বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক নতুন অধ্যায়ে, চলছে উচ্চপর্যায়ের বৈঠক

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর একটি হোটেলে বৈঠকটি শুরু হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
সূত্র বলছে, বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কৃষি খাত, সংস্কৃতি বিনিময় এবং দুই দেশের নাগরিকদের যাতায়াত সহজীকরণসহ নানাবিষয়ে আলোচনা হচ্ছে। আলোচনার পরপরই পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে। এর মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ, বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমিগুলোর মধ্যে সহযোগিতা এবং দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সমঝোতা উল্লেখযোগ্য। এছাড়া, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইপিআরআই)-এর মধ্যে সহযোগিতার চুক্তিও হতে পারে।
বৈঠক শেষে রোববার বিকেলে ইসহাক দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য, এক যুগ পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর এটি। দুই দিনের সফরে শনিবার ঢাকায় আসেন ইসহাক দার। সফরের প্রথম দিনেই তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন। এর আগে গত ২৭ এপ্রিল তাঁর ঢাকা সফরের কথা থাকলেও সীমান্ত উত্তেজনার কারণে ইসলামাবাদ তা স্থগিত করে।








