মব জাস্টিস প্রতিরোধে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজধানী ঢাকায় মব জাস্টিসের ঘটনা কিছুটা কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনো এ ধরনের ঘটনা ঘটছে।

সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১২তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সভায় জুলাই হত্যাকাণ্ডের মামলা রেকর্ড, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ছিনতাই–চাঁদাবাজ দমন, শীর্ষ সন্ত্রাসীদের জামিন এবং মব জাস্টিস প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা হয়।

জাহাঙ্গীর আলম জানান, নির্বাচনের আগে পুলিশ, বিজিবি, আনসার, কারা ও ফায়ার সার্ভিসে প্রায় ২৭ হাজার নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশের সাব-ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “ঢাকায় মব জাস্টিস কমলেও আশপাশে এখনো কিছু ঘটনা ঘটছে। সম্প্রতি রংপুরেও একটি ঘটনা ঘটেছে। আমরা চেষ্টা করছি এসব যতটা সম্ভব কমিয়ে আনতে।”

প্রধান উপদেষ্টা বা মন্ত্রণালয়ের কোনো নির্দেশে ১৫ আগস্টে ফুল দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল কি না—এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে তিনি অবগত নন। তবে নির্দেশনা ছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

মাইটিভির চেয়ারম্যানকে গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, আদালত স্বাধীনভাবে কাজ করছে। যদি গ্রেপ্তার অবৈধ হয়, আদালত নিজেই তা বাতিল করবে।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আমরা চাই নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়। সাধারণত ছোট অপরাধীদের ধরা হয়, কিন্তু বড় অপরাধীরা পার পেয়ে যায়। তবে এবার একটি বড় অপরাধী ধরা পড়েছে। আপনারা সবসময় সত্য ঘটনা প্রকাশ করেন, এজন্য ধন্যবাদ।”




পটুয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহের রঙিন আয়োজন

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

দিনটি শুরু হয় পটুয়াখালী সার্কিট হাউসের সামনে পোনা অবমুক্ত করার মাধ্যমে। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ও বিশেষ অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য সড়ক র‌্যালি বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য অফিসার মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের গবেষক অধ্যাপক ড. মো. লোকমান আলী, কোস্টগার্ড পটুয়াখালীর কন্টিনেন্ট কমান্ডার নুর উদ্দিন, জেলা জাতীয়তাবাদী মৎস্য দলের সভাপতি একেএম শফিকুল ইসলাম (ভিপি শাহীন) ও সাধারণ সম্পাদক শাহ আলম।

এছাড়াও ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মামুন খন্দকারসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মৎস্যচাষীরা সভায় অংশ নেন। জেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার সঞ্চালিত এ সভায় বক্তারা বলেন, দেশের চাহিদা মেটাতে অভয়াশ্রম রক্ষা ও দেশীয় প্রজাতির মাছ উৎপাদন বৃদ্ধি এখন সময়ের দাবি। একই সঙ্গে ক্ষুদ্র মৎস্যজীবীদের উন্নয়নে সরকারি উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সফল চারজন মৎস্যচাষী ও সংগঠনকে বিশেষ ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা মৎস্য বিভাগের খামার ব্যবস্থাপক শাহানাজ পারভীন, মেরিন অফিসার মন্দিরা সরকারসহ মৎস্য খাতের কর্মকর্তারা।

জাতীয় মৎস্য সপ্তাহের এই আয়োজনে পুরো শহর যেন উৎসবে মুখর হয়ে ওঠে। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সরকার মাছ উৎপাদন বাড়াতে এবং দেশীয় প্রজাতি সংরক্ষণে যেসব পদক্ষেপ নিয়েছে, তা বাস্তবায়নে মৎস্যচাষীদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে পটুয়াখালীসহ সারাদেশে মাছ উৎপাদনে নতুন দিগন্তের সূচনা হবে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



নির্বাচনের প্রস্তুতি জানতে সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধিদের বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে জানতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।

সোমবার (১৮ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন আইআরআই-এর ডিরেক্টর স্টিফেন সীমা, ডেপুটি ডিরেক্টর ম্যাথ্যু কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।

