ভারতে আটক ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের হাকিমপুর সীমান্তে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে চারটায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত কুমার ঘোষ জানান, নাম-ঠিকানা যাচাই শেষে রাত ৯টার দিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হস্তান্তরকৃতরা হলেন:
-
মনিরা পারভীন (৪৭), পশ্চিম বিড়ালক্ষী, শ্যামনগর
-
রফিকুল ইসলাম (৪৮), হরিনগর, শ্যামনগর
-
শহিদ আলী (৫৭), গোবিন্দপুর, কালিগঞ্জ
-
রবিউল ইসলাম (৩৫), বেনাদনা, কালিগঞ্জ
-
মাসুম বিল্লাহ (৩০), গড়–ইমহল
বিজিবি সূত্রে জানা যায়, ২৪ আগস্ট রাত ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকায় প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বিজিবি-৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
আটককৃত মাসুম বিল্লাহ জানান, কাজের সন্ধানে বিনা পাসপোর্টে তারা ভারতে গিয়েছিলেন এবং দীর্ঘদিন বসবাস করছিলেন। সম্প্রতি পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে ২৪ আগস্ট রাতে হাকিমপুর বিএসএফ ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫








