশোধন করার জন্য ২১ আগস্ট পর্যন্ত দরখাস্ত (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪) দাখিল করতে পারবেন।

দাখিলকৃত দরখাস্তসমূহ উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবেন। এরপর প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম শেষে চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করা হবে।

বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এছাড়াও যেসব নাগরিক ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে ১৮ বছর পূর্ণ করবেন, তারাও এই জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশাল-৬ আসনে নির্বাচনী হাওয়া, শীর্ষে বিএনপির আলোচনায় একাধিক প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির রমজানের আগেই অনুষ্ঠিত হবে—প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এই ঘোষণার পর থেকেই বরিশাল-৬ আসন, অর্থাৎ বাকেরগঞ্জজুড়ে শুরু হয়েছে তুমুল নির্বাচনী প্রস্তুতি।

এ আসনে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির মনোনয়ন দৌড়ে ইতোমধ্যে একাধিক প্রার্থীর নাম সামনে এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীও তাদের প্রার্থী চূড়ান্ত করেছে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশও প্রার্থী ঘোষণার প্রস্তুতিতে রয়েছে। জাতীয় পার্টির পক্ষ থেকেও প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে।

বর্তমানে ১২৪ নম্বর আসন হিসেবে পরিচিত বরিশাল-৬ আসনে ১৯৭৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১২টি নির্বাচনে বিএনপি জয় পেয়েছে ৫ বার, জাতীয় পার্টি ৪ বার ও আওয়ামী লীগ ৩ বার। তবে ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত হওয়া তিনটি নির্বাচন নিয়ে নানা বিতর্ক রয়েছে।

প্রায় তিন লাখ ভোটারের এই আসনে সাবেক সাংসদ ও জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান আবারও ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন চাইবেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজন, যিনি দীর্ঘদিন পরে দেশে ফিরে প্রথমবারের মতো মনোনয়ন প্রত্যাশী হয়েছেন।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আরও রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহীদ হাসান, কেন্দ্রীয় যুবদলের সদস্য কামরুজ্জামান নান্নু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হারুন অর রশিদ সিকদার এবং প্রবাসী নেতা সোলায়মান সেরনিয়াবাত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী এ আসনে অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদারকে প্রার্থী ঘোষণা করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশও কোনো জোটে না গেলে আলাদা প্রার্থী দেবে বলে জানা গেছে। জাতীয় পার্টির প্রার্থী হতে পারেন রুহুল আমিন হাওলাদার বা তার স্ত্রী নাসরিন জাহান রত্না।

স্থানীয় তরুণ ভোটাররা বলছেন, দীর্ঘদিন পর সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা থাকায় এবারের ভোট হবে উৎসবমুখর। তবে বিজয়ের জন্য প্রার্থীদের এখন থেকেই ভোটারদের মন জয় করতে হবে।

আবুল হোসেন খান বলেন, “বিএনপি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছে। এখন জনগণ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় আছে এবং বিএনপি গোটা দেশেই জয়লাভ করবে।” অন্যদিকে জামায়াতের প্রার্থী মাহমুদুন্নবী তালুকদারও শতভাগ আশাবাদী যে এবারের নির্বাচন ইতিহাসের সবচেয়ে সুন্দর ও নিরপেক্ষ হবে।

নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির শক্ত প্রার্থী ছাড়া অন্য বড় দলগুলোও জননন্দিত প্রার্থী দিলে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে। তবে বিদ্রোহী প্রার্থী থাকলে ভোটের হিসাব বদলে যেতে পারে।

ইতিহাস ঘেঁটে দেখা যায়, বরিশাল-৬ আসনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে, যেখানে আওয়ামী লীগের মোকিম হোসাইন হাওলাদার বিজয়ী হন। এরপর বিভিন্ন সময়ে বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের প্রার্থীরা পালাক্রমে জয় পেয়েছেন। সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক নির্বাচিত হন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নির্বাচনী আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ: সিইসি নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। এ আস্থা ফিরিয়ে ভোটকেন্দ্রমুখী করা এখন নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ।

শনিবার (৯ আগস্ট) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে ভোটারদের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে তাদের ভোট না দিলেও কেউ না কেউ দিয়ে দেবে। এই মানসিকতা কাটিয়ে সবাইকে ভোটকেন্দ্রে আনা কঠিন হলেও জরুরি।

তিনি জানান, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা একটি বড় চ্যালেঞ্জ। তবে গত বছরের ৫ আগস্টের পর থেকে পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগে নতুন কৌশল গ্রহণের কথা জানান সিইসি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারকেও বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। সিইসি বলেন, “এআই দিয়ে মিথ্যা বক্তব্য তৈরি করে প্রচার করা হচ্ছে, যা সাধারণ মানুষ বুঝতে পারে না। যাচাই ছাড়া এসব তথ্য ছড়িয়ে পড়ায় ক্ষতি হচ্ছে।”

তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনকে নিজের ‘ইমানি দায়িত্ব’ হিসেবে উল্লেখ করে বলেন, “আইন-কানুন মেনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব। কারও পক্ষে বা বিপক্ষে যাব না।”

সভায় রংপুর অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আরেকটি মতবিনিময় সভায় অংশ নেবেন সিইসি।




গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা; ১৫ দিনের মধ্যে চার্জশিট দিতে হবে

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় আগামী ১৫ দিনের মধ্যে আদালতে চার্জশিট দাখিলের ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান।

শনিবার (৯ আগস্ট) দুপুরে গাজীপুর মহানগরীর ওয়্যারলেস গেট এলাকায় জিএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। কমিশনার বলেন, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে।

তিনি স্বীকার করেন, এ ঘটনায় পুলিশের ব্যর্থতা রয়েছে। “সুরক্ষার দায়িত্ব আমাদের ছিল, কিন্তু প্রতিরোধ করতে পারিনি,” বলেন তিনি। একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং জনবল স্বল্পতার কথা উল্লেখ করে অপরাধ দমনে জনগণের সহযোগিতা চান।

ঘটনার বর্ণনা দিয়ে জিএমপি কমিশনার জানান, হত্যার দিন স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া একটি এটিএম বুথ থেকে টাকা তুলেছিলেন। এরপর গোলাপি নামে এক নারী ও তার সহযোগীরা তাকে হানি ট্র্যাপে ফেলতে চেষ্টা করে। পরিস্থিতি বুঝতে পেরে বাদশা মিয়া গোলাপিকে ঘুষি মারেন, যা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে আগে থেকে ওত পেতে থাকা সহযোগীরা বাদশাকে চাপাতি দিয়ে কোপায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক তুহিন হামলার ভিডিও ধারণ করছিলেন। আসামিরা বিষয়টি টের পেয়ে তুহিনের ওপর চড়াও হয়ে ভিডিও কেড়ে নেয়ার চেষ্টা করে এবং ধাওয়া করে একটি চা স্টল থেকে ধরে কুপিয়ে হত্যা করে।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কমিশনার। তাদের মধ্যে প্রধান আসামি কেটু মিজানসহ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বাকি একজনকেও দ্রুত গ্রেপ্তার করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কমিশনার বলেন, “সাংবাদিক তুহিন সংঘবদ্ধ অপরাধের প্রমাণ সংগ্রহ করতে গিয়ে জীবন দিয়েছেন। পর্যাপ্ত তথ্যপ্রমাণ আমাদের হাতে আছে। দ্রুত বিচার নিশ্চিত হলে অপরাধ দমন সম্ভব হবে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তানকে রেখে গেছেন।