বৈঠক শেষে স্টিফেন সীমা সাংবাদিকদের বলেন, “৯০ সাল থেকে আইআরআই বাংলাদেশে কাজ করছে। আজকের আলোচনায় মূলত নির্বাচন-পূর্ব পরিস্থিতি ও কীভাবে আমরা ভূমিকা রাখতে পারি, তা নিয়ে কথা হয়েছে। ইসি তাদের প্রস্তুতির বিষয়ও আমাদের জানিয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা কোনো সুনির্দিষ্ট সুপারিশ দিইনি এবং সরাসরি নির্বাচন কমিশনকে সহায়তা করি না। তবে আমরা রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্র ও সুশাসন বিষয়ে কারিগরি সহায়তা দিয়ে থাকি।”

স্টিফেন সীমা জানান, আইআরআই ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তঃসংলাপ, নীতি নির্ধারণী সংলাপসহ নানা কার্যক্রম সম্পন্ন করেছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং কীভাবে দলগুলোকে সহায়তা করা যায়, সে বিষয়েও আলোচনা করা হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





আশুগঞ্জ রেলসেতুতে মহানগর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর উপর রেলসেতুতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। ফলে ঢাকা অভিমুখি আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে জয়ন্তিকা এক্সপ্রেস, মহানগর গোধূলীসহ একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ছেড়ে আশুগঞ্জের পথে যায়। আশুগঞ্জ স্টেশন ঢোকার আগেই ‘ট’ ও ‘ঠ’ বগির মাঝখানে আলাদা হয়ে যায়। এতে ট্রেনের পেছনের পাঁচটি বগি আলাদা হয়ে পড়ে। বাকি অংশ নিয়ে ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছে যাত্রাবিরতি দেয়।

পরে ট্রেনটি ভৈরবের উদ্দেশ্যে ছেড়ে গেলে মেঘনা সেতুতে ওঠার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি সেতুর ওপর আটকে যায় এবং ঢাকা অভিমুখি আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম জানান, বগি বিচ্ছিন্ন হওয়ার পর ট্রেনটি আশুগঞ্জে যাত্রাবিরতি দেয় এবং পরে ভৈরবের উদ্দেশ্যে ছেড়ে গেলে সেতুর ওপর ইঞ্জিন বিকল হয়ে যায়। তবে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে সমুদ্রখাত: প্রধান উপদেষ্টা ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সমুদ্র বাংলাদেশের জন্য অফুরন্ত সম্ভাবনার ভাণ্ডার। এই খাত সঠিকভাবে কাজে লাগানো গেলে দেশের অর্থনীতির জন্য বৈচিত্র্যময় ও নতুন বাংলাদেশ সৃষ্টি করা সম্ভব।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা জানান, অভ্যন্তরীণ জলাশয়ের পাশাপাশি বঙ্গোপসাগরের বিশাল সম্পদ পানিভিত্তিক অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। কিন্তু এখনো বাংলাদেশ সমুদ্রসম্পদ পুরোপুরি কাজে লাগাতে পারেনি। তার ভাষায়, “সমুদ্র আমাদের জন্য উপহার নিয়ে অপেক্ষা করছে, কিন্তু আমরা এখনো সেই উপহারটি নিতে পারিনি।”

ড. ইউনূস বলেন, গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করে আধুনিক শিল্প খাত গড়ে তোলা জরুরি। এজন্য গবেষণা, আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গভীর সমুদ্র মৎস্যচাষ অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, “আমরা শুধু জমির অংশটাকে বাংলাদেশ মনে করি। অথচ পানির অংশটাই জমির চাইতে বড়। এটিকে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।”




ফেব্রুয়ারিতেই নির্বাচন, ছবি সরানোর প্রসঙ্গ আলাদা: উপদেষ্টা রিজওয়ানা

বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না। তবে স্পষ্টভাবে বলতে চাই, একটা ছবির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না। এ বিষয়টিকে নির্বাচন প্রসঙ্গে টানা সঠিক হবে না।”

তিনি আরও জানান, সরকার এরই মধ্যে ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। “এটাই সরকারের অবস্থান,” যোগ করেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশন, কনস্যুলেট ও কূটনীতিকদের বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে টেলিফোনে এ তথ্য জানানো হয়। যদিও কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল পাঠানো হয়নি।




ওয়াকিটকি ক্রয়ে অতিরিক্ত ব্যয় ও দুর্নীতি; দুদকের অভিযান পরিচালনা

ওয়াকিটকি কেনায় অনিয়ম ও অতিরিক্ত ব্যয়ের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৭ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় টিম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন নথি সংগ্রহ করে।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে দরপত্রের শর্ত অনুযায়ী অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একটি দেশীয় প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। এমনকি প্রতিষ্ঠানটি একটি চীনা কোম্পানির সনদ ব্যবহার করে চুক্তি পায় বলে অভিযোগ রয়েছে। এছাড়া ডিএনসিসির ক্রয়কৃত ওয়াকিটকির দাম অন্যান্য সরকারি সংস্থার তুলনায় কয়েকগুণ বেশি ধরা পড়েছে।

অভিযোগ যাচাইয়ে প্রকিউরমেন্ট-সংক্রান্ত সব নথি চাওয়া হয়েছে। রেকর্ডপত্র বিশ্লেষণ শেষে টিম বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেবে বলে জানিয়েছে দুদক।




স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন: হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশের ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।

সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব নাসিমুল গনি।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুসারে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।




আইজিপি মামুনের জবানবন্দির আদ্যপান্ত: ক্ষমতা পিপাসু হিংস্র নারীর প্রতিচ্ছবি শেখ হাসিনা

বিশেষ প্রতিবেদন: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার হিংস্রতা এবং দুর্নীতির চিত্র এখন কারো কাছেই আর অজানা নয়। এমনকি দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গণেও ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ তার প্রতিবেদনে উল্লেখ করেছে, আল জাজিরাসহ বিভিন্ন বিশ্ব মিডিয়াতেও ফলাও করে প্রচারিত হয়েছে।

এই স্বৈরশাসক তার মানবতাবিরোধী অপরাধের দায়ে  এখন বিচারের মুখোমুখি। আদালতে ফ্যাসিস্ট হাসিনার অপ্রকাশিত লোমহর্ষক হিংস্রতা আর শেষ পর্যন্ত ক্ষমতার মসনদে টিকে থাকার প্রাণান্তকর চেষ্টার বিশদ বর্ণনা উপস্থাপিত হয়েছে রাজস্বাক্ষী হিসেবে দেয়া সাবেক আইজিপি চৌধুরী মামুনের লিখিত জবানবন্দিতে।

আইনজ্ঞরা বলছেন, এই জবানবন্দির সাক্ষ্যগত মূল্য অনেক। মামলা প্রমাণে যথেষ্ট সহায়ক হবে।

ছাত্র-জনতার গণআন্দোলন দমাতে অতিরিক্ত বল প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই বল প্রয়োগ করা হয়। এতে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে হাজার হাজার মানুষ। এমন ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হাসিনা সরকারের পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

জবানবন্দিতে জুলাই আন্দোলন ঠেকাতে হেলিকপ্টার থেকে নজরদারি, গুলি করা ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যেসব নির্দেশনা এসেছিলো সে সম্পর্কে বিস্তারিত বয়ান দিয়েছেন তিনি। এমনকি হাজার হাজার ছাত্র-জনতা হতাহতের পরেও পুলিশ দিয়ে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন তিনি। যা উঠে এসেছে ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে।

চাকরিতে কোটা পদ্ধতি ফিরিয়ে আনার রায়ের প্রতিবাদে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। শান্তিপূর্ন আন্দোলন দমাতে ঢাকায় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ। পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে এ হামলা হয়। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নামে।

১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হয় আবু সাঈদ। আবু সাঈদ নিহতের পর আন্দোলন অগ্নিস্ফুলিঙ্গ ধারণ করে। এই আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। সরকার নিজের গদি রক্ষায় সর্বশক্তি প্রয়োগ করে। কিভাবে এই শক্তি প্রয়োগ করা হয়েছিলো এবং কাদের নির্দেশে হয়েছিলো তা উঠে এসেছে আইজিপি মামুনের জবানবন্দিতে।

জবানিতে মামুন বলেছেন, আন্দোলন দমনের উদ্দেশ্যে এক পর্যায়ে হেলিকপ্টার এর মাধ্যমে আন্দোলনকে নজরদারি, গুলি করা ও ভীতিকর পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে গোপন পরিকল্পনা করা হয়। মূলত রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার মোতায়েন করা হয়। আন্দোলন দমন করার উদ্দেশ্যে পরবর্তীতে সরাসরি লেথাল উইপেন -মরণাস্ত্র ও আন্দোলন প্রবন এলাকাগুলোতে এলাকা ভাগ করে ব্লক রেইড পরিচালনার সিদ্ধান্ত সরাসরি রাজনৈতিকভাবে নেয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজে আইজিপিকে জানান যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার প্রেক্ষিতে আন্দোলন দমন করার জন্য লেথাল উইপেন ব্যবহারের সিদ্ধান্ত হয়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুনুর রশিদ লেথাল উইপেন ব্যবহারে অতি উৎসাহি ছিলেন।

ব্যারিস্টার সারোয়ার হোসেন বলেন, প্রাণঘাতি অস্ত্র ব্যবহারের নির্দেশনা এসেছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। যা বাস্তবায়িত হয়েছে আইজিপির মাধ্যমে। চৌধুরী মামুনের জবানবন্দি পড়লে গা শিউরে উঠে। আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিঘ্নে গুলি চালানোয় বাসা-বাড়িতে থাকা শিশুরাও নিহত হন।

চৌধুরী মামুন তার জবানবন্দিতে বলেছেন, প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোঃ আলী আরাফাত, জাসদের সাধারন সম্পাদক হাসানুল হক ইনু এবং ওয়ার্কাস পার্টির রাশেদ খান মেনন মারনাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার আন্দোলনকে নির্মূল করার জন্য শেখ হাসিনাকে পরামর্শ এবং উসকানি দিতেন।

দেশব্যাপী এত অধিক সংখ্যায় মানুষ মারা যাওয়ার পরেও তারা তাদের উসকানি বন্ধ করেননি কিংবা প্রধানমন্ত্রীকে থামতে বলেননি। সরকারকে বিপথে পরিচালিত করে ও আন্দোলনকে কঠোরভাবে দমন করার জন্য আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবী, সাংবাদিক, পুলিশ অফিসার সকলে আগ্রহী ছিলেন।

অ্যাডভোকেট এম. মাসুদ রানা বলেন, জুলাই আন্দোলনে যেসব নৃশংসতা দেখেছি ছাত্র-জনতার উপর, এই জবানবন্দির সঙ্গে তা মিলে যায়।

আইনজ্ঞরা বলছেন সাবেক আইজিপি চৌধুরী মামুনের  এই জবানবন্দি মামলা প্রমাণে সহায়ক হবে।

ব্যারিস্টার মো. সোলায়মান তুষার বলেন, এই জবানবন্দির ফলে ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীদের অপরাধ প্রমাণে সহায়ক হবে।

জুলাই গণ আন্দোলনে পতন হয় ফ্যাসিস্ট হাসিনা সরকারের। ৫ আগস্টের পর মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হন চৌধুরী মামুন।  তার জবানবন্দিতে উঠে এসেছে সর্বোচ্চ বল প্রয়োগ করেও ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। কিন্তু ছাত্র- জনতার হার না মানা আন্দোলনে পতন হয় গত দেড় দশক ধরে দেশে ফ্যাসিজম আর উন্নয়নের মিথ্যে বয়ানের আড়ালে লুটপাটতন্ত্র কায়েমকারী স্বৈরাচার হাসিনার সরকারের।




অস্ত্রোপচারে যাচ্ছেন ফারুকী

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়েছে এবং দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে স্কয়ার হাসপাতালের এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ফারুকীর চিকিৎসার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সদস্যরা শনিবার বিকেল সাড়ে ৩টার বৈঠকে সিদ্ধান্ত নেন, উপদেষ্টা অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত এবং তার অপারেশন জরুরি। আজ রাতেই অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এ ছাড়া তার অন্য কোনো জটিলতা নেই। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকেরা আশাবাদী, সফল অস্ত্রোপচারের পর তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এর আগে শনিবার কক্সবাজার সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোস্তফা সরয়ার ফারুকী। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয় এবং স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ফারুকীর অসুস্থতার খবরে সংস্কৃতি অঙ্গনের শিল্পী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